Friday, May 3, 2024

দেশের ইকনমি যখন ফ্লাই করে

 

আমার ছাত্র জীবনে তিনটি ভিন্ন কোর্সের পাবলিক পরীক্ষায় অর্থনীতি নিয়ে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছি। আমার পাঠ্য ছিল অর্থনীতি কিন্তু ২০১৩ সালে সোনালী ব্যাংক পিএলসি’র মাদ্রাসা বোর্ড শাখা, বিএমইবি তে কর্মরত থাকা অবস্থায় যখন মজিদ ভাই এর কাছে শুনলাম “ইকনমি যখন ফ্লাই করে” ফ্রেজটা তখন মনে একটা ধাক্কা দিয়েছিল। ইকনমিও ফ্লাই করে? দারুণ মজা লেগেছিল কথাটা শুনে। এরকম চিন্তা তো আগে করি নাই কিংবা পাঠ্য থাকার সময় তো এই কথাটা কানে আসে নাই। হ্যাঁ ইকনমি অবশ্যই ফ্লাই করে যখন দেশের অর্থনীতি উত্তর উত্তর উন্নতি করতে থাকে আর পার কেপিটা কিংবা জিডিপি যখন বাড়তে থাকে তখন সোশ্যাল এসকেলেশন চোখে পড়ে আর ওটাই ইকনমির ফ্লাই করা।  

 মা বলতেন তারা যখন ছাত্রী ছিলেন তখন দেখতেন রিকশাওয়ালাদের পায়ে স্যান্ডেল নাই আর তারা ছিঁড়া সেন্ড গেঞ্জি পড়ে রিক্সা চালাতেন, এখন কিন্তু ওরকম দেখা যায় না, সবার পায়েই স্যান্ডেল আর জামা কাপড়ও বেশ ভালো। তার মানে এতদিনে দেশের আর্থ সামাজিক অবস্থায় পরিবর্তন এসেছে। আমাদের শ্যাওড়াপাড়ার বাসাটা যখন একদিক চারতলা হয়ে গেছে তখন এক ফটোগ্রাফার এসেছিলেন ছাদের উপর থেকে পাশের টিনের বাড়িঘরগুলোর ছবি তুলতে। এখন সেখানে কোন টিন শেড সেমি পাকা ঘরই চোখে পড়বে না, সব সাত আট তলা এপার্টমেন্ট ভবন নির্মিত হয়ে গেছে। সিদ্ধেশ্বরীর যে এপার্টমেন্টে এখন আমি ভাড়া থাকি তা নয় তলা আর আশপাশের এপার্টমেন্ট গুলো ১২ কি ১৫ তলা হয়ে গেছে অথচ আমার ছোট বেলায় দেখা এই এলাকায় টিনের ঘরে লোকজন বসবাস করতেন। তার পর এলো চারতলা দালান বাড়ির সমারহ। আমার নানার টিনের দোতলা বাড়ি ছিল ২৭০ মালিবাগে, তিনি জীবনে কার কাছ থেকে ঋণ করে নি আর কাউকে ধারও দেয়নি, তাই হাউজ বিল্ডিং লোন নিয়ে যখন অনেকেই চারপাশে চারতলা বাড়ি বানাচ্ছে তখনও মালিবাগের আমার নানা বাড়ি সেই পাকিস্তান আমলে কেনা তা ওই রকমই রয়ে গিয়েছিল। আজ রাজধানীর বড় রাস্তায় যে ঝকঝকে ঝাঁকে ঝাঁকে গাড়ির সমারহ আগে তা ছিল না। ৫ মিনিট পর পর দু একটা মটরগাড়ি চোখে পড়তো আমার ছোট বেলায়। মিরপুর ১০ নম্বর টা আমার কাছে তখন মফস্বল শহর বলে মনে হতো। আর আজ সেখানে গাড়ির যানজটের ভয়ে যাওয়াই হয় কম। তার উপর ঢাকা শহরে মেট্রোরেল তো দারুণ একটা ব্যাপার হয়ে গেল। ফার্মগেট থেকে মিরপুর ১০ এর সোজা রাস্তা আমার চোখের সামনে এরশাদ আমলে মাটি ভরাট হওয়ার পর ব্রিক সোলিং ও পরে পিচ ঢালা হলো এখন তার উপর দিয়ে মেট্রোরেল, তাজ্জব ব্যাপার এর পুরটার সাক্ষী আমি, আমি এর সবগুলো পর্যায় পায়ে হেটে অনুভব করেছি। আমার অনার্স পরীক্ষার সময় পড়াশুনায় যখন মাথা ধরে যেত তখন শ্যাওড়াপাড়া থেকে ওই ব্রিক সোলিং রাস্তা ধরে হেটে শ্যাওড়াপাড়া থেকে কাজিপাড়া যেয়ে বাটার কাপ নামের দোকানের সামুচা খেয়ে আবার বাসায় ফিরে আসতাম।

ফার্মগেট ছিল আমার ছাত্র জীবনের একটা ট্রানজিট পয়েন্ট। ফার্মগেটের মেট্রোরেল স্টেশনটা দেখলে সে সময়কার কথা মনে পড়ে যায়। কি ছিল এই ফার্মগেট আর আজ তার কত বিবর্তন বা পরিবর্তন। এই মেট্রোরেল হওয়ার সময়টায় রাস্তাঘাটের যে দুর্গতি তা পার হয়ে অতিরিক্ত কষ্ট সহ্য করে শ্যাওড়াপাড়া টু মতিঝিল অফিস করেছি ৪ বছর আর যখন এটা বাস্তবে চলে আসলো তখন আমি থাকি সিদ্ধেশ্বরীতে। যাই হোক, দারুণ লাগে মেট্রোরেলে করে মাত্র ২০ থেকে ২৫ মিনিটে মতিঝিল থেকে শ্যাওড়াপাড়া যেতে। ইফতারের সময়ের আগ দিয়ে লোক জনের ঠাসাঠাসির মধ্যেও দেখি সবার মুখে হাসি। ফুল প্যাক্ট দেখে দু দু টা ট্রেন মিস দিয়েও তৃতীয় টেনে আমি ইফতারের আগে গন্তব্যে পৌছাতে পেরেছিলাম একদিন। এর চেয়ে অভাবনীয় ঘটনা আর কি হতে পারে ঢাকাবাসীর জন্য?


ঢাকার প্রথম ফুট ওভার ব্রিজ ফার্মগেটের, তার কি দারুণ রিনোভেশন। ফার্মগেট আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমি বড় হয়েছি এই ফার্মগেটের পরিবর্তন দেখতে দেখতে। যখন প্রথম ফুট ওভার ব্রিজটা হয় তখন ওটাতে রাজ্জাক - কবরী অভিনীত সিনেমায় গান শুটিং হয়েছিল “ঢাকা শহর দেইখা আমার আশা পুরাইল”। সেই ফুট ওভার ব্রিজ থেকে তোলা এখনকার ফার্মগেট, ছবি গুলো না তুলে পারলাম না। এই অভাবনীয় পরিবর্তন এর সাক্ষী আমি, আমি বুঝি এর মূল্য কত। 


ঢাকার এতটা অভিনব পরিবর্তন দেখতে হবে কখন চিন্তাই করি নাই। ফার্মগেটের যে রাস্তা হতে তালতলা গামী হলার কিংবা টেম্পুতে উঠতাম সেখানে এখন মেট্রোরেল স্টেশনে উঠার এস্কেলেটর বা চলন্ত সিঁড়ি। কোথায় গেল সেই হলার আর টেম্পু গুলা? 

সম্প্রতি প্রচারিত দেবপ্রিয় ভট্টাচার্যর বক্তব্য শুনে বুঝলাম মেগা প্রজেক্টগুলো বাস্তবায়িত হওয়ার পর অর্থনীতিতে যে শু প্রভাব পড়ার কথা তা চোখে পড়ছে না তার কারণ কিছু অতি চতুর স্বার্থপর লোকজন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ক্যানাডায় তাদের সম্রায্য নির্মাণে এদেশের খেটে খাওয়া মানুষগুলোর ঘাম ঝাড়ান উপার্যন চুরি করে নিয়ে যাচ্ছে সবার অগোচরে। এই দুষ্ট লোকগুলো মুখোশ পরা, সাধারণ জনগণ চেনে না। কিন্তু দুদক কি করছে? ওই চতুর লোকগুলোকে ধরে জনসম্মুখে শাস্তি দিতে পারে না? এটা ব্যাংক ব্যবসার শুভঙ্করের ফাঁকি যারা বোঝে তারাই কেবল বুঝতে পারবে, সাধারণের জ্ঞানের বাইরে। সরকারের উচিত এই লোকগুলোকে সুযোগ না দেয়া। সরকার সব জানে আর তারা এই দুষ্ট কিন্তু প্রভাবশালী লোকগুলোকে প্রশ্রয় দেয়। ১৬ কোটি মানুষের খাটনির কথা কেউ চিন্তাই যেন করে না।

ইউ টিউব লিংকঃ https://youtu.be/f0lA9CgUNsU?si=F6yN_F2QQzG_mPd0

আমার অতি প্রিয় মোহাম্মদ এ. মজিদ, এজিএম, বর্তমানে সোনালী ব্যাংক পিএলসি’র (গুলশান নিউ নর্থ শাখার শাখার ম্যানেজার) এর মন্তব্য ”অভিবাসন একটি চলমান প্রক্রিয়া। আদিকাল থেকে মানুষ প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক নানা কারণে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসতি গড়ছে। উন্নত জীবনের আশায় মানুষ অভিগমন করে। আর যারা স্থায়ীভাবে দেশ ছাড়ে তাদের সম্পদ নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা তারা করবে। এছাড়া সাধারণত যাদের ন্যূনতম আর্থিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা ও চোখ কান খোলা রয়েছে তারাই অভিগমন করে। গত কয়েক দশকে বাংলাদেশে যেহেতু এই শ্রেণির মানুষের সংখ্যা দ্রুত ক্রমবর্ধমান এবং যেহেতু অভিবাসনের কারণসমূহ অনেক বেশি করে বিদ্যমান রয়েছে বিশেষ করে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা তাই আমার মনে হয় এখানে এই প্রক্রিয়া আরও অনেক দিন ব্যাপক ভাবেই চলবে। আমাদের উচিত অনিশ্চয়তা সমূহ দূর করার দিকে মনোনিবেশ করা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি। আপনাকে ধন্যবাদ।” মজিদ ভাই যা বলেছেন ঠিক সে কথাটাই আমার লন্ডন প্রবাসী স্কুল ফ্রেন্ড ডা. তামালও বলেছিল যখন আমি দেশে ছেড়ে চলে যাওয়া মেধাবী বন্ধুগুলোর দেশের প্রতি মমতা না থাকার কথা তুলে বিতর্কের ঝড় তুলেছিলাম হোয়াটস এ্যাপ গ্রুপে। অভিবাসন তো স্বাভাবিক ব্যাপার তা মানতেই হচ্ছে কিন্তু দেশে যারা আটকা পড়ে যাচ্ছে, যেমন আমরা, আমাদের তবে কি হবে। আমরা সহায় সম্পদ ও পরিবার, সন্তান নিয়ে তো এই দেশেই থাকছি, আমাদের ভবিষ্যতটা তবে কি হবে? হয় এই পরিস্থিতির পরিবর্তনে সক্রিয় অংশ নিতে হবে না হলে পরিস্থিতির স্বীকারে পরিণত হতে হবে।

মজিদ ভাই এর মন্তব্য আর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষণ শুনে যা বুঝলাম যে, দেশের ভবিষ্যৎ কে মর্টগেজ করে সরকার মেগা প্রজেক্ট গুলো হাতে নিয়ে একটা বড় ধরনের রিস্ক নিয়েছে। শ্রীলংকাও তার পর্যটন বাণিজ্যর উপর ভরসা করে বা ভবিষ্যৎ প্রজেকশন করে এরকম বহু মেগা প্রজেক্ট হতে নিয়ে যখন করনা এলো তখন তাদের পুর ভবিষ্যৎ পরিকল্পনা ভেস্তে গেল ও বিপদে পড়লো। আমাদের দেশের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে অনেকে অনেক মতামত দিতে পারেন তবে আমার মনে হয়, এদেশের মানুষ কষ্টসহিষ্ণু আর কর্মঠ। তরুণ প্রজন্ম যথেষ্ট কর্ম উদ্যোগী ও মেধাবী। তাতে বলা যায় ভবিষ্যৎ প্রজেকশন রিস্কি হলেও তা বাস্তবায়ন সম্ভব। সাহসী পদক্ষেপ না নিলে অগ্র গমন হবে কি করে। নো রিস্ক নো গেইন সূত্রটা আমাদের জন্য কাজে আসতে পারে বলে আমার মনে হয়। পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেস হাইওয়ে, কর্ণফুলী টানেল, দেশ জোড়া রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, মাতার বাড়ি ডিপ সি-পোর্ট, রূপপুর পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এগুলো বাস্তবায়ন হচ্ছে ও অনেকগুলো ইতোমধ্যেই হয়ে গেছে। এগুলো সবই একটা দেশ ও জাতির জন্য অত্যন্ত ফলপ্রসূ প্রজেক্ট তা শিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত সকলেই বুঝবেন।

আমি যেটুকু বুঝি মুক্ত বাজার অর্থনীতিতে সরকার যদি হস্তক্ষেপ করে যার মানে হলো, বাজার দরের উপর স্লেব নির্ধারণ করে দেয়, কিংবা বাড়ি ভাড়ার উপর, কিংবা সিএনজি ভাড়ার উপর নিদিষ্ট হার নির্ধারণ করে দেয় তখন তা আর মুক্ত বাজার থাকে না। ফ্রি-ইকনমি থেকে তা কমান্ড ইকনমি কিংবা মিক্সড ইকনমিতে চলে যায়। কমান্ড ইকনমিতে কতগুলো অসুবিধা হয়, জনগণ মানতে না চাইলে তাকে জোর করে মানাতে হয়। যেমন ধরুন সিএনজি ট্যাক্সির ভাড়ার মিটার নির্ধারণ করা সত্যেও তারা কিন্তু তাতে ভাড়া চালায় না। মিটার টা অন করে গ্রাহকের সাথে দরদামে যা বনে তাতেই চলে। এর মানে হলো তা কার্যকর করা যায়নি। বাড়ি ভাড়ার উপর স্লেব বসালেও সেটা কেউ মানবে না বলেই আমার ধারণা। সিন্ডিকেশনের ধুয়া তুলে সরকার ও জনগণ যে সরকারী হস্তক্ষেপ চাইছে তাতে করে দেশে মুক্ত বাজার অর্থনীতি থেকে কমান্ড ইকনমি কিংবা মিক্সড ইকনমির দেকে চলে যাচ্ছে। আমার নিজস্ব মত হলো মুক্ত বাজারকে পুরোপুরি মুক্ত থাকতে দেয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের টিসিবি তো আছেই তা হলে কেন সরকার বাজারে হস্তক্ষেপ করবে। মুক্তবাজারে সিন্ডিকেশন বেশিদিন কাজ করতে পারে না, সাময়িক মনোপলি কিংবা অলিগোপলি হতে পারে কিন্তু সময়ে তা আবার ভারসাম্যে চলে আসার কথা। আমার মতে ম্যাক্রো ইকোনমিক ইনডেক্সগুলোতে কতগুলো বড় বড় ফ্যাক্টর কাজ করছে যেমন ডলার ক্রাইসিস, দুর্বল ব্যাংকগুলোর সাথে সবল ব্যাংক গুলোর মার্জার, ইত্যাদি কিন্তু মাইক্রো ইকনমিতে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধিতে সিন্ডিকেশনটা আমার কেন জানি ভুয়া মনে হয়। ম্যাক্রো ইকনমির প্রভাবক গুলোর কারণে মাইক্রো ইকনমিতে বিশাল কোন  প্রভাব পরেছে বলে মনে হচ্ছে না, বাজারে পণ্য আছে, প্রচুর বিক্রেতা আছে সাথে সাথে প্রচুর ক্রেতাও আছে। মানুষের পারচেজিং পাওয়ার ক্রান্তি সীমায় পৌঁছালেও তা অতিক্রম করে বিপদ সীমায় যায় নাই। যদি তাই হতো তা হলে আমরা এর প্রভাবে রাস্তায় নেমে আসা প্রতিবাদ রত মানুষ জন দেখতে পেতাম। বিরোধী দলের প্রচার পত্র বিলি করা সত্যেও জনগণ রাস্তায় নামছে না কেন তা এক বিশাল বিশ্বয়। এটা এই কথাই বলে যে মানুষ কষ্টে আছে বটে কিন্তু কষ্টটা তারা সহ্য করে নিতে পারছে কোন না কোন ভাবে।

আমার আরেক প্রিয় মানুষ সোনালী ব্যাংক পিএলসি’র ডিজিএম তানজিম স্যার একবার জিজ্ঞাসা করেছিলেন আমার অর্থনীতির উপর কোন লেখা আছে কিনা। বলতে হয়েছিল নাই, এটাই আমার অর্থনীতির উপর প্রথম লেখা। আমি যা বুঝি তাই লিখেছি। অর্থনীতিতে বিদগ্ধ জনেরা আরো ভালো বিশ্লেষণ করতে পারবেন। আমার মতে দেশের অর্থনীতি টাল মাটাল হলেও এখনও একটা ভারসাম্যের মধ্যে দিয়েই চলছে। যার মানে হলো আমি কোন এলার্মিং পরিস্থিতি দেখতে পাচ্ছি না।

সম্পাদনা ও উন্নয়কালঃ ৫এপ্রিল২০২৪> ২৭এপ্রিল২০২৪> ২মে২০২৪>  

আমার কাছে অনেকের প্রশ্ন
https://surzil.blogspot.com/2024/02/blog-post_28.html
ব্লগ লিংকঃ https://surzil.blogspot.com
ফেইসবুক প্রফাইলঃ https://www.facebook.com/mustafa.surzil.rawnak
 

 

Thursday, April 25, 2024

শরিফ সারেং পরিবারের গল্প-৬ আমার বাবা এস. এম. আব্দুর রহিম

 

আমার বাবা (শেখ মোহাম্মদ আব্দুর রহিম) কে নিয়ে পারিবারিক গ্রুপে লিখার কথা মনে হলো বাবার একটা ছবি দেখে। অফিসে কাজ চলাকালীন আমি কম্পিউটারের একটা সাইড-উইন্ডোতে পছন্দের ছবিগুলোর স্লাইড শো চালায়ে রাখি, তাতে মনটা ভালো থাকে। বাবার ছবি হঠাৎ চলে আসায় মনে হলো বাবা সম্পর্কে তো আমি লিখতে পারি, আমার পরিবারের অন্যরা তো আমার বাবাকে তেমন করে কিংবা আমার মত করে চিনে না। সবাইকে তাই আমার বাবা সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্যই এই লেখাটা শুরু করি। তাঁর স্মৃতি আমার মনে এত বেশি যে কত গুলো পাতায় শেষ করতে পারবো জানি না তবে সবাই যাতে বিরক্ত না হয় তাই সংক্ষিপ্ত আকারেই বক্তব্য গুলো লিখে রাখবো। 

আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার বাবা, মাত্র ৪৮ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান ১৯৯০ সালের ১৫ই ডিসেম্বর। আমার জীবনে পুর পৃথিবীটা টাল মাটাল হয়ে গিয়েছিল সেদিন। সেদিনের কথা মানে ১৪ ও ১৫ই ডিসেম্বর ১৯৯০ এর কথা লিখলে তা বিষাদময় একটা কাহিনী হয়ে যাবে তাই ওদিকটাতে যাবো না। ওই স্মৃতি মনের অনেক গভীরে চাপা দুঃখ তাই ওটাকে আর না বলি এখানে, হয়তো অন্য কোন লেখায় সবিস্তারে বলবো। আমি বাবা মার একমাত্র সন্তান হওয়ায় আমাকে ছোট বেলা থেকে মানুষিক ভাবে তৈরি করা হয়েছিল যদি তারা না থাকে তখন যাতে আমি দৃঢ় পদে সব দিক সামলাতে পারি। বাবা মারা যাওযার পর আমি অসম্ভব গম্ভীর হয়ে পরের কাজ গুলো করেছি কিন্তু বাবাকে কবরে নামায়ে দিয়ে এসে কান্নায় ভেঙ্গে পড়েছিলাম এই ভেবে যে আর কোন দিন বাবার সাথে কথা বলতে পারবো না। বড়মামা ও রুহুল চাচা বাসায় ছিলেন, তারা আমাকে সামলেছিলেন। কিন্তু তার বেশ কয়েকদিন পর বাবার রেখে যাওয়া কাপড়ে তার ঘামের গন্ধ পেয়ে তাকে কাছে পাওয়ার জন্য যে আকুলতা তা প্রশমিত না করতে পেরে নিজের ঘরে গভীর রাতে হাউমাউ করে কেঁদেছি প্রায় দেড় ঘণ্টা। মার ঘর দুরে ছিল বলে মা তা জানতে পারেনি । বাবার স্মৃতি তাই মনে করতে ভয় লাগে যে নিজেকে হয়তো নিয়ন্ত্রণে রাখতে পারবো না তাই লিখতেও ভয় লাগে। বাবাকে আমি আজও প্রত্যাশা করি, তিনি মরে গেছেন এটা মন মানতে চায় না, মনে হয় কোন না কোন এক সময় আমি ঠিকই আবার তার দেখা পাবো। সারাক্ষণ তার স্মৃতি আমার মনে জাগরূক আছে একদম তর তাজা । আমার জীবনে তার চেয়ে গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি কখনই ছিল না আর কখনই তার মত মানুষ আমি আর পাবো না, তবে ছোট্ট মুসাবকে কোলে নিলে মনে কিছুটা প্রশান্তি পেতাম পিতা হারানোর দুঃখ লাঘব করার ক্ষেত্রে।

আমি যখন ছোট ছিলাম তখন বাবা আমাকে তার শরীরের ভাজে ঘনিষ্ঠ করে নিয়ে ঘুমাতো আর আমিও পরম শান্তিতে ঘুমায়ে যেতাম। আমি নিজেকে বাবার মানবিক ও শারীরিক একটা অংশর মত ভাবতাম তাই যখন সে নাই হয়ে গেল তখন মনে হলো পুর পৃথিবীর অর্ধেকটা অর্থহীন হয়ে গেছে। বাকি অর্ধেকটা ছিল যেহেতু মা বেচে ছিলেন ওই সময়।



সেই ছোট্ট বেলায় বাবার হাত ধরে মোবারকগঞ্জ সুগারমিল দেখতে যেতাম, বাবা ওখানকার চিফ ইঞ্জিনিয়ার ছিল, সময়কালটা ১৯৭৫ হবে। একবার বাবার সাথে আখ আনার ট্রাকটার গুলোর খালি ওজন ও আখ ভড়া ওজন মাপার দৃশ্য, কনভেয়ার বেল্টে আখের বয়লারের দিকে নিয়ে যাওয়া আর বয়লার গুলো দেখে যখন নিচে আসলাম তখন দেখলাম একটা বড় নলের মাধ্যমে চিনি আসছে আর একটা লোক বস্তা বস্তা চিনি দ্রুত ভরে বস্তার মুখ সেলাই করে বন্ধ করে দিচ্ছে। ঠিক ওই সময় চারদিকে একটা হইচই শোনা গেল, বাবা আমার হাত তার এক কলিগকে ধরায়ে দিয়ে সাইরেন রুমের দিকে গেলেন। কে যেন আখের ছোবড়ায় জ্বলন্ত সিগারেটের টুকরা ফেলে আগুন ধরায়ে দিয়েছে আর তার সতর্কতায় সাইরেন। আমি বাবাকে বলতে চেয়েছিলাম আমি দেখেছি কে ফেলেছে কিন্তু আমি এতটাই ছোট ছিলাম তখন ৪ কি ৫ বছর বয়স যে আব্বা গুরুত্ব দেন নাই।

ছবিঃ লিবিয়ার তবরুখ শহরে প্রবেশ পথের পার্কে বাবা, মা ও আমি।
সময়কালঃ ১৯৮০

বাবা উচ্চাভিলাষী ছিলেন, তাই চিনির মিল গুলো তখন লাভজনক অবস্থায় থাকলেও যখন জানতে পারলেন তৎকালীন প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান মিডিল ইস্ট ঘুরে এসে দেশ থেকে সরকারী ভাবে শিক্ষিত জনশক্তি রপ্তানির একটা প্রক্রিয়া শুরু করেছেন। তখন লিবিয়ায় প্রচুর দক্ষ জনশক্তির জন্য চাকুরীর ব্যবস্থা হচ্ছিল। বাবা ঢাকায় এসে ওই মন্ত্রণালয়ের এক লোকের সাথে খাতির জমায়ে ফেলেন। তিনি মানে জাহাঙ্গীর সাহেব জনশক্তি রপ্তানি অধিদপ্তরে ছিলেন, তার সাথে বাবা বন্ধুত্ব করে কখন কি রকম দক্ষতার লোকবল বিদেশে পাঠানর সরকারী ব্যবস্থা হচ্ছে তা আগে থেকে জেনে ফেলতেন, তাই যখন তার ছোট বেলার ঘনিষ্ঠ বন্ধু যিনি কিনা তখন খুলনা শিপ ইয়ার্ডে ছিলেন, আমার শ্রদ্ধেয় খায়ের আঙ্কেল, উনাকে একটা সুযোগে লিবিয়ার ত্রিপলিতে পাঠানর ব্যবস্থা করেন। তার পর যখন টেলিফোন প্রকৌশলে আবুধাবিতে লোকবল পাঠানো হচ্ছিল খবর জানতে পেরে তার ভায়েরা ভাই (আমার স্বশুর) জনাব সাইদ আহমেদকে সেই সুযোগে পাঠায়ে দেন। আমার খালু তখন ঢাকার গাজিপুরে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এ কর্মরত ছিলেন। তার পর তার নিজের যোগ্যতার চাকুরীর সুযোগ পান লিবিয়ার তবরুখ শহরের পাওয়ার প্ল্যান্টে। সেই সুযোগে তিনি সুগারমিলের চাকুরী ছেড়ে দিয়ে চলে যান লিবিয়ার ইজিপ্ট সীমান্তবর্তী পোর্ট সিটি তবরুখে। আমাকে ও আমার মাকে ছয় মাসের জন্য রেখে গিয়েছিলেন ২৭০ মালিবাগের নানা বাড়ির কাছেই এক ভাড়া বাসায়। ছয় মাস পর আমাদেরও তিনি নিয়ে যান তার কাছে। তাই আমার ছোটবেলার তিনটা বছর লিবিয়ার তবরুখের শাহারা মরুভূমিতে কেটেছে। আমার মা ওখানকার একটি বিশ্ববিদ্যালয় কলেজ হাইয়ার পেট্রলিয়াম ইনিস্টিটিউটের লাইব্রেরিতে টাইপিস্টের চাকুরী নেন যার সুবাদে আমি ওই কলেজের অধ্যাপকদের জন্য নির্মিত ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম স্কুলে আমার পড়াশুনা শুরু করার সুযোগ পাই। ওই শৈশবেই আমি ইন্ডিয়ান, পাকিস্তানী, বুলগেরিয়ান, টার্কিশ, চাইনিজ বাচ্চাদের সাথে একই ক্লাসরুমে পড়া ও খেলার মাঠে খেলার সুযোগ পেয়েছিলাম আর তখনই আমার ইংরেজিতে কথা বলার ফ্লয়েন্সি চলে আসে।

আমার বাবা অত্যন্ত কর্মঠ, হাস্যউজ্জল ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। চিনি কলে থাকার সময় তখনকার চিনি শিল্প কর্পোরেশনের সচিব নেফাউর রহমান যে এলাকার দায়িত্বে থাকতেন সেখানেই আমার বাবাকে নিয়ে যেতেন পোস্টিং দিয়ে। কারণ আমার বাবা অত্যন্ত জন দরদী ও সহজ সরল মানুষ ছিলেন যে তিনি যে কোন মিলের শ্রমিক ইউনিয়নকে ম্যানেজ করে ফেলতেন। বাবা কুষ্টিয়া সুগার মিলে থাকার সময় মুক্তিযুদ্ধ হয়। মা তখন তার সাথে, তারা যুদ্ধের সময় জয়পুর হাটের কোন গ্রামের একটা গৃহস্থ বাড়িতে আত্মগোপন করে ছিলেন যখন তাদের মিল কম্পাউন্ড ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। বাবার ঘনিষ্ঠ বন্ধু কৌতূহল বসত মিলে থেকে গিয়েছিলেন, তার ভাষ্যমতে পাকিস্তানী হানাদার বাহিনী কমান্ডো স্টাইলে মিলটা দখল করে নেয়, তবে তাদের দখল করার আগেই সব লোককে সেখান থেকে সরায়ে নেয়া হয়েছিল। আমার বাবা মার বিয়ের সময় ১৯৭০ আর আমার জন্ম ১৯৭২ এর ৫ই নভেম্বরে। মা বলতেন আমার জন্ম জয়পুরহাটে কিন্তু আমি তো জানি আমার জন্ম হলী ফ্যামিলি হাসপাতালে। মা যা বোঝাতে চেয়েছিলেন তা হলো আমি তার পেটে জন্ম নিয়েছি তারা যখন জয়পুরহাটে ছিলেন তখন।


প্রতিটা পরিবারেই বোধ হয় শান্তিময় কিছু সময় আসে আবার অশান্তি শুরু হওয়ার আগে, শান্তি ময় সময়গুলো কিছু কাল নিজেকে ধরে রাখে। সেরকম এক শান্তিময় সময় ছিল আমাদের যশোরের মোবারক গঞ্জের কালীগঞ্জ সুগার মিলের সি টাইপ কোয়াটারের জীবনটা। বাবা খুলনা থেকে ভালো কাঠ এনে এক কাঠের মিস্ত্রির শিক্ষানবিস রনবীর কে দিয়ে প্রচুর আসবাব বানিয়েছিলেন সেই আসবাবের বেশ কয়েকটা এখন তার নাতীরা ব্যবহার করছে। বাবা ডিজাইন করে দিতেন আর রনবীর তা বানাত। যশোর এর কালীগঞ্জ সুগার মিলের সি-টাইপ কোয়াটারের একটা রুমে রনবির কাজ করতো আমি তা দেখতাম। রনবীর আমার বাবাকে বাবা ডাকতো, তাকে যে হেলপার থেকে পাকা কাঠ মিস্ত্রি বানায়ে দিয়েছিলেন আমার বাবা। আমার বাবার মনটা অস্বাভাবিক রকম উদার ছিল, সবার জন্য জান প্রাণ দিয়ে কাজ করতেন। তার সুমিষ্ট হাসি দিয়ে তিনি সবাইকে সমাদর করতেন। অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন আর তার কাছ থেকেই আমার মধ্যেও সরলতাটা চলে এসেছে । বাবা সহজেই সবার সাথে মিশতে পারতেন, আমিও সহজে মানুষের সাথে মিশতে পারি। সহজ সরল হওয়ার পূর্ব শর্ত হলো অন্যকে স্পষ্ট করে বুঝতে পারার ক্ষমতা, তা হলেই তার সাথে সহজে মিশা যায়। বাবার মত আমিও তা পারি, কখনো সখনো ভুল যে হয় না তা নয় তবে বেশিরভাগ মানুষই ভালো বিধায় আমরা কম বিপদে পরি। তবে মানুষ আমাদের সরলতার ভুল ব্যাখ্যা করে ও অনেকে বোকাও মনে করে থাকতে পারে। যা হোক, বাবার অতিরিক্ত সরলতাতে মা অনেক সময় রাগ করতেন। পরোপকার প্রবণতা ছিল আমার বাবার, তার কাছে কেউ কিছু চাইলে সে না করতে পারতো না, টাকা পয়সা দিয়ে দিতো পরে তা চাইতে গেলে সমস্যায় পড়তো। এই নিয়ে মা ও বাবার মধ্যে মনমালিন্য হতো। মা বাবার এই সহজ সরলতাকে পছন্দ করতেন না। দুজনে ঝগড়া করলেও পরস্পরের প্রতি মায়া মমতা আর ভালোবাসার কোন কমতি ছিল না কখনই। বাবার মৃত্যুর পর মা রাস্তার মধ্যে যে বিলাপ করে কান্না কাটি করেছে তাতে বুঝা যায় আমার মত তার মাথার উপরও আকাশ ভেঙ্গে পড়েছিল।

বাবার যে তৃতীয় বৈশিষ্ট্যটি আমার মধ্যে ও তার পর আমার সন্তানদের মধ্যে বংশানুক্রমে সংক্রমিত হয়েছে তা হলো পরমত সহিষ্ণুতা বা অন্যর মতকে সহজে গ্রহণ করে নেয়ার প্রবণতা। আমরা সাধারণত অন্যের মতকে সহ্য করি ও তা বিচার বিশ্লেষণ করে দেখি। কিন্তু এতে করে আমরা কোন বিষয়ে অগ্রাধিকার পাওয়া (লিডারশীপ) থেকে বঞ্চিত হই। এই তিনটি পৈত্রিক বৈশিষ্ট্য আমার ও আমার সন্তানদের মাঝেও আছে দেখে আমি ওদের সতর্ক করে দিয়েছি যে আপাত দৃষ্টিতে এগুলোকে ভালো গুন বলে মনে হলেও এর অতিরিক্ততা প্রকৃত অর্থে আমাদের জন্য কোন মঙ্গল বয়ে আনে না। যা হোক আমার বাবা সহজ সরল হলেও তার ৪৮ বছরের কঠোর পরিশ্রমী জীবনে যা করে গেছেন আমার ৫২ বছর বয়সেও সেই পরিমাণ সম্পদ আমি অর্জন করতে পারি নাই, তবে তার ও আমার মা এর পরিশ্রমে গড়া সম্পদ আমি ধরে রেখেছি আমার সন্তানদের জন্য ও তাদের প্রায়শই দাদা ও দাদীর পরিশ্রমের কথা স্মরণ করায়ে দেই যাতে তারাও এর মূল্য বুঝে। আমার বাবাকে নিয়ে এত অল্প লেখা কখনই যথেষ্ট নয় । আমি আমার বাবার পুর জীবনটার সাথী আমার জন্মলগ্ন থেকে। আজ আমার বাবা বেচে থাকলে খুব খুশি হতেন দেখে যে তার তিনটা নাতি-নাতনি হয়েছে যারা পড়াশুনায় ভালো আর আমিও সরকারী ব্যাংকে চাকুরী করছি। বিধির এ কি খেয়াল যে তিনি জানতেও পারলেন না তার পরিশ্রমের ফলাফল আজ বাস্তবে রূপ পেয়েছে। বাবাকে নিয়ে, বাবার স্মৃতি থেকে আরো অনেক লিখবো, আপাতত এখানেই শেষ করছি।

সম্পাদনা ও উন্নয়কালঃ ২২জানুয়ারী২০২৪> ১৮এপ্রিল২০২৪> ২৫এপ্রিল২০২৪>

 

আমার কাছে অনেকের প্রশ্ন https://surzil.blogspot.com/2024/02/blog-post_28.html
ব্লগ লিংকঃ https://surzil.blogspot.com
ফেইসবুক প্রফাইলঃ https://www.facebook.com/mustafa.surzil.rawnak



Tuesday, April 23, 2024

কুইজ প্রতিযোগিতার কনসেপ্ট পেপার (ধারণা পত্র)

 

সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতা যে কোন বয়সী মানুষের মধ্যে একটি ব্রেন স্টর্মিং সেশন তৈরি করে যার ফলে তার মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা, স্মৃতি, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়। যখন তাকে কুইজ বা প্রশ্নের সম্মুখীন হতে হয় তখন তার মনের চিন্তা চেতনা সজাগ হয় ও উত্তর খুঁজার চেষ্টা করে যার ফলে অলস মস্তিষ্ক সচল হয় ও তথ্য প্রক্রিয়াকরণ শুরু করে। উত্তরটি অংশগ্রহণকারীদের মধ্য হতে কেউ বলে দিতে পারলে সবার তা জানা হয়ে যায় আর কেউ না পারলে কুইজ পরিচালক তা বলে দেন। এই পদ্ধতিতে অংশগ্রহণকারী সকলের মধ্যে একটি ব্রেইন স্টর্মিং সেশন চলতে থাকে আর জ্ঞানের প্রবাহ তৈরি হয় যতক্ষণ কুইজ প্রতিযোগিতাটি চলে। সাধারণত যে সকল প্রশ্ন সাধারণ জ্ঞানের কুইজে বেছে নেয়া হয় সেগুলো সমকালীন ও কালোত্তীর্ণ জ্ঞান যা সকলেরই জানা থাকাটা বাঞ্ছনীয়। সেই সকল প্রশ্ন বাদ দেয়া হয় যে গুলো বিশেষায়িত কিংবা সাধারণ জ্ঞানের বিষয় বস্তু নয়। সকল বিশেষায়িত জ্ঞানের মধ্য হতে যে সকল জ্ঞান সকলেরই জানা থাকা প্রয়োজন সেগুলোই শুধু সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার প্রশ্নপত্রে স্থান পায়। 

 ১২ই ফেব্রুয়ারি অনলাইন পত্রিকা নিউজ ডেইলি তে প্রকাশিত খবর “এদেশে অনার্স মাস্টার্স পাশ করা ছেলে মেয়ে কোন কাজ জানে না কমপ্লিট অথর্ব" এরূপ রিপোর্টের প্রধান কারণ আজকের শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষা পাস ও টাকা উপার্জন ক্ষম হওয়ার জন্য পড়াশুনা করে থাকে, জ্ঞানার্জনের জন্য নয়। তাই তাদের মধ্যে সাধারণ জ্ঞানের মারাত্মক অভাব লক্ষ্য করা যায়। সাধারণ জ্ঞানের জন্য  প্রতিটি মানুষকে টেক্সট বুকের বাইরেও অনেক পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হয়, যা তারা করে না। সাধারণ জ্ঞান মানুষকে উন্নত ও আলোকিত মানুষে পরিণত করে। সাধারণ জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য এবং নিজের মেধা যাচাইয়ের জন্যও র‌্যাপিড ফায়ার কুইজ প্রতিযোগিতা একটি দারুণ কৌশল।

পাঠাগার সমূহ কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পারে বড় কোন পুরষ্কারের ঘোষণা দিয়ে, যেই পুরষ্কারের অর্থ অংশগ্রহনেচ্ছুরাই রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে প্রদান করতে পারেন। কুইজ চলাকালীন যে ব্যক্তি কুইজ পরিচালনা করবেন তিনি ও যিনি হিসাব রাখবেন কোন দল বা ব্যক্তি কয়টি উত্তর সঠিক দিলো এই দুই জনকে তাদের কাজের জন্য সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে ও সকল অংশগ্রহণকারীকে সাধারণ খাবার বা নাস্তা সরবরাহ করেও লাইব্রেরির জন্য কিছু ফান্ডও কালেকশনে করা যেতে পারে।

আধুনিক পাঠাগার সমাজের মস্তিষ্কর মত কাজ করে। সমাজের মধ্যে বই পড়ার পাঠকের সংখ্যা বৃদ্ধি ও এর মাধ্যমে উন্নত শিক্ষিত ও আলোকিত মানুষের সমাজ গঠন পাঠাগারের অন্যতম উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে কুইজ প্রতিযোগিতা সমাজের মানুষের মধ্যে জ্ঞানের ক্ষুধা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনার যদি কোন পাঠাগার থাকে তবে তার প্রচার ও প্রসারে ত্রৈমাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পারেন যাতে আগ্রহী অংশগ্রহণকারীগণ রেজিস্ট্রেশন করবেন ও নির্ধারিত দিনে অনেকের উপস্থিতিতে সেই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা কিংবা ৪৫ মিনিটের কুইজ শেষে বিজয়ী ঘোষণা হবে বা বিজয়ী দল ঘোষণা করা হবে। পুরষ্কার বিতরণে এলাকার গণ্য মান্যবর অংশ নিতে পারেন। বিজয়ী দলের প্রত্যেককে একই পুরষ্কার ও সর্বচ্চ উত্তর দাতাকে বিশেষ পুরষ্কার আগে থেকে ঘোষণা করা থাকলে তা অংশগ্রহনেচ্ছুদের মাঝে বিশেষ উৎসাহ যোগাবে। 

অনেক আগে বিটিভিতে ফজলেলো হানীর (যে কিনা সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বের হয়েছিল বলে শুনেছিলাম) ”যদি কিছু মনে না করেন” ম্যাগাজিন অনুষ্ঠানে  “কোয়েনচেন দেহি” নামে কুইজের একটা পর্ব ছিল, যাতে হানিফ সংকেত প্রথম মিডিয়াতে জনপ্রিয়তা পায়, পরে সেই হানিফ সংকেত আবদুল্লাহ আবুসাইদ (বিশ্ব সাহিত্য কেন্দ্র) এর প্রস্তাবিত “ঈদ আনন্দ মেলা”ও পরে ইত্যাদি নিয়ে জনপ্রিয়তা লাভ করে আমাদের দেশে। সেই ”কোয়েনচেন দেহি”’র অনুপ্রেরণায় কতগুলো কুইজ আমি গত কয়েক মাস আগে নিজে থেকেই তৈরি করে রেখেছি। দুটি পারিবারিক অনুষ্ঠানে পরিচালনাও করেছি।

উপরোক্ত কুইজ কম্পিটিশনের ধারণার ভিত্তিতে আমি ২৫০টি কুইজের একটি সেট তৈরি করেছি যা কোন বিসিএস গাইড কিংবা সাধারণ জ্ঞানের বই থেকে নেয়া হয় নি বরং সাম্প্রতিক বিশ্ব ও জ্ঞানের ধারণার আলোকে যা সাধারণ সকলের জানা উচিত তার ভিত্তিতে প্রণীত হয়েছে। যে পদ্ধতিতে কুইজ প্রতিযোগিতাটি পরিচালনার প্রস্তাব করতে চাই তা হলো, কুইজগুলো কুপন আকারে একটা ঝুড়িতে লটারি আকারে থাকবে। অংশগ্রহণকারীদের দুটো দলে ভাগ করে কিংবা না করে ২০০টা কুইজের যে কোন টা যেটা যে দলের বা যার ভাগ্যে পড়ে তাকে তা প্রশ্ন করা হবে, সেই দল বা সে উত্তর দিতে না পারলে বিপক্ষ দলকে অফার করা হবে, না পারলে উত্তর বলে দিয়ে পরবর্তী কুইজে যাওয়া হবে। এভাবে যে দল বা যে ব্যক্তি বেশি পয়েন্ট পাবে তাকে পুরস্কৃত করা হবে। প্রশ্ন করে কম সময় দেয়া হবে উত্তর দেয়ার জন্য, অনেকটা র‌্যাপিড ফায়ার রাউন্ডের মত। বয়স গ্রুপঃ ১৫ থেকে ৫২ বছর বয়সীদের এর জন্য করা যেতে পারে । সাধারণ জ্ঞানের যে সকল অঞ্চল থেকে প্রশ্ন গুলো করা হয়েছে তা হলোঃ বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, গণিত, রসায়ন, জীববিজ্ঞান, ভূগোল, কম্পিউটার বা আইসিটি, দেশীয় রাজনীতি, এস্ট্রোনমি বা কসমোলজি, পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, কনভেনশনাল ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং।

আগ্রহী কোন পাঠাগার কিংবা সংস্থাকে আমার সাথে যোগাযোগের মাধ্যম বলে রাখছি।

মোহাম্মদ মোস্তফা সার্জিল
সিনিয়র প্রিন্সিপাল অফিসার
সোনালী ব্যাংক পিএলসি
ইসলামী ব্যাংকিং উইন্ডো
ওয়েজ আর্নার্স কর্পোরেট শাখা,
৬২ দিলকুশা, ঢাকা-১০০০
ফোনঃ 01911322544

Friday, March 29, 2024

মানব সদৃশ রোবট এবং হিউমেন ক্লোনিং প্রসঙ্গে?

 

দেখে শুনে মনে হচ্ছে এই বিকশিত মানব সভ্যতা একটি সমালোচনামূলক পর্যায়ে উপনীত হয়েছে এবং এখন এটি তার নিজস্ব উদ্ভাবনী পদ্ধতির দ্বারা আটকা পড়ে নিজেকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত। সময় এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যখন আমরা মানুষের মতো রোবট প্রত্যাশা করছি। জাপানি রোবটিক্সে ইন্ডাস্ট্রি ইতিমধ্যে কিছু প্রোটোটাইপ উপহার দিয়েছে আর আপনাকে এসমস্ত অত্যাধুনিক যন্ত্রাংশের প্রমাণ দেখানোর জন্য বিবিসির ক্লিক অনুষ্ঠানই যথেষ্ট। ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি / অলীক বাস্তবতা) এবং এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং রোবটিক্স এখন বাস্তবতার উদীয়মান চিত্রে অনিবার্য। VR সিমুলেশন এবং Ai ব্যবহার করা বাস্তব জীবনের অনেক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অগ্রগতি তা বলাই বাহুল্য। কৃত্রিম রোবট হাতগুলি অবিশ্বাস্য দ্রুত এবং বাল্ক মোডে প্রচুর কাজ করছে। যন্ত্র-মানবেরা সাধারণ মানুষের মত অসুস্থতায় পড়বে না, উৎপাদনশীলতাকে বাড়বে এবং তারা কর্পোরেট জগতে অনেক বেশি অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কেউ যদি মনে করে যে রোবট বা যন্ত্রমানব বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করার জন্য যথেষ্ট আর আমরা সাধারণ মানুষ জন এই দ্রুত উন্নয়নশীল বিশ্বে যোগ্যতার বিচারে অযোগ্য হয়ে যাবো, আমারা তাতে দ্বিমত পোষণ করতে পারি  কি না? যদি তাই হয় তাহলে তা কিভাবে? এই ইস্যুটি উত্থাপন করার আমার পয়েন্টটি VR বা Ai-এর উন্নয়নকে প্রশ্ন করা নয়, বা এটি তাদের ব্যবহারিক অ্যাপ্লিকেশনগুলির উপর নয় এবং তা রোবট হাত বা রবোটিক অটোমেশন সম্পর্কেও নয়, এগুলো সত্যিই ভাল কাজ করছে। আমার উদ্বেগের বিষয় হল ক্লোনিং-এর মত মানুষের সদৃশ রোবট নির্মাণের মানব ইচ্ছা সম্পর্কিত আলোচনা।

 
কিছু দিন আগেও রোবটের ধারণাটি ছিল স্টিলের বডি ও বাক্সযুক্ত মেশিন টাইপের যান্ত্রিক কাঠামো যার Ai আছে এবং যা শুধুমাত্র মানুষের আদেশ শোনে। কিন্তু আজ এই চিত্র পাল্টে গেছে, আমরা দেখছি উদ্ভাবকরা রোবটকে মানুষের মতো করে তৈরি করার চেষ্টা করছেন। এই নতুন মডেলগুলির সিলিকন ভিত্তিক ত্বক মানবদেহের মতোই রয়েছে এবং তাদের মুখের এবং শরীরের নড়াচড়ার অভিব্যক্তি যেমন, তারা যেমন হাঁটে, কথা বলে সবকিছু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি দেখতে হুবহু মানুষের মতো হয়। আমার উদ্বেগের বিষয়টি এখানেই।

 
আমরা কি মনে করতে পারি মানব ক্লোনিংয়ের বিরুদ্ধে কি কি সমস্যা উত্থাপিত হয়েছিল? এমন কি ছিল না যে, আমরা যদি আমার সামনে অন্য একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি যে হুবহু আমারই মত দেখতে, তাহলে আমি কেন ভয় বা অস্বাভাবিক বোধ করব ? অথবা মানব ক্লোনিং-কে প্রতিরোধ করার বিষয়টি কোন বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছিল? এটা কি পরিচয়ের প্রশ্ন ছিল যা আমরা ভয় পেয়েছিলাম, নাকি এটা এমন কিছু অস্বাভাবিকতা ছিল যেটাকে আমরা ভালো করে বুঝতে পারিনি এবং সেই জন্যই উদ্ভূত পরিস্থিতিকে অস্বীকার করতে চেয়েছি? আমার ধারণা অনুসারে, ক্লোনিং এত সহজ বা সফল ছিল না এবং এর গবেষণা কিছু শক্তিশালী লোকের মধ্যে এক ধরণের ভয় তৈরি করেছিল যে কারণে এটির গবেষণা বন্ধ করে দেয়া হয়েছে । কমবেশি এটি মানুষের আত্ম গর্বকে আঘাত বা আহত করে। "আমি এটি করেছি, এবং  কেবল আমি করেছি এবং যা আগে অন্য কেউ করতে পারেনি", এগুলি হল আত্মগর্ব এবং আমরা যদি বিশদভাবে দেখি তবে এটি মানুষের মধ্যে আমিত্ব দাবি করার প্রবণতা যে তিনি বা তিনি অনন্য এবং অন্যরা তার বা তার মতো হতে পারে নি, এখন যদি এমন হয় যে তার মতই দেখতে অন্য একজন এবং একই রকম জিনিস করে তবে কীভাবে বোঝা যায় বা নিজের সাথে তুলনা করা যায় তাকে? আমি মনে করি এগুলিই ছিল মানব ক্লোনিং প্রত্যাখ্যানের মূল কারণগুলি? যতদূর মনে পরে তখন আর্নল্ড শোয়ারজনিগার অভিনীত দ্যা সিক্সথ ডে নামে একটা মুভি হয়েছিল এই ক্লোনিং এর সমস্যা গুলো নিয়ে। তাতে দেখান হয় যে বিজ্ঞানী বার বার নিজের ক্লোন করছিল, তার নতুন ক্লোন তাকে অবজ্ঞা ভরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। আসলে ক্লোনিং হলে এমনও বলা হচ্ছিল যে উন্নত সভ্যতা গুলো বা দেশগুলো তাদের সেনাবাহিনীর তাগড়া সৈন্যদের ক্লোন করবে কিংবা হারিয়ে যাওয়া নিয়ানডারথালদের মত শক্তিশালী মানব বা সৈন্য বাহিনী তৈরির চেষ্টা করবে। বিষয়টা ওই পাগল বৈজ্ঞানিকের মত হয়ে গেছে যে চেয়েছিল মানব ও শিম্পাঞ্জির মধ্যে ক্রস ব্রিড করতে। তাকে বহু কষ্টে থামানো হয়েছে। কিন্তু ক্লোনিং সম্ভব হলে বাস্তবতাটা কি হতে পারতো তা আরো বিচার বিশ্লেষণ করে দেখা দরকার ছিল। এক সভায় আমার এক জুনিয়র ভাই প্রশ্ন করেছিল, ধরুন পুর মানুষ না যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্লোন করা যেত তা হলে কেমন হতো? এর উত্তর তখন কেউ দিতে পারে নাই। আমার ধারণা এই বিষয়টাতে গবেষণা গোপনে চলছে কিংবা পারমানবিক বোমার ব্যবহার যেমন মানব অস্তিত্বের প্রশ্নে হুমকি তাই নিয়ন্ত্রিত রাখা হয়েছে তেমনি ক্লোনিংকেও হুমকি মনে করা হচ্ছে ও এই বিষয়ক গবেষণাকে বন্ধ করা হয়েছে।

আচ্ছা এখন আসুন মানুষের দেহের ক্লোনিং সম্পর্কে চিন্তা করা বন্ধ করে রবোটিক্সের দিকে মনোনিবেশ করি? আমি যদি আমার মতো একটি রোবট খুঁজে পাই এবং আমার ক্লোন না হয় তবে পার্থক্য কি? ঠিক আছে এটি মানব নয় এবং এটির কোন মানব আত্মা কিংবা স্বাধীন ইচ্ছা নেই যা নিজেকে আমি বলে দাবি করে। এই মানব সদৃশ যন্ত্রটিকে আমাকে মান্য করতে বাধ্য আর এটিকে এআই দ্বারা তৈরি করা হয়েছে, তাই আমি এখানে আমার দ্বারা পরিচালিত আমার আরেকটি শরীর নিয়ন্ত্রণ করার সুযোগ পাচ্ছি, তাহলে কেমন দাঁড়াচ্ছে বিষয়টা? সমস্যা যুক্ত কোন কিছু কি এখানে আছে?, বরং এটি এক ধরণের এক্সটেন্ডেড অন্য আমি, এটি আমাকে আমার কাজের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, এখন যদি আমরা এই দুটি ভেরিয়েবলকে জ্বলন্ত প্রশ্নের সমীকরণে রাখি, আমি মনে করি আমরা এখন এটি সমাধান করতে পারি। একই আমি যদি ক্লোনিং দ্বারা তৈরি করা হয় তবে আমারে আত্ম কিংবা বুদ্ধি দ্বারা এটি গ্রহণযোগ্য নয় কিন্তু এটি যদি সম্পূর্ণরূপে একই রকম একটি রোবট দ্বারা করা হয় তবে আমার আত্মা কিংবা বুদ্ধির কোন সমস্যা নেই, তাই নই কি দৃশ্য কল্পটি? যদি তাই হয় তবে এটি স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে আমরা নিজের ক্লোনিংকে অস্বীকার করি কারণ এটি নিজের আত্মকে সংঘাতের মধ্যে ফেলতে পারে তবে আমরা যদি ক্লোন রোবট দ্বারা ক্ষমতা প্রসারিত করতে পারি তবে আমাদের বুদ্ধি বা আত্মা কোন সমস্যার দ্বন্দ্বে পরে না। তাই এটা খুবই স্পষ্ট যে এটা আমাদেরে আত্মগর্ব "আমার বা আমি এটা করেছি, এটা আমি তৈরি করেছি এবং আমি অনন্য" সম্পর্কিত প্যারাডক্সটি সমাধান করে দেয়।


খুব বেশি দিন আগে নয়, একটি কনফারেন্সে একটি অল্প বয়স্ক ছেলে প্যানেলকে জিজ্ঞাসা করেছিল যে ঠিক আছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুসারে ক্লোনিং নিষিদ্ধ করা হয়েছে, তাহলে মানবদেহের অঙ্গগুলির ক্লোনিং সম্পর্কে কি হবে? আমরা কখনও কখনও দেখি আমাদের একটি বাহু বা একটি ত্রুটিমুক্ত হার্টের প্রয়োজন, একটি নতুন দিয়ে ঠিক করার জন্য, ক্লোনিং যদি আমাদের একটি নতুন মাংসল শরীর বা নিখুঁত হার্ট দিতে পারে তবে সমস্যা কোথায়, বরং এটির প্রশংসা করা উচিত। আমার প্রশ্ন হল যদি ক্লোনিংয়ের মাধ্যমে অন্য একজন মানুষ সম্ভব হয় এবং এটি মানব জাতির মধ্যে জন্ম দেওয়ার একটি নতুন উপায় হয়ে ওঠে তাহলে এটা বন্ধ করতে হবে কেন? কেন আমরা এখানে একটি পূর্ণ নেতিবাচকতা দেখাচ্ছি? জন্মনিয়ন্ত্রণ প্রযুক্তি আবিষ্কারের পূর্বে একটি এলোমেলো অবস্থা ছিল। জন্মনিয়ন্ত্রণ প্রযুক্তির ব্যাপক বিস্তারের পর এখন আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে একটি ভূমিকা আছে এবং মানব জাতি এটিকে স্বাভাবিকভাবেই মোকাবেলা করছে। জন্ম দেওয়ার বিকল্প নতুন উপায় থাকলে সমস্যা কোথায় দাঁড়ায়? আরেকটি সমালোচনামূলক প্রশ্ন আমি কি উত্থাপন করতে পারি? কেন মানুষ মানুষের মত একই রকম রোবট বানাতে চায়, কেন তারা মানুষের মত নয় কিন্তু তার চেয়েও উন্নত রোবট বানানোর কথা ভাবতে পারে না? কার্টুন এবং সিনেমায় তারা ইতিমধ্যে এসব চিন্তা ভাবনা নিয়ে এসেছে তবে এটি মানুষের অন্তর্নিহিত ইচ্ছা যে তারা মানুষের মতো রোবট তৈরি করতে চায় সম্ভবত তাদের নিজেদের স্রষ্টা হিসাবে অনুভব করতে চাওয়ার একটা প্রবণতা এটি। তারা মানুষকে তৈরি করতে চায় যেমন তারা বিশ্বাস করে যে তাদের স্রষ্টা তৈরি করেছেন তাদের নিজের প্রতিমূর্তিতে। নাকি যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাদের ইচ্ছা হয় পরমেশ্বর হওয়ার? এটা দ্বারা কি তারা বিদ্যমান মহাবিশ্বের একটি অর্থ প্রকাশ করতে ইচ্ছুক? নাকি মানুষের আকৃতির গন্ডির বাইরে চিন্তা করার ক্ষমতাই তাদের নেই? প্রশ্নগুলো নতুন কিন্তু ভেবে দেখার মতো।

একটি বৃহত্তর কোণ থেকে আমরা দেখতে পাই, এই মানব জাতি ঈশ্বর সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটির সমাধান করতে পারেনি। অনেক ব্যাখ্যা, তত্ত্ব, মিথ ধর্ম তৈরি করেছে এবং তারপরেও তাদের ধারণাগুলি বিভক্ত হয়েছে। দিনে দিনে আরও জটিল করে তুলেছে। ঈশ্বর একা না অনেক তা এখনও সর্বসম্মতভাবে সমাধান করা যায়নি বা কখনও সমাধান করা যাচ্ছেও না। কেউ কেউ এমনকি সৃষ্টিকর্তার ধারণাকে অস্বীকার করেছেন এবং প্রকৃতির বিবর্তনে বিশ্বাস করেছেন। তারা সর্বসম্মতিক্রমে সৃষ্টির মূল প্রশ্নটি সমাধান করতে পারেনি উপরন্তু তারা এখন ঈশ্বরের চরিত্রে অভিনয় করতে চাচ্ছে। জেনোর বিখ্যাত প্যারাডক্স যা বলে, এক কখনো দুটি হতে পারে না বা এক কখনো একাধিক হতে পারে না, কারণ একাধিক হলে তা আরো অধিক হবে এবং এক হারায়ে যাবে অনেকের মাঝে। এক তখন অনন্তর মধ্যে দ্রবীভূত হতে থাকবে যেমন আয়নার ভিতরের আয়না অসীমতার দিকে প্রবাহিত হয়। সুতরাং এক এর ধারণা অনেকের ধারণার সাথে বসবাস করতে পারে না, তারা পরস্পর বিরোধী হয়ে উঠে।  যদি একজন একা থাকে এবং তিনি দুই বা বহু সৃষ্টি করেন, তবে তিনি কি অনেকের মধ্যে আছেন নাকি একা একজন? তিনি যদি একজন হন তাহলে সৃষ্টি কি তাঁর থেকে উদ্ভূত? আমাদের আলোচ্য বিষয়ে যদি ফোকাস করি উদাহরণস্বরূপ যদি একজন রাষ্ট্রনেতা তার সমগ্র সেনাবাহিনীকে ক্লোনিং-এর উপর ভিত্তি করে বা মানব সদৃশ রোবট দ্বারা তার সর্বকালের সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করতে ইচ্ছুক হয়, তাহলে এখানে বাধা কোথায়? অথবা ধরুন সাধারণ মানুষের মধ্যে পুরুষ বা মহিলা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে, কেউ যদি তার পছন্দের ক্লোন বা মানুষের মতো রোবট বন্ধু পেতে চায় তবে সমস্যা কোথায়? তাছাড়া এটি যে কোন নতুন আপগ্রেড বা পরিবর্তনের সাথে সামঞ্জস্য যোগ্য (এডজাস্টেবল) হতে পারে এবং এআই ইন্টারফেসিং দ্বারা মনোভাব নিয়ন্ত্রণ সহ একাধিক মুখ বা শরীরের আকৃতি পরিবর্তনের সুবিধা থাকতে পারে। তাতে করে মানিক বন্দ্যোপাধ্যায় এর অভিযোগ যে নারীরা এরকম হয়, ওরকম হয় কিন্তু কখনো মনের মত হয় না।তখন মানিক বন্দোপাধ্যায় তার মনের মত যন্ত্র মানবী খুঁজে পাতেও পারেন।



যন্ত্রমানব কিংবা ক্লোনিং যাই হোক না কেন তা যদি বাস্তবে আসে তবে পরিস্থিতিটা কি রকম হবে? আমরা কি এখানে মানুষের তৈরি বিশ্ব বাস্তবতার কথা বলছি না? বাস্তবে বিগত কয়েক দশকে যান্ত্রিক বিপ্লবে নাটকীয় সব পরিবর্তন স্পষ্টতই হয়ে গেছে  আমাদের জীবনে। শুধু টেলিফোনিক যোগাযোগের পরিবর্তন সম্পর্কে চিন্তা করুন, ভ্রমণ ব্যবস্থা সম্পর্কে চিন্তা করুন এবং হ্যাঁ এই পরিবর্তনগুলি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় দুর্দান্ত প্রভাব ফেলেছে এবং নিশ্চিতভাবে উদীয়মান প্রবণতা গুলি আমাদের পরবর্তী যুগের জীবন শৈলী পরিবর্তন করার জন্য জোরালো ভাবে চেষ্টা করছে। জীবন শৈলীতে এই পরিবর্তন অবশ্যই আমাদের পটভূমি দর্শনের পরিবর্তনের দাবি করে। তবে প্রচুর মানুষের প্রবণতা হল যে তারা তাদের দর্শন সহজে পরিবর্তন করতে নারাজ কারণ তারা এটির প্রেমে পড়েছে বা তা দ্বারা আবিষ্ট হয়ে গেছে। এটি বাস্তবতার সাথে বিরোধিতা করুক বা না করুক, তারা তাদের দর্শন পরিবর্তন করতে অনিচ্ছা প্রকাশ করবে। তাদের বিশ্বাস ব্যবস্থার প্রতি যে কোন হুমকি থেকে তারা তাকে রক্ষা করবে যেন সেই প্রথায় বিশ্বাস তাদের ধ্বংস হওয়া থেকে রক্ষা করে আসছে।

আমি এই নিবন্ধটি সম্পূর্ণ বিচারের সাথে শেষ করছি না কারণ আমি নিজেও এখনও স্পষ্ট নই যে পরবর্তীতে নতুন কি প্রযুক্তি আসতে পারে এবং আমার চিন্তা অন্যের উপর চাপিয়ে দেওয়ার বা কোনও বিশ্বাস ব্যবস্থার বিরুদ্ধে বলার কোনও উদ্দেশ্যে আমার নেই। এখানে আমি বিষয়বস্তু সম্পর্কে কিছু প্রশ্ন উত্থাপন করেছি মাত্র যা অন্যের মতামত জানার উদ্দেশ্য নিয়ে আমার মনের মধ্যে দিয়ে গেছে।

একটি ফেইসবুক পেইজ থেকে উলুবনে মুক্তর মত নিচের অনুবাদকৃত অংশটি সংগ্রহীত যা আমার লেখার বিষয়বস্তুর সাথে মিলে যায় বিধায় এখানে সংযুক্ত করলাম। 

”ভবিষ্যত, একটি গুপ্ত বিশ্ব এখনো আবিষ্কৃত হয়নি, নতুনত্ব, রূপান্তর, এবং অসীম সম্ভাবনার প্রতিশ্রুতি ধরে রেখেছে। এটি মানবতার জন্য একটি ক্যানভাস, অগ্রগতির অবিচ্ছিন্ন সাধনা দ্বারা অনুপ্রাণিত। সময়ের মধ্যে, ভবিষ্যত একটি বীকন হিসাবে দাঁড়ায় যা আমাদের অজানা মাধ্যমে এগিয়ে নিয়ে যায়। প্রযুক্তির অগ্রগতি, বৈজ্ঞানিক সাফল্য, এবং সামাজিক রূপান্তর সামনে যা আছে তা আকৃতি দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি, মহাকাশ অনুসন্ধান, এবং নবায়নযোগ্য শক্তি ভবিষ্যতের ক্যানভাসে কয়েকটি ব্রাশস্ট্রোক, যা একটি আরো আন্তঃসংযুক্ত এবং টেকসই বিশ্বের দিকে নির্দেশ করে। ভবিষ্যৎ হল চ্যালেঞ্জ এবং সুযোগের একটি জটিল ইন্টারপ্লে, একটি গতিশীল আড়াআড়ি যেখানে স্থিতিস্থাপকতা এবং অভিযোজিততা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক গতিশীলতা, এবং সামাজিক-অর্থনৈতিক পার্থক্য তাদের সামনের দিকে ছায়া সৃষ্টি করে, যার জন্য একটি যৌথ প্রচেষ্টা এবং বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। কাজ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার বিবর্তন একটি রূপান্তর প্রত্যক্ষ করছে, যা ডিজিটালকরণের শক্তি এবং উদীয়মান প্রযুক্তির একীকরণ দ্বারা পরিচালিত হয়। যেহেতু আমরা ভবিষ্যতের অজানা অঞ্চলগুলি নেভিগেট করি, নৈতিক বিবেচনা একটি গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠে। গোপনীয়তার প্রশ্ন, এআই এর নৈতিকতা, এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার আমাদের উন্নত সভ্যতার গল্প আকার দিচ্ছে। নতুনত্ব এবং নৈতিক বিবেচনার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা অপরিহার্য যাতে ভবিষ্যতে মানবতার উন্নতির জন্য একটি শক্তি হিসাবে প্রকাশিত হয়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, ভবিষ্যতে ব্যক্তিগতকৃত ওষুধ, উন্নত চিকিৎসা, এবং জটিল রোগ বোঝার ও চিকিৎসায় সাফল্য পাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। প্রযুক্তি এবং জীববিদ্যার একত্রীকরণ আমাদের দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনের সন্ধানে নতুন দিগন্ত খুলে দেয়। শিক্ষাও একটি দৃষ্টান্তমূলক শিফ্ট প্রত্যক্ষ করছে, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল রিয়ালিটি, এবং ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা কিভাবে জ্ঞান অর্জন এবং ভাগ করা হয় তা পুনরায় সংজ্ঞায়িত করে। তথ্য ডেমোক্র্যাটকরণ একটি চালিকাশক্তি হয়ে উঠছে বিশ্বব্যাপী ব্যক্তিদের জ্ঞান অর্থনীতিতে অংশগ্রহণের জন্য ক্ষমতায়ন করার জন্য। আমাদের মহাকাশ অনুসন্ধানের থেকে ভবিষ্যৎ অবিচ্ছেদ্য। আমরা যখন আমাদের স্বর্গীয় সীমানা অতিক্রম করি, অন্যান্য গ্রহের মানুষের উপনিবেশকরণের সম্ভাবনা এবং বহির্বিশ্ব জীবনের আবিষ্কার আমাদের গোষ্ঠিগত কল্পনাশক্তিকে মুগ্ধ করে। মহাকাশ অনুসন্ধান এখন আর শুধুমাত্র একটি বৈজ্ঞানিক সাধনা নয়, বরং মানুষের কৌতূহল এবং অজানা অন্বেষণের সহজ আকাঙ্ক্ষার একটি প্রমাণ। তবে, ভবিষ্যত একটি সংকলিত সত্ত্বা নয়; এটি একটি মোজাইক”

সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ১৭এপ্রিল২০১৯>২১এপ্রিল২০১৯> ইংলিশ থেকে বাংলায় অনুবাদ ১২ফেব্রুয়ারী২০২৪> ২৮ফেব্রুয়ারী২০২৪> ২৫মার্চ২০২৪> ৩০মার্চ২০২৪>৬জুন২০২৫>

প্রাসঙ্গীক লেখাঃ-

নহ মাতা, নহ কন্যা, নহ বধূ -উর্বশী প্রসঙ্গে
https://surzil.blogspot.com/2024/03/blog-post_21.html

প্লাস্টিক আর কনক্রিটের মানুষ আর তাহাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রসঙ্গে
https://surzil.blogspot.com/2023/12/blog-post_29.html

যথার্থতার মানদণ্ডই বিবেক
https://surzil.blogspot.com/2023/10/blog-post.html  

বাস্তবতার আন্তলীন গুণাবলী  Inherent attributes of reality
https://surzil.blogspot.com/2023/01/inherent-attributes-of-reality.html

মনের স্বতঃস্ফূর্ত বিকাশকে যা বন্ধ করে দেয় তাই অনিষ্টকর
https://surzil.blogspot.com/2023/07/blog-post_25.html  

 

 আমার কাছে অনেকের প্রশ্ন
https://surzil.blogspot.com/2024/02/blog-post_28.html 



Saturday, March 23, 2024

এবার উর্বশী নয়, নারী প্রসঙ্গে কিছু কথা

 

কয়েকদিন আগে “নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, উর্বশী প্রসঙ্গে” লেখাটা শেষ করে দেখলাম নারী সম্পর্কে লেখার আরো কিছু কথা বাকি রয়ে গেছে। বিষয়টা হলো নারীকে নিয়ে লিখতেই ভয় লাগে, কে যে কি বলে বসবে তার কোন ঠিক নাই। তবে আগের লেখাটা সম্পর্কে আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই এর মন্তব্য ছিল লেখাটা আমার সব থেকে ভালো লেখা গুলোর মধ্যে একটা হয়েছে, তাই সাহস করে পরের কথাগুলো লিখছি। পুরুষ মাত্রেই নারীকে নিয়ে তার মনে অনেক চিন্তা, কল্পনা, ভাবনা রয়েছে যার অধিকাংশই সে পাবলিকলি বা জনসমক্ষে প্রকাশ করে না বা করতে চায় না। নারী পুরুষের সম্পর্কের বিষয়ে পৃথিবীতে যতগুলো সমাজ আছে তার প্রতিটিতে ভিন্ন ভিন্ন ধারণা পাওয়া যেতে পারে।

১৩-মার্চ-২০২৪ তারিখে আমার স্কুল গ্রুপে বন্ধু সোহেলের পোস্টঃ ”ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!! ৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরি করেছে যে, আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে। তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে ৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিক ভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে ম্যান্টল ভাবে পুরুষ, এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।” -লিখেছেন ডাক্তার, জাকিয়া সুলতানা।

সোহেল আমার স্কুলের বন্ধুর বক্তব্য ছিল “মনে হয় বিয়ে বিষয়টাই উঠে যাবে।” আমি প্রত্যুতরে বলেছিলাম, বাংলা একাডেমীর ভাষা শহীদ গ্রন্থমালার বই “বিবাহ” আমি পড়েছি। আর বিবাহের ধারনায় ইতিমধ্যেই বিবর্তন হয়ে গেছে, সামনে আরো হবে। ডাক্তার জাকিয়া সুলতানার উপরোক্ত বক্তব্য আমি সোশাল মিডিয়ার আরেক জায়গাতেও পড়লাম কিন্তু তার বক্তব্যর সাথে আমি একমত হতে পারি নাই। আমার মা ছিলেন ১৯৭০ সালের হোম ইকনমিক্স গ্র্যাজুয়েট, বাবা ঢাকা শহরের একজন শিক্ষিত মহিলাকে বিয়ে করবেন তাই তার ভাইয়েরা বিক্রমপুরের মেয়েদের বিয়ে করতে চাইলেও বাবা বিয়ে করলেন শহুরে এক শিক্ষিত মেয়েকে। আমার বাবার ভাইদের পরিবার তা সহজে মেনে নিতে পারে নাই, তাই বাবা মাকে নিয়ে আলাদা সংসার করে সরে গিয়েছিলেন। আমার মা বাবাকে কখনো আপনি বলে সম্বোধন করেনি আর আমিও বাবা মাকে আপনি বলি নি, সব সময় তুমি বলেই সম্বোধন করেছি। ওই সময়ে এটা সামাজিক রীতি ছিল না। আমার মা শিক্ষিত ছিল দেখেই আমার বাবার অকাল মৃত্যুর পর তিনি আমাকে লেখা পাড়া শিখায়ে বড় করে আমার তিন সন্তানের জনক হতে দেখে তার পর পরপারে চলে গেছেন। বাবা-মা’র মধ্যে প্রচুর ঝগড়া আমি প্রত্যক্ষ করছে কিন্তু তাদের ভিতরকার ভালোবাসাও আমি অনুভব করেছি। আমি ছিলাম তাদের একমাত্র সন্তান তাই বাবা-ম আর আমার বন্ধন ছিল প্রায় একাত্মার মত। ১৯৯০ এ বাবা আর ২০১৬ তে মা কে হারায়ে আমার পুর পৃথিবী অর্থহীন হয়ে যায়। মা’র শিক্ষিত হওয়া আমার বাবা মা পরিবারকে নষ্ট করতে পারে নাই বরং পারিবারিক অগ্রযাত্রায় মা এর ভূমিকা বিচার করলে বলতে হবে তারা পরস্পরের সম্পূরক ছিল। বাবা যতদূর আগায়ে দিয়ে গেছে, মা তা ধরে রেখে পরিবারটাকে পরবর্তী প্রজন্মের জন্য আরো সুদৃঢ় বা পাকা পোক্ত করে গেছেন। 

 

নেপোলিয়ন বলে গেছেন তাকে শিক্ষিত মা দিলে তিনি শিক্ষিত জাতি দিতে পারবেন। অশিক্ষিত মা সন্তান জন্ম দিতে পারলেও তার সন্তানদের সঠিক পথে গাইড করতে পারেন না। সন্তানেরা হয় গাইড লেস বাউণ্ডুলের মত। তার কয়েকটা বড় বড় উদাহারণ দিতে পারি যা আমার জীবদ্দশাতেই দেখে গেলাম। নারী শিক্ষার প্রসারের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামের পর গ্রাম খালি পায়ে হেটে প্রচার করেছেন অথচ আজকের জাকিয়া সুলতানা নারী হয়েও নারীর শিক্ষার বিরুদ্ধে বলছেন, এটা কি মেনে নেয়া যায়? শিক্ষিত নারী মানুষিক ভাবে পুরুষে পরিণত হয়ে যায় জাকিয়া সুলতানার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। বরং ইদানীং তৃতীয় লিঙ্গ নামে আরেকটি ধারণা সমাজে চলে এসেছে যেখানে নারী দেহে পুরুষ ও পুরুষ দেহে নারীর মানুষিকতাকে বুঝায়। এটা দৈহিক ভাবে বিকৃত নারী পুরুষ নয় বরং মানুষিক ভাবে বিবর্তিত নারীদেহে পুরুষ মানুষিকতা আর পুরুষ দেহে নারী মানুষিকতা। যার কারণ হিসেবে মানব দেহেরে হরমোনাল ইমবেলেন্সকে দায়ী করা হচ্ছে। থাইল্যান্ডের পাতায় সমুদ্র সৈকতে প্রচুর লেডি বয় দেখতে পাওয়া যায় যারা দৈহিক ভাবে পরিবর্তিত হয়ে পুরুষ থেকে নারী হয়েছে জীবিকার প্রয়োজনে। শিক্ষিত নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী হবে তখনই যখন নারীকে ভুল শিক্ষায় শিক্ষিত করা হবে। পুরুষ নারীর মধ্যে আনুগত্য চাবে কেন? দুজনেই তো মানুষ আর দুজনের সহমতেই তো তারা সংসার গঠন করে। আগের দিন কি আছে? যে জানা নেই শুনা নেই ”উঠ ছেরি তোর বিয়া” কিংবা আমার মা’র মামা আমার বড় নানা ভাই কে তার বাবা ঢাকা থেকে ডেকে নিয়ে গিয়ে ঘাটাইলের কাজি বাড়ির এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। নানা ভাই জানতোও না যে তাকে বিয়ের জন্য ডেকে পাঠান হয়েছে। আজকের দিনের সংসার আর আগের দিনের সংসার এক নয়, ধারণাগত পার্থক্য আছে। আমার স্ত্রী শিক্ষিত বলে আর আমার সন্তানদের উপর তার নিয়ন্ত্রন থাকায় আমি অবাক হয়ে দেখেছি যে, প্রতিটা সন্তানই সঠিক ভাবে সব আদব কায়দা শিখে বড় হচ্ছে। অথচ হাতের কাছেই উদাহারণ আছে যে মা মানুষিক ভাবে সংসারে সময় দিতে অগোছালো হওয়ায় সন্তানদের মধ্যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আধুনিক পরিবারে শিক্ষিত মা’য়ের বিকল্প চিন্তাই করা যায় না। জাকিয়া সুলতানার বক্তব্য শিক্ষিত নারীরা অধিক বয়স পর্যন্ত বিয়ে করতে চায় না আর পুরুষকে প্রতিদ্বন্দ্বী মনে করে, তার এ সব কথা তার ব্যক্তিগত চিন্তার ফল, বাস্তবে তা হলে আমার মা-বাবার পরিবার টিকতো না। বর্তমানের স্বামীদের স্ত্রীদের কাছ থেকে আনুগত্য পেতে হলে তাকে তার স্ত্রীর চেয়ে অধিকতর জ্ঞান সম্পন্ন প্রমাণ করতে হবে, তা না হলে সেটা সে আশা করতে পারে না। কোমলত্ব আর নারীর স্বভাবসুলভ কমনীয়তা তা যে কোন নারী মাত্রেই আছে, সেটা সে তার স্বামীকে দিবে যদি সে তার স্বামীকে সেই ভাবে ভালোবাসে। বিয়ে করলেই যে একটা মেয়ে তার কমনীয়তা তার স্বামীকে দিতে বাধ্য সেই দিন শেষ হয়ে গেছে। স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে সেই নারীত্ব বা কমনীয়তাও আদায় করে নিতে হবে। আগে যা ছিল ফাও বা ফ্রি এখন তা সহানুভূতি আর ভালোবাসার দামে কিনে নিতে হবে। পূর্বের অশিক্ষিত নারী ও শিক্ষিত পুরুষে এর দাম্পত্য জীবন আর আজকের আধুনিক নারী-পুরুষ উভয়ে শিক্ষিত এর দাম্পত্য জীবনে এতটুকুই পার্থক্য। এর চেয়ে বেশি কিছুই না।

শিক্ষিত নারী কে অনেক পুরুষ ভয় পায় যে তার কাছ থেকে আনুগত্য পাবে না, অনেক পুরুষ বিয়ে করতেই চায় না এই কারণে। এক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটা উদাহারণ।


মানিক বন্দ্যোপাধ্যায় কে বলতে চাই, অনেক বিয়ে না করা পুরুষের বক্তব্যই এরকম কারণ সে তার মনের উর্বশীকে মেয়ের মধ্যে দেখতে চায় কিন্তু পুরুষ মনের উর্বশীর ধারণা সব সময় অধরাই থেকে যাবে, উর্বশী একটি বিমূর্ত ধারণা তা বাস্তবের নারীর মধ্যে খুঁজতে যাওয়া ভুল। নারীকে তার আসল রূপেই গ্রহণ করতে হবে উর্বশী রূপে নয়। হ্যাঁ নারী আপনার কাছে উর্বশী রূপে ধরা দিবে যখন তার ইচ্ছা হয় তখন, আপনি চাইলেই তাকে সব সময় ওই রূপে পাবেন না। সব নারীর মধ্যেই উর্বশী লুকায়ে আছে আর সে যাকে ইচ্ছা তাকে সেই রূপ প্রদর্শন করে থাকে। আপনার মনের মত উর্বশীকে না খুঁজে যে কোন নারীকে নারী হিসেবে কিংবা স্ত্রী হিসেবে গ্রহণ করুন তার পর তার মধ্যের উর্বশীকে বের হয়ে আসার অমন্ত্রন জানান, আপনি ভালোবাসা দিয়েই সেই উর্বশীর দেখা পাবেন অন্যথায় নয়।

নিচের লেখাগুলো হুমায়ুন আজাদের উক্তির নামে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছিল,

“নারীকে চাকরী দিবো কিন্তু সে মা হতে পারবেনা!!!  মা হবে এটা মেনে নিয়ে মাতৃত্বকালীন ছুটি দিলেও সন্তান সাথে আনা যাবেনা। এমন একটা পরিবেশ সব কর্মক্ষেত্রে বিরাজ করছে। কিন্তু কোন নারী তা স্পষ্ট করে, চিৎকার করে বলতে পারছে না। যদি চাকুরি খানা চলে যায়। কর্মক্ষেত্রে রাষ্ট্র নারী নিয়োগ দিলে সে একদিন মা হবে এটা কি তার অজানা?

নারী যদি মা হয় তবে তার সন্তানকে কে দেখবে যদি কর্মক্ষেত্র সন্তানবান্ধব না হয়!  নারী ডাক্তার হলে চিকিৎসা নিবেন, নার্স হলে সেবা নিবেন, শিক্ষক হলে শিক্ষা নিবেন,
পাইলট হলে বিমান চালায়ে নিবেন, ব্যাংকার হলে টাকার হিসাব কষাবেন শুধু নিবেন না তার সন্তানকে!! সবার জেগে ওঠা দরকার। জানতে চাওয়া দরকার বাচ্চাটা থাকবে কোথায়! রাষ্ট্র  কেন তার নাগরিকের দ্বায়িত্ব এড়িয়ে যাচ্ছে!

মাতৃত্বকে অবজ্ঞা করবেন না তাহলে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যেখানে ভিনদেশী নারীরা সন্তান কাঁধে নিয়ে সংসদে। সেখানে আমাদের কর্মস্থলে সন্তান কাঁধে থাকলে নাকি শিক্ষাকার্যক্রম ব্যাহত হবে। রাষ্ট্রের উচিত অনতি বিলম্বে সব প্রতিষ্ঠানে নারীর সন্তানের জন্য উদ্যেগ গ্রহন করা। বুয়ার কাছে আলমারির চাবি রাখতে পারে না অথচ নিজের সন্তানকে রাখতে বাধ্য হচ্ছে কর্মজীবী সকল নারী।”

উপরের কথাগুলো কিন্তু একটা বিশাল আপত্তি। বাংলাদেশ ব্যাংকের ক্যান্টিনের উপরতলায় ”বেবিস ডে কেয়ার” বা কর্মজীবী মহিলাদের বাচ্চাদের দেখা শুনার জন্য ব্যবস্থা দেখেছি। দেখে হতাশ হয়েছি, এরকম বাজে পরিবেশে কেউ তার বাচ্চাকে রাখতে রাজি হবে কেন? আমার জানামতে এক চাকুরীজীবী দম্পতি তার বাসায় ১২ টা সিসিটিভি কেমেরা লাগিয়ে বুয়াদের কাছে বাচ্চা রেখে আসে, যাতে প্রয়োজনে সে বুয়াকে ডেকে বাচ্চাদের টেইক কেয়ারে সহযোগিতা করতে পারে। আমার খালা চলে গেলেন ক্যানাডায় আমার খালুকে একা বাসায় ফেলে রেখে কারণ তার ছোট মেয়ে দু দুটা বাচ্চা সামলে চাকুরী করতে পারছে না, মাকে দরকার বাচ্চাদের দেখাশুনার জন্য। মেয়েদের মাতৃত্বকালীন ছুটিও যথেষ্ট নয় বাচ্চাদের দেখা শুনা করার জন্য। এই সমস্যার সমাধান আমারও জানা নাই।

“বাপরে বাপ লেখাটি পড়ে মনে হল কি যে এক দুরন্তপনা বয়স, মন চাইলেই রাজার রাজা আবার না চাইলেই বয়সের কষ্টে যেন ইঁদুর ছানা” মন্তব্যটা করেছেন আমার সমবয়সী ১৯৮৯ এ এসএসসি বেচের এক মহিলা বান্ধবী, তার কাছ থেকেই নিচের কবিতাটা সংগৃহীত। উনি আমার একটা লেখা পড়ে তার কিশোরী মেয়ের অবাধ্যপনা  নিয়ন্ত্রণের বিষয়ে তার করনীয় সম্পর্কে অনেক পরামর্শ জেনে নিয়েছিল। তখন নিচের কবিতাটা পাই তার মন্তব্য সহ তার সংগ্রহে। তখন তুলে রেখেছিলাম এই লেখার অংশ করবো বলে।  


 🌷পঞ্চাশের যুবতী🌷

কি সাহস রে বাবা মহিলার।
বয়সটা যে পঞ্চাশ ছুঁয়েছে সে দিকে
কোনো ভ্রুক্ষেপ ই নেই।
কি একটিভ স‍্যোশাল মিডিয়ায় !!
ফেসবুক,ইনস্টাগ্রাম কিছুতে--ই বাদ নেই।
সারা দিনে তার লাইক, কমেন্ট,আর শেয়ারের ছড়াছড়ি।
আবার টিকটকেও কখনো নায়িকা-, --তো কখনো গায়িকা !
বাপরে বা---প পারেও বটে।
নিজেকে একেবারে টিন এজারে এনে নামিয়েছে।
এই তো সেদিন দেখলাম
হৈ হৈ করতে করতে
পার্টিতে মেয়ের সাথে ডান্স করছে।
উঁঃ লজ্জার মাথা খেয়েছে এক্কেবারে।
           *     *    *
হ‍্যাঁ হ‍্যাঁ বলুন। যত্ত খুশি বলুন।
এ সব শুনে শুনে গা সওয়া হয়ে গেছে, বুঝলেন।
কি হয়েছে পঞ্চাশ হয়েছে তো।
পঞ্চাশ হয়েছে বলে ঘরের কোণে
একটা সুতির ছাপা পরে বসে থাকব নাকি।
শুনুন,সারা জীবন শুধু
এটা করতে নেই, ওটা করতে নেই
এখানে যাওয়া হবে না, ওখানে যাওয়া হবে না
এই ই শুনে এসেছি।

যখন ষোলোই ছিলাম
ছেলে বন্ধু তো দূরের কথা
কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও
মা কে সঙ্গে নিয়ে যেতে হতো।
আর পিকনিক, ঘোরাফেরা, সিনেমা !
এ সব তো অলীক কল্পনা ছিল মশাই---
অলীক কল্পনা।

তারপর যখন কুড়ি হল---
বেশ রাঙা টুকটুকে বৌ সেজে শ্বশুরবাড়িতে এলাম।
বাপ রে বা---প !!!
সেখানেও আবার এমন নজরদারি,
কি বলি  !! ---
কোনটা খাইনা, কেন খাইনা?
হাতে কেন বড় বড় নখ রেখেছি?
সকলের সামনে নাইটি পড়তে আমার লজ্জা করে কিনা,---
মেয়ে মানুষ হয়ে এত হৈ হৈ কিসের,
ইত‍্যাদি ইত‍্যাদি।
আর বাইরে গেলে  !
শ্বশুর-শ্বাশুড়ি, জা -ননদ হাজারটা কৈফিয়ত।

তারপর পঁচিশে---,  যখন মা হলাম,
ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে
নাইটি ছেড়ে সুতির ছাপা পড়া ধরলাম।
কোমরে আঁচল গুঁজে এমন দশভুজা হয়ে গেলাম যে----
কোথায় সিনেমা,কোথায় বেড়ানো,
আর কোথায় যে আনন্দ সব ভুলে গেলাম।
না না এটার জন‍্য আক্ষেপ করছি না।
এটা তো আমার কর্তব্য।

দেখতে দেখতে আরো পঁচিশটা বছ--র কেটে গেল।
ছেলে আর মেয়ের পড়াশোনা, গানবাজনা
আর ওদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে।
ওদের সংসারও গড়ে দিয়েছি নিজের হাতে।
ওরা এখন যে যার মত ---
বন্ধু বান্ধব, হৈ হুল্লোড়,পার্টি, ভ্রমণ এসব নিয়ে ব‍্যস্ত।

তাই আমিও একটা প্রফাইল খুললাম
খুঁজে নিলাম নিজের একটা জগৎ।
জানেন? আমার ফেসবুক ফ্রেন্ডের সংখ‍্যা এখন দু-হাজার ছাড়িয়েছে!
আমা---র আবার ফেসবুকে ভেসে ওঠা
ঐ সব রেডিমেড  কমেন্টে মন ভরেনা।
তাই ভালো কোনো পোষ্ট পেলেই
ইয়া---ব্বড় একটা কমেন্ট লিখি।
কত খুশি হয় ওরা জানেন?
আর আমার কবিতা গুলো যখন
শেয়ারের পর শেয়ার হয়,
তখন মনটা আনন্দে উথলে ওঠে।
এই নিয়েই তো আমার একার দুপুর টা কাটিয়ে দিই রোজ।
মেয়ে, জামাই, ছেলে, বৌমা ওরা যখন দু-দিনের জন‍্য এসে আবার চলে যায়
তখন ঐ খারাপ মনটা ভোলাতে খুব বেশি সময় লাগে না আমার।
জানেন,আমি এখন নিজের পছন্দের মাছ কিনি বাজার থেকে।
আর যে খাবারটা খেতে ইচ্ছে সেটাই বানাই।
যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাই।
আর তো কটা মাত্র দিন পড়ে আছে তাই না।
নিজেকে কি করে ঠকাই বলুন তো?
মর্নিং ওয়াক করি, কিটো ডায়েট করি,
ঘন ঘন পার্লারে যাই।
শরীর চর্চা থেকে মনের চর্চা
স---ব সব করি এখন।
এই তো আমার যুবতি হওয়ার বয়স।
তাই যে যাই বলুক
চলুন, মনের বয়স বাড়তে না দিয়ে
এই পঞ্চাশেই আবার না হয় যুবতি হয়ে যাই।


✍ কলমেঃ গোপা গরাইন মন্ডল।

গোপা গরাইন মন্ডল আপনি যে ই হন না কেন, আপনার “পঞ্চাশের যুবতী” কবিতার কথাগুলোর সাথে শতভাগ একমত হওয়া ছাড়া কারো কোন গত্যন্তর নাই। আমাদের দেশের মেয়েদের জীবনের পুরটাই বর্ণনা করেছেন আপনি। বর্তমান সময়ে এটাই সর্বতোভাবে স্বাভাবিক কথন।

নারী দিবসে আমাদের গোপী নাথ দাস স্যার (সোনালী ব্যাংক পিএলসি’র এক্স জিএম) অবসরে নিচের কবিতা গুলো ফেইসবুকে পোস্ট করেছেন। প্রাসঙ্গিক বলে তুলে আনলাম।

। ১ ।
নারীবাদী ভাবেন এবং বলেন,
সমাজের প্রধান ভুমিকায়
পুরুষেরা নিজেদের ভাবে মুখ্য
তারা নারীদের ভাবে গৌণ
সম্পুর্ন প্রতিপক্ষ যেন
নারী ঠিক মানুষ নয়
ভিন্নকিছু।
পুরুষ নারীর সিংহী শক্তিরে
দুর্বল করে অলংকারের শৃঙ্খলে
মনি-কাঞ্চন প্রিয়তমা দেবী বলে।
নারী মুক্তি মুচ্কি হাসে আড়ালে।

৷ ২ ।
আইন কানুন সংবিধান
নারী ও পুরুষের অধিকার সমান।
তবে বাস্তবে তা
ভোগ করতে পারে না নারী, কেননা
সবকিছুতেই নারীকে
তাকিয়ে থাকতে হয় পুরুষের দিকে।

 । ৩ ।  
হাজার হাজার বছর ধরে
সভ্যতার ঊষালগ্ন থেকে
পুরুষের অন্যায় নিপীড়নে
ব্যবহৃত অসহায় নারী।
দুর্বল নারী রক্তে হীনমন্যতা
প্রতিশোধ আর ক্ষমতার স্পৃহা
সুযোগে জ্বলে ওঠা
নিরবে খেলা করে মনে।

। ৪ ।
শিকল ভেঙে ঘুমটা ফেলে
অবরোধের পাহাড় পেরিয়ে
নারী আজ
বেরিয়ে পড়েছে প্রগতির পথে।
অবদান রেখে চলেছে সভ্যতা বিনির্মানে
জয়তু জয়িতা কীর্তিময়ী নারী তাঁর
জয়ৈষণায় জয়টিকা
সাহসী বুদ্ধিদীপ্ত মন-মননে
বাজুক জয়শঙ্খ চরনে চরনে।

 । ৫ ।
ইরানী ফুলের সুগন্ধি
নার্গিস মোহাম্মদি
জান জিন্দেগী
চাহে
নারী জীবনের আজাদি।

উপরের গোপিনাথ স্যারের পাঁচটি কণিকা পদ্য পড়ে মনে হলো সবটাই বুঝেছি শুধু পঞ্চমটা বাদে। আমি এত এত লেখা লিখে যা বুঝাতে চাচ্ছি তা স্যার মাত্র পাঁচটা কণিকা কবিতায় বর্ণনা করে দিলেন, অবাক ব্যাপার। ৫২ বছরের এই জীবনে প্রায় সব ধরনের নারী সম্পর্কেই কিছু না কিছু ধারণা হয়েছে। দুই কন্যা সন্তানের জনকও হয়ে গেছি ইতিমধ্যে। আমার কাছে নারী পুরুষ আসলে মানবেরই দুটো ভিন্ন রূপ। সব শিশুই নাকি প্রথমে নারী তার পর নারী বা পুরুষে পরিবর্তিত হয় মাতৃগর্ভে। আগে বন্ধ্যা নারীর জন্য কেবল নারীকে দায়ী করা হতো এখন চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে জানা গেলে সন্তান না হওয়ার জন্য পুরুষকেও দায়ী করা যায়। ছেলে সন্তানের জন্ম দিতে পারে না বলে নারীকে দায়ী করা হতো আগে, আজ সবাই জানে ছেলে হবে না মেয়ে হবে সন্তান তা নির্ভর করে পুরুষটার বীজের উপর। নারীকে পুরুষে কিংবা পুরুষকে নারীতে রূপান্তর করা সম্ভব তার শরীরের হরমন পরিবর্তন করে যা আজকের পৃথিবীতে বাস্তবায়িত হচ্ছে। পুরুষ দেহে নারীর মন কিংবা নারীদেহে পুরুষ মনও মনস্তাত্ত্বিক ভাবে প্রমাণিত সত্য আজকের জমানায়। তাই নারীর পরাজিত অবস্থাটা এখন আর নাই। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর সেই নারী মুক্তি আন্দোলন আজকের সময়ে বাস্তব রূপ পেয়েছে। নারীরা সর্বক্ষেত্রে পুরুষের সমানে সমান প্রমাণ করে ছেড়েছে। নারী পুরুষের সেই ব্যবধানটা এখন আর নাই বললেই চলে। তবে প্রকৃতিগত ভাবে নারীত্ব (উর্বশী) আর পৌরুষ (হারকিউলিস) টিকে থাকবে যতদিন মানব সভ্যতা টিকে থাকে।  নারী নিয়ে অনেক কিছু লিখলাম এই দুটো লেখাতে, আমার আর কিছু বলার নাই। ভবিষ্যতের নারী পুরুষের সমান সমান সেটা সব পুরুষ মেনে নিক, পাশাপাশি নারী যেন তার নারীত্বকে ভুলে না বসে তার দিকে খেয়াল রাখুক এ দুটো কথাই এতকিছু লেখার সারমর্ম।

সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ২৮ফেব্রুয়ারী২০২৪> ১৪মার্চ২০২৪> ২৪মার্চ২০২৪>

প্রাসঙ্গীক লেখাঃ-

নহ মাতা, নহ কন্যা, নহ বধূ -উর্বশী প্রসঙ্গে
https://surzil.blogspot.com/2024/03/blog-post_21.html

প্লাস্টিক আর কনক্রিটের মানুষ আর তাহাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রসঙ্গে
https://surzil.blogspot.com/2023/12/blog-post_29.html

যথার্থতার মানদণ্ডই বিবেক
https://surzil.blogspot.com/2023/10/blog-post.html  

বাস্তবতার আন্তলীন গুণাবলী  Inherent attributes of reality
https://surzil.blogspot.com/2023/01/inherent-attributes-of-reality.html

মনের স্বতঃস্ফূর্ত বিকাশকে যা বন্ধ করে দেয় তাই অনিষ্টকর
https://surzil.blogspot.com/2023/07/blog-post_25.html  

 

 আমার কাছে অনেকের প্রশ্ন
https://surzil.blogspot.com/2024/02/blog-post_28.html 

Thursday, March 21, 2024

নহ মাতা, নহ কন্যা, নহ বধূ -উর্বশী প্রসঙ্গে

রবীন্দ্রনাথ নারীর বিমূর্ত রূপের নামকরণ করেছেন উর্বশী তার কবিতার মাধ্যমে। যারা চিত্রা কাব্যগ্রন্থের উর্বশী কবিতাটা পড়েননি তারা এই লেখার ভুল অর্থ করতে পারেন তাই তাদের উর্বশী কবিতা ও এ সংক্রান্ত আলোচনাটা পড়ে তার পর লেখাটা পড়ার আনুরোধ রইলো। নিচের লিংক দুটাতে কবিতাটি ও ইউটিউবে এর আলোচনা রয়েছে। 

ইউ টিউব এর আলোচনাঃ https://www.youtube.com/watch?v=dt9v97gnB3o
 
চিত্রা কাব্যগ্রন্থে উর্বশী কবিতাটি  https://banglasahitya.net/উর্বশী-urvashi-by-rabindranath-tagore

আমি নারী নিয়ে লিখছি না বরং বিমূর্ত নারী নিয়ে লিখেছি তাই কেউ দয়া করে ভুল বুঝবেন না। এই বিমূর্ত নারী যা সকল পুরুষ প্রাণের আরাধ্য তাকে আলাদা ভাবে চিহ্নিত করে তার স্বরূপ প্রকাশ করার মত উচ্চতর জ্ঞানের অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাতে কোন সন্দেহ নাই। এই নারী ও নারীর পোশাক হিসেবে সারিকে নিয়ে লিখা লিখে আবদুল্লা আবু সাঈদের মত বিদগ্ধ ব্যক্তিত্বও নানা মহলের তিরস্কার পেয়েছেন বলে শুনেছি। তিনি স্রেফ বলেছিলেন সারিতে নারীকে অধিক রমণীয় লাগে, ব্যাস হয়ে গেল কেন তিনি নারীকে রমণী বললেন? রমণ থেকে রমণী শব্দের উৎপত্তি তাই তার কথায় অশ্লীলতার ছোঁয়া লেগে গিয়েছিল মনে হয়। বিমূর্ত নারী কিংবা বিমূর্ত পুরুষ কিন্তু ব্যক্তি নারী কিংবা ব্যক্তি পুরুষ থেকে পৃথক, বিষয়টা আগে স্পষ্ট করে বুঝে নিয়ে পাঠককে লেখাটা পড়তে অনুরোধ করবো। আমি মা, বোনকে উদ্দেশ্য করে এ লেখায় কিছু লিখি নাই, নারীর যে বিমূর্ত রূপ যাকে রবীন্দ্রনাথ উর্বশী বলেছেন সে সম্পর্কে লিখেছি। পাঠককে তাই লিখার বিষয়বস্তু সম্পর্কে সতর্ক করছি যাতে সে ভুল না বুঝে।

নারী নামের গবেষণা ধর্মী বই লিখেছেন হুমায়ুন আজাদ। এই হুমায়ুন আজাদ হুমায়ূন আহমেদের সব লেখাকেই হালকা লেখা বলতেন। বাস্তবে দেখা গেল হুমায়ুন আহমেদের উপন্যাস নারীদের কাছে অধিক জনপ্রিয়তা পেয়েছে হুমায়ূন আজাদের গবেষণা গ্রন্থ নারীর চেয়ে। পাক সাফ জমিন সাদ বাদ বইটি হুমায়ূন আজাদের লেখা, আমি পড়েছি। বইটি নিয়ে তৎকালীন জামাত এর সংসদ সদস্য প্রতিবাদ জানিয়েছিলেন সংসদে। তার পরবর্তীতে বই মেলার কাছে এক অন্ধ গলিতে তাকে বেদম প্রহার করে ফেলে রেখে যায় সম্ভবত জামাত শিবিরের ছোকরারা। তার পর তার চিকিৎসা হয় জার্মানিতে ও সে ফিরে এসে দু একটা সভায় বক্তব্য দেয়ার পর মারা যান। আমি সেই সময় ঢাকা ইউনিভার্সিটির কমার্স ফ্যাকাল্টিতে অর্থনীতির ক্লাসে উৎপাদন খাতে ইনভারটেড ইউ এর মতবাদ শুনছিলাম। স্যার বললেন হুমায়ূন আজাদ এসেছেন নিচে, এই ক্লাসের চেয়ে বরং নিচে নেমে উনার দু একটা কথা শুনাও মহা মূল্যবান হবে। বলে উনি ক্লাস সংক্ষিপ্ত করে চলে গিয়েছিলেন। নারীকে নিয়ে কথা বলতে গেলে এত বিপত্তি হবে কেন? নারীরা তো তেমন কোন ভুত প্রেত নয় যে তাদের নিয়ে কথা বললেই সমাজে তুল কালাম কান্ড বেধে যাবে। বর্তমানের নারী একদল উন্মুক্ত আর এক দল বোরখা আর নেকাবের অন্তরালে সমাজের এক অদৃশ্য রূপ ধারণ করতে চাইছে। একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারবেন? টম এন্ড জেরি ছাড়া এমন কোন নাটক, মুভি, গল্প, উপন্যাস কি আছে যেখানে নারী চরিত্র নেই। কিংবা নারীকে বাদ দিয়ে এমনকি কোন যুদ্ধের ছবিও নির্মিত হয়েছে? বরং নারীর জন্যই যেন নির্মিত হয়েছে মুভিগুলো। যারা নারীবাদী তারা বলবে পুরুষরাই নির্মাণ করেছে সব ছায়াছবি আর তারা তাদের মত করে নির্মাণ করেছে নারী চরিত্র তাই সেটা নারীর আসল রূপ নয় বরং পুরুষ রচিত নারী রূপ।

এবার তবে আমার এক বাস্তব অভিজ্ঞতার কথা বলি, ১৯৯৯ সালে আমি তখন আমার ছোট মামার ডেক্সটপ পাবলিশিং হাউজ কালার রুটসে কর্মরত। তো একদিন মামা ডেকে বললো একজন ক্লায়েন্ট এসেছে যে ইমেইল করবে। তখন সবার বাসায় কম্পিউটার ছিল না আর ইমেইল করা মানে তো বিশাল ব্যাপার। তখন পাড়ায় পাড়ায় সাইবার ক্যাফের যুগ চলছে। ইন্টারনেট কি জিনিস মানুষ শিখছে। ফেইসবুক, টুইটার, হোয়াটসএপ, ভাইবার এগুলোর জন্মই হয়নি তখন। তো আমি সেই ক্লায়েন্টকে ইমেইলের ইউডোরা ওপেন করে দিলাম। সে তাতে কাজ করলো। বালক সদৃশ সার্ট পেন্ট পড়া দেখতে মেয়ে মেয়ে ভাব আছে চেহারায়, সেটাই ছিল আমার প্রথম দেখার বিশ্বাস। এই ক্লায়েন্ট পরেও বেশ কয়েক বার আসে আর আমি দ্বিতীয় ও তৃতীয় বারে নিশ্চিত হই যে, সে আসলে মেয়েলী চেহারার ছেলে নয় বরং সে একজন নারী। তার বাবা তাকে শার্ট পেন্ট পড়ায়েই মানুষ করেছে। তার মনেও নারী পুরুষ ভেদাভেদ নেই। বিষয়টি আমার তরুণ মনে দারুণ ধাক্কা দিয়েছিল। নারী সম্পর্কে আমার ধারণায় একটা উৎপটাং ধাক্কা খেয়েছিলাম। 

 

বাঙ্গালী নারীর মন ও চারিত্রিক রূপরেখা রবীন্দ্রনাথ অংকন করেছেন তার কব্য রচনায় কোন আজগুবি কল্পনা থেকে নয় বরং যা ছিল তখনকার সমাজে ভালো তাকেই তিনি উঠায়ে এনে সবার মাঝে ছাড়ায়ে দিয়েছেন। নব্য আধুনিক বাংগালীআনার জন্ম শুনিল গঙ্গোপাধ্যায়ের “সেই সময়” উপন্যাস পড়লেই পরিষ্কার ছায়া ছবির মত দেখতে পাওয়া যায়। সেই সময় বইটা নিয়ে সিনেমা হওয়া উচিত। এত সুন্দর করে তিনি বাঙ্গালীদের জাগরণ ও নব্য আধুনিক বাঙ্গালীর উদ্ভব তুলে ধরেছেন যা অন্য কোন লেখক করেছেন বলে আমার জানা নাই। হুমায়ুন আজাদের নারী বইটা পড়লাম তা কেনার বহু বছর পর, প্রথম যখন কিনি তখন কয়েক পাতা পড়ার পর আগ্রহ হারেয়ে ফেলি।  এত বছর পর পড়া হচ্ছে তা’ও ধীরে ধীরে।  যত পড়ছি তত কয়েকটা শব্দ বার বার আসছে, নরীর পরাজয় আর পুরষতন্ত্র দ্বারা নারীকে অবদমিত করা। যখন কন্ট্রাসেভটিভ আবিষ্কার হলো তখন একটা নরী মুক্তি ঘটেছে বলে আমার বিশ্বাস আর এদেশে নারী প্রধানমন্ত্রী, নারী সংসদের স্পীকার, কর্মক্ষেত্রে নারীদের অগ্রাধিকার, নারী উদ্যোক্তাদের বিশেষ ব্যবস্থায় ঋণ দান এ সব দেখার পর হুমায়ুন আজাদের নারীর পরাজয় আর পুরুষ কর্তৃক নারীর প্রতি বা নারীত্বের প্রতি অত্যাচার এর কথা ঠিক মানা যায় না। তবে ঐতিহাসিক ভাবে নারীর পরাজয়টা হয়েছিল যখন থেকে পুরুষ বুঝতে পেরেছিল যে নারীর পেটে যে বাচ্চাটা আসে সেটার আসল বীজ থাকে তার অণ্ডকোষে। হিন্দু ধর্মে শিবের লিঙ্গ পূজা কেন করে তা আমার বোধগম্য নয়। কলশি কলশি দুধ কেন শিবলিঙ্গে ঢালতে হবে তার কাণ্ডকারখানাও আমার কাছে আজগুবি লাগে। তাদের কাছে শিব সত্য, শিব সুন্দর আর যা সুন্দর তাই সত্য, তাই তারা বলে সত্যম-শিবম-সুন্দরম। হুমায়ূন আজাদের নারী গ্রন্থটি একটা গবেষণা ধর্মী বই আর তার ধরণ ধারণও ভিন্ন। লিটারেচারের বদলে তাতে থিসিস রূপটা বেশি। ওই বই থেকে নারীর প্রকৃত চিত্রটি ফুটে উঠে বলে মনে হয় না বরং নারী (রমণী) শব্দটা যে পুরুষ রচিত ও পুরুষ কর্তৃক নির্মিত তা বুঝা যায়। ইসলাম ধর্মে নারীকে পাজরের হাড়ের সাথে তুলনা করেছে, যাকে বেশি বাঁকালে ভেঙ্গে যাবে আর ছেড়ে দিলে পুরাই সোজা হয়ে যাবে। যে হাদিসে এটা বলা হয়েছে সেটাও আমি পড়েছি তাই নারী গ্রন্থে এর উল্লেখ যথার্থ হয়েছে। হুমায়ুন আজাদ সব ধর্মে নারীকে কিভাবে নিম্নস্তরে নামানো হয়েছে তার তথ্য উপাত্ত দলিল আকারে উপস্থাপন করেছেন তার বইয়ে। তিনি বলেছেন ইসলাম ধর্মে নারীকে পূর্নাঙ্গ মানুষই মনে করা হয় না বরং তাকে আদমের পাজরের হারের থেকে বানান একটি অপূর্ণাঙ্গ মানবী বলে মনে করে থাকে। তার এ কথার যুক্তি কিন্তু মুসলিমরা খন্ডাতে পারবে না। ওরা পারবে জোর খাটায়ে, যেমন সালমান রুশদির মাথার দাম ধরেছিল কয়েক লক্ষ দিনার, সেরকম প্রতিবাদ তারা করতে পারবে কিন্তু যুক্তি খন্ডান অত সহজ না। কারণ এর লিখিত দলিল আছে সবার কাছেই। পুরুষের পৌরুষ আর নারীর নারীত্বকে নানা লেখক নানা ভাবে ব্যাখ্যা করেছেন। নারীর ক্ষমতাকে কেউ বলেছেন ছদ্ম ক্ষমতা বা পর্দার পিছনের ক্ষমতা। দাউদ আঃ কে নিয়ে একটা মুভি দেখেছিলাম অনেক আগে সেখানে দেখানো হয় সম্রাট সুলেমান বা কিং সলোমন কে মসনদে বসায়ে পেছন থেকে তার মা রাষ্ট্র পরিচালনা করছেন। কিংবদন্তী ক্লিওপেট্রার কথা কে না জানে, জুলিয়াস সিজার আর রোমান সম্রাজ্য সম্পর্কে ইতিহাসের ছাত্ররা তো জানবে অবশ্যই। এই ক্লিওপেট্রাকে কারপেটে মুড়ে এক নফর লুকায়ে নিয়ে গিয়েছিল জুলিয়াস সিজারের ঘরে। তার পরের ঘটনা গুলোই বলে দেয় ক্লিওপেট্রার আর জুলিয়াস সিজারের কাহিনীগুলো। এমনও অনেক ভাস্কর ছিল যারা জীবনে ক্লিওপেট্রাকে দেখেনি কিন্তু তার মূর্তি নির্মাণ করেছেন। ট্রয় এর যুদ্ধের হেলেন এর কথা কে না জানে। বলা হয় হেলেন ছিলেন একটা উপলক্ষ মাত্র কিন্তু যুদ্ধটা ছিল বহু দিনের রেষা রেষির ফল। সেমেটিক ধর্মত্রয় যথা ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম (মিল্লাতে ইব্রাহিম) এর আদি ঘটনাগুলো দেখলেও দেখা যাবে দুই নারীর বিষয়। ইব্রাহিম আঃ এর বিবি হাজেরার গর্ভে ইসমাইল আঃ আর সারাহ্’র গর্ভে ইসহাক আঃ এই দুই ধারার বিষয় স্পষ্ট। সারাহ্ আঃ এর প্রতি বিধাতার এতই কৃপা ছিল যে তার গর্ভে আসা ইসহাক আঃ ও তার অনুসারীদের মানে ইহুদিদের মাঝে বহু পয়গম্বর আসলো ও তারা তাদের অবহেলা করলো এমনকি হত্যা পর্যন্ত করলো। অথচ বিবি হাজেরার গর্ভে আসা ইসমাইল আঃ এর বংশে শেষে ইসলামের মহানবীর আগমন হলো। বিধাতার এই একচোখা নিতি কেন হলো তা কিন্তু কোন মুসল্লি প্রশ্ন তোলেন না, তুললে তো হুজুরদের কোপানলে পড়তে হবে। অপরদিকে ইহুদি রাবাইরা ইসমাইল আঃ কে অবাধ্য ও দুষ্ট চরিত্রের সন্তান বলে প্রচার করে থাকে। এখানেও ওই নারীর ছদ্ম ক্ষমতা আর তা ঈশ্বর পর্যন্ত সুতা টানা। খ্রিষ্টানদের ইস্টার সানডে নিয়ে একটা মুভি দেখেছিলাম সেখানেও সেই নারীর ছদ্মক্ষমতায়ন দেখান হয়। ধর্মের যুগ শেষ হয়ে গেছে বহু আগেই সেই ফরাসী বিপ্লবের সময়কালে তাই ধর্মগ্রন্থের নারীদের টেনে আনতে চাইনা। ইসলাম নারী নেতৃত্বকে স্বীকারই করে না আর চীন দেশে নারী নেতৃত্ব হাস্যকর রকম একটি ধারণা। জগদ্বিখ্যাত সাহিত্যিকরাই নারীর সঠিক রূপটা ব্যাখ্যা করতে পারবেন বলে আমার বিশ্বাস।

আমি সেক্সপিয়ারের হেমলেট আর ওথেল ছাড়া বেশি কিছু পড়ি নাই তাই সেক্সপিয়ার কি ভাবে নারীকে চিত্রায়ন করেছেন তা জানি না তবে রবীন্দ্রনাথের নারী প্রকৃত অর্থেই বাঙ্গালী নারী। নজরুলও কম যায় না। নিচে নজরুলের কুহেলিকা থেকে তুলে নেয়া কিছু কথা উল্লেখ করছি।

”নারী শুধুই  ইঙ্গিত, সে প্রকাশ নয়, নারীকে দেখি আমরা বেলা ভূমে দাড়িয়ে! মহা সিন্ধু দেখার মত!  তীরে দাড়িয়ে সমুদ্রের যতটুকু দেখা যায়, আমরা নারীকে দেখি ঠিক ততটুকুই! সমুদ্রের জলে, আমরা যতটুকু নামতে পারি নারীর মাঝে ডুবি ততটুকুই! সে সর্বদা রহস্যের পর রহস্য জাল দিয়ে নিজেকে গোপন করে রাখে! এই তার স্বভাব! কি রহস্য ওদের চোখে -মুখে,  ওরা চাঁদের মত মায়াবী, তারার মত সুদূর!  ছাঁয়া পথের মত রহস্য! শুধু আবছাঁয়া শুধু গোপন! ওদের হয়ত শুধু দেখা যায়, ধরা যায় না! রাখা যায়, কিন্তু ছোঁয়া যায়না! ওরা যেন চাঁদের শোভা দু,দন্ডের তরে! তার পর মিলিয়ে যায়! ওরা যেন জলের ঢেউ, ফুলের গন্ধ, পাতার শ্যামলিমা, ওদের অনুভব কর, দেখ, সাবধান কিন্তু ধরতে যেয়ো না! যেমন- ঢেউ ধরতে গেলেই জলে ডুববে, ফুলের গন্ধ শুঁকতে গেলেই কাঁটা বিঁধবে! তাই নারী সারা জীবনেই অধরা।” কুহেলিকা --✍️কাজী নজরুল  ইসলাম

রবীন্দ্রনাথ নাম দিলেন উর্বশী আর নজরুল বললেন কুহেলিকা, মোট কথা তারা নারীকে নির্দিষ্ট করে ব্যাখ্যা করবেন না যেন পণ করে বসে আছেন। মানুষ যেমন তার নিজের মনকে সব সময় তন্ময় তমসাচ্ছন্ন করে ব্যাখ্যা করতে পছন্দ করে তেমনি নারীকেও তারা নির্দিষ্ট করে রূপ দান করতে চান না। নারীরাই কি তবে নারীদের নির্দিষ্ট রূপটা নিরূপণ করবেন? নারীকে নারীর রূপ নিরূপণ করতে দিলে তা নারীর রূপ হবে না হবে মানুষীর রূপ আর একমাত্র পুরুষই পারে নারীর রূপকে নিরূপণ করতে। হ্যাঁ পুরুষের চোখেই নারীরা সুন্দর নারীর চোখে নয়। নারীর চোখে নারী আরেকটি সাধারণ মানসী, মানুষের আরেকটি রূপ মাত্র কিন্তু পুরুষের চোখেই সে উর্বশী কিংবা কুহেলিকা কিংবা আলেয়া যা ধরা যায় না কিন্তু অনুভব করা যায়।


উপরের ছবিটি শাশ্বত বাঙ্গালী নারীর চিরন্তন বৈশিষ্ট্যের চমৎকার উদাহরণ। বাঙ্গালী নারীদের আমারা এমনই প্রাণবন্ত ও উৎফুল্ল দেখে অভ্যস্ত, কিন্তু ইদানীং একদল সালোয়ার কামিজ (পাকিস্তানি স্টাইল থ্রি পিস) আর আরেক দল হিজাবের দৌরাত্বে বাঙ্গালী নারী তার হাজার বছরের ঐতিহ্য হারায়ে ফেলছে। হিজাবীদের মধ্যেও আবার কেউ কেউ চেহারাটা অন্তত দেখায় বাকিরা তাও দেখাবে না ধর্মীয় বিধি নিষেধের কারণে। আমার এমন এক সহকর্মী নারী আছেন তার চেহারা আমি আজ পর্যন্ত দেখি নাই, শুধু কণ্ঠ শুনে কি মানুষকে আলাদাভাবে সনাক্ত করা যায়? এর মধ্যে আবার কিছু কিছু বাঙ্গালী নারীরা তাদের ভোল একেবারে পাল্টে ফেলছে। তারা ওয়েস্টার্ন টি সার্ট আর পেন্ট পড়ে পশ্চিমা রূপ ধারণ করতে চাইছে। তিনটা নরী রূপ পাশাপাশি দেখলে কেমন উদ্ভট লাগে দেখুন।
 

 
উপরের কোনটাই বাঙ্গালী নারীর প্রকৃত রূপ বলে মনে হয় না আমার কাছে। এগুলো যেন বাঙ্গালী নারীত্বের কিম্ভুত কিমাকার বিকৃতি। নারীকে তার রূপ নিরূপণ করতে দিলে তারা যে এরকম উদ্ভট কান্ড কারখানা করবে তা বলাই বাহুল্য। বাঙ্গালী নারীদের উর্বশী এসপেক্টটা বুঝতে হবে। উর্বশী ফ্যাক্টরটা সব নারীতে বিদ্যমান আছে তারা যদি তাকে অস্বীকার করে তবে সেই নারী হবে হয় ধার্মীক নারী, না হয় ওয়েস্টার্ন নারী না হয় পাকিস্তানী নারী। বাঙ্গালী নারীর চিরন্তন বৈশিষ্ট্য সে হারায়ে ফেলবে। ফেলবে বলাটা ভুল হবে, তারা তা হারায়ে ফেলেছে এবং সে সম্পর্কে তারা অসচেতন। উর্বশী কবিতার শেষ স্তবকে কবির হতাশা আজ বাস্তবে পরিণত হয়েছে। কবিতাটা থেকেই  উল্লেখ করছি।
 
”ফিরিবে না, ফিরিবে না - অস্ত গেছে সে গৌরবশশী
অস্তাচলবাসিনী উর্বশী
তাই আজি ধরাতলে বসন্তের আনন্দ-উচ্ছাসে
কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে” 
 
সত্যিকারের নারীর রূপটা কিন্তু আরো কঠিন, তার একটা ছবি নিচে দেখাচ্ছি। শহুরে নারীরা অফিসের কাজের পর বাসায় গিয়ে রান্না বান্না করে ও বাচ্চাদের দেখাশুনা করে তাই বলে গ্রাম্য নারীরা যে খুব স্বাচ্ছন্দ্যে আছে তাও নয়। নিচের ছবিটাই বলে দেয় বাচ্চা সামলানোর পাশাপাশি তাদের রান্নাবান্নাও করতে হয় আর স্বামীকে খুশি করার অমোঘ দায়িত্ব তারা জন্মগত ভাবেই পেয়ে বসে আছে। গ্রাম্য নারীরা স্বামীর অযথা মানুষিক ও শারীরিক নির্যাতনেও টু শব্দ করার সাহস করে না বলে শুনেছি। 

 
উপরের এই ছবিটা নারী দিবসের আইকন হতে পারে। নারীর পুর রূপটা ব্যাখ্যা করেছে এই মহিলা। এ উর্বশী না, কুহেলিকাও না। এ ধার্মীক নারীও না ওয়েস্টার্ন নারীও না। এ হচ্ছে প্রকৃত নারী যার কোলে বাচ্চা, মাথায় রান্নার লাকড়ি। এ বাঙ্গালী নারীও না, এ হচ্ছে প্রকৃত নারীর সত্যিকারের রূপ। বাঙ্গালী নারী রবীন্দ্রনাথের লাবন্য, কেতকী কিংবা জীবনানন্দ দাশের নাটোরের বনলতা সেন। নারীবাদীদের তাই বলতে চাই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে, হয় আপনারা নারীকে শতধা বিভক্ত করে কিম্ভুত কিমাকার করে ছাড়বেন না হয় পুরুষের চোখে নারীর সৌন্দর্য রূপায়নকে মেনে নিবেন। পুরুষই নারীর সৌন্দর্যের একমাত্র আয়না, নারী তার রূপ বিচারে অপারগ, পুরুষের চোখেই নারী চিরন্তন সুন্দর।

বাঙ্গালী নারীর প্রকৃত রূপটি তবে কিরকম হওয়া উচিত সে বিষয়ে না বললে লেখাটা সম্পূর্ণ হবে না। আমার মতে প্রকৃত নারী সে বালিকা হোক বা সাবালিকা হোক তাকে যদি বাঙ্গালী হতে হয় তবে তার রূপটা নিচের ছবি দুটার যে কোন একটার মত হতে হবে। 



আমরা পারসিয়ানও না আমরা আরব বেদুইন কিংবা পশ্চিমাও না, আমরা বাঙ্গালী। পশ্চিমারা এশিয়ান বলতে চায়নিজদের বুঝায় আর সাব কন্টিনেন্টকে বুঝাতে হলে বলে ইন্ডিয়ান। আমাদের বাঙ্গালীয়ানা সম্পর্কে পশ্চিমারা জানে না কারণ আমাদের নারীরা তাদের ঐতিহ্য রক্ষা করতে পারে নাই। আমার মা ও খালাকে চিরকাল সরি পড়তে দেখেছি কিন্তু এখনকার মহিলারা সারি পরে বিশেষ অনুষ্ঠানে যেন সারি একটা পার্টি ড্রেস। বিয়ের অনুষ্ঠান, পহেলা ফাল্গুন, নববর্ষে পড়ার জন্য সারি আর বাকি সময় ম্যাক্সি না হয় সালোয়ার কামিজ। এটা কোন কথা হলো? বাংলা ভাষার ও বাঙ্গালীয়ানার উত্থান আর তার পতন এত দ্রুত হয়ে যাবে? বিদেশী সংস্কৃতির এতই প্রভাব যে তা আমাদের ঐতিহ্যবাহী ধারাকে অতিক্রম করে যাবে? আমার মনে হয় বাঙ্গালী মেয়েদের মনে করিয়ে দেওয়া লাগবে যে তারা পাকিস্তানী নয়, আরবের বেদুইনও নয় তারা বাঙ্গালী। বাংলা কালচার ধরে রাখার মত বিদগ্ধ জন কমে যাওয়াতেই কি এই বিপর্যয় তা গবেষণার বিষয়। কিন্তু বাঙ্গালী নারীদের এই ভিন্ন কালচারে মাইগ্রেট করাটা একটা প্রশ্নবোধক বিষয়।

আর পুরুষের চোখে নারীর কল্পনা সর্বদাই আবেদনময়ী তাকে সে ধরতে চায়না কেবল বরং তাকে সে ভোগ করতেও চায়। তাই তার চোখে নারীর কল্পনা নিচের ছবিটার মত। তাকে সে দেবী রূপে কল্পনা করে তার পর তাকে ভোগ করতে চায়। পুরুষের চোখে তাই নারী নিম্নরূপ কল্পনার। এখানে বিচার্য বিষয় নারী কি তাকে ভোগ করতে দিতে চায় কিংবা সেও কি পুরুষকে ভোগ করতে চায়। প্রকৃত পক্ষে উভয় উভয়কেই ভোগ করে ও করতে চায়। নারী প্রকৃতিগত ভাবেই পুরুষের কাছে ধরা দিতে চায় না। এটা উট পাখির একটা ঝাঁককে দুর থেকে কিছুক্ষণ দেখলেই টের পাবেন। ছেলে উটপাখি যখন কোন মেয়ে উট পাখির দিকে আগায় তখন মেয়েটা দেয় দৌর, এই দৌর প্রতিযোগিতায় সে পরাজিত হয় পুরুষটার কাছে, কেন হয় তা কে জানে, হয়তো ইচ্ছা করেই পরাজিত হয়। তার পর যা হয় তা নেট জিও (ন্যাশনাল জিওগ্রাফি) চ্যানেলের ওয়াইল্ড সেক্স ডকুমেন্টারিতে দেখে নিয়েন। প্রকৃতির মধ্যেই খোদিত আছে যে নারী পুরুষের কাছে সহজে ধরা দিবে না, ভাবটা তাদের ওই রকমই দেখাবে, পুরুষের কাছে সে ধরা ঠিকই দেয় তবে পুরুষটাকে নাকে দরি দিয়ে ঘোলা জল খাইয়ে তার পর তার কাছে ধরা দেয়। 

 
”সুরসভাতলে যবে নৃত্য কর পুলকে উল্লাসি
হে বিলোলহিল্লোল উর্বশী”
 
এ কথা চিরন্তন সত্য যে, এ বিশ্বে যা কিছু সুন্দর ও ভালো অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক করেছে নর। এই দুই ভাগের মিলে একভাগ হওয়াটা প্রাকৃতিক সত্য। এই দুয়ে মিলেই তো নতুন এর জন্ম হয় তা হলে বিষয়টাকে এতটা দুর্বোধ্য করে রাখতে হবে কেন? নারী পুরুষ একে অপরের পরিচ্ছদ স্বরূপ ইসলামের ধর্মগ্রন্থেই তো বলা আছে কথাটা। তা হলে এই বিষয়টাকে নিয়ে এত বিদগ্ধ জনের এত বিশাল বিশাল গ্রন্থ রচনার কি এমন আছে? হ্যাঁ আছে বৈকি, বুঝার আছে। নারীদের বুঝতে হবে তারা নরের কাছে ঋণী আর নরকে বুঝতে হবে তারা নারীর কাছে ঋণী, উভয়েরই সমান অধিকার আছে পৃথিবীর সম্পদে। এটুকু বুঝতে ধর্মগ্রন্থ বা আসমানি কিতাবের ঐশী বাণী লাগে না, মানব সভ্যতার সাধারণ জ্ঞানই যথেষ্ট মনে হয় আমার কাছে। সভ্যতাই আমাদের শিখিয়েছে নারী পুরুষের সম্পর্ক কি রকম হওয়া উচিত। হয়তো সভ্যতার কোন পর্যায়ে নারী পুরুষের কাছে নতি স্বীকার করে পরাজয় বরন করে থাকতে পারে কিন্তু আজকের বাস্তবতায় তারা সমান সম্মান ও সম্পদের অধিকারী। আজকের শহুরে কালচারে মা খালাদের পরিবারে সন্তানেরা যতটা আপন তার চাচাদের পরিবারে ততটা নয় প্রমাণ করে সেই আদি মাতৃ তান্ত্রিক পরিবারের ছায়া যেন ফিরে আসছে আবার। মানব সভ্যতাই নারী পুরুষের সম্পর্ক নির্ধারণ করে দেয় আর সময় ভেদে তা উত্তর উত্তর উন্নতই হবে। নারী পুরুষের সম অধিকারেই আজকের পৃথিবীর বিচারে সর্বত ভাবে যুক্তি যুক্ত এবং অধিকাংশেরও তাই মত বলে আমার ধারণা। বাঙ্গালী নারী তার প্রকৃত রূপে ফেরত আসুক এই প্রত্যাশা রইলো। নারীকে নিয়ে এত অল্পে লেখা শেষ করা সহজ নয়, তাই আরেকটি লেখায় আরো কিছু কথা যোগ করছি।
 
সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ২আগষ্ট২০২৩> ৩০আগস্ট২০২৩> ২৩জানুয়ারী২০২৪> ১০ফেব্রুয়ারী২০২৪> ২৮ফেব্রুয়ারী২০২৪> ১৮মার্চ২০২৪> ২১মার্চ২০২৪>