Wednesday, November 23, 2022

সো-হোয়াট? না কি? এভ্রিথিং মেটার্স?

 

অনেক আগে, সেই বিটিভি আমলে, ১৯৮০’র দশকে যখন বিটিভিই কেবলমাত্র টেলিভিশন চ্যানেল। তখন মুভি অব দ্য উইকের একটা গল্প আমার মনে আজো দাগ কেটে আছে। গল্পটা বেশ মজার, আমেরিকার কোন এক অংঙ্গ রাজ্যের কোন এক শহরে এক দল টেররিস্ট একটা ডিপার্টমেন্টাল ষ্টোর দখল করে তার ভিতরকার সব লোককে জিম্মি করে ফেলে, তাদের কিছু দাবি আদায়ের জন্য। ওই জিম্মি লোকগুলোর মধ্যে একটা চরিত্র ছিল, যার নাম এখন আর আমার মনে নাই। কিন্তু সে’ই ছিল ছবির মূল নায়ক। সে টেররিস্টদের সাথে কথাবার্তা বা বাক্যালাপ শুরু করে যার মূল বক্তব্য ছিল “সো-হোয়াট?” বা “তাতে এমনকি যায় আসে?”। সে প্রায় সকল বিষয়কেই নানা ভাবে ব্যাখ্যা করে সব কিছুর মানে অবশেষে তাতে কি বা যায় আসে বা সো-হোয়াট নামক তাৎপর্য হীনতায় নামায়ে আনতে সক্ষম হয়। বলা বাহুল্য দখলকৃত ওই ডিপার্টমেন্টাল স্টোর এর অভ্যন্তরের কার্যকলাপ ও কথাবার্তা ওই অঞ্চলের টিভিতে সম্প্রচারিত হচ্ছিল। সেই ব্যক্তির “সো-হোয়াট”ফিলসফি ওই অংঙ্গ রাজ্যের সবার মধ্যে দারুণ ভাবে সংক্রমিত হয়। সবাই সকল কাজে এই দর্শনে জীবনের সকল বিষয়ের অর্থ হীনতা বা “সো-হোয়াট?” দেখতে পায়। সকল কাজে কর্মে এই “সো-হোয়াট?” মতাদর্শ যেন মহামারির আকারে সবার মধ্যে ছড়ায়ে যায়। পরিস্থিতি এমন দাড়ায় যে, টেররিস্টরাও এক সময় এই মতাদর্শে গ্রহণ করে জিম্মিদের ছেড়ে দেয়। নায়কের এই নায়কচিত মতাদর্শর জন্য সে ওই অংঙ্গ রাজ্যে দারুণ ভাবে অভিনন্দিত ও জনপ্রিয় হয়ে উঠে। ওই অঙ্গ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে তার মতাদর্শ নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। ওই সেমিনার শেষে তার ভক্তরা যখন তাকে নানা প্রশ্ন করে এই ”সো-হোয়াট?“ ফিলসফির নানা বিষয় জানতে চাচ্ছিল ঠিক তখন পেছনের সারি থেকে এক মেয়ে পিস্তল হাতে উঠে দাড়িয়ে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে তাকে গুলি করে আর উচ্চ স্বরে বলে উঠে ”এভরিথিং মেটার্স”বা সব কিছুরই গুরুত্ব আছে। মুভিটির ওটাই শেষ দৃশ্য যা দর্শকদের একটা ধাক্কা দেয় বা উপলব্ধি দেয়। ছবিটির মোড়াল হলো, হয় আপনার কাছে সকল কিছুই সো-হোয়াট? অর্থহীন কিংবা সকল কিছুই গুরুত্ব বহ বা ”এভরিথিং মেটার্স”। ছবিটি দেখে আমার মনে হয়েছে সকল মানুষ এই দুই মেরু বিন্দুর মাঝখানে দোদুল্যমান অবস্থায় তাদের মূল্যবোধ নির্ধারণ করে থাকে। 

আমার একটা অনুধাবন এমন যে, কোন কিছুরই নিজস্ব কোন মূল্য নাই যতক্ষণ না আপনি তার উপর একটি মূল্য আরোপ করেন। এই মূল্য আরোপ করে মানুষ তার সমাজবদ্ধ জীবনাচরণের মাধ্যমে। মানুষের মূল্য নির্ভর করে সময়কে সে যেভাবে মূল্যায়ন করে তার উপর। আর সময়কে বিশ্লেষণ করতে হলে চাই বাস্তববাদ, ক্ষনিকবাদ আর নিয়তিবাদের জিলাপি মার্কা ধারণা গুলর সরলীকরণ। কোন কাজটাকে কতটা গুরুত্ব দিব, কখন করব, কিভাবে করব এবং কেন করব এ সবের সাথে এই বিচার বোধ, মূল্য আরোপ বোধ সব সময় সম্পর্কযুক্ত বলে মনে হয়। কাজের এই মূল্য নির্ধারণের উপর মানুষের সাফল্য বহুলাংশে কিংবা বালা যায় সর্বাংশেই নির্ভর করে বলে মনে হয়। কিন্তু এর বিচার বড়ই জটিল একটা বিষয়। যে আগে খরচ করে পরে উপার্যনের চিন্তা করে সে বোকা হওয়ার কথা কিন্তু ব্যবসায়ীক শিক্ষায় তাকে উদ্যোক্তা নামেও প্রশংসা করা হয়। যে তার উপার্যনের পরিমাপে খরচ করে তাকে ছোট মাপের মানুষ ও ঝুঁকি নিতে অক্ষম ধরা হয়। পক্ষান্তরে যে ঝুঁকি নিয়ে খরচ করে বড় মাপের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে বড় মাপের মানুষ ভাবা হয়।  স্বপ্ন সেটা নয় যা ঘুমের মধ্যে দেখা যায়, স্বপ্ন সেটাই যেটা ঘুমাতে দেয় না। এটা সত্য যে মানুষ তার স্বপ্নের সমান বড়। যার স্বপ্ন যত বড় সে তত বড়। কার্যাবলী কিংবা বিষয়বস্তুর মূল্যায়ন ও বিচার মনে হয় জীবনের সবচেয়ে কঠিন হিসাব। এই বিষয় বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন মান ধারণ করে যা কিনা আবার দৃষ্টিকোণের বিচ্যুতিতে আনুপাতিক হারে তার মান পরিবর্তন করে। পৃথিবীতে মূল্য বোধ পরিমাপক কোন বীজগাণিতিক সূত্র নাই যে বলা যাবে (এ+বি)(এ+বি)=এএ+এবি+বিএ+বিবি কিংবা কোন জ্যামিতিক উপপাদ্য নাই যে বলা যাবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বহু দুটি বর্গর যোগফল তার তৃতীয় বাহুর বর্গের সমান। এই গাণিতিক উপপাদ্য সম্পাদ্য সূত্র গুল প্রকৃতি থেকেই পাওয়া, যা বাস্তবতা বুঝতে আমাদের সহায়তা করে। জীবনাচরণের বিষয়াবলীর মূল্য নির্ধারণে এ রূপ সূত্র নাই কারন মাপন প্রক্রিয়ায় কোন সর্বসম্মত মানদণ্ড নির্বাচন করা হয় নাই।

মানুষের কার্যাবলী মূল্যায়নের পিছনের কারন গুলো নিয়ে বেশ কিছু মোটিভেশনাল তত্ত্ব আছে কিন্তু তার পরও মানুষ কখনো সখনো তার কর্ম স্পৃহা হারায়ে ফেলে কেন তা বিস্ময়কর ব্যাপার বটে। যত দিন যাচ্ছে তত নতুন নতুন তত্ত্ব প্রস্তাবিত ও প্রমাণিত হচ্ছে। কর্জে আগ্রহ বা উৎসাহ পাওয়ার বা না পাওয়ার বিষয়টি নিয়েও প্রচুর গবেষণা হয়ে চলেছে। এ প্রসঙ্গে রাশিয়ার সেই বিখ্যাত গল্পর তিনটি প্রশ্ন মনে পড়ে গেল যেখানে জিজ্ঞাসা করা হয় ১) ওই মূহুর্তে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কে? ২) সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? ৩) আর কোন সময়টি সব থেকে গুরুত্বপূর্ণ? শুনেছি এই গল্পটি এক সময় স্কুলের পাঠ্য বইয়ে পড়ান হতো, তা’ও আবার সেটা আমার শৈশবের আগের কথা। প্রশ্ন তিনটির উত্তর শুনলেই বুঝা যাবে প্রশ্নগুলো কোন দৃষ্টিভঙ্গিতে মানুষের মনোযোগ আকর্ষণ করছে। প্রশ্ন গুলোর উত্তর হচ্ছে সেই মূহুর্তে আমার পাসের লোকটি সব থেকে গুরুত্বপূর্ণ, সেই কাজটিই সব থেকে গুরুত্বপূর্ণ ওই মূহুর্তে আমি যা করছি আর ওই মুহুর্তটিই সব থেকে গুরুত্বপূর্ণ সময় তার জন্য। যার মানে হলো গল্পটি মানুষের সকল চিন্তাকে বর্তমানে নিবিষ্ট করতে বলছে। যা কিছু বর্তমান তাই প্রকৃত বাস্তবতা, অতীত বা ভবিষ্যৎ নয়। এটাই বাস্তববাদ কিংবা ক্ষনিকবাদ এর মূল প্রতিপাদ্য। অতীতের ব্যর্থতা আর ভবিষ্যতের অনিশ্চয়তার আশঙ্কা মানুষকে বর্তমান ভুলে দুশচিন্তা গ্রস্থ করে রাখে তাতে করে তার বর্তমানটাও ব্যর্থ হয়ে যায়। এই ক্ষতি থেকেই গল্পটা মানুষের দৃষ্টি বর্তমানে ফিরায়ে আনে।

বুঝলাম মনোযোগ বর্তমানে নিবিষ্ট করাটাই উত্তম কিন্তু অতীতের সাপেক্ষে ভবিষ্যতকে প্লট করতে না পারলে সামনের রাস্তা নির্ধারণ করাটাও তো কঠিন। অতীত সম্পর্কে সুস্পষ্ট ধারনা না থাকলে ভবিষ্যতের ট্রেজেকটরি কি ভাবে অনুমান করা যবে। জীবনের গতিপথের ভবিতব্য বা ফোর-কাস্টিং করা না গেলে এই চলমান সময়ে হোচোট খাওয়ার সম্ভাবনাও তো রয়েছে? তা হলে উপায়? কতটা অতীত আমাদের মনে থাকে আর কতটা আমরা যন্ত্রের সাহায্যে বা কাগজে কলমে সংরক্ষণ করতে পারি? যতটা পারি ঠিক ততটা কি আমাদের কোন কাজে আসে? সময়ের সাথে সাথে বহু বিষয় আছে যা আর ভবিষ্যতে কোন কাজে আসে না, তবে ঠিক কোনটা প্রয়োজন আর কোনটা নয় তা পূর্ব হতে ঠিকমত বুঝা যায় না। একেক সময় মনে হয় সবই কাজে আসবে আবার মনে হয় কোনটাই কাজে আসবে না। শুনেছি ভারতের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনকে নাকি বলত সব কাজ করতে হবে না বেছে কাজ কর। এই বেছে কাজ করাতেই যত মুশকিল। বাছ বিচার করাটাই অত্যন্ত জটিল বিষয়। ক্লাস সিক্সে পড়ার সময় আমার গৃহ শিক্ষক হাবিব স্যার আমার  সময় জ্ঞান সম্পর্কে উদাসীনতা দেখে আমাকে একটা রেজিস্টারে সময় উল্লেখ পূর্বক কি কাজ করেছি সারা দিন তা লিখে রাখতে বলেছিল। বলা বাহুল্য আমি ওই অভ্যাস পরবর্তী পাঁচ বছর চালু রেখেছিলাম। শুধু তাই নয়, প্রত্যেক দিনের আবহাওয়া আমার মানুষিক অবস্থার সাংকেতিক ব্যবস্থা সংযোজন করে সে এক মহা এলাহি কান্ড করেছি আমি ওই পাঁচ বছর, পাশাপাশি অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোও পুংখানুপুংখ ভাবে লিখে রাখতাম ডায়েরিতে। প্রচুর সময় নষ্ট করেছি আমি এই কাজ করতে গিয়ে। এতে করে আমার সময় জ্ঞান বেড়েছে নিঃসন্দেহে তার সাথে সাথে বিশ্বয় লাগত দেখে যে কি বিচিত্র ভাবে সময় পার হয়ে যাচ্ছে যার কিছুই আমরা ধরে রাখতে পারছিনা। পুরনো সেই কাগজ আর রেজিস্টার গুলো পরবর্তী ২০ বছর সংরক্ষণ করা ছিল এই আশা নিয়ে যে কোন এক সময় হয়ত তা কোন বিশেষ কাজে আসবে। ২০২২ সালে ঢাকার রাস্তার দম আটকান যানজটের কারণে যখন মিরপুরের নিজ বাসা ছেড়ে অফিসের কাছে সিদ্ধেশ্বরীর ভাড়া বাসায় আসলাম তখন ওই সব পুরাতন কাগজপত্র সব ফেলে চলে আসতে হয়েছে। আজ আর পুরাতন কিছু সংরক্ষণ করতে ইচ্ছা করে না। আমার মনের অবস্থা এভরিথিং মেটার্স থেকে সো হোয়াট পর্যায়ে পুরোপুরি শিফ্ট হয়ে গেছে।

আমার বাবা তার স্বপ্নের বাসায় একটা দেয়াল আলমারি বানিয়েছিল যাতে প্রচুর বই সংরক্ষণ করা হয়েছিল। বাড়ি বদলের সময় ওই সব বই এর অধিকাংশই ফেলে আসতে হয়েছে। আমার বাল্য বন্ধু বিপুল প্রতি ক্লাস পাস করার পর পুরনো বই খাতা গুলো বিক্রি করে দিত আমার কাছে খারাপ লাগত, আমি যত্ন করে করা আমার নোটগুলোর মায়া ত্যাগ করতে পারতাম না, সেগুলো পরবর্তীতে কি কাজেই বা আসবে আমার তো ছোট ভাইবোনও নাই। তার পরও সংরক্ষণ প্রবণতা ছিল আমার, জীবনের ৫০তম বছরে এসে এখন মনে হয় আমার ওই সংরক্ষণ প্রবণতা নিতান্তই অপ্রয়োজনীয় ছিল। আজ থেকে পিছন ফিরে তাকালেই কেবল তা বুঝা যায়, তখন যদি এই বুঝ থাকত তা হলে কি আমি এই সব জঞ্জাল সংরক্ষণ করতে এত কষ্ট করতাম? তবে একটা বিষয় কিন্তু আমি অর্জন করতাম তা হলো খুব বলিষ্ঠ ভাবে সামনে পদক্ষেপ নেয়া। অতীত খুব স্পষ্ট ছিল তাই আমার নিজের উপর আত্মবিশ্বাস ছিল প্রচুর। ইতিহাসের গুরুত্ব তাই হেলা ফেলা করার উপায় নাই। অতীত ইতিহাস যদি এতই গুরুত্বহীন হতো তা হলে এত খরচ করে বড় বড় জাদুঘরে পুরাতন জিনিস প্রদর্শন করা হতো না। বুঝলাম অতীত তথ্য প্রয়োজন কিন্তু কোন তথ্যটা প্রয়োজন তা আগে থেকে বুঝার উপায় নাই। তবে অত বিস্তারিত অতীত সংরক্ষণ করলে পরবর্তীতে কেবল অতীতং সরনং গচ্ছামি আওড়ান ছাড়া কিছুই করার থাকে না। বৌদ্ধ ধর্ম শিক্ষায় এই গচ্ছামি শব্দটা দেখেছিলাম ওদের জপমালায় সব কিছুই সরনং গচ্ছামি দিয়ে শেষ হয়। আমার ধারণা সরনং মানে হলো স্মরণ করা আর গচ্ছামি মানে যে কি তা এখনো আমার অজানা। আমার বাবা তার যশোর ও খুলনার সুগার মিলে চিফ ইঞ্জিনিয়ার থাকার সময় সুন্দরবনের মেহগনি কাঠ সংগ্রহ করে প্রচুর আসবাব পত্র তৈরি করেছিল রনবির নামক এক হেলপার কাঠ মিস্ত্রিকে কাজ শিখায়ে মিস্ত্রি বানায়ে দিয়েছিল। সে আমার বাবাকে বাপ ডাকত। বাবার কথা ছিল যা কিছু কর তা যেন এতই পোক্ত হয় যেন তা ৫০ বছরেও নষ্ট না হয়। আব্বার বানান খাট, খাবার টেবিল, সোফা, ড্রেসিং টেবিল সবই আজো একই রকম আছে আর আমরা তা ব্যবহারও করছি। আমার নতুন আসবাবপত্র তেমন কিছুই কিনতে হয় নাই। বাবার চিন্তা ঠিক ঠিকই বাস্তবায়িত হয়েছে, তার নাতির জীবনেও বোধ হয় এই আসবাব গুলো বহালতবিয়তেই কাজে আসবে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মুভমেন্ট বা টিকিউএম শুরু হয়েছিল জাপানে তারা যা বানাত তা শত বছরের গ্যারান্টি দিতে পারার মত পোক্ত করেই তৈরি করত। চিনা মতাদর্শ পরবর্তীতে নিয়ে আসল ছয় মাসের মধ্যে যা আছে সব বদল করে ফেল। কিসের কোয়ালিটি, টাকা যত কোয়ালিটি তত, যত গুর তত মিষ্টি ফিলসফি। আজ তাই শত বর্ষের পরিকল্পনা নিয়ে আর তেমন কিছুই নির্মাণ করা হয় না (পদ্মা সেতু বাদে)। মানুষের রুচি, পছন্দ ইত্যাদিও দ্রুততর সময়ের সাথে যেন বদল হয়ে যাওয়ার প্রবণতা প্রদর্শন করছে। তাই অতীতকে অতটা আঁকড়ে ধরে রাখার এখন আর প্রয়োজন পড়ে না। সমনের দিকে আগাতে থাকলে অতীত ক্রমাগত ঝাপসা হতে থাকে। আর গতি বাড়ালে তো কথাই নাই, অতীত অতি দ্রুত বিস্মৃত হয়ে যেতে বাধ্য। তবে এই সো হোয়াট মেনটালিটি মানুষকে তার ব্যর্থতা কিংবা বড় কোন দুঃখ বোধ ভুলে যেতে দারুণ ভাবে কাজ করে। বর্তমানকেই কেবল এভরিথিং মেটার্স আর অতীত কিংবা ভবিষ্যতকে যদি সো-হোয়াট হিসাবে দেখা যায় তবেই মনে হয় ভারসাম্যপূর্ণ চিন্তা কাঠামটা তৈরি হয়। এই যেমন ধরুন গতকাল আর্জেন্টিনা আর সৌদি আরবের ফিফা বিশ্বকাপের খেলায় আর্জেন্টিনা ৪টি গোল করেও জিততে পারল না কারন ৪টির মধ্যে তিনটিই অফ সাইডের কারণে বাতিল হলো আর পরেরটি পেনাল্টিতে মেসি একটা গোল দিল কিন্তু খেলার দ্বীতিয়ার্ধে সৌদিআরব দুটি গোল করে জিতে গেল। বিষয়টা আর্জেন্টিনা সমর্থদের দারুণ ভাবে ব্যথিত করেছে। কত বিশ্বকাপ এলো আর গেল, কত গোল হলো কিংবা হলো না তাতে এমন কি আসে যায়। কার কার কাছে তা যথেষ্ট গুরুত্ববহ আবার কেউ হয়ত এতে তেমন কিছুই মনে করে না। জীবনটা অজস্র ঘটনার এক মহা সমষ্টি যার কিছুতো অবশ্যই গুরুত্ব বহ আবার কিছু একেবারেই গুরুত্বহীন। সবই নির্ভর করে আপনি বিষয়টিকে কোন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছেন তার উপর। সংস্কৃত কথায় আছে ”গতস্য শোচনা নাস্তি”এতে যা বোঝা যায় তা হলো, অতীত মনে করাই সমস্যা তার চেয়ে বর্তমানকে নিয়ে বেচে থাকা অনেক ভালো। বেশ কিছুদিন যাবত অবসর পেলেই মনে যা আসে লিখে যাচ্ছি, কে যে আমার লেখা গুলো পড়ে বা কে পড়ে না তা বুঝার কোন উপায় নাই। পড়ুক বা না পড়ুক তাতে কি’ই বা আসে যায় (সো-হোয়াট?) তবে আমার মনের কথাগুলোর গুরুত্ব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বা এভরি ওয়ার্ড মেটার্স।

 ৬২ দিলকুশা, ঢাকা
২৩-১১-২০২২

আপডেট হিস্ট্রিঃ ২৮জানুয়ারী২০২১> ৫ফেব্রুয়ারী২০২১> ১০অক্টোবর২০২২ > ১৬ নভেম্বর২০২২ > ২৩ নভেম্বর ২২ >

Thursday, November 10, 2022

বিবর্তনবাদ কেন মানতেই হচ্ছে

 

জীবন জিজ্ঞাসায় পর পর কয়েকটা মোটা মোটা বই পড়ে ফেললাম। বই গুলো দ্রুত পড়ার কারণে মাথার মধ্যে সব খিচুড়ি পাকায়ে গেছে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার গুলো মানব মনসে বিশ্ববিক্ষনকে আমূল পরিবর্তন করে দেয়। আর তার সাথে পরিবর্তিত হয় তার জীবন ও জগত সম্পর্কে সকল ধারণা গুলো। ইউভাল নোয়া হারারীর স্যাপিয়েন্স-মানুষের ইতিহাস, ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার এটলাস অব রিলিজিয়ন্স, ক্লাউস শোয়াব এর চতুর্থ শিল্প বিপ্লব, জেরি কয়েনের বিবর্তনবাদ কেন সত্য, জামাল নজরুল ইসলামের আলটিমেট ফেইট অফ দি উইনিভার্স এই বইগুলোর সকল বক্তব্য একসাথে ঘোটা মিক্স করলে যা পাওয়া যায় তা হলো বিবর্তনবাদ বিশাল ক্যানভাসে হচ্ছে যা চলমান আর প্রজাতি থেকে প্রজাতিতে বিবর্তন প্রাকৃতিক নিয়ম মেনেই হয়েছে এতে বিশ্বের বাইরে থেকে কোন স্রষ্টার হস্তক্ষেপের অবশ্যকতা তো নেইই বরং তা হয়ে থাকলে বর্তমান বিশ্বটা ঠিক এরকম হতো না। আমরা যে সকল বই পড়ি তা আমাদের মনস্তত্বে মারাত্মক প্রভাব ফেলে। জামাল নজরুল ইসলাম তার বইয়ে ১ এর পর ১০০টা শূন্য বসালে যে সংখ্যা হয় তত বছর পর্যন্ত মহাবিশ্বের পরিণতি ব্যাখ্যা করেছেন অত্যন্ত যুক্তি সহকারে। তত দিনে সকল গ্যালাক্সি মিলে এক বিশাল ব্ল্যাক হোল হবে যা পরবর্তীতে আরে বহু লক্ষ কোটি বছরের ব্যবধানে তা’ও আবার বিলীন হয়ে যাবে বিশাল এই মহা শূন্যে। যদিবা এই মহাবিশ্বটা সর্বদা সম্প্রসারিতই হতে থাকে নচেৎ এক পর্যায়ে সংকোচন শুরু হলে তা এত দ্রুত হবে যে একাধিক গ্যালাক্সি একে অপরের উপর আছড়ে পড়ে এক মহা প্রলয়ে সব ধ্বংস হয়ে যাবে। এটা অনেকটা সিনেমার ফিতার ব্যাক প্লে’র মত ঘটনা ঘটবে। এনট্রপি উল্টা দিকে প্রবাহিত হবে। টেবিল থেকে পড়ে যাওয়া কাপ যেটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছিল তা পুনরায় জোড়া লেগে টেবিলের উপর উঠে পরার মত ঘটনা ঘটবে। ইউভাল নোয়া হারারীর স্যাপিয়েন্স আর ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার এটলাস অব রিলিজিয়ন্স পরলে বুঝা যায় মানুষের বিশ্বাস নির্ভর ধর্মসমূহ বেশিরভাগই মানুষের কল্পনা প্রসূত। চতুর্থ শিল্প বিপ্লব বইটি বলছে মানুষ সুদীর্ঘ সময়ে বিবর্তিত হয়ে সাইবর্গ বা যন্ত্র সংযুক্ত কিম্ভুত কিমাকার মানুষে পরিণত হবে । আমাদের এই ছোট্ট জীবনেই কত না পরিবর্তন দেখলাম। আর এই সব নতুন ধারনা গুলো যে সময়ের সাথে সত্য হয়ে যাবে তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। মান ইয়া না মান বিষয়গুলো এরকমই হবে। যতই বদ্ধমূল পূর্ব ধারনায় আঘাত করুক না কেন, বাস্তবতাটা এরকম ভাবেই বিকশিত হতে চলেছে মনে হয়। মহাবিশ্ব সেই বিগ ব্যাং এর সময় থেকে আজো স্ফীত বা সম্প্রসারিত হয়েই চলেছে। বেলুনটা ফুলছে যেন তাতে কেউ ফু দিয়েই যাচ্ছে। আসলে কার ফু দেওয়ারও দরকার নাই। গাণিতিক ভাবেই প্রমাণিত এই ফু টা একা একাই কাজ করছে। সবই যদি একা একাই কাজ করে তবে অতি-প্রাকৃত কোন উচ্চতর সত্ত্বার অস্তিত্বের প্রয়োজনটা কোথায়? তা কেবল মানব মনেই সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। সকল ধর্মের সূত্রপাত ও বিকাশ মানুষের বুদ্ধিমত্তা বিকাশের এমন একটা পর্যায়ে যা মানব বিবর্তনের ছোট্ট একটি অংশে সীমাবদ্ধ। আনুমানিক ৪০০০ বিসি থেকে ১০০০ এডি এর মধ্যে সকল ধর্মের উৎপত্তি। অথচ মানব বিবর্তন ৩ শত কোটি বছর ধরে চলছে বলে জীবাশ্ম রেকর্ডে পাওয়া যায়। বিবর্তনের ক্যানভাসটা অনেক অনেক বড় আর এটা একটা চলমান প্রক্রিয়া, তেমনি মহাবিশ্বর সম্প্রসারণশীল প্রক্রিয়াটাও কোটি কোটি বছর ধরে আজও চলমান। বিবর্তন আজও ঘটমান মহাবিশ্বর সম্প্রসারমান এই প্রেক্ষাপটে বিশ্ব বিক্ষাটা স্থাপন করলেই কেবল বাস্তবতার অনুধাবনটা সঠিক ভাবে পাওয়া যাবে বলে মনে হয়। অসীম সম্প্রসারণশীল মহাবিশ্বর ১০১০০ ( ১ এর পর ১০০টা শূন্য বসালে যা হয়) বছর পর মানব কাঠামটা কি হতে পারে তা এখন কল্পনা করাও অত্যন্ত কঠিন বিষয়। বিবর্তনের গবেষণায় পাওয়া গেছে যে ডাইনোসর থেকে বহু বহু বছর পর পাখির উৎপত্তি হয়েছে আর জল হতে স্থলে প্রাণীকুল স্থানান্তরিত হওয়ার পর পুনরায় জলহস্তী থেকে সুদীর্ঘ সময়ে তিমি মাছের বিবর্তন হয়েছে, তিমি মাছের দেহের পিছনের অকেজো পা সদৃশ অংশগুলো তার বাস্তব প্রমাণ বহন করে। মাছ থেকে উভচর তার পর স্তন্যপায়ী তার পর বানর প্রজাতি ও তারও বহু বহু প্রজাতির বিলুপ্তির পর বুদ্ধিমান মানব ও বুদ্ধিহীন শিম্পাঞ্জির দুটি ধারায় বিবর্তন। এ সবই প্রাকৃতিক নির্বাচনের ফলাফল। বিজ্ঞানের এই ব্যাখ্যাটা আজ পূর্বের চেয়ে আরো বহু পরিমাণ প্রমাণ নির্ভর বৈজ্ঞানিক সত্যে পরিণত হয়ে গেছে। কিছুকাল আগেও বিবর্তনবাদকে ভুয়া বলে উড়ায়ে দেয়া যেত কিন্তু বর্তমান বৈজ্ঞানিক প্রমাণাদিতে তা আর পারা যাবে বলে মনে হয় না। বিবর্তনবাদ বিরোধীদের তাই পিছু হটতেই হবে। প্রকৃতি যতটুকু সুযোগ দিচ্ছে গাছের মূল সে দিক দিয়েই বাড়ছে তেমনি প্রকৃতির যেখানে রাস্তা দিচ্ছে সেখান দিয়েই প্রজাত্তায়ন ঘটছে। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে মানুষের অস্তিত্ব ও বিস্তার অতি ক্ষুদ্র সময়ের একটি ঘটনা মাত্র। প্রকৃতির সকল প্রজাতি টিকে থাকার প্রয়োজনে যার পর নাই নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে তার পরও লক্ষ কোটি (অগুনিত) প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে ও হয়ে গেছে। যারা প্রকৃতির বাধা অতিক্রম করে টিকে থাকতে পারছে তারাই বিস্তার লাভ করছে ও পরবর্তী প্রজন্মে তাদের বিস্তার ঘটাচ্ছে বা প্রজাত্তায়ন ঘটছে। যারা তা পারছে না তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টি সকল ধার্মিক ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক কিন্তু ধর্মের সাথে বিজ্ঞানের আবিষ্কারগুলোর সংঘাত নতুন নয় সেই গালিলিও আমল থেকেই হয়ে আসছে। অবশেষে জয় বিজ্ঞানেরই হচ্ছে। বিজ্ঞান কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর মতাদর্শ নয়, এটা বহু মানুষের পর্যবেক্ষণ ও পরীক্ষণ লব্ধ পরিশ্রমের ফলাফল। তাই এক গুচ্ছ লোকের মতাদর্শের সাথে সাংঘর্ষিক হলেও তাতে কার কিছু যায় আসে না। অগুনিত ভাইরাস থেকে অগুনিত মানুষ সহ সকল প্রাণী জন্মাচ্ছে, জীবন চক্রে আবর্তিত হয়ে পরবর্তী প্রজন্ম রেখে আবার নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রাণ টিকে থাকছে কিন্তু প্রাণীটির বা প্রাণী গোষ্ঠির অস্তিত্ব থাকছে না। ঝাঁকে ঝাঁকে মরছে আর ঝাঁকে ঝাঁকে জন্মাচ্ছে। বাস্তবতার এই চিত্রটা সহজে অনুধাবন করা কঠিন। এই কঠোর বাস্তবতার সার্বিক যৌক্তিকতাটাও ধরা খুব মুশকিল। মনে হয় যেন কোন কারণ ছাড়াই এ সব কিছু এক সুবিশাল ঘটমান, চলমান বাস্তবতা।  

অঞ্জন দত্তর গান “যাচ্ছে চলে সব হন্তদন্ত হয়ে, এত সব যাচ্ছে কোথায়” এর উত্তরে বলতে হয়, সবই সময়ের গহীন গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে। যা যাচ্ছে তা আর ফিরে আসবার নয়। বৈজ্ঞানিক বস্তুবাদ মতে তা’র আর পর নাই, নাই কোন ঠিকানা। এ যেন রবীন্দ্রনাথের কণিকা পদ্য “স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণ কালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল, সেই তারি আনন্দ”। মানুষের ফিরে আসার উচ্চাশা এ হিসাবে ব্যর্থ। অমোঘ সত্যটা হলো যা বর্তমান তা’র কোন ভবিষ্যৎ পুনরাবৃত্তি নেই। আছে কেবল নতুন মাত্রায় বিবর্তিত অবস্থা। গত ৫০ বছর আগে আমার কোন অস্তিত্ব ছিল না তেমনি আগামী ২০ কি ৩০ বছর পর আমার অস্তিত্ব থাকবে না। এই ক্ষুদ্র জীবনকালে মানুষের এত মাতামাতি, হানাহানি, ছুটাছুটি দেখে অবাক লাগে। এত কিছু করার উদ্দীপনা মানুষ পায় কোথা থেকে? সে নিশ্চিত জানে “জন্মিলে মরিতে হয় জানিবে নিশ্চয়”।  সকল ধর্ম মৃত্যু পরবর্তী ব্যবস্থাপত্র জানায়ে দিয়েছে। তাই সকল ধার্মিক ব্যক্তি ধর্মানুসরন করে অত্যন্ত শান্তিতে জীবন যাপন করে থাকে। মৃত্যুর পর কি হবে তা সম্পর্কে নিশ্চিন্ত থাকলে এই পার্থিব জীবনে কর্ম উদ্দিপনা পাওয়াটা স্বাভাবিক। যদি বলা হয় মৃত্যুর পর আর কিছু নাই, কেবল শূন্যতা, নাই কোন প্রতিদান কিংবা প্রত্যাবর্তন তা হলে মানুষের মধ্যে যে প্রচণ্ড রকম নৈরাশ্য জন্ম নিবে তা কি দিয়ে নিভাবেন? যারা বিবর্তনকে মেনে নিয়েছে তারা কিন্তু স্বাভাবিক ভাবেই জীবন যাপন করে থাকে। পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব থেকে সূর্য কেন্দ্রিক মহাবিশ্ব তার পর কেন্দ্র বিহীন সম্প্রসারণশীল মহাশূন্য ধারনা গুলতে উত্তরণেও মানব গোষ্ঠীর অস্বস্তি ছিল। কিন্তু এখন তা সবারই সাধারণ জ্ঞান তাই আর তাতে কারো আপত্তি থাকে না। এমন দিন আসবে যখন বিবর্তন বাদ নিয়েও কার কোন আপত্তি থাকবে বলে মনে হয় না। যারা ধর্মের বিষয়ে অত্যন্ত গোঁড়া তারা হয়ত মানতে পারবে না কিন্তু এক সময় না এক সময়, এই প্রজন্মে না হয় পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে তাদের মধ্যেও পরিবর্তন আসবে বলে আশা করা যায়। তার পরও প্রশ্ন থেকেই যায় এত সব যাচ্ছে কোথায়? কোথাও যাচ্ছে না বরং একই স্থান ও কালে অনন্ত কাল ধরে টিকে আছে, এই মতবাদে কেউ সন্তুষ্ট হতে চায় না। কোন ধর্মই এরকম কোন মতবাদ দেয় নাই কারণ বোধ হয় মানুষের মন তা মানতে চায় না। কার্য কারণের যুগে এরূপ মতবাদ ধোপে টেকে না। সর্ব সম্মত কোন ধারনায় মানব সভ্যতা একমত হতে পারে নাই উপরন্তু মানব সকল একই ভাষায় কথাও বলে না। ৩০০০ এর উপর ভাষার উৎপত্তি প্রমাণ করে সারা পৃথিবী জোড়া মানব সভ্যতা নানা ভাবে বিকশিত হয়েছে। সকল ধর্মের উৎপত্তি আরব আর ভারত মহাদেশে অন্য মহাদেশগুলো কেবল শামানবাদ দিয়েই ধর্মের কাজ চালায়ে নিয়েছে। ধর্মনিরপেক্ষ কিংবা নাস্তিকেরা সংখ্যায় কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ম সকল অমীমাংসিত প্রশ্নে উত্তর প্রদান করে থাকে। ধর্ম মানুষকে প্রশান্তি দেয়।

ইউভাল নোয়া হারারীর মতে ধর্ম সকল এসেছে মানব সভ্যতা বিকাশের একটা পর্যায়ে আর সকল ধর্মর বিকাশ প্রায় একই সাথে বা পর্যায়ক্রমে সমসাময়িক শতাব্দীগুলোতে। বিশেষ করে যখন মানুষ কৃষি কাজে ব্রতী হয়ে স্থায়ী আবাস ও সমাজ গঠন করে। বিচ্ছিন্ন ভাবে হলেও সব গুলো মানব সম্প্রদায় জনগণের নৈতিক কল্যাণের আশায় এই সব ধর্ম মতে বিশ্বাস স্থাপন করে আর রাজ্য শাসন ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আর তা বেশির ভাগ সময় একে অপরকে সহযোগিতাও করেছে। হিন্দু ধর্ম বা সিন্ধু ধর্ম বহু পুরাতন সেই ঋকবেদ এর যুগ থেকে আছে আর এমেরেন্ডিয়ান ধর্মে শামান বাদ আর সাইবেরিয়ার শামান বাদ এত বিশাল এলাকা জুরে বহুকাল টিকে ছিল বলে জানা যায়। তার পর আসে চিন এর কনফুসিয় ও টাও বাদের বিস্তার ও তার সাথে বৌদ্ধ ধর্মের ঘাত প্রতিঘাত। ধর্ম নিয়ে এত কিছু হয়ে গেছে বছরের পর বছর ধরে। এসব ধর্মগুলোর উপাসনা করার বৈচিত্রও দেখার মত বিষয়, কখন তা হাস্যকর রকম অদ্ভুতও বটে। জৈন আর শিখদের ব্যাপারগুলোও কম বৈচিত্রময় আর হাস্যকর নয়। জরথুস্ট্র বাদ আর তখনকার আরও কিছু মতবাদ ও এদের সংঘাত বেশ মজার ঘটনা। এর পর আসে ইহুদীবাদ, খ্রিস্টবাদ আর ইসলামের বিষয়াবলী। অনেকের মতামত এত সব ধর্ম সকল যেন মানুষের কল্পনা প্রসূত। বইগুলো পড়লে তেমনই মনে হয়। কোন ব্যক্তির কথা বা গল্পে বিশাল মানব সকলকে এক মতে আনা সম্ভব নয় কিন্তু যদি বলা হয় বিশ্ব জগতের স্রষ্টার কাছ থেকে নিয়ম কানুন বানীসমূহ এসেছে তখন তা বিশাল সংখ্যক মানুষকে বিশ্বাস করান যায় সহজে। প্রতিটি ধর্ম তার অনুসারীদের স্বর্গের প্রত্যাশা প্রদান করে আর স্রষ্টার বিরাগভাজনদের নরকের ভয় দেখায়। প্রত্যেক ধর্ম নিজেকে সর্বশ্রেষ্ঠ সত্য ধর্ম হিসেবে দাবি করে। যত ভিন্ন ধাঁচেরই হোক না কেন ধর্ম সকলের প্যাটার্ন যেন একই রকম। কনফুসিয়াসের ধারনা গুলো ও টাওবাদী ধারনা গুলো এই বিজ্ঞানের যুগে বাতিল হয়ে যায় তেমনি বাতিল হয় হিন্দু ধর্মে বেদ আর পুরাণের দাবি গুলোও। তার পরও কেন এত বিশাল সংখ্যক মানুষ ধর্ম বাতিকে ভুগে বুঝতে পারা যায় না। ইহুদি – খ্রিষ্টান – মুসলিম ধারনা গুল এক সুতায় বাধা, এগুলোর উৎপত্তি ও বিস্তার বিবেচনা করলে বুঝা যায় এরা আরব ভূখণ্ডর কালচারই বহন করে। সব ধর্মে নতুনরা পূর্বতন গুরুজনদের বক্তব্যকে গুরুত্ব দেন বলেই তারা সেই ধর্মে আবিষ্ট হয়ে মনে প্রাণে তাকেই আঁকড়ে ধরে। আমাদের দেশে ইসলাম ধর্মের এত বিস্তার মূলত মুসলিম পরিবারগুলোর উত্তরসূরিদের আবেগ তাড়িত মতাদর্শ বই আর কিছু বলে আমার মনে হয় না। আমার নানা ভাই তার বড় ছেলেকে এক পিরের সাথে দেখা করায়ে দিয়েছিল পরবর্তীতে ওই পীরের সাথে তার আর দেখা হয় নাই কিন্তু বড় মামা আজীবন তার বাবার কথা মত নামাজ রোজা করে গেছেন। আমার মা’ নানা ভাই এর প্রথম সন্তান তার বাবার আদর্শের মত আজীবন ধর্মাচরণ করে গেছেন। ছোট মামা ব্যতিক্রম তিনি একসময় ধর্মের প্রতি অতটা আসক্ত না হলেও বয়স বাড়ার সাথে সাথে ধর্মের দিকে ঝুঁকে গেছেন। নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি থেকে চিন্তা ভাবনা করে ধর্মের প্রতি আসক্ত হতে আমি কম মানুষকেই দেখেছি।

আমার সকল বন্ধু যারা সেই স্কুল থেকে অদ্যাবধি যোগসূত্র বজায় রেখেছে তাদের মাঝেও ধর্মের বিষয়গুলো নিয়ে বয়স বাড়ার সাথে সাথে আসক্ত হতে দেখি। ধর্ম তা যেটাই হোক না কেন তা মানুষের জীবনকে একটা সুন্দর ছাঁচে বিন্যাস্ত করে দেয়। যেহেতু এই বিশাল বিশ্ব চরাচর নিয়ে কোন ভাবনা থাকে না, এটা কোথা থেকে আসল আর কই যাচ্ছে তাই ধার্মিক মনটা প্রশান্ত থাকে। জীবন সংক্রান্ত যত বিতর্ক সবগুলোর সমাধান দেয় ধর্ম তাই এই মতাদর্শটি এত জনপ্রিয়। অধর্ম বা ধর্মনিরপেক্ষতা কিংবা নাস্তিকতা এর বিপরীত মেরুর ধারনা। তারা একে মুক্ত মন বলে আর ধার্মিক মনকে বদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ মত বলে। মুক্ত মন বলতে যা বোঝানো হয় তা হলো যে মন সকল ধারনা সমূহকে স্বাভাবিক ভাবেই গ্রহণ করে, যাচাই বাছাই করে তার পর তার মতে যা সঠিক তা গ্রহণ করে। অন্য পক্ষে ধার্মিক মন হলো যা কিছু নতুন তা কে ধর্মের বিধি বিধানের ছাকনি দিয়ে যাচাই করে তার পর গ্রহণ করে। প্রতিটি ধর্ম তাদের অনুসারীদের বৃদ্ধি করার জন্য প্রচুর প্রচেষ্টা অব্যাহত রাখে তা সে যে ধর্মই হোক না কেন। তা যদি সত্য ধর্ম হয় তবে তার এত প্রচার প্রচারণার দরকারটাই বা কি? বিভিন্ন ধর্মের সাথে তুলনা করে তাকে শ্রেষ্ঠ প্রমাণই বা করতে হবে কেন। ধর্ম জিজ্ঞাসা তো মানুষের সহজাত বুদ্ধিবৃত্তিক জিজ্ঞাসা, সে নিজেই তো সত্যকে খুঁজে নিবে। অন্যকে নিজ মতাদর্শে প্রলুব্ধ করার এই যে ঐকান্তিক প্রচেষ্টা তার পেছনের যুক্তি টা কি হতে পারে। আমার পাশের মানুষটি আমার মত করে বিশ্ববিক্ষণ করে না, তার নিজস্ব একটি ভিন্ন মত আছে তা হলে আমার অসুবিধাটা কোথায়? বিবর্তন বাদ নিয়ে নানা মতভেদ আছে কিন্তু সাম্প্রতিক দশক গুলতে বিবর্তনের উপর প্রচুর জীবাশ্ম প্রমাণ পাওয়া গেছে। ধার্মিকদের দৃঢ় বিশ্বাসে তা প্রচণ্ড আঘাত হেনেছে স্বাভাবিক ভাবেই। তারা মানে সৃষ্টিতত্ববিদরা কিংবা আইডি বা ইনটালিজেন্ট ডিজাইন মুভমেন্টের মতানুসারীরা স্কুলে বিবর্তন বাদ যাতে না পড়ান হয় তার জন্য উঠে পড়ে লেগেছে। যা পর্যবেক্ষণগত ভাবে সত্য ও বিজ্ঞ বিজ্ঞানী মহল যাকে সত্য বলে মতামত দিচ্ছে তা নিয়ে সমাজ এর কিছু সংখ্যক গোঁড়া ধর্মাবলম্বী কেন এত প্রতিরোধ সৃষ্টি করবে। ২০১২ সালে স্কুলে যৌন শিক্ষা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড যাতে যা খুশি তাই শিখান হচ্ছে আর যত বিপত্তি বিবর্তন বাদে এর পাঠ্যক্রম  নিয়ে। একটা আশার কথা হলো যতই গালিলিও কিংবা জিওর্দানো ব্রুনো দের মেরে ফেলা হোক না কেন সত্যকে কেউ ধামা চাপা দিতে পারে নাই আজ পর্যন্ত। সত্যের জন্য জীবন দাও কিংবা না দাও, সত্য সর্বদা প্রকাশ পাবেই। বিজ্ঞানের দর্শনে বিশ্বাস স্থাপনের জন্য কিন্তু কাউকে দাওয়াত কিংবা আমন্ত্রণ জানানর দরকার পরে না। সকলে নিজের প্রচেষ্টায় সঠিক জ্ঞানটা খুঁজে নেয়। ধর্মগুলোর যত প্রচার প্রচারণা আর তা নিয়ে বাক বিতণ্ডা, মার-মার কাট–কাট অবস্থা। এটা প্রায় অবধারিত ভাবে ধরে নেয়া যায় যে আগামী কয়েক শতক পরে ধর্ম সমূহকে হয়ত জাদুঘরে খুঁজোতে হতে পারে যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। যারা নাস্তিক তারা যে প্রচারণা করে না তা নয়। তাদেরও নিজস্ব দলমত আছে আর তারাও চায় সবাই তাদের মত হয়ে যাক। এই টানা হেঁচড়ার কোন মানে হয় না। গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা একটা আশীর্বাদের মত। ধর্মভিত্তিক রাষ্ট্রে ভিন্ন মত পোষণ করার শাস্তিস্বরূপ প্রাণ দণ্ড পর্যন্ত গড়াতে পারে। ধার্মিক মানুষকে নাস্তিকেরা নেশাগ্রস্থ হিসেবে বিবেচনা করে তাই চিন রাশিয়ার মত দেশ গুলোতে ধার্মিক লোকদের উপর প্রচুর অত্যাচারও করা হয়েছে। এত আচার আর অত্যাচারের দরকারটাই বা কি? বিজ্ঞান আজ বহু কিছুর সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। সবাই একমতে আসবে না তা সত্য কিন্তু সবাইকে এক মতে আনতে হবে কেন? রাষ্ট্র যা মানব সভ্যতার সর্ব বৃহৎ সংঘ তা কি নীতিতে চলবে, লেনদেন কিভাবে হবে এই সব বিষয় গুলোতে দ্বন্দ্ব আসে মানুষের বিশ্ববিক্ষন ও বিশ্ব দর্শনের উপর ভিত্তি করে। মজার ব্যাপার হলো ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষ ভাবে এই সব প্রতিষ্ঠান গুলো পরিচালনার পদ্ধতিও বলে দিচ্ছে। তা হলে সমস্যাটা কোথায়?

বিবর্তন বাদ কেন নয় বইটার লেখক জেরি কয়েন তার বইয়ে প্রচুর প্রমাণ উত্থাপন করেছেন বিবর্তন বাদ এর সমর্থনে। আজ যখন আমরা এর বিরুদ্ধে বলি তারা আসলে অন্ধ ভাবে এর বিরোধিতা করি কিংবা অল্প জেনে যখন দেখি তা ধর্মের সাথে সাংঘর্ষিক তখন মত পাল্টে এর বিরুদ্ধে বলি। এই জমানায় এর বিরধীতা করা নির্বুদ্ধিতার সামিল হয়ে যাচ্ছে। এক সময় মুসলিমরা এই উপমহাদেশে ইংরেজি শিক্ষার বিরোধিতা করেছে, তাতে লাভ কিছু হয় নাই বরং এখন বহু অভিভাবক তার সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। হুজুররা পানি ওয়ালা ড্যান্স বাদ্যরত সুইমিং পুলে নামার কথা নয় কিন্তু তারাও নামছে তবে গানটা বন্ধ করে। নিষেধ থাকা সত্যেও দু-একজন লুঙ্গি পড়েই সুইমিং পুলে নেমে পড়তে দেখলাম রাঙ্গামাটির আর্মি পার্কের সুইমিং পুলে কয়েকদিন আগে । ধর্মমতে ছবি তোলা নিষেধ কিন্তু এখন হাতরে মুঠায় ছবি তুলার যন্ত্র বহন করে চলেছে বহু গোঁড়া ধার্মিক। তাই বলা যায় শিল্প বিপ্লব ও প্রযুক্তির যুগে ধর্মীয় গোঁড়ামি গুলো হাস্যকর রকম ভাবে পরিত্যক্ত হচ্ছে। ধর্ম টিকে আছে কেবল তা জীবনের তাৎপর্য তা সত্য কিংবা কল্পনা যাই হোক মানুষকে প্রচণ্ড প্রশান্তি প্রদান করতে সক্ষম বলে। জীবনটা ”কেন“ এই প্রশ্নের সুন্দর ব্যাখ্যা দিতে পারে ধর্ম তাই ধর্ম এত জনপ্রিয়।

বুঝলাম কোন অতিপ্রাকৃত বুদ্ধিবৃত্তিক অস্তিত্বর নির্দেশনার প্রয়োজন নাই এই চলমান প্রকৃতির জন্য কিন্তু কতগুলো অদ্ভুত বিষয় মনে প্রশ্ন বিদ্ধ হয়েই থাকবে। যেমন লজ্জাবতী গাছের পাতা গুলো দিনে মেলে ধরে কিন্তু রাতে তা নিজের পাতা গুলো বন্ধ করে রাখে, তখন যদি কেউ আঙ্গুল দিয়ে পাতার ডাল গুলো ধরে তখন তা আরো নিস্তেজ হয়ে নুয়ে পড়ে। রাতে যে পাতগুলো কোন কাজে আসবে না তা ওই গাছটাকে কে বোঝাল? ও’র নিজস্ব তো কোন বুদ্ধিবৃত্তিক অঙ্গ নাই। কিংবা ধরুন গোলাপ গাছ তার ফুলটা বাচাতে কাটা’র ব্যবস্থা করেছে, যে ফুল থেকে কোন ফল হবে না তা’কে বাঁচানোর জন্য গাছটার এত কসরত কেন? জেরি কয়েন তার বইয়েই বলেছে এক ধরনের জীবাণু আছে যা পিপড়াকে আক্রান্ত করে যখন তার পেট ফুলে যায় তখন পাখি তা খাদ্য হিসেবে গ্রহণ করে যেখানে জীবাণুটা বংশ বিস্তারের সুযোগ পায় বা তার জীবন চক্র এই চক্রাকারে ঘুরে। এখানে ওই জীবাণুটার পক্ষে জানা কিভাবে সম্ভব যে, পিপড়াকে সংক্রামিত করলে তা পাখিদের চোখে পড়বে ও তা তারা খাবে? কিংবা ধরুন এই কিছুদিন আগের মহামারি করনা ভাইরাস কি ভাবে জানবে যে মানুষের ফুসফুসে তার বংশ বৃদ্ধির জন্য সুন্দর ব্যবস্থা আছে, যেখানে তাকে পৌছাতেই হবে। হয় প্রকৃতি আমাদের সাথে মজা করছে না হয় স্রষ্টা এমন এক বিশ্ব সৃষ্টি করেছেন যাকে সে একা একাই বিকশিত হতে দিয়েছেন। সেদিন মিরপুরে এক বাসার দেয়াল লিখনে দেখলাম লেখা আছে স্রষ্টা বা সদা প্রভু তার সৃষ্টি এই বিশ্বকে এতটাই ভালবেসেছেন যে তা সে তার প্রিয় পুত্রকে উপহার হিসেবে দান করেছেন। এ সব কথাবার্তা আজকের বাস্তবতায় কিভাবে ধোপে টিকে তা আমরা জানা নাই। সিদ্ধেশ্বরীর কালী মন্দিরে কৌতূহল বসত ঘুরতে গিয়ে দেখলাম জায়গায় জায়গায় মহিলারা এক একটা থালাতে সন্ধ্যা প্রদীপ জালায়ে বসে আছে। কেউ কেউ মূর্তি কে প্রণাম করছে কেউ বা সেজদা করছে। এ সকল কর্মকাণ্ড মানুষের ধর্মের প্রতি প্রগাড় বিশ্বাস থেকেই আসে। শিক্ষিত মানুষজনও  এ সব আচরণে প্রবৃত্ত হয় কারণ ধর্ম মানুষের জীবনের সকল কেন’র উত্তর প্রদান করতে সক্ষম। যা বিনা বাক্য ব্যয়ে আপনি মেনে নিতে বাধ্য তাই তা প্রশান্তি দায়কও বটে। যতক্ষণ পর্যন্ত মানুষের জীবনে একটা কেন বা কারণ বা অর্থ থাকে ততদিন সে মানুষটি প্রেরণা সহকারে শান্তিতে জীবনাচরণ করতে পারে। অন্যথায় তার মধ্যে হতাশা ভর করে ও তার আধিক্যে আত্মহত্যা প্রবণতা দেখা দেয়াটা স্বাভাবিক। জার্মান দার্শনিক ফ্রেডরিখ নিৎসে-র (১৮৪৪ – ১৯০০) একটি জ্ঞানগর্ভ  উক্তি এখানে প্রাসঙ্গিকঃ “যার জীবনে বেঁচে থাকার জন্য একটি ‘কেন’ রয়েছে সে ’যে কোন উপায়ে’ জীবনের বোঝা বহন করতে পারে” (He who has a why to live for can bear almost any how) মানুষের এই ধর্ম বিশ্বাস এর আবিষ্কারও তাই আত্মরক্ষা মূলক একটি বিবর্তন বলেই মনে হয়। বহু শত কোটি বছর পর একদিন হয়ত এই ধার্মিক মানবগোষ্ঠী সাইবার যুগেও হোমো-ডিউস কিংবা সাইবার্গ হয়েও নতুন কোন ধর্ম বিশ্বাস আবিষ্কার করে থাকবে। কিংবা ডুয়েল-কোর আর্টিফিশিয়াল হার্ট নির্মাণ করে দীর্ঘ জীবন বেচে থাকার কৌশল আবিষ্কার করতে সক্ষম হবে – কে জানে?


তথ্য সূত্রঃ
১। হোয়াই ইভোল্যুশন ইজ ট্রু [বিবর্তন কেন সত্য] মূলঃ জেরি কয়েন, অনুবাদঃ কাজী মাহবুব হাসান, প্রকাশকঃ উড়াল বুকস, প্রকাশ কালঃ সেপ্টেম্বর ২০২০

২। সেপিয়েন্স – মানুষের ইতিহাস মূলঃ ইউভাল নোয়া হারারি, ভাষান্তরঃ সুফিয়ান লতিফ, শুভ্র সরকার, রাগিব আহসান, প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৯।

৩। দি আলটিমেইট ফেইট অব দ্য ইউনিভার্স [মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি]  মূলঃ জামাল নজরুল ইসলাম অনুবাদঃ অনঙ্গভূষন দাস, প্রকাশকঃ নাগরী, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২২।

৪। হিস্ট্রি অব দ্য রিলিজিয়ন [হিসটোরিক্যাল এ্যাটলাস অব রিলিজিয়নস অব দ্য ওয়ার্ল্ড] মূল ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার অনুবাদঃ আসাদ ইকবাল মামুন প্রকাশকঃ ঐতিহ্য, প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৫ প্রথম ঐতিহ্য প্রকাশ অক্টোবর ২০২১।

৫। “চতুর্থ শিল্প বিপ্লব” –ক্লাউস শোয়াব, অনুবাদ ওয়ালি-উল-মারূফ মতিন

৬। বিশ্বাস ধর্ম যুক্তি – হাসান নাসির, প্রথম প্রকাশ একুশে বইমেলা ২০১৩।

৭। জীবনের তাৎপর্যের সন্ধানে [ম্যান’স সার্চ ফর মিনিং] মূলঃ ভিক্টর এমিল ফ্র্যাঙ্কেল ভাষান্তর এহসান উল হক, প্রকাশকঃ আতাউল কবির খান, বিন্দুতে সিন্ধু, প্রথম প্রকাশ আগস্ট ২০১৯।

আপডেট হিস্ট্রিঃ ২৪আগষ্ট২০২১> ২৮আগষ্ট২১> ৩১জুলাই২২> ২৬সেপ্টেম্বর২২>১৭ অক্টোবর ২০২২>
১০ নভেম্বর ২০২২ >

Thursday, October 27, 2022

সমসাময়িক ঘটনাবলীর প্রেক্ষিতে আমার রাজনৈতিক অভিমত

বেশ কয়েক বছর আগে ১৩-১২-২০১৮ তারিখে লিখেছিলাম “রাজনীতি কি যেন তেন ব্যাপার” আজ আবার প্রয়োজন বোধ করলাম আমার মতামতটা পর্যালোচনা করার। আমি কোন রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর সাথে সক্রিয় ভাবে জড়িত নই তার মানে আমি একেবারে নিরপেক্ষও নই। পক্ষপাতিত্ব বলতে যা বোঝায় তা হলো কোন মতাদর্শের প্রতি অতিরিক্ত আসক্তি। আমার সেটা নেই, বরং বলা চলে সমকালীন রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমার মতামতও পরিবর্তিত হয়। রাজনৈতিক পরিভাষায় যাকে বলে ফ্লোটিং ভোটার আমি অনেকটা তাই। তাই আমি দাবি করি আমি নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি থেকে মতামত দেয়ার সামর্থ্য রাখি। আমি দু দু বার ভোট গ্রহণের সময় এসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি আর দু বারই চোখের সামনে ভোট গ্রহণে দুর্নীতি হতে দেখেছি। এই দেশে তাই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না তার পরও বোলব জাতীয় প্রয়োজনে সকলেরই একটি রাজনৈতিক মতামত থাকা অত্যাবশ্যক। আমরা সামরিক শাসন চাই না জনগণই হওয়া উচিত সকল ক্ষমতার উৎস। যারা রাজনীতি নিয়ে মতামত দেয়ার যোগ্যতা রাখেন তারা দেশের চলমান রাজনীতির বিষয়ে আমার চেয়ে অনেক অভিজ্ঞ আর দেশের অভ্যন্তরীণ বিষয়াবলীর প্রতি তাদের রয়েছে সমকালীন খবরাখবর। আমি অতটা খবর রাখি না তার পরও লোকজনের কথাবার্তা মন্তব্য ও পেপার কিংবা টিভি নিউজ দেখে আমার মধ্যে রাজনীতি নিয়ে যতটুকু মতামত তৈরি হয় তার প্রেক্ষিতেই লিখে প্রকাশ করলাম আমার ধারণাগুলো। রাজনীতি নিয়ে গতবার যা লিখেছিলাম পড়ে দেখলাম সেই ধারনা গুলোর আমার মধ্যে তেমন কোন পরিবর্তন হয় নাই তবে তার শেষে নতুন কিছু যোগ করার প্রয়োজন আছে। আমার আগের লেখাটা পুনরাবৃত্তি করে এর শেষে নতুন কিছু যোগ করলাম আমার সমসাময়িক মতামত প্রসঙ্গে।

আর আর কয়েক মাসের মধ্যেই পুরো জাতি একটি মতামত দিবে পরবর্তী পাঁচ বছর কারা দেশ চালাবে। প্রত্যেকবার নানা ঝামেলা হয় এই সময় গুলোতে, সাধারণ মানুষের মতামত তাই নানা রকম, কেউ বলে আমার ভোট আমি দেওয়ার আগেই দেয়া হয়ে যায়, লাভ কি ভোট দিয়ে? কারচুপি তো হবেই।  যে যায় লংকায় সেই হয় রাবণ। সব শিয়ালের এক রা। এই বিশাল জন সমষ্টিতে এরকম নানা মতামত তো থাকাটাই স্বাভাবিক। আর উন্নয়নশীল দেশ গুলোতে দুর্নীতি? তা কম বেশী সকল দেশেই আছে। অনেক জনমতের মধ্যে একটি মত এরকম যে, রাজনীতি করে খারাপ লোকে, অর্থ ও ক্ষমতার প্রতি যাদের লোভ তারাই এই নোংরা রাজনীতিতে সময় দেয়। মজার ব্যাপার হলো এঁরা কোন রাজনীতির কথা বলছে? রাজনীতি কিন্তু সকল গোষ্ঠিবদ্ধ মানবিক কর্মকাণ্ডতেই আছে। সর্বনিম্ন তিন জনের প্রতিষ্ঠানেও রাজনীতি হয়। উল্লেখিত মতটি মূলত জাতীয় রাজনীতিকে উদ্দেশ্য করে বলা। একটি বিশাল জন গোষ্ঠিকে একক ভাবে সঠিক দিকে পরিচালনা করা, ঐ জন গোইষ্ঠির নানা মানুষের নানা মত, নানা ভেদ-বিভেদ, ভাল-মন্দ, সুবিধা-অসুবিধা অতিক্রম করে তাদের একক নেতৃত্বে সুনির্দিষ্ট দিকে পরিচালনা করা কি ভাবে একটি নোংরা কাজ হিসেবে বিবেচিত হতে পারে? অনেকে বলবে যারা রাজনীতি করে তারা ভাল লোক নয়, রাজনীতিতে ভালো লোক থাকলে দেশ ও জাতীর আজকে এই দুরবস্থা হতো না। ভালো লোক বলতে তারা আসলে কাদের কথা বলছে? ফুটবলের মাঠে ক্রিকেটার নামালে তারা হয়তবা ভালই খেলবে বা অন্তত খেলতে পারবে কিন্তু মাঠে ভাল লোক নামাতে গিয়ে যদি কবি-সাহিত্বক-তাত্ত্বিক-জ্ঞানী লোক নামায়ে দেয় তবে খেলার মাঠ সংষ্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতি করবে যারা রাজনীতি বোঝে, যাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যারা সমাজের সকল স্তরের লোকদের জীবনযাপন গভীর ভাবে অনুভব করার ক্ষমতা রাখে। এই লোকেরা তাত্ত্বিক নাও হতে পারে, হলে ভাল কিন্তু দেশ ও সমাজের সকল স্তরের মধ্য হতেই তাদের উঠে আসতে হয় বিধায় লোক গুলো উচ্চতর স্তরের লোকের কাছে নোংরা মনে হলেও করার কিছু নাই, লোকটি খেলতে জানে কিনা তা এখানে বিচার্য । জাতীকে ভালবাসে কি না, সাধারণ জনতা ও জনমতকে মূল্যায়ন করে কি না, জাতীর উদ্দেশ্য সম্পর্কের সচেতন কি না? নেতৃত্ব দেয়ার ক্ষমতা আছে কি না? বিরোধ মীমাংসা করতে পারে কি না? ইত্যাদি বিষয়ে পারদর্শিতাই তাকে রাজনীতি করার উপযোগীতা বিচারের মাপকাঠি হওয়া উচিত। সে উচ্চ শিক্ষিত হলে তো অনেক ভাল কিন্তু তা হওয়াটা আবশ্যকীয় নায়। এই যে এইটি আবশ্যকীয় নয় তা অনেকে মানতে চায় না, এটা কি সম্ভব যে দেশের সবকটি লোক সমান ভাবে উচ্চ শিক্ষিত হবে, সব একই রুচির হবে, সবাই যেহেতু একই ভাষায় কথা বলে তাই সবাইকে একই ভাবে চিন্তা করতে হবে?

রাজনীতি কি নীতির রাজা নাকি রাজার নীতি তা নিয়েও অনেক বাক বিতণ্ডা রয়েছে। আমার মতে এটি দুটোই। রাজাই নীতি প্রণয়নের অধিকার সংরক্ষণ করতো, আজ প্রজাতন্ত্রে এই নীতি সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রণীত হয়। তাই এটি রাজার নীতি বটে, আবার সকল নীতির নেতৃত্ব স্থানীয় নীতি হিসেবে এটি নীতির রাজাও বটে। মূল কথা রাজনীতিতে সকলের অংশ গ্রহণ করা উচিত, সক্রিয় রাজনীতি না করলেও সবার উচিত রাজনীতির খোজ খবর রাখা, তা সবাই করেও কিন্তু জিজ্ঞাসা করলে বলবে, ভাই, রাজনীতি নিয়ে মাথা ঘামাই না, সব গুলোই চোর। দুর্নীতিবাজ লোকগুলোকে যদি আপনি মাঠ ছেড়ে দেন তো তারা চুরি করবে না কেন? এর জন্য তো ওরা নয় বরং আপনাকে দায়ী করা উচিত। সমাজের দায়িত্ব সম্পন্ন লোকগুলো যদি তাদের রাজনৈতিক মতামত প্রকাশ না করে তবে অসৎ/অসাধু লোকেরা তার সুযোগ নিবেই। যে কোন চা’এর দোকানের আড্ডায় রাজনৈতিক বাকবিতণ্ডায় রাজা উজির মারার প্রবণতা আছে। ঠিক ভেটের আগদিয়েই চা’এর কাপে ঝড় উঠে। এ সব আলোচনা রাজনীতিতে আপাত কোন প্রভাব ফেলে বলে মনে হয় না, তবে জনমত যাচাইয়ের জন্য ভাল তথ্য প্রদান করে। ওই আড্ডায় যদি একজন অন্তত শিক্ষিত লোক উপস্থিত থাকে ও অংশগ্রহণ করে তবে আলোচনা ভালোচনায় পরিণত হতে বাধ্য। আজকালকার টিভি টক-ঝাল শো গুলো ইদানীং রাজনৈতিক জনমত গঠনে ভালো ভূমিকা রাখছে বলে অনুমান করা যায়।

বেশ কিছুদিন আগে এক বড় ভাই বলেছিল, বাঙ্গালীরা কোন কিছু সহজভাবে গ্রহণ করে নি কোন সময়। এদেশের জনগণকে আলু খাওয়ান শিখিয়েছে পর্তুগীজরা, কিন্তু তারা কখনো আলু ভর্তা করে খায়নি। বাঙ্গালীদের সবকিছুই যেন একটু বেশী বেশী, আবেগ প্রবণতার প্রভাবে আসল বিষয়বস্তু গোলায়ে ফেলে। সেই গোপালের আমল থেকেই মাৎস্যন্যায় অবস্থাতেই নির্বাচন / নির্ধারণ হয়েছে রাষ্ট্র ক্ষমতার। একটু উনিশ বিশ করে সেই একই অবস্থা আজো বহাল আছে। রাজা-প্রজা সম্পর্ক কিংবা মালিক-দাস প্রথা আজ ভিন্ন ভাবে চালু আছে, যাদের তৃতীয় নয়ন আছে তারা তা ঠিকই দেখেতে পায়। সম্পদের সমান বন্টন স্বাভাবিক নয়, সুষম বন্টন হওয়াটা কাম্য কিন্তু সুষম হওয়ার মানদণ্ড কি হবে এবং কে তা নির্ধারণ করবে সে বিষয়ে কোন মীমাংসা আজো হয়নি। সর্বজন সম্মত মানদণ্ড বিধাতা ছাড়া কোন মানব বা মানবগোষ্ঠির পক্ষে প্রণয়ন করা সম্ভব নয়। পক্ষপাত মুক্ত মানব মন সম্ভব নয়। নিজের ভাই, নিজের ছেলে, আমার আত্মীয় ইত্যাদি বিষয়গুলো মানব মনে সাধারণ থেকে নিকটবর্তী হিসেবে বিবেচিত হওয়াটাই স্বাভাবিক। এটি যদি না হয় তবে বলতে হবে সে অতিমানব বা দেবাত্মা।

দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা নিরপেক্ষ মতামত এরকম হতে পারে যে, যেহেতু এই মুহূর্তে দেশের আর্থসামাজিক অবস্থা একটি চলমান প্রক্রিয়াতে রয়েছে আর যেহেতু এই প্রক্রিয়ায় চলমান থাকলে অদূর ভবিষ্যতে কিছু বৃহৎ প্রকল্প সফল ভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাকে সেভাবেই চলতে দেয়া উচিৎ। হটাত গাড়ির চালক পরিবর্তন  করলে কিংবা রোড ম্যাপ বদল করলে গন্তব্যে পৌছান দুষ্কর হয়ে যেতে পারে। কেবল খাম খেয়ালী-পনা করে কেউ যদি এরূপ মনোভাব পেষণ করে যে, গত বার যারা ক্ষমতায় ছিল তাদের বদলে দেখা যাক না অন্যরা হয়তবা আরো ভাল ভাবে দেশ চালাবে, যে সিদ্ধান্তের সাথে দেশের সকল ব্যক্তির ভাগ্য-জীবনযাপন জড়িত, যে সিদ্ধান্তর জন্য দেশের সকলের মতামত চাওয়া হচ্ছে, সে মতামত এত সহজে নেয়া উচিত নয় বলে আমি মনে করি। নিরপেক্ষ দৃষ্টি কোন থেকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যারা যোগ্যতার বিচারে সঠিক বলে মনে হয় তাকেই নির্বাচন করা উচিত।

গত পাঁচ বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতিতে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু নিরপেক্ষ বিচার বিশ্লেষণে বলা যায় যে, গত বছর গুলতে দেশের আর্থ সামাজিক পরিস্থিতিতে তেমন কোন বড় ধরনের বিপর্যয় ঘটে নাই। বর্তমান সরকার স্বাভাবিক দক্ষতার সাথেই উদ্ভূত সমস্যাগুলোর মোকাবেলা করেছে। কিছু এদিক ওদিক হয়েছে কিন্তু ৫০ বছরের দেশটা বয়সে বেশি বড় নয়, তাই সামান্য এদিক ওদিক হওয়াটাকে তেমন কোন বড় বিপর্যয় বলা ঠিক হবে না। সব থেকে বড় কথা হলো, ধরতে গেলে দেশটাতে দল আছে মোটে দু টা। বাকি গুলা এত ছোট যে তারা জাতীর পূর্ণাঙ্গ দায়িত্ব নেয়ার যোগ্যতা রাখে না। দুটো দলের একটি ক্ষমতায় আছে আরকেটি টিকে আছে তার অতি পূর্বের কিছু অর্জনের জন্য। দুটো দলের মধ্যে শক্তিশালীটিই ক্ষমতায় আছে আর দুর্বলটি সম্পর্কে তার ক্ষমাতয় থাকাকালীন সময়ে কৃত অপকর্ম গুল মানুষ এখনও ভুলে যায় নাই বলেই মনে হয়। আমি রাজনীতি সম্পর্কে সচেতন হই ১৯৮৫ সাল থেকে, হোসিইন মোহাম্মদ এরশাদ এর সামরিক শাসন এবং ১৯৯০ এর পর তিন তিন বার তত্ত্বাবধায়ক সরকার এর মধ্য দিয়ে গণতন্ত্র মুক্তি পাক’এ উত্তরণ। তার পর পর্যায়ক্রমে দুটি মূল দলের শাসনামলে এর পালা বদল শেষে আবারও রাজনীতিকে সামরিকীকরণের প্রচেষ্টার ব্যর্থতার পরবর্তী আওয়ামীলীগের পর পর দু বার শাসনামলের সব কিছুই দেখলাম। আমার বিগত ৩৭ বছরের অভিজ্ঞতা বলে যখন বর্তমানের ক্ষমতা বহির্ভূত দলটি ক্ষমতায় থাকে তখন প্রশাসনিক ও দেশ পরিচালনার সকল জাতীয় কল কব্জা গুলো কিছুটা হলেও ঢিলা হয়ে যায়। আর বর্তমান দল যেটি বর্তমানে ক্ষমতায় আছে তা’র সময়ে এই কল কব্জা গুলতে যথাযোগ্য লোকগুলো তার তার দায়িত্ব সঠিক ভাবে পালন করায় দেশটা দ্রুত আগায়ে যায়। এটা আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যা কারো মতামত দ্বারা প্রভাবিত নয়। আওয়ামীলীগের দাবি বিএনপি জন-বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কথাটা কম বেশি সত্য। বিএনপিতে নেতৃত্বদানকারী লোকবল কমে গেছে তা যে কারণেই হোক বুঝা যায়। ২০০৪ সাল হতে বর্তমান পর্যন্ত যতগুলো রাজনৈতিক ভাবে সক্রিয় লোকজনের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে তাদের মধ্যে বিএনপি পন্থী লোকগুলোর মধ্যে প্রচুর নেতিবাচক প্রবণতা লক্ষ করেছি যা আওয়ামীলীগ পন্থীদের মধ্যে দেখি নাই। এই অভিজ্ঞতাও আমার পক্ষপাত দুষ্ট মানসিক অভিজ্ঞতা নয় বরং নিরপেক্ষ বিচার থেকেই বলছি। যদিও সর্বাংশে নিরপেক্ষ নির্বাচন এখনো এদেশে আশা করা যায় না তার পরও কেউ না কেউ কোথাও না কোথাও কল কাঠি নেরে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করে লোক চক্ষুর অন্তরালে কাউকে না কাউকে ক্ষমতায় বসায়। তার পরও বলবো গণতাত্রিক ভাবে প্রস্তাবিত এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন এর আর প্রয়োজন নেই কিংবা বলা যায় যুক্তি যুক্ত নয়। সংবিধান অনুযায়ী কারো হস্তক্ষেপ বহির্ভূত ভাবে নির্বাচন কমিশনকেই নিরপেক্ষভাবে কাজ করতে হবে এ দায়িত্বে। ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এ দেশে পুলিশ প্রহরায় সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় মানে হলো এদেশের মানুষ এখনও ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রর মূল সঞ্জার সাথে সহমত নয় কিংবা অসম্পূর্ণ ধারনা পোষণ করে। সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বিন্দু মাত্র সম্মানবোধ রয়েছে বলে মনে হয় না বরং রয়েছে ঘৃণা ও সংঘাত প্রবণতা। গণতন্ত্রে বিশ্বাসী এই জনগোষ্ঠী মনে হয় যেন জানে না এখানে মানুষের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা সাংবিধানিক ভাবে ও আইনগত ভাবে সংরক্ষণ করা হয়। গণতন্ত্রের মূল চারটি স্তম্ভ বা পূর্ণাঙ্গ স্বাধীনতা তথা (১) ব্যক্তিগত স্বাধীনতা, (২) বিশ্বাসের বা ধর্মীয় স্বাধীনতা, (৩) মালিকানার পূর্ণ স্বাধীনতা আর (৪) ব্যক্তিগত মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা। এই চারটি স্বাধীনতা আইনগত ভাবে ও সংবিধানগত ভাবে সকল নাগরিকের জন্য মান্য করা বাধ্যতামূলক। তাই যদি জনগণ বুঝত তা হলে কিছু বিতর্কিত বিষয়ে মতামত প্রকাশের জন্য কেন কিছু লেখককে দেশান্তর হতে হলো কিংবা নির্যাতনের শিকার হতে হলো আবার কিছু ব্লগারকে হত্যা পর্যন্ত করা হলো? এ থেকে বুঝা যায় এ জাতির জনগণ এখনও সংবিধানের কয়েকটি বিষয়ে সর্বসম্মত ভাবে একমত হতে পারে নাই। আমার অভিমত দেশ ও জাতির বর্তমান পরিস্থিতিতে আওয়ামীলীগকেই আগামী টার্মের জন্য ক্ষমতায় আনা উচিত আর দেশের সংখ্যা গরিষ্ঠ জনগণকে এর পক্ষেই মত দেয়া উচিত। সমসাময়িক প্রেক্ষিতে এটি আমার একান্ত ব্যক্তিগত পক্ষপাতশুন্য নিরপেক্ষ অভিমত যা সময়ের সাথে ঘটনা প্রবাহের প্রেক্ষিতে অর্জিত অভিজ্ঞতার সাপেক্ষে স্বাভাবিক ভাবেই বদলাতে পারে। চলমান রাজনীতি একটি প্রবাহমান বাস্তব প্রক্রিয়া যাতে ধ্রুব বলে কিছু নাই। 

আপডেট হিস্ট্রিঃ ১৩ডিসেম্বর২০১৮ > ২৮অক্টোবর২০২২

Monday, October 3, 2022

মিথ্যা কি সত্যিই একটি অপরিহার্য বাস্তবতা

আনুমানিক ২০১২ সালের জুপিটার এ্যাসেন্ডিং মুভির মিথ্যা বিষয়ক কিছু ডায়ালগ আমাকে মারাত্মক অবাক করে দিয়েছিল। ডায়ালগ গুলো ছিল এরকম যে, মিথ্যা একটি অপরিহারযোগ্য বাস্তবতা। মিথ্যার অবর্তমানে সত্যকে যুক্তিযুক্ত করা যায় না, ইত্যাদি কয়েকটা বাক্য। ধ্রুব সত্য, আপেক্ষিক সত্য ও সত্যবাদিতা (Absolute truth, relative truth and truthfulness) নিয়ে কথা বলা অত্যন্ত ঝঁকিপূর্ণ কারণ সত্যকে চ্যালেঞ্জ করার মত সৎ সাহস খুব কম মানুষেরই আছে। আমরা মিথ্যা বলি না বা বলতে চাই না কিন্তু আমাদের বক্তব্য কতটা সঠিক সত্য তাকে সবসময়ই প্রশ্নবিদ্ধ করা যায়। সত্য-অসত্যর ব্যবধানটা কতখানি? বা কোথায়? সত্য কি সবসময়ই আপেক্ষিক নাকি বাস্তব সত্য বলে আরো কিছু আছে। বক্তব্যর দ্ব্যর্থকতা নিয়ে একটা দার্শনিক আরটিক্যালে এরূপ পড়েছিলাম যে, বাস্তবতা কেবল দ্ব্যর্থকই নয় বরং দৃষ্টিভঙ্গি নির্ভর বিভিন্ন প্রকার অর্থবোধকও হতে পারে। তার আগে বুঝে দেখি সত্য বলতে সচরাচর কি বুঝান হয় বা আমরা কি বুঝে থাকি। যা ঘটে তা বর্ণনায় অতিরিক্ত বা কম বলা কিংবা তার সাথে অতিরঞ্জিত করে আরও কিছু সংযোজন করে বলা বা সম্পূর্ণ অন্য কিছু বলাই কেবল মিথ্যা নয় এমনকি কোন সত্য গোপন করাও মিথ্যার সমার্থক। সত্য গোপন করা বা সত্যর সাথে মিথ্যার মিশ্রণ করা উভয়েই সমান মিথ্যা। এর উপর আবার মিথ্যার প্রকার ভেদ আছে, যেমন ছোট মিথ্যা আর বড় বা ঢাহা মিথ্যা। ছোট মিথ্যা হলো সামান্য ঘটনা যা না বললেও কিছু যায় আসে না কিংবা কিছুটা ঘুরায়ে বললে বড় কোন দুর্ঘটনা এড়ানো যায়। এরূপ ভাবনা থেকে যে  সব মিথ্যা বলা হয় তাকে ছোটখাটো মিথ্যা বলা হয়ে থাকে। আর ডাহা মিথ্যা হলো সত্যকে সম্পূর্ণ অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করা। সত্য গোপন করা যে মিথ্যা হতে পারে তা আমার মনে হয় অনেকেই জানে না কিংবা ঠিক মিথ্যার পর্যায়ে ফেলে না। সকলের মনে সত্য মিথ্যা সম্পর্কে একই ধারণা না থাকায় সমাজে এর ভুল প্রয়োগ হয় আর নানা ঝামেলার সৃষ্টি করে।  সত্যকে স্পষ্ট করে বুঝতে না পারলে কিংবা মিথ্যার সাথে সত্যের পার্থক্য করতে না পারলে যতই সততা সংঘ কিংবা শুদ্ধাচার সংঘ করা হোক না কেন সমাজ থেকে মিথ্যাচার দুর করা যাবে বলে আমার মনে হয় না। আর মিথ্যাচার থেকেই সকল প্রকার দুর্নীতির সূত্রপাত বলা যেতে পারে। ”সদা সত্য কথা বলিব” এই প্রতিজ্ঞা ভঙ্গ অনেকের সেই স্কুল জীবন থেকেই শুরু হয় তাই বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলতে চলতে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। ছোট খাট মিথ্যা তো মানুষ অহরহ বলছে আর সত্য গোপন হর হামেশাই করে চেলেছে অনেকে। এমনকি কথা একটু ঘুরায়ে বলার ডিপ্লোম্যাসি আয়ত্ত করার চাতুর্যকে অনেকে সফলতার কৌশলও মনে করে। সত্য বলতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারার মত পরিস্থিতি সৃষ্টি হলে মিথ্যা বলাই শ্রেয় এটাই এখনকার প্রচলিত মতামত। এরূপ মন ভঙ্গিকে কি আপনি স্বাভাবিক কলতে পারেন? 

একটি ঘটনা বাস্তবে যখন ঘটে তখন তা নানা জন নানা ভাবে অনুধাবন করে তাই পরবর্তীতে তাদের বর্ণনাতেও পার্থক্য পাওয়া যায়। এই পার্থক্যকে কি আমরা মিথ্যা বলতে পারি? সকলেই সৎ ভাবে ঘটনাটি বর্ণনা করেছে তাহলে মিথ্যাটা কোথায়? অনেক সময় তারা মূল ঘটনার ছোটখাটো অংশ ভুলে যায় আর অনুমানের উপর নির্ভর করে বক্তব্য দেয়, এই অনুমান নির্ভর বক্তব্যও তো সঠিক নয়। অতিরিক্ত বিশেষণ সংযোজন করে অতিরঞ্জনও বাস্তব ঘটনার বিকৃতিকে নির্দেশ করে। ভুল বলা আর মিথ্যার মধ্যে পার্থক্যটা মূলত মানুষের অভিপ্রায় বা ইনটেনশন নির্ভর বক্তব্য। একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে সত্যকে বিকৃত ভাবে উপস্থাপন করে তা সে তার স্বার্থ সিদ্ধির জন্যেই হোক বা না হোক তা মিথ্যার পর্যায়ে পরে যাবে। তাই মানুষের কুচিন্তা/অসৎ ইচ্ছা প্রসূত সত্য উপস্থাপনই মিথ্যা। 

মানুষের সহজাত প্রবৃত্তি হলো সত্য বলা তাই মানুষ তখনই মিথ্যার আশ্রয় নেয় যখন তার সাথে স্বার্থ জড়িত থাকে। মিথ্যার মাধ্যমে সে কোন বিপদ থেকে বাচতে চায় কিংবা কোন উদ্দেশ্য হাসিল করতে চায়। মানুষের খারাপ অভিপ্রায় থেকেই মূলত মিথ্যার সৃষ্টি হয়। অনেকে মধ্য পন্থা অবলম্বনের কথা বলে যা সত্যও নয় আবার মিথ্যাও নয় অনেকটা ডিপ্লোম্যাটিক বক্তব্য, কিন্তু এরূপ বক্তব্যও মিথ্যা কারণ তা সত্যকে গোপন করে কিংবা তা প্রকাশ করা থেকে বাধা দেয়। ছোট খাট কয়েকটা মিথ্যার উদাহারন দিলেই বুঝা যাবে এই মিথ্যা কতটা প্রচলিত ও সমর্থিত। বস একটা কাজ করতে দিয়েছিল দু এক দিন আগে, আজ জিজ্ঞাসা করতে বলা হলো কাজটা চলছে আদতে সে কাজটা বা ফাইলটা ধরেই দেখে নাই। এটা অনেকটা জনি জনি ইয়েস পা পা, ইটিং সুগার নো পা পা, ওপেন ইওর মাউথ, হা হা হা এর মত মিথ্যা। ধরা পরলে হাসি দিয়েই উতরে যাওয়া যায় মিথ্যা। একটা মিথ্যাকে ঢাকতে অনেক সময় এটার পর একটা মিথ্যা বলতে হয় আর এর এক পর্যায়ে শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না তেমনি নিজের দোষটা বের হয়ে আসে যে সে মিথ্যা বলছে। ছোট ছোট মিথ্যা বলা থেকেই বড় সড় মিথ্যা বলার চর্চা শুরু হয়। কেউ কেউ যত্র তত্র মিথ্যা বলতে বলতে সিদ্ধ হস্ত হয়ে যায়। তাদের কেউই আর বিশ্বাস করতে পারে না। ২০১৫ সালের দিকে লাভের আশায় আমার বাড্ডার বাসার কেয়ারটেকারের বড় ছেলের প্ররোচনায় নিটোল মটরস থেকে একটা টাটা ইএক্স-২ পিক আপ ভ্যান কিনেছিলাম। ওর কথা ছিল গাড়িটা রাস্তায় নামাতে ১ লক্ষ টাকা লাগবে আর মাসে মাসে ২২ হাজার টাকা কিস্তি দিয়েও প্রতি মাসে ৩০ কি ৪০ হাজার টাকা বাড়তি থাকবে। হাতে টাকা ছিল তাই গাড়িটা রাস্তায় নামালাম, কয়েক মাসে সত্যটা পাওয়া গেল, মাসে মাসে ২২ হাজার টাকা জোগাড় করাই কষ্ট হয়ে দাঁড়াল। ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে মিথ্যা প্রলোভন দেখিয়েছিল। একবার জিপিএস ট্রেকার চেক করে দেখলাম ড্রাইভার সারা রাত গ্যারেজে গাড়ি রেখে পরদিন সকালে বলে কি না সে সারা রাত পুলিশের রিকুইজিশান এর ডিউটি দিয়েছে। যা ছিল পুরপুরি মিথ্যা। তার পরপরই ও’র কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নিলাম। ভাগ্যিস গাড়িতে জিপিএস ট্রেকার লাগান ছিল। বহু কষ্ট হয়েছিল গাড়িটাকে অন্যত্র বিক্রি করে দেওয়ার সময় আর লসের কথা না হয় নাই বললাম।

মানুষের সন্দেহ প্রবণতাও অনেক সময় সত্যকে মিথ্যায় পর্যবসিত করে। গাড়ির ব্যাটারিটা বসে গেছে, ড্রাইভারকে বলা হয়েছিল কয়েকদিন পর পর গাড়ি চালু করে রাখতে যাতে ব্যাটারিটা বসে না যায়। সে তাই করেছে। কিন্তু ডাস্ট ব্যাটারি হওয়ায় ব্যাটারিটা বসে যায়। মালিক তো তার উপর মহা খেপা, তার বিশ্বাস ড্রাইভার নিয়মিত গাড়ি স্টার্ট দেয় নাই। সে মিথ্যা কথা বলছে। এটা কি মিথ্যা না কি সত্য তা যাচাই করার উপয় নাই। হতে পারে ড্রাইভার মিথ্যা বলছে কিন্তু কেন সে তা করবে। সে যদি পুরান হয় তবে তার অপরাপর আচরণগুলো বিচার করলেই কিন্তু সত্য টা পাওয়া যায়। মিথ্যা বলার পিছনে তো একটা যুতসই উদ্দেশ্য বা এলিবাই থাকতে হবে। গাড়িটা নিয়মিত চালু করা তেমন কোন কঠিন কাজ নয় আর তা সে করবেই বা না কেন যদি না তার কোন অসৎ উদ্দেশ্য থাকে। আমার সরল বিবেচনায় ড্রাইভার মিথ্যা বলছে না বরং তাকে অযথা মিথ্যাবাদী বানান হচ্ছে কেবল মাত্র সন্দেহর উপর ভিত্তি করে। গাড়ি চাপা পড়ে একজন আহত হলো জুরিসপ্রুডেন্সের কাজ হল গড়ির ড্রাইভারের অভিপ্রায়কে মূল্যায়ন করা।, সে কি ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তিকে আহত করতে চেয়েছিল না কি বিষয়টি একটি অসাবধানতা বসত দুর্ঘটনা। এই অভিপ্রায় যদি নেতিবাচক হয় তবে ড্রাইভারটি দোষী অন্যথায় সে নির্দোষ। 

মানুষে মানুষে যোগাযোগ বা কমিউনিকেশন গ্যাপের কারণেও মিথ্যার সৃষ্টি হয়। ভুল বুঝাবুঝি হর হামেসাই লোকজনের মাঝে চলতে থাকে। সবার কথা বলার দক্ষতা সমান না, একটা বলতে গিয়ে অন্যটা বলে বসে। সবার মেধা, জ্ঞান, অভিজ্ঞতাও সমান হয় না। ভাষা গত বিভ্রাট, শব্দের অর্থের ভুল ব্যাখ্যা বা ভিন্ন অর্থে শব্দের ব্যবহার অনেক ঘটনাকে ভিন্ন ভাবে ব্যাখ্যা করে। অসাধু সংবাদিকরা এ ব্যাপারে ওস্তাদ বটে। ক থেকে কর্কশ কাক হবে না সুরেলা কোকিল হবে তা তারা লেখার আগেই ঠিক করে নেয়। এখানেও দেখা যাচ্ছে মানুষের অভিপ্রায় বা উদ্দেশ্যর অস্পষ্টতা বা নেতিবাচকতাই মিথ্যার জন্ম দিচ্ছে। গাড়ী চাপায় দু জন ছাত্র-ছাত্রী মারা গেছে এ বিষয়ে সংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের মন্তব্য জানতে চেয়েছে, বেচারা মন্ত্রী তখনও বিষয়টি বিস্তারিত জানেন না, আর সে একটা ভিন্ন বিষয়ের মিটিং নিয়ে ব্যস্ত ছিল। তাই স্বভাব সুলভ হাসি দিয়ে সে তার পরিস্থিতিটা বর্ণনা করেছে মাত্র। ব্যাস সংবাদ রটে গেল দু জন ছাত্র ছাত্রী মারা গেছে অথচ মন্ত্রী মহোদয় তা নিয়ে হাসছে ও একে তুচ্ছ ঘটনা হিসেবে বিচার করছে। উক্ত মন্ত্রী মহোদয় এর সকল বিষয়ে হাসি দিয়ে কথা বলাটা একটা প্রকট মিথ্যা। সে হাসিটা সর্বক্ষেত্রে কৌশলগত ভাবে ব্যবহার করে থাকে সকল পরিস্থিতি হালকা করার জন্য। তার এই মোক্ষম অস্ত্রটা তার জন্য কতটাই না বিপদের কারণ হয়েছিল সেই সময় তা সকলেই জানেন। 

সত্য বা মিথ্যা বলা নিয়ে জনপ্রিয় মুভি বোধ হয় জিম ক্যারির ”লাইয়ার লাইয়ার” যেখানে দেখানো হয় একজন আইনজীবীর পক্ষে সত্য বলাটা কতটা কষ্টকর । ছেলের বার্থডে উইশ ছিল যে তার বাবা আর কখনও মিথ্যা বলবে না, সত্য সত্যই তাই হল, আর সত্য বলতে গিয়ে তার বাবার যে প্রাণান্তকর অবস্থা হয় তাই ছবিটির বিষয়বস্তু। ডাহা সত্য বলতে গিয়ে সে তার চাকরীতে বিপদে পড়লো, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কচ্ছেদ হলও আরো কত কি।  সত্য সম্পর্কে এর সঞ্জাটাকে নতুনভাবে মূল্যায়ন করতে হবে। “সদা সত্য কথা বলিব” বলতে আসলে কি বুঝান হচ্ছে। নিজের ক্ষতি হলেও সত্য কথা বলতে হবে এমন ব্রত কি বর্তমান সময়ে সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য করা যাবে? 

সত্যের আপেক্ষিকতা ও সত্য-অসত্য–সততা সংঘ বিষয়ে গুণীজনদের আরো সরব হতে হবে। এটা যেন ধরেই নেয়া হয় যে, সত্য কি তা সবাই জানে বা বুঝে। সবাই বুঝে ঠিকই কিন্তু একেক জন ভিন্নতর ভাবে বুঝে তাই সকলের বুঝের মধ্যে সমতা নাই। শিক্ষার উদ্দেশ্যই হলো সকলের মধ্যে একই ধরনা বা ধারণার সমতা নিশ্চিত করা। কিন্তু ধারনার সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো বড় বড় দুর্ঘটনার কারণ তা হয়ত আমরা চিন্তা করে দেখি না। ধারণাগত বিশৃঙ্খলাই সকল অসত্যর মূলে কাজ করে বলে আমার বিশ্বাস।


এডিট হিস্ট্রিঃ ১৪নভেম্বর২০১৯ > ২৩জানুয়ারী২০১৯ >২২সেপ্টেম্বর২০২২ >০২অক্টোবর২০২২