Saturday, June 14, 2025

T.H. Chowdhury অনুকাব্য সংগ্রহ

 

তারেক হোসেন চৌধুরী (ওপেল) এর অনুকাব্য

Pen Name: T.H. Chowdhury 

 

নগরের সকাল প্রতিদিন
চক্রযান জঞ্জালে শুরুটাই মলিন,
বন্ধ করা যায় কান - দিয়ে হেড ফোন
অন্ধ তো হয় না চোখ, অন্ধ হয়না মন।
হঠাৎ হঠাৎ শুনি কিছু বিহংগ ডাকে
জঞ্জালের এ শহরে তারা কোথা যেন থাকে!
অলক্ষ্যে শুনে শুনে সব ডাক গুলো চেনা,
ডাকগুলো চিনি হায় পাখি তো চিনিনা!
নগরের এ জীবন আহা কৌতুকের মেলা,
অন্ধ চোখ খোলা রেখে সতর্ক হয়ে চলা!

২৭-৯-২০২২

 

একটি একটি করে
করে দিওনা জানালা সব বন্ধ,
বাইরে ফুটেছে ফুল
আসিতে দাওনা তার সুগন্ধ।
আসুক না বর্ণচ্ছটা
কেন চোখ থেকেও রইব অন্ধ?
বয়ে যাক না হাওয়া
হাল্কা মৃদুমন্দ॥

২৭-৯-২০২২

 

গ্রহণের গ্রাসে
যে শহর সর্বদা ভাসে,
পূর্ণিমার গ্রাসে
তার কী যা যায় আর আসে !

৭-৯-২০২৫
পূর্ণগ্রাস চন্দ্রগহণকালে

 

 সবারই ছুটি লাগে
ছুটিতে যায় চাঁদও
অমাবশ্যায় আঁধার হয়ে যায়
আমার মাথার ছাদও।

৮-১২-২০২১

 

আরেকটি দিনের
সূর্য উঠেছে-
নাগরিকেরা সব
নগরে ছুটেছে।
পাখি নয় তারা
খাবার খোঁজে না,
মেঘ তারা নয়
পাহাড় খোঁজে না-
জানেনা কী খোঁজে
তবু তারা ছুটে,
সহস্র বছর
মরে খেটে খুটে!

নগর তাহারে
দেয় আশ্রয়-
কিন্তু নগরে
নেই প্রশ্রয়,
নগর তাদের দিবে অন্ন -
সেজন্য তারা খাটে,
পাখির মত এখানে খাবার
পরে নেই হাটে বাটে।

নগরে ছুটিয়া খাটিয়া খুটিয়া
দুমুঠো খাবার পাই,
ক্ষুধার্ত মনেরও খাবার লাগে
সেই প্রশ্রয় নাই!

৮-১০-২০২২

 

ভোরের মিষ্টি রোদে তপ্ত রাজপথ,
নগরের বুকে আঁকা পিচ ঢালা ক্ষত,
প্রতিদিন বহে যায় জীবন হেথায়,
ধুলি ধূম্র বালুকণা আমারে শুধায়,
কার পানে ছুটিছ? সে আজ কোথায় ?

৯-১২-২০২১

 

 জানো, অনেকদিন হল লিখি না,
ছন্দ কবিতা গল্প চিঠি কিছুই না!
লিখতে হলে না কি মন লাগে,
লাগে স্বপ্ন বা যা কিছু ভাল্লাগে।
আবার কেউ বা বলে কষ্ট জমলে
তবেই নাকি কবিতা জমে!
আমার কি তবে ভাল্লাগা নেই?
নেই খারাপ লাগাও?
আমরা হয়ত মনটাই নেই!
শুধু লাগাম ঠেলে জীবনটা আগাও!

----- ০৯/০৫/২০২৩

 

তুমি কি জানো
অনেকদিন লিখি না আর কবিতা?
আমি যে লিখে গিয়েছি
কত দিন কত কবিতা পাতার পর পাতা
তুমি তো সেটাই জানো না।
এখন আমি না লিখে না লিখে
সময় করছি নষ্ট,
অথচ লিখবার মত আছে আমার
কত বিলাসী কষ্ট!
কলম আছে, আছে কাগজ
কবিতা লিখে ফেলা তো কত সহজ।
তবুও লিখিনা কবিতা-
এ এক বড় কষ্টকর অলসতা!

অভিশপ্ত রাজকন্যার ঘুম ভাংগাতে
সোনার কাঠি রুপোর কাঠি
খুঁজে পেতে আমি নগরের পথে পথে হাঁটি।
যেদিন তোমার ভাংগবে ঘুম
সেদিন আবার শুরু হবে
আমার কবিতার ধুম!

--- ২৯/০১/২০২৩

 

অনেকদিন তোমায় দেখিনা
অনেকদিন কিছু লেখি না।
শীত নাকি শেষ, এসেছে বসন্ত।
আমার তো জমে গ্যাছে সময় তোমাতে
বিষন্ন স্থবির অনন্ত হেমন্ত!

--- ১৬/০২/২০২৪

 

এখনও কবিতা লিখি,

খাতা খুলে খুলে দেখি,

ছন্দেরা আনন্দ করে,

খেলে পুরো পাতা জুড়ে-

তুমি কি মনের ভুলে

একবার দেখবে চোখ তুলে?

প্রেম নেই, তবু আছে ছন্দ !

উপেক্ষিত ফুলের নিষ্ফল সুগন্ধ।

----------২৯-৮-২০২২

 

চিড়িয়াখানার গল্প

একটি চিড়িয়াখানার গল্প,
শুনবে?
সময় আছে কি অল্প?
চলবে?

যেখানে রাত হয়, দিন হয়
হয় বৃষ্টি,
আছে চিত্রল, আছে ময়ুর,
সব সুন্দর সৃষ্টি!

আছে আকাশ, বহে বাতাস
রাতের নক্ষত্র,
আছে বাঘ, আছে খাটাশ
চিড়িয়া সর্বত্র।

সবাই খাঁচায় থাকে
করে না দৌড় ঝাপ,
সবাই ভদ্র থাকে
বন্যতা হেথা পাপ।

একটি চিড়িয়াখানার গল্প,
শুনবে?
সময় আছে কি অল্প?
চলবে?

এই মহাসুখী খানায়
আমিও এক চিড়িয়া,
কেউ নাই আমারে বাঁচায়
খাঁচাটি ছিঁড়িয়া ?

১০-১২-২০২১

------ 

খাঁচা তো বিনি সুতোয় বোনা

কেন তুমি ছিঁড়ে বেরুচ্ছোনা?



৪-১০-২০২২

বানর তো টপকায় দেয়াল,

দেয়ালেরও পরে আছে খাঁচা--

করে নি সে খেয়াল!



২০২১

আমি বাঁচতে না চাইলেও

তোমার জন্য বাঁচতে হবে?

তুমি বাঁচতে না চাইলেও

আমার জন্য বাঁচতেই হবে।



এ জীবনে আর নিজের জন্য

হল না বাঁচা ।

আমরা দুজনা দুই খাঁচা !



২৬-১২-২০২১

-------

২০১৯

ঐ ঠোঁটে আটকে আছে দৃষ্টি

কী মিষ্টি কী মিষ্টি

চোখের মনিতে টলটলে দৃষ্টি

যেন বর্ষার প্রথম পশলা বৃষ্টি।
 
 
 ০৩-০১-২০২৫

ভেবেছিলাম ফুটাবো ফুল
শুকিয়ে গেলাম শিকড়ে,
যা করেছি সব করেছি ভুল,
হলো না উঠা আর শিখরে !

১৪-০৮-২০২৫

তাহাকে বলিলাম তুমি
দিও মোর কলমখানা চুমি,
টুকটাক কবিতা আমি লিখব…
কলম চুমিতে গিয়ে যে সে
হাতে চুমিলো হেসে,
কবিতা হইয়া গেলো মহাকাব্য!

২৩-১২-২০২১

(১)

খুঁজিতেছি আমি তার চুড়ি
জন্ম জন্মান্তর ধরি-
নিটোল সে হাতে মানাবে কি কাঁচ?
বিধাতার হাতে গড়া নিখুঁত সে ছাঁচ!
খুঁজিতেছি খুঁজিতেছি কতকাল ধরি
সোনা নয়, রূপা নয় - সে কাঁচের চুড়ি!
শিউলীর গন্ধমাখা সে নিটোল হাত
রেশমী চুড়ির খোঁজে কত কত রাত,
নির্ঘুম হাঁটি আমি পাথুরে পথে
পারি দেই প্রান্তর রথে মহা রথে।
নূহের নৌকায় ভেসে ইতিহাস গড়ি
কোথাও পাইনি তবু রেশমী সে চুড়ি!

নির্বাণপ্রাপ্ত হয়ে বুদ্ধ হয় শ্রান্ত,
আমার চুড়ির খোঁজ চলে অক্লান্ত !
একদিন কাঁচের এক আয়না খুঁজে পাই,
উদ্ভ্রান্ত চেহারায় সেদিকে তাকাই…
টুং টাং ভংগুর চুড়ি রেশমী,
কোথায় খুঁজিয়া মরি  — সে চুড়ি যে আমি !

(২)

গল্পটি সহস্র বছর আগেকার
বিজ্ঞানীরা করেছে আবিষ্কার,
চকচকে টুং টাং কাঁচ।
তারপর কে বানালো ছাঁচ-
কোন এক শিল্পীর মহা কারিগরি,
ঝিলমিল টুং টাং রেশমী চুড়ি !

কত কত বছর
পেরুলো তারপর,
সময় চলেছে তবু কাটে না সময়,
সবাই অপেক্ষায় - কবে আসবে সে সময়-
প্রেমিক পড়াবে চুড়ি তোমার ঐ হাতে,
মহা প্রলয় থেমে আছে সেই অপেক্ষাতে।


তুমি যত নীরবেই কাঁদ

লুকানো থাকেনা জল,

ভিজে যায় আমার ছাদও,

এতো হৃদয় হারানোর ফল !

৩১-১০-২০২২
---

আমি তো পরিশ্রান্ত নই, তবে
অবসন্ন হওয়তো বা,
মনে পরে না শেষ হেঁটেছি কবে
প্রচ্ছন্ন স্মৃতি তা।
আমি তো কবি নই- মালয় সাগর
বা সিংহল দ্বীপ ঘুরিনি,
দেখিনি ভোরের ঘাস বা ইষ্টক নগর।
ঘুরিনি কোথাও - কোথাওই ঘুরিনি।
উপেক্ষা আর অপেক্ষায় আমি ক্লান্ত,
কবে শেষ হবে অপেক্ষার পালা?
আমি নই পরিশ্রান্ত,
আছি শুধু বসে, পাশে জানালা খোলা !

১৪-১২-২০২১

-----
হেঁটেই চলেছি

কোটি বছর হয়ে গেছে পার
ভেবেছিলাম এবার হল শেষ
হাঁটা আমার।
কতই তো হলাম পার পাহাড় নদী সাগরের পাড়!
এবার পালা প্রস্তুতি নেবার
জীবনের শেষ দেখবার।

করে এসেছি পার,
জীবনের কত শান্তি কত ক্লান্তি কত ঘাত প্রতিঘাত
সুতরাং এবার জীবনের পথ চলা
শেষ নির্ঘাত !
কোটি বছর হয়ে গেছে পার
ভেবেছিলাম পথ শেষ এবার। 

হাঁটার ক্লান্তি লয়ে পথ পাশে দেখে সাদা ফুল,
কি জানি কি হয়ে গেল ভুল!
হাসনা হেনা মনে করে
এগিয়ে গিয়েছি আমি
যেমন যায় সৌরভে মাতোয়ারা সাপ
বুঝিনি আমার পাপ,
হাতে নিতে দেখি এ তো বসরার সাদা গোলাপ!
সাদা তার পল্লব, কালো তার কাঁটা
না দেখে সে সৌন্দর্য পার করেছি এতটা হাঁটা ।
কোটি বছর হয়ে গেছে পার
হৃদয়ে কত রক্ত থাকে তা জানা ছিল না আমার!
ফুটিয়ে কাঁটা ঝরিয়ে রক্ত সড়িয়ে পায়ের নীচের  শক্ত
মাটি-
আমি আবারও  হাঁটি।

কোটি বছর হয়ে গেছে পার
শেষ আর হল না আমার হাঁটার।

৩-১১-২০২২

----
উপেক্ষিত অপেক্ষা

অপেক্ষা করতে পারি
এক শত বছর
অথবা সহস্র বৎসর
অপেক্ষা করতে পারি এক কোটি বছরও।
অপেক্ষায় আমার ক্লান্তি নেই।

একদিন একা প্ল্যাটফরমে দাঁড়িয়েছিলাম।
ট্রেন লেট করেছিল এক ঘন্টা।
একদিন দুই কিলোমিটার পথ
জ্যামে বসে পাড়ি দিয়েছি
দেড় ঘন্টায়।
বিলাতের রানীকে
রাস্তায় দাঁড়িয়ে স্বাগত জানাব বলে 
সহপাঠিদের নিয়ে দাঁড়িয়ে ছিলাম দুই ঘন্টা
তপ্ত রাজপথে।
অপেক্ষায় আমার ক্লান্তি নেই।

বাবার হাতে লাগানো
শিউলি গাছটা আর ফুল দিচ্ছে না পাঁচ বছর হল।
নতুন চারাগুলোয় ফুল আসবে
অপেক্ষায় আছি। 
আমি অপেক্ষা করতে পারি বহু বছর।

বহু বছর হল
হিসেব নেই কত বছর,
কেউ আর চিঠি দেয় না। আমিও দেই না কাউকে।
জানিনা কে আমাকে লিখবে!
অপেক্ষায় আছি। 
আমি অপেক্ষা করতে পারি বহু বছর।

তুমি যদি চাও
আমি অপেক্ষা করতে পারি এক কোটি বছরও।
অপেক্ষায় আমার ক্লান্তি নেই।
সময়কে স্থির করে রেখে
যেমন অপেক্ষায় থাকে অশ্বত্থ বৃক্ষ।

এক কোটি বছর 
কেটে যাবে সহজেই।
মাত্র তো এক কোটি।
ধমীনতে রক্ত হয়ত জমে যাবে।
ক্ষতগুলোর রক্তক্ষরণ যাবে থেমে।
স্থুল হয়ে যাবে সব যা কিছু সূক্ষ্ম ।

এক কোটি বছরে
হৃদযন্ত্রের স্পন্দন
হয়ত হয়ে যাবে ধীর।
আকাশের কিছু তারা খসে গিয়ে কমে যাবে।
কিছু নদীর প্রবাহ যাবে থেমে।

কিন্তু তুমি ফিরে এলে
এক কোটি বছরে
আমার হৃদয়কে পাবে তুমি
টসটসে টগবগে তপ্ত রক্তে ভরপুর।
এক কোটি বছর তো অল্প কিছুদিন
অল্প কিছুদূর।

তুমি যদি চাও
অপেক্ষায় আমার ক্লান্তি নেই।
আমি অপেক্ষা করতে পারি এক কোটি বছরও।
অথবা যদি বল,
অপেক্ষা করব আরও কিছু কোটি বছর।
একটি একটি করে প্রতিটি তারা
খসে খসে শেষ হতে
লাগে যত কোটি বছর।

৩-১১-২০২২
----
সুতোয় বাঁধা পাখি

প্রতিদিন কাব্য করি
কিছু লিখি সুখের কথা
দুখের কথা।

কিছু লিখি নাটুকে ভাবে
যেন ভাব কত!
যেমন যাত্রার বিবেক গায়
ভাঁড়ের মত!
প্রতিদিন কত কথা
মাথায় ঘুরে ঘুড়ির মত।

যদি বাতাস হতে তাদের
খপ করে না ধরি,
ভেসে ভেসে হারিয়ে যায়
যেন সুতা ছেঁড়া ঘুড়ি।

ঘুড়ি উড়তে লাগে সুতো,
কিন্তু সুতোয় বাঁধা পাখি
পারেনা উড়তে।
মনকে কি তাহলে সুতোয় বাঁধবো?
নাকি দেব ছেড়ে নীলাকাশে ঘুরতে?

২৬-১০-২০২২


----
১০-১২-২০২২

বন্ধ ঘড়ি


এভাবেই কেটে যাবে জীবন,

এভাবেই কেটে যায়  হায়-

বহুতল দালানের জানালায়

জীবনের সঙ্গীরা থাকে না সাথে,

থাকে স্বচ্ছ কাঁচের উইনডো ফ্রেমে

নিঃশব্দ তারায় তারায়।

শুধু নিঝুম রাত্রির একাকী ঘড়ি,

আমার মগজে করে টিকটিক।



এভাবেই কাটছে জীবন

চলছে না শরীর তবু সচল এ মন।

যেদিন পড়বে চোখে ছানি

জানালায় তারারা হবে ঝাপসা,

সেদিনও টিকটিক করে

স্লো হয়ে আসা ঘড়ির কাঁটা

বেঠিক সময় দিয়ে বলবে ঠিক, ঠিক।



এভাবেই কাটিয়ে জীবন

চামড়ায় পড়বে আঁকিবুকি ভাঁজ,

হাত, কান, চোখ করবেনা আর কাজ।

নিঃশব্দ অন্ধকারে আমার মন ও মগজে

কে যেন শব্দ করে যাবে টিকটিক।


(১২) ২০-১-২০২৪
চোখের জলে কাব্য জ্বলে
ফুলের গন্ধে জ্বলে না,
কষ্ট পেলে কলম চলে
সুখে কলম খোলে না ।

(১১) ২৪-৭-২০২৩
কন্ঠ তার
কৃষ্ণসাগরের গভীর থেকে
ভেসে আসা বুদবুদের মত
বিষন্ন,

চোখে তার
শুকিয়ে আসা ধুসর ক্লান্তি
গোবি মরুভূমির মত
আসন্ন,

তবু সে বলেছিল,
দেখা হবে কোনোদিন।
সে আশায় আমি শ্বাস টেনে
বসে আছি প্রতিদিন। 

(১০) ৯-২-২০২৩
পৃথিবী ‘পরে বারবার চাঁদ
এসে চলে যায় চুমি,
দেখেছ কি তা তুমি?

রুক্ষ পৃথিবী ধুলি ধুসরিত
ম্লান বয়সের ভারে,
চাঁদ কভু ছাড়ে না তারে!

সোনার খাঁচায় বন্দী আমি
চারিদিকে পাতা ফাঁদ,
… তুমি কি আমার চাঁদ?

(৯) - ১১-৮-২০২২
হাতে চা,
জানালায় কৃষ্ণচূড়া,
তুমি দৃষ্টিতে
প্রকৃতি ভেজা বৃষ্টিতে …

(৮) -১৭-১২-২০২১
বলেছিলে তুমি 
আঁকিতে বৃষ্টি,
আঁখি পানে মোর
দাও না দৃষ্টি;
যত ঝিরঝির বারি 
ঝরে হেথা,
কোন জলধরে 
পাবে তা কোথা?

(৭) – ০৪-০৯-২০২২
মনে শুধু তুমি যদিও তুমি আজ দূরে
সাবধানে চলিও এ বৃষ্টিভেজা ভোরে,
শরীরটা রেখো ঢেকে আঁচলটা তুলি,
ভিজে যেও না যেমন ভিজে ভোরের শিউলী।

(৬) - ৭-১১-২০২২
রাত জাগে প্রতিদিন চাঁদ,
জোছনায় প্রতিদিন ভাসে না তো ছাদ।

আমিও চাঁদের মত জেগে থাকি রাতে,
কখনও জীবন উজল হয় না জোছনাতে।

চাঁদ নয় আমি যেন নিশাচর প্রাণী,
আঁধারেরই মাঝে আমি বেঁচে থাকা জানি।

(৫) - ৯-১১-২০২২
এখন অনেক রাত জানি,
সময় এখন বন্ধ করার
আমার কলম খানি।
দুচোখ বুজে এখন আমার ঘুমিয়ে যাওয়াই ঠিক।
জীবন কখনও বুঝে না হায়
কী ঠিক আর কী বেঠিক!

(৪) - ১৭-১২-২০২১
এ নগরে একদিন বৃষ্টি ঝরবে
রিকশা চলবে ভেজা পথে
একদিন এ নগরে দৃষ্টি পড়বে
বিধাতার, অলস স্বর্গ হতে।

সেইদিন যদি তুমি স্খলিত পদে
বেরিয়ে এসে উঠো রিকশায়,
আমিও বেরুবো আড়ষ্ঠ গুহা হতে।
একদিন ভিজলে কী বা এসে যায়।

(৩) - জুলাই ২০২২
কত কবিতা আমি লিখে যাই মনে
খাতাতে তা আর তুলি না।
আমার কোনো যে পাঠক নেই 
তাই ভুল আর করি না।

(২) - ৭-৬-২০২২
পাঠক নাই তবু লিখি,
একা বেঁচে থাকা শিখি।

(১) - ৬-৬-২০২২ পূনঃলিখন ১৭-৬-২২
চাতক বৃষ্টি চায়,
চায় না হয় তো ডাহুক,
এখন বৃষ্টিরই সময়,
কেউ না চাইলেও পড়ুক।

---------------
৩-১-২৫
ভেবেছিলাম ফুটাবো ফুল
শুকিয়ে গেলাম শিকড়ে,
যা করেছি সব করেছি ভুল,
হলো না উঠা আর শিখরে !

14-8-24
তাহাকে বলিলাম তুমি
দিও মোর কলমখানা চুমি,
টুকটাক কবিতা আমি লিখব…
কলম চুমিতে গিয়ে যে সে
হাতে চুমিলো হেসে,
কবিতা হইয়া গেলো মহাকাব্য!

23-12-21
খুঁজিতেছি আমি তার চুড়ি
জন্ম জন্মান্তর ধরি-
নিটোল সে হাতে মানাবে কি কাঁচ?
বিধাতার হাতে গড়া নিখুঁত সে ছাঁচ!
খুঁজিতেছি খুঁজিতেছি কতকাল ধরি
সোনা নয়, রূপা নয় - সে কাঁচের চুড়ি!
শিউলীর গন্ধমাখা সে নিটোল হাত
রেশমী চুড়ির খোঁজে কত কত রাত,
নির্ঘুম হাঁটি আমি পাথুরে পথে
পারি দেই প্রান্তর রথে মহা রথে।
নূহের নৌকায় ভেসে ইতিহাস গড়ি
কোথাও পাইনি তবু রেশমী সে চুড়ি!
নির্বাণপ্রাপ্ত হয়ে বুদ্ধ হয় শ্রান্ত,
আমার চুড়ির খোঁজ চলে অক্লান্ত !
একদিন কাঁচের এক আয়না খুঁজে পাই,

উদ্ভ্রান্ত চেহারায় সেদিকে তাকাই…
টুং টাং ভংগুর চুড়ি রেশমী,
কোথায় খুঁজিয়া মরি  — সে চুড়ি যে আমি !
গল্পটি সহস্র বছর আগেকার
বিজ্ঞানীরা করেছে আবিষ্কার,
চকচকে টুং টাং কাঁচ।
তারপর কে বানালো ছাঁচ-
কোন এক শিল্পীর মহা কারিগরি,
ঝিলমিল টুং টাং রেশমী চুড়ি !

কত কত বছর
পেরুলো তারপর,
সময় চলেছে তবু কাটে না সময়,
সবাই অপেক্ষায় - কবে আসবে সে সময়-
প্রেমিক পড়াবে চুড়ি তোমার ঐ হাতে,
মহা প্রলয় থেমে আছে সেই অপেক্ষাতে।

Saturday, May 17, 2025

হাসতে যেন মানা, হাসবো? নাহ্ না !

 

যখন তোমার ভাগ্য বিমুখ,
আকাশ মেঘাচ্ছন্ন।
যখন, দীর্ঘ জীবনপথে,
তুমি ক্লান্ত অবসন্ন।
খানিকক্ষণ বিশ্রাম নাও বন্ধু,
কিন্তু, খোদার কসম
একটু হাস!!! ---

এমনি এমনি হাসতে বলছি না, প্রাণ খুলে হাসুন, মন খুলে হাসুন, কাস্ট হাসি না, মুচকি হাসি না, এক্কেবারে হাহ হাহ করে প্রাণ খুলে হাসি। আচ্ছা বলেন তো দেখি হাসিরও কি কোন নীতিমালা আছে ? মানুষজন সহজে হাসে না কেন?  এই মূহুর্তে ভানু বন্দ্যোপাধ্যায়ের মত আমাদের দেশের কোন জনপ্রিয় কৌতুকাভিনেতা কিংবা কমেডিয়ানের নাম কি বলতে পারবেন? পারলেন না তো? তাই বলছিলাম এখনকার সময়ে আমরা হাসতে যেন ভুলেই গেছি। হাস্যরস একটি মানবিক অনুভূতি ও বড় মনের পরিচায়কও বটে (Humor is a Humanly Quality), ”একমাত্র মানুষেরই আছে একঘেয়েমি জনিত বিরোক্তিবোধের সামর্থ্য” কথাটা বলেছিলেন বারট্রান্ড রাসেল। আরেকটি তথ্য হচ্ছে হাস্যরস করার সামর্থ্য আছে কেবল মানুষেরই। বহুদিনের পুরনো বন্ধুদের সাথে যে খুনসুটি করা হয় তা হয়তো বিড়ালের বাচ্চাদের মধ্যেও দেখা যায় কিন্তু তারা কতটা কৌতুক বুঝে তা গবেষণার বিষয় বটে। আমার মতে যে সকল মানুষের মন কৌতুক করার ও কৌতুক বুঝার ক্ষমতা হারায়ে ফেলেছে সেই মন রিক্ত রুক্ষ ও মরুভূমি হয়ে গেছে।, তার মনোভূমিতে ক্যাকটাস ছাড়া আর কোন ফুল ফুটার কথা না। যাদের মন সতেজ ও প্রাণবন্ত তার মনে নানা রং এর নানা ফুলের সমারহে একটা বিমল আনন্দঘন বাগান আছে। তাদেরকেই আমার উন্নত মানুষ বলে মনে হয়। যে সকল মানুষের মনে ছন্দ নাই ও যারা গান শুনে মজা পায় না তাদের মনে রিদম বা ছন্দ আছে বলা যায় না। গোঁড়া বা কট্টর লোকদের কথা আর নাই বা বললাম, তারা মনের আনন্দ ঘন মানবিক দিকটাকে কেটে ছেঁটে বাদ দিয়ে দেয় কিংবা বাস্তবতার কষাঘাতে হারায়ে ফেলেছে। তাদের বিষয়ে কথা বলতে গেলে আমি লেখার আগ্রহই হারায়ে ফেলবো। তার চেয়ে বরং যারা সুন্দর, স্বাভাবিক ও সাবলীল মনের মানুষ তাদের সম্পর্কে বলি। 

ছোটবেলায় মা একটা হাসির গল্প বলেছিলেন, দুই বোনের একজনের নাম হাসা, আরেক জনের নাম হাসি, এই নিয়ে দুই বোন করে হাসাহাসি। এই কৌতুকে তখন খুব হেসেছিলাম, এখন আর হাসি পায় না। সেই পুরাতন চার্লি চ্যাপলিন, থ্রি-স্টুজেস, এখনকার মিস্টার বিন, আমাদের দেশের বহু আগের ভানু বন্দ্যোপাধ্যায় আর ইদানীং মির-আক্কেল রা মানুষকে বিমল আনন্দ দিয়েছেন ও হাসিয়েছেন। এক সময় টেলিসামাদ ছিলেন আজ সেও তো আর নাই। এদের তুলনায় হিরু আলমের কৌতুক করার চেষ্টা নেহায়েতই নিচু মানের তবে তার নামটা না নিলেও তো হয় না। আর বাংলা সিনেমার কয়েকজন নায়কের নির্বুদ্ধিতা দেখে মানুষ হেসেছে তবে পিছনে কটাক্ষ করে। আমার কথা হলো মানুষের মৌলিক চাহিদা গুলো ধারাবাহিক ভাবে বলেতে গেলে বলতে হয়, খাদ্য, বস্ত্র বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, এর পরই যে বিষয়টি আসবে তা অবশ্য অবশ্যই বিনোদন। আর বিনোদনে হাস্যরস বা কৌতুক অভিনেতা কিংবা স্ট্যান্ড আপ কমেডিয়ানের অবদান কোন ভাবেই খাট করে দেখার উপায় নাই। হাসলে যে মানুষের মস্তিষ্কে শুভ ইলেক্ট্রো রাসায়নিক বিক্রিয়া হয় তা নিঃসন্দেহে শান্তিদায়ক ও মন মুগ্ধকারী। পিঠা পিঠি ভাইবোনদের মিঠে খুনসুটি করতেও দেখা যায় আবার দেখা যায় তারা ঝগড়া ঝাটিও করছে, সেই বৈরিতা মুহূর্তে হাস্যরসে পরিণত হতেও সময় লাগে না। মোদ্দা কথা হাস্য রস একটা মানবিক গুণাবলি যাকে অস্বীকার করার কোন উপায় দেখি না। মানুষ যখন হা হা করে হেসে উঠে তখন তা আনন্দ উদ্দীপক অনুভূতির চরম বহিঃপ্রকাশ হিসেবেই বিচার করা হয় কতক ক্ষেত্রে তা সংক্রামকও হয়ে যায়। একে ভালো লাগার চরম সীমা অতিক্রম হিসেবেও বিবেচনা করা যায়, কান্না যেখানে চরম দুঃখের সীমার বিপরীত অতিক্রম।

আমার প্রথম সন্তান রেহনুমা মোস্তাফা প্রাপ্তি যখন ১ বছরের শিশু তখন ওর মা আর আমি বিছানায় ওকে নিয়ে খেলছিলাম, ওকে দুই হাতে উপরে ছুড়ে দিয়ে আবার ধরে ফেলায় ও খিল খিল করে হেসে উঠলো তাতে আমার আর ওর মা’র মনে যে কি প্রচন্ড আনন্দ হলো তার পর আর কয়েকবার ওকে উপরে ছুড়ে দিয়ে দু হাতে ধরেও সেই খিল খিল হাসি আর পেলাম না। আমার ধারনা আনন্দের অনুভূতির অভিজ্ঞতা একবার অর্জন করার পর যখন মানুষ তা বুঝে যায় তখন তার চেয়ে অধিকতর আনন্দদায়ক অভিজ্ঞতা অর্জন না হলে সে হেসে উঠবে বলে মনে হয় না। যে মানুষ হিউমার বুঝে না সে নিজের অজান্তেই মনুষ্যত্ব হারায়ে বসে আছে আর যার হিউমার যত উন্নত তাকে তত উন্নত মানুষ হিসেবে বিচার কারা যায় বলে আমি মনে করি। আমি মানুষের মধ্যে দুটো গুন খুঁজি, এক হলো সততা সম্পর্কে তার ধারণা আর দ্বিতীয়টা হলো তার সিনিসিয়ারিটি বা সততার প্রতি তার আনুগত্য। আমি মনে করি এই দুটো গুন এক জনের মধ্যে থাকলে তাকে ভালো মানুষ বলা যায়। এই গুন দুটির পাশাপাশি তার হিউমার জ্ঞানও থাকা চাই যদিও ভালো মানুষ হওয়ার জন্য এটি জরুরী না। তৃতীয় গুনটি, মানে হাস্যরস বুঝার ক্ষমতা না থাকলেও আপনি ভালো মানুষ হতে পারবেন কিন্তু সুন্দর মনের মানুষ হতে পারবেন না। রবীন্দ্রনাথ এরকম মানুষকে ঝর্না ধারায় নুরী বা পাথরের সাথে তুলনা করেছেন, যাদের চারদিক দিয়ে ঝর্না ধারা প্রবাহিত হলেও সেটা তাদের ভিতরে বা অন্তরে প্রবেশের অবকাশ পায় না।  আমি আমার জুনিয়র ফ্রেন্ড বা ছোট ভাই খালেক ভাই এর হাস্য রসের ভক্ত কারণ তার হিউমার করার ধরণটা আমার দারুণ লাগে। তার কিছু হিউমার আমি তার অনুকরণে আমার বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারও করে থাকি। তার কিছু উক্তি বিভিন্ন পরিস্থিতিতে সে ব্যবহার করে, যেমন যদি আপনার  কম্পিউটার  প্রিন্টার আংশিক নষ্ট হয়ে যায় তবে ”কাভি খুশি কাভি গম” অবস্থা হতে পারে আপনার মনে আর তখন ”সমস্যা প্রবলেম আকারে দেখা দিবে”। আর যদি পুরাই নষ্ট হয়ে যায়, তবে ”কল্লু সাফা-মারোয়া” হয়ে যাবে। যদি কেউ ভয়ে থর হরি কম্পমান হয়ে যায় তবে খালেক ভাই বলবেন যে সে “ভাইব্রেশন মোডে” চলে গেছেন। এই হাস্যরসাত্মক ফ্রেইজগুলো খালেক ভাই এর কপি রাইট হিউমার। আমার বড়মামা টাংগাইলে আমার ছোট মামার শ্বশুর বাড়ীতে আমাদের কৌতুক শোনাচ্ছিল, বলছিল যদি দেখ মশারিতে একটা মশা আছে তা হলে বুঝবা ভিতরে আরো দুটো মশা আছে, কারণ মশারা যখন মশারিতে ঢুকে তখন দুইটা মশারির ফাঁকটাকে দুদিকে টেনে ধরে তৃতীয়টাকে ঢুকতে দেয় তার পর ভিতরের টা আরা বাইরের টা আবার মশারির ফুটা টেনে ধরে আরেকটা মশাকে ঢুকতে দেয়, এভাবে দুটা মশা ঢুকার পর তারা দু দিক থেকে ফাঁকটাকে টেনে ধরে তৃতীয়টাকে ঢুকায়। তার এই যুক্তি শুনে আমরা সবাই হেসেই অস্থির, সবারই জানা ছিল এটা সম্ভব না, কারণ মশারা সংঘবদ্ধ হয়ে এতটা বুদ্ধি খাটায়ে মশারিতে ঢুকে না। আমার বড় মামার হিউমার জ্ঞান সেই ছোটবেলা থেকেই আমাকে হাসিয়েছে। বড় মামা আমার জীবনের একজন অতি প্রিয় আকর্ষণীয় চরিত্র, আমার তিন মামাই খুব গুরুত্বপূর্ণ মানুষ আমার জীবনে। 

কৌতুকের উপর একটা বই কিনেছিলাম যার ভূমিকায় লেখা আছে, বইটিতে প্রচুর কৌতুক সংকলিত আছে যার কোন কোন টাতে কেউ কেউ হয়তো হেসে গড়াগড়ি যাবে কিন্তু এমনও হতে পারে যে কার কাছে তা মোটেও হাস্যকৌতুক কর নয়। বইটা কেনার টাকা আমার জলে গেছে, আমি ওটার একটা কৌতুকেও হাসতে পারি নাই । হাস্যরস ছাড়া কোন মানব বিনোদন সম্ভব না, যার প্রমাণ পাওয়া যায় রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন-গাঙ্গুলী ওরফে জটায়ু চরিত্রেও। লালমোহন গাঙ্গুলী , ওরফে জটায়ু ( বাংলা : জটায়ু ) হল সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা গল্পের একটি কাল্পনিক চরিত্র। তিনি ক্রাইম থ্রিলার লেখেন, কিন্তু বাস্তব জীবনে তিনি বেশ দুর্বল এবং নার্ভাস।


রক্তবর্ণ, মুগ্ধকরণ, নদীর পাশে যাহা বিঁধিলে মরণ = লাল মোহন গাঙ্গুলী ওরফে জটায়ু কে, কে না চিনে? ফেলুদা, তপসে আর এই জটায়ু যতদিন বাংলা সাহিত্য টিকে থাকবে ততদিন জীবন্ত থাকবেন সত্যজিৎ রায়। বাচ্চাদের জন্য ওয়াল্ট ডিজনি ও হ্যানা বার্বেরা নির্মিত এনিমেশন কার্টুন গুলোতেও আমরা দেখি হাস্য রসের ছড়াছড়ি। যদি বিনোদন মূলক চলচ্চিত্র নির্মাণ করেন তবে তাতে হিরো-হিরোইন আর ভিলেন এই তিনটা চরিত্র তো থাকতেই হবে, তার সাথে চতুর্থ আরেকটা চরিত্র না হলে জমবেই না, আর সেটা হলো একজন কমেডিয়ান। স্পাইডার ম্যানেও তো আছে, ওই মুভিতে কমেডিয়ানটি কে জানেন? পত্রিকার সম্পাদক মহোদয় স্বয়ং। কমেডিয়ান ছাড়া ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করা সম্ভবই না। ঠিক আছে, অত বড়দের বিষয়ে না হয় নাই গেলাম, আসেন বাচ্চাদের এনিমেশন মুভি গুলোতে, স্নো-হোয়াইটের সাতটা ডোয়ার্ফের মধ্যে ডোপি, শ্রেকের ডংকি, ফ্রজেনের ওলাফ ছাড়া কি গল্পগুলো মোটেও জমতো? হান্না বারবারার স্কুবি-ডু আর শ্র্যাগী, কিংবা টম আর জেরি, কোথায় নেই হাস্য রসের রসায়ন? যারা মুখ গোমড়া করে থাকতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলি, মাঝে মধ্যে গোপন কোন জায়গায় গিয়ে হাস্য রসের সরবত খাবেন ও তার পর কেউ শুনুক আর নাই শুনুক কয়েক মিনিট হো হো, হা হা করে হাসার চর্চা করবেন। তাতে আপনার তো উপকার হবেই, আপনার আশপাশের লোকগুলোরও উপকার হবে নিশ্চিত, জেনে রাখেন।

হাস্যরস করার একটি প্রধান কৌশল হলো ”পাঞ্চ  লাইন”। ভুল করে এক মাসে আমার অফিস আমাকে লাঞ্চ সাবসিডি কম দিল, ১৫ দিন পর তা সংশোধন করে দিলো বটে, কিন্তু রেভিনিউ স্ট্যাম্প ১০ টাকা দু বার দিতে হলো, তখন কলিগ আখতার ভাই বলে উঠলেন আপনার ১০ টাকা লস হইছে, শুনে আমি বললাম, 

”হ্যা, আমি মামলা করবো,”

 শুনেই সবাই হেসে উঠলো। কলিগ সাইফুল সানি বললেন, স্যার কেসে জিতলে আমাদের খাওয়াবেন কিন্তু। একে তো ১০ টাকা লস উদ্ধার করতে হাজার টাকা খরচ তার উপর তাতে জিতে আরো হাজার টাকা দিয়ে সবাইকে খাওয়ান, এর মত হাস্যকর বিষয় কি হতে পারে? ঠিক ওই সময়ে ওই কথাটা বলাটা ছিল আমার এই হাস্যরসের পাঞ্চ লাইন, যা সবাইকে এক সাথে হাসিয়েছে। অন্য সময় বা ঠিক ওই সময় তৎক্ষণাৎ তা না বললে কিন্তু কেউ হাসাতো না, বা হিউমারটি কার্যকর হতো না।

https://www.rekhta.org/poets/mirza-ghalib/couplets 

”আমার হাজারো আকাঙ্ক্ষা আছে, প্রতিটিই আমাকে এত কষ্ট দেয়
অনেকগুলো নিশ্চিত ভাবেই পূর্ণ হয়েছে, যদিও যথেষ্ট নয়”


hazāroñ ḳhvāhisheñ aisī ki har ḳhvāhish pe dam nikle
bahut nikle mire armān lekin phir bhī kam nikle

I have a thousand yearnings , each one afflicts me so
Many were fulfilled for sure, not enough although


নিচের শায়েরীটি মির্জা গালিবের কিনা কেউ জানে না তবে তার নাম ব্যবহার করে কৌতুকটি চালু আছে দুষ্টামি করা বন্ধু মহলে বা আড্ডায়। একদিন মির্জা গালিব এক বাড়ির দেয়ালের আড়ালে সুসু করছিলেন, সেই সময় ছাদে তার এক তরুণী ভক্ত তাকে দেখে, উচ্ছ্বাসে গদ গদ হয়ে একটি শায়েরী শুনাতে বললেন। মির্জা গালিব সেই বিব্রতকর অবস্থায় তার সেই বিখ্যাত শায়েরীটি শুনালেন,


বলা বাহুল্য প্রতিটি শায়েরীর শেষ লাইনটি সব সময়ই হয় একটা পাঞ্চ লাইন । যা মানুষকে চমকে দেয়, ও তাকে হাসতে বাধ্য করে। যার ভালো লাগে সে যে শায়েরী বলছে তাকে বাহবা দেয়, বাহ্ বাহ্ বলে । 

ট্রেন স্টেশনে এক শসা বিক্রেতা উচ্চস্বরে তার শসার বিক্রয় বৃদ্ধির জন্য নিচের পাঞ্চ লাইনটি ব্যবহার করছিলো

 ”কাইট্টা ছিল্লা লবণ লাগায়ে দিমু”

 এক ট্রেন যাত্রী ঘুমায়ে ছিল, ঘুম থেকে উঠে এই প্রচার বানী শুনে সে ভয়ে আতঙ্কিত হয়ে গেল। এই কৌতুকটি সম্ভবত বিটিভি-তে হানিফ সংকেতের “ইত্যাদি” অনুষ্ঠানে প্রচার কার হয়েছিল ১৯৯০ এর দশকের কোন এক সময়। পরবর্তীতে লোকমুখে এই লাইটি জনপ্রিয় হয়ে গিয়েছিল।

আমার এক স্কুল বন্ধু গান গায় কিন্তু গ্রুপে ওর গানের কোন পোস্ট দেয় না, ওকে বললাম কেন দিস না, ও জানালো, এগুলোর জন্য উচ্চ রুচির মানসিকতা লাগে, বললাম ওর সাম্প্রতিক কোন গান যার মধ্যে নতুনত্ব আছে তা দিতে, ও ওর এক গানের ভিডিও দিলো যাতে তিন জন ভালো গায়ক গায়িকা মিলে রমজানের আগমনের উপর একটি গানের ভিডিও লিংক দিলো, শুনে বললাম, ভলো গায়ক, সুন্দর কম্পোজিশন, গানটার কথাও ভালো কিন্তু সব পন্ড হলো ধর্মীয় একটি প্রথার প্রচারণায়, এই ধরনের গান লেখকদের মনে রাখা দরকার যে, যাদের জন্য এই গান লিখছে, তারা বাদ্য যন্ত্র ব্যবহার করে গানের বিরোধিতা করে, তাদের এমন গান লিখতে হবে যাতে বাদ্য যন্ত্রের ব্যবহার নাই, বিষয়টি অনেকটা এমন যে, কোন আঁকিয়েকে বলা হচ্ছে একটি উদ্ভিন্ন যৌবনা নারীর ছবি আঁকতে হবে কিন্তু তার উন্নত বুক আঁকা যাবে না। – শেষ লাইনটা (পাঞ্চ লাইন) পড়ে ও হেসেই অস্থির। হাস্যরস সৃষ্টিতে এই পাঞ্চ লাইন ব্যবহারের কৌশলই হলো মানুষকে মন খুলে হাসানোর চাবি কাঠি।


”ইহা একটি স্বয়ংক্রিয় দ্বিচক্রযান। অনেকে মনে করিতে পারেন আমি ইহা ভাইরাল মিডিয়া হইতে সংগ্রহ করিয়াছি, কিন্তু তাহা সত্য নহে। সত্য এই যে, গত কল্য ১লা কার্তিক ১৪৩১ (১৭অক্টোবর২০২৪) অপরাহ্ণে আমি যখন চা পান করিতে অফিসের কাজের অবসরে বাহির হইয়াছিলাম, তখন এই অভূতপূর্ব দ্বিচক্রযানটি দেখিয়া অভিভূত হইয়া গিয়াছিলাম। কোন এমন ব্যক্তি এই স্বয়ংক্রিয় দ্বিচক্রযানটি লইয়া আসিয়াছেন, তাহাকে খুঁজিয়া পাইলাম না, পাইলে তাহার সহিত একটি সেলফি তুলিতাম। পুনর্বার যখন চা খাইতে বাহির হইয়াছিলাম তখন এই কিম্ভুতকিমাকার যানটি তাহার মালিক সমেত উধাও হইয়া গিয়াছে।”

বিশ্বয়সূচক বিষয় হলো, উপরোক্ত পোস্ট টি আমার কলেজ বন্ধুদের গ্রুপে দেওয়ার পর, কেউ তাতে হাসির ইমুজি দিল না, কারণটা আমার একদমই বোধগম্য হলো না। ওরা কি তবে হাসতে পারে নাই, না কি হাসতেই ভুলে গেছে। ওরা তো আমারই কলেজ বন্ধু সকল, হাসির কোন পোস্টে হাসল না কেন? হয় ওরা সব হাসতে ভুলে গেছে, কিংবা সংকোচে হাসে নি, পাছে লোকে তার হাসি দেখে আবার হেসে ফেলে !! বলা বাহুল্য তবু বলি, লেখাটা শেষ করার আগেই আমি সেই স্বদেশ নির্মিত যন্ত্রাংশ সম্বলিত দ্বিচক্রযানটি পুনরায় দেখিয়াছি, উহার বাহককে এবারও খুজিয়া পাই নাই তবে দুটি আধুনিক ও সুদর্শন বাইকের মধ্যখানে এই দ্বিচক্রযানটিকে সদম্ভে উপস্থিত দেখিতে পাইয়া আমি যার পর নাই হাস্যরস উপভোগ করিয়াছি।

আমার ছোট মেয়ে এবার এইচএসসি পরীক্ষার্থী, ওর মা ওর মোবাইল ফোনটি কোরেন্টাইন করেছে, তাতে কি ওকে ঠেকান যায়? ছোটবেলা থেকেই ও মারাত্মক রকম চঞ্চল আর ধূর্ত। আমি চুপি চুপি খোজ নিয়ে দেখলাম ও ফিকশনাল ক্যারেকটার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এআই বট এর সাথে বাক্যালাপ করে, কতগুলো রিসেন্ট কনভারসেশন চেক করে দেখলাম তেমন ভয়প্রদ কোন কথোপকথন না, তাই বাধা দেই নাই, কিন্তু পরদিন সন্ধ্যায় ও যখন ওর মোবাইলে মহা মগ্ন তখন ওকে উদ্দেশ্য করে বললাম “যখন কোন বিষয় তোমাকে মারাত্মক রকম আসক্ত বা আবিষ্ট করে ফেলে সেটা "Very VERY -- VeRY very -- vEry vEry vEry BAD” ঢেউ তুলে হাস্যরসাত্মক ভাবে বলাতে ওর দুই কান খাড়া হয়ে গেল, ও কাস্ট হাসি হেসে জানতে চাইলো কতগুল ভেরি বল্লা, আমি বললাম, গুনে দেখতে হবে।

হাসলে নাকি মানুষের মস্তিষ্কে এক প্রকার অটো রিফ্রেশমেন্ট হয়ে যায়। নিউরনে ভরা মস্তিষ্কটাকে মাঝে মাঝে রিফ্রেশ করতে দোষ কোথায়। কেউ দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর করা “লাইফ ইজ বিউটিফুল” হলিউড মুভিটা দেখেছেন কি? ছবিটা পুরাই হাস্যরসে ভরা, কিন্তু শেষটা হৃদয় বিদারক। বাবা নিশ্চিত জানে যে তাকে গুলি করতে নিয়ে যাচ্ছে এক জার্মান সৈনিক তার পরও সে তার  লুকায়ে রাখা ছোট্ট ছেলেটাকে বুঝতে দেয় নাই তা, বরং হাস্যরস করে হাসাতে থাকে। দুটো জিনিস দ্বন্দ্ব, কলহ, যুদ্ধ, বিগ্রহর বিপরীতে এন্টিবায়োটিকের মত কাজ করবেই, যার একটি হলো সরল মনে এই হাস্যরস করার ক্ষমতা আর দ্বিতীয়টি সার্বজনীন সরল প্রেম বা ভালোবাসা। আমার এই লেখাটাতে আপনাদের কতটা হাসাতে পারলাম জানি না তবে আমি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জনের সাথে বাক্যালাপের সময় পঞ্চ লাইনের খোজ রাখি, ”যদি লাইগ্যা যায়”, মানে হঠাৎ করে একটা পাঞ্চ লাইন বলে দিয়ে যদি কাউকে প্রচন্ড হাসাতে পারি, তবে তার হাসি দেখে আমার মনেও অনাবিল হাস্যরস হবে, আমিও তার সাথে হাসবো। তাই বলছিলাম কি, নিজে হাসুন তার সাথে সাথে অন্যকে হাসতে উদ্বুদ্ধ করুন, দুজনেই লাভবান হবেন। তবে লোক দেখান হাসি না, মুচকি কিংবা কাষ্ঠ হাসি না, প্রাণ খুলে হাহ হাহ করে হাসি।

(বিশেষ দ্রষ্টব্যঃ যদি অনাবিল হাসতে চান তবে হলিউড মুভি ”গড মাস্ট বি ক্রেজি” ১ ও ২, দুটাই দেখুন, হাসি থামাতে পারবেন না টানা কয়েক দিন)
 
সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ০৪ফেব্রুয়ারী২০২৪> ১৭এপ্রিল২০২৪> ১৭অক্টোবর২০২৪> ২০ডিসেম্বর২০২৪> ২৯জানুয়ারী২০২৫> ৫ফেব্রুয়ারী২০২৫>১৭মার্চ২০২৫> ৫এপ্রিল২০২৫> ৩০এপ্রিল২০২৫> ১৮মে২০২৫>

Tuesday, March 25, 2025

এটি কি তবে নব্য দ্বি-জাতীয়তা ভা-য়া-ই? - একটি ব্যাঙ্গ, রঙ্গ ও রম্য রচনা।

 

 

ও মা বলে কি গো? দু দিনের সন্ন্যাসী ভাতে রে কয় অন্য ! এক খান বই লিকেচে তাতেই তিনি ধন্য, লিখা শুরু করেছে রম্য রচনা, বলে কি গো ভা-য়া-ই?। ভা-য়া-ই শব্দটা সর্বনাম বাচক হয়ে গেছে, ছোট, বড়, ছেলে বুড়ো, এমনকি মেয়েরাও আজকাল শুনি প্রায়শই বলে থাকে “কি করি ভা-য়া-ই” । ঢাকাইয়া প্রবচন “আবে হালায় কয় কি” সেই হালার মত শব্দটার ব্যবহার ইদানীং বেড়েই চলেছে। আমরা তো পাকিস্তানীই ছিলাম হঠাৎ করে কি মনে হলো আমরা তারও আগে বঙ্গ-বিহার-উরিষ্যার বাঙ্গাল ছিলাম, তা হলে চলো ভোল পাল্টাই, কিন্তু এ কি? শরীররে তো পর পর দু বার অস্ত্রোপচার হয়ে আবার জোড়া লেগেছে, মানে সিজার হয়ে গেছে। বঙ্গ দুবার ভেঙ্গে গেছে শেষ বার আর জোড়া লাগেনি। একবার বঙ্গভঙ্গে আরেকবার পেকে গিয়ে, মানে কি না ওই পাঁক পবিত্র হতে গিয়ে। আমরা মুসলিম বাঙ্গালী তাই মুসলিম লীগ যা ব্রিটিশ মুক্ত ভারতে করতে পারে নাই তারা দেশ ভাগ করে সেই সাধ মিটিয়েছিল। আমাদের তবে কি হবে গো ভা-য়া-ই? আমরা তো একাধারে মুসলিম আবার বাঙ্গালীও, শরীরের এক অংশ তো গ্যংরিনের মত ভারত খেয়ে ফেলেছে, ওই অংশ এতটাই পচেছে যে তারা তো বঙ্গ ভূমিকে আর একত্রিত দেখতেও চায় না। তারা এখনও এক ভাষী কিন্তু ভিন্ন জাতী যাদের জাতীয়তাও ভিন্ন, ”হামারা ইন্ডিয়া” হয়ে গেছে। আমরা বাংলা অ আ ক খ ছেড়ে আরবি অক্ষরে কি আর বংলা লিখতে পারি? তাই কি ”ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়” আন্দোলন করেছিল সালাম, বরকতরা? আত্মাহুতি দিয়েছিল ৫২তে? শরীরের এক অংশ পচে গেছে দেখে কি আমরা হাল ছেড়ে দেবো বেচে উঠার? হয় রে হয় মাদুল ছুটে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, সরি ধিতাং ধিতাং গানটার প্যারোডি হয়ে গেল না তো আবার? তা তো আমরা করেছিই, ব্রিটিশ রা যখন আলিয়া মাদ্রাসা করলো তখন খানকা শরীফগুলো ধর্মের জিকির জারি রাখলো, তার পর যখন পাকিস্তান হলো তখন কওমীরা আসলো, আলীয়া ওরা তো আলেয়া, খাড়ায় খাড়ায় কি জানি কি করে, ওরা আবার সুদ্ধ সাধু হয় কি করে। কওমীরাই পারবে কায়েম করতে। তাই এক দিকে মম পাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তুর্য। আমি তাথিয়া তাথিয়া মাতিয়া ফিরি পল্টন শাহবাগ মঞ্চ। একদিকে পাক্কা মুসলমান আরেক দিকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল শোভা যাত্রা করি, কই যাই রে ভা-য়া-ই? আমরা খেয়েচ্ছো, করিচ্ছো, ঘুমাইচ্ছো জাতের কুলীন বাঙ্গাল না, খাইসি করসি ঘুমাইসি জাতীয় যাচ্ছে তাই বাঙ্গালী তাই প্রাকৃত ভাষায় কথা কই, কিছু মনে কইরেন না কো ভা-য়া-ই। নিজের দেশের ছোটু ছোটু  পোলাপাইন ভাইয়ারা / বোইনেরা অহন আমাগো মুখের ভাষা কাইরা নিতে চায় ! কই রে যাই ! ভা-য়া-ই? 

অনেক আগে সমাজবিদ্যায় পড়েছিলাম কয়েকটা ধর্মীয়, ভাষার জাতি একত্রিত হয়ে একটি রাষ্ট্র গঠন করতেই পারে বেলজিয়াম সেরকম, ভারতও সেরকম, কিন্তু আমরা এতটা হোমজেনাস, মানে একই ভাষায় কথা বলি, একই রকম কপড় পড়ি তার পরও এক জাতি হয়ে উঠতে পারছি না কেন। ওই যে হুজুগটা মাত্রাতিরিক্ত, মাতামাতি করতে খুব পছন্দ করি, তাই অতি ঘনিষ্ঠ সবাই। কয়েকটা খালি পাতিল কাছাকাছি রাখলে ঠনঠনানি বাড়ে । ঠনঠনানি বাড়তে বাড়তে ঠুনকো জাতি হয়ে গেছি আমরা, কেউ কাউকে আর বিশ্বাস করতে পারছি না। ওই যে বলে না, খুব বেশি ঘনিষ্ঠ হইও না, তাতে দেখবা পরস্পরের প্রতি ঘৃণার জন্ম নিবে। তা-য়া-ই হইছে রে ভা-য়া-ই।

এবার তবে গেন-জি থুরি জেন-জী দের সম্পর্কে বলি, ওরা নাকি ভিনগ্রহ থেকে নেমে এসেছে. ২এক্স ৩এক্স স্পিডে অনলাইন ভয়েস ম্যাসেজ শুনে থাকে। ওদের আছে এআই ব্যবহারের সক্ষমতা। কতক পত্রিকায় বিশিষ্ট জনেরা তাহাদিগের প্রশংসায় পঞ্চমুখ। যারা তাদের শিক্ষকদের ধইরা জুতাইতে পারে তারা ভীনগ্রহবাসী হইলেও হইতে পারে, তাতে আর কি বা অবাক হওয়ার আছে ভা-য়া-ই। ওরা দেশের তামাম দেয়াল বিদ্রহের আগুনে পুড়াইয়া স্বহস্তে শিল্প রচনা করিয়া প্রমাণ করিয়াছে তাহারা বিশেষ প্রজাতি। বেইলি রোডের দেয়াল লিখন গুলো তো বার্জার পেইন্ট স্পনসরও করেছে দেখলাম। কি আপার শক্তি গেঞ্জির, সবাই দেয়াল লিখন আর্টিস্ট। কিশোর গ্যাং দেরই এখন জয় জয়কার। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ ফেল মারলো কোই থন ইনখেলাফ পত্রিকা প্রকাশ হওয়া শুরু করলো বুঝতেই পারলাম না, বুঝুম কেমতে, আমরা তো জেন-ও মানে ওল্ড জেনারেশন, আমার অত শত বুঝবার পারমু কেমতে। হলিউড্ডা একটা মুভি দেখছিলাম বহু আগে নাম ছিল ইনাফ ইজ ইনাফ, ভুল শুনেন না ভা-য়া-ই ইনসাফ ইজ ইনসাফ না কিন্তু। এটা হলো আমার বাপের সেই মাইর কারে কয় সেই স্মৃতি। জীবনে একবারই খাইছিলাম আর আজও পছতাইতাছি। আমার মত শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট পোলাও যে বাচ্চা কালে বিগড়াইয়া গেছিলাম সেদিন বাপের মাইর খাইয়া বাপ বাপ কইরা টের পাইছিলাম। আজকাল পোলাপাইন গো বাপ-মা ভয় পায়, শিক্ষকরাও। পিনাকী ভট্টাচারিয়া মোহদয়ের তেড়া তেড়া কথন বাক্য চয়ন দেখিয়া ভড়কাইয়া গেছিলাম। হের কথা বার্তা প্রসঙ্গে আমার পঠনপ্রিয় আলি ভাই তাহার সম্পর্কে যে সাধু বাদ ব্যক্ত করিয়াছিল তাহা মনে করিয়া নিজেকে সংবরণ করিয়াছি বটে। এত পন্ডিত ব্যক্তি কথায় বার্তায় যে এত ক্ষোভ প্রকাশ পায়, উনাকে আমার মতে এক দিনকার রাষ্ট্র নায়ক করে দেয়া উচিত। উনি স্পন্দিত হইয়া উনার বাক্য, বচন, উক্তি শৈলী সকলকে শিখাইয়া দিয়া যাইবেনে ভা-য়া-ই। মহা জ্ঞানী মহা জন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃ স্মরণীয় সেই পথ লক্ষ্য করিয়া চক্ষু দুটি বন্ধ করি তাহার কথায় মগ্ন হই আমার মরিয়া যাইতে ইচ্ছা করিতেছিল। গেঞ্জিদের বলতে চাই ভা-য়া-ই ভয় পাইছি, বাপের নাম, দাদার নাম পাল্টাতে বলছো তো ছোট ভায়েরা আমার, বড় আদরের ভায়েরা, হলপ করিতেছি যে, উহাদিগের নাম আর ইহকালে মুখেই লইবই না। এই যাও ভুলিয়া গেলাম ভা-য়া-ই।

আমার লেখা তাও নাকি অনেকে পড়ে, তবে চুপি চুপি পড়ে আমি বুঝতেই পারি না, গেঞ্জিদের শক্তির উত্থানে উনারা আমাকে বারং বার ফিস ফিস করিয়া সতর্ক করিয়া গেছেন, আপনি কিন্তু লেখেন ভাই, সাবধানে লেইখেন, পাছে না আপনি কালার্ড হয়ে যান। আরে ভাই ভয় পাবো কাকে, পাকিস্তান আর্মিকে নাকি ভারতীয় আর্মিকে? আজকাল তো সবাই আর্মি কারণ সবার কাছেই অস্ত্র আছে, তা চুড়ি, কাছি থুরি ছুরি, কাচি হোক আর পিস্তল রিভলভার, সবাই রাজা আামাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সানে খাইবো কি শর্তে? জেড রে যে ইংরেজি উচ্চারণে জী হুজুর বলে তা তো এই সেদিন মাত্র জানলাম যখন জী টিভি প্রচার শুরু করলো, আমি খালি জী খুজতাম দেখি লেখা উঠে জেড। জেড এর ড লাত্থী দিয়া জী হয়ে গেল, তাই তো আমরা মত জেন-ও জানলো মাত্র সেদিন, আমরা আর কি বুঝমু ভা-য়া-ই? কিন্তু প্রশ্ন থেকেই যায়, জেড যদি জী হয় তবে জি কি হবে, এটা কি ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি হবে রে ভা-য়া-ই?

আমার এই লেখাটা কি ব্যাঙ্গ, রম্য না রঙ্গ বুঝাতেছি ণ, ভাষা বর্ণনায় মিশাল দিয়া ফালাইছি, কথ্য, আঞ্চলিক আর সাধু ঘোটা মিক্স হয়ে গেছে, ঠিক যেমনটা আমাদের দেশের লোকজনের রক্তে হয়ে আসছে বংশ পরম্পরায় ধরে। এবার তবে ব্যঙ্গ রচনায় ঘোড়া টানি আনি ভা-য়া-ই? টুইস্ট না থাকলে কি খেলা জমে? তা যে খেলাই হোক, যত টুইস্ট তাত মজা।

ত্রিশ বছর আগেই আমি এই দ্বন্দটির কথা বলেছিলাম। দ্বন্দ মানে হোল টর্ক, এটা কিন্তু পদার্থবিদ্যায় যেমন পড়ানো হয় তেমনি মনোবিদ্যারও একটি পঠিত বিষয়। যদি গতি থাকে তবে দ্বন্দ থাকবেই, টর্ক তাই খুব স্বাভাবিক একটি প্রাকৃতিক প্রক্রিয়া। একটু উদাহারণ দিয়ে বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখনও বিশ্ববিদ্যালয় কলেজ, আন্দোলন হচ্ছে একে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় করার। আনুমানিক ১৯৯২ সালে শত বর্ষ পূর্তিতে বিশাল আয়োজনে পুর ক্যাম্পাসের প্রতিটি অনুষদে বিশাল মেলার আয়োজন করা হয়েছিল । আমি মনোবিদ্যা অনুষদের স্টলে এক ছেলেকে দুই দিকে দুটা লাইট আর একটা কাগজে ভি আকা দেখে আকৃষ্ট হই কাছে যাই, সে আমাকে কলম হাতে ধরিয়ে দিয়ে বলেছিল ভি এর ক্রান্তি বিন্দুতে কলমের নিবটা রাখতে, সে যে দিকের আলো জ্বালাবে সেদিকে আমি কলম চালাবো। এভাবে সে এক সময় ডানদিকেরটা জালায় তো পরের বার বাম দিকের টা, আমিও যথারীতি ভি এর দুই বাহু বরাবর কলম চালাচ্ছি, হঠাৎ একসময় সে এক সাথে দুটা বাতি জ্বেলে দেয় আর আমি থমকে যাই। তাকায়ে দেখি সে বিমল হাসি দিয়ে বলছে এটাই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। মাথামুন্ডু তখন কিছুই বুঝি নাই, শুধু বুঝেছি, যারা মনোবিদ্যায় পড়ে তাদের বেশির ভাগই আধা পাগল হয়, এটাও তার একটা নমুনা হবে হয়তো। অনেক পরে বুঝেছি, আমাদের জীবনে এভাবেই অনেক সময়ই এরকম দুদিকের বাতি জ্বলে উঠে আর আমরা থমকে যাই। ওই আধ-পাগলাটা আমাকে আরো বলেছিল, মানুষ যখন দ্বন্দ্বে পড়ে যায় তখন সে কালক্ষেপণ করে বা থমকে যায়, যা সময়ের অপচয়, তার উচিত যে কোন একটাকে বেছে আগায়ে যাওয়া, তাতে তার অপর্চুনিটি লস কমে যাবে। আমি ওই সময়ের বহুবছর পর ব্যবসা প্রশাসন পাঠকালে অপরচুনিটি লস কাকে বলে বুঝেছি, তাই ওই সময় ওই ছাত্রটিকে আমার আধপাগলাই মনে হয়েছিল। জাতির সামনে তাই আজ প্রশ্ন, এই দ্বিধায় পড়ে থ মেরে বসে থাকবেন না কি কচু কাটা শুরু করবেন?

জুলাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (জুলাই বিপ্লব-২০২৪) পরবর্তী ঘটনাপ্রবাহ পর্যালোচনায় আমি বিভ্রান্ত বোধ করছিলাম। ৬ মাস পর বুঝতে পারলাম মূল দ্বন্দ্বটা কোথায় আর তখন অবাক হয়ে দেখলাম এই প্রসঙ্গে আমার বন্ধু আড্ডায় বলা সেই কথাটা এতদিনে বাস্তবতায় আত্মপ্রকাশ করছে? পদার্থবিদ্যার ছাত্র আমি তখন, কলেজ বন্ধু জিয়ার বাসায় আমার প্রায়ই যাওয়া হতো। আনুমানিক ১৯৯৫ সালের দিকে সেরকম একদিন কয়েকজন বন্ধু আমরা সমবেত হয়েছিলাম ওর বাসায় আর তখন কথা প্রসঙ্গে আমি বলেছিলাম, দেশে দুটি ভিন্ন ধারার শিক্ষাক্রম বা ব্যবস্থা চলমান আছে, এক সময় না এক সময় এই দুই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে একধরনের সংঘর্ষ হবেই। সেই সংঘর্ষ কেন হচ্ছিল না তা আমি বুঝতে পারতাম না কিন্তু ৩০ বছর পর আজ যা দেখছি সেই সংঘাতের জায়গাটাই ফুটে উঠেছে। স্যামুয়েল এইচ হানটিংটনের বিখ্যাত গবেষণা পত্র ”ক্ল্যেস অব সিভিলাইজেশনস” প্রসঙ্গে প্রথম জানতে পারি ২০০৪ সালে সোনালী ব্যাংকের ভিজিল্যান্স ডিভিশনে কর্মরত অবস্থায় শ্রদ্ধেয় আলফাজ স্যারের কাছে। তার সেই আর্টিক্যাল পড়ার বহু আগেই আমি এই সংষ্কৃতিগত ক্ল্যেস যে অবধারিত তা বুঝতে পেরেছিলাম।

দ্বিজাতি তত্ত্ব ২ বার ভেঙ্গেছিল দেশ, আবারও কি ভাংতে চাচ্ছে? বাংলা বিহার উড়িষ্যা নিয়ে যে বঙ্গ তাও ভেঙ্গে দেয়া হয়েছিল, ১৯০৫ সালে, পরে স্বদেশী আন্দোলন আর বঙ্গভঙ্গ রদ ১৯১৫ সালে, লর্ড হার্ডিঞ্জ এর ঢাকায় আগমন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ও হার্ডিঞ্জ ব্রিজের আশ্বাস দিয়ে এপার বাংলার সহজ সরল মানুষগুলোর চোখে ধুলো দিয়েছিল। পরবর্তীতে শের-ই-বাংলা’র দ্বিজাটি তত্ত্ব ছিল অনেকটা এরকম, মোঘল আমলে মুসলিম প্রাধান্য (বৈষম্য) আর ইংরেজ আমলে হিন্দু জমিদারদের আধিপত্য (বৈষম্য) মূলত আসমুদ্রহিমাচলে দুইটি জাতির জন্ম দিয়েছে, যাদের এক করা প্রায় অসম্ভব হয়ে যায়, তাই যদি দেশটাকে স্বাধীনতা দিতে হয়ে তবে তাকে পাকিস্তান আর হিন্দুস্তান এই দুই ভাগে ভাগ করাটা যুক্তি যুক্ত, এই মতের ঐতিহাসিক প্রমাণ আজ ভারত ও পাকিস্তান যা মহাত্মা গান্ধি চাননি, তিনি দ্বিজাটি তত্ত্বের বিরোধী ছিলেন কিন্তু তাতে তিনি সফল হননি। আমার বিচার বোধে বাংলাদেশের এই বর্তমান সংকটটিও একটি নব্য দ্বি-জাতি বিভেদের ফলশ্রুতি। বিভেদটা স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি নয়, বিভেদটা অন্য জায়গায়। দুই বিপরীত ধারার শিক্ষাক্রমই এই সংকটের মূল যা ছিল আমার ৩০ বছর আগের একটি অনুমান। আমার এককালের সেই ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে এক আড্ডায় বলেছিলাম কথাটা। আচ্ছা আমাকে একটু বুঝায়ে বলবেন কি? একই দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা কেন ছিল এতদিন? দুই ধারার শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যে এক সময় সংঘাত হবেই তা আমি ৩০ বছর আগে আমার মত আবে হালায় বুঝেছিল। আমি অবাক হতাম হচ্ছে না কেন তা চিন্তা করে। হওয়াটা তো স্বাভাবিক ছিল আরো বহু বছর আগেই। এখন বুঝি কেন হয়নি, পশ্চিমা ধারার শিক্ষাক্রমে যারা শিক্ষিত তারা এগিয়ে ছিল আর মাদ্রাসা ধারায় যারা শিক্ষিত তারা পেছনে ছিল, আজ তারা তাদের দাবি নিয়ে সামনে আগাতে শুরু করেছে, কারণ আর কিছুই না, এই দেশটা তে তো তাদেরও সমান অধিকার, তা হলে কেন পশ্চিমা ধারায় শিক্ষিতরাই কেবল সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাবে? পুর দেশ ইসলাম বান্ধব আর সেই ধারার শিক্ষিত মানুষেরা পশ্চাদপদ হিসেবে সমাজে অবহেলিত, তা কি করে হয় ভা-য়া-ই? তাই আজ সংঘাতটা স্পষ্ট দেখা যাচ্ছে।

বাস্তবতা সবাই এক সাথে এক চোখ দিয়ে দেখে না, সবাই খন্ডিত বাস্তবতাটা দেখে, সংবাদ মাধ্যম তাতে হেল্প করে, মানে সবার দৃষ্টিটার সীমাবদ্ধতা দুর করতে হেল্প করে। সংবাদ মাধ্যম গুলোর মাধ্যমে আর বিভিন্ন মানুষ জনের সাথে আড্ডায় আমার হয়তো পুর বাস্তবতার অনেকটাই একসাথে দেখতে পাই, অনেকটা বার্ড আই ভিউর মত। ১৮ কোটি মতান্তরে ৪৩ কোটি জনগোষ্ঠীর সবাইকে খুশি ও শুখি করতে পারে এমন ব্যক্তি তার সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক গন সহ প্রকৃত অর্থে মহামানব। মানব প্রকৃতির কেউ যদি তাতে সফল হয়ও তবে সে মানবাকৃতির অন্য কিছু হবে হয়তো। এই রাজনৈতিক টানা-পোড়নটা আমার মানসে প্রচন্ড ঝড় তুলেছে, কোন কিছু ঠিক মত করতেই পারতেছিনা। চিন্তা ভাবনা থেকে শুরু করে প্রাত্যহিক কাজে সব গন্ডোগোল বেধে যাচ্ছে। আমার সন্তানদের আমি বিগত বছরে একটা কথা খুব গুরুত্ব দিয়ে শিখাইলি “অনেক মানুষের দেশে জন্মাইছো, এখানে কেউ সেধে দিবে না, কাইরা নিতে হবে” । দেশে এক দল আরেক দলকে সেধে কিছু দিবে না, এক দল আরেক দলের কাছ থেকে কেড়ে নিবে ক্ষমতা, এই সূত্রই আজকালকার রাজনৈতিক বাস্তবতাকে ব্যাখ্যা করতে পারে মনে হচ্ছে।

আমার সব লেখারেই উপসংহার আছে, এটারটায় বলতে চাই, বিশ্বের অন্যান্য জাতির তুলনায় এ জাতিটা পুরাতন কিন্তু স্বাধীন ভুখন্ড প্রাপ্তির সময়কাল থেকে ধরলে মাত্র তার ৫০ বছর উত্তীর্ণ হয়েছে, তাই যেন কৈশরিক উন্মাদনা প্রদর্শন করছে। বিচার বিভাগকে স্বাধীন করে দেন, চারটি গণতান্ত্রিক অধিকার ১)ব্যক্তিগত ২)মালিকানা ৩)বিশ্বাস ৪) বাক স্বাধীনতা নিশ্চিত নিরঙ্কুশ করে দেন, তা আজ হোক আর কাল হোক দিতেই হবে, নয়তো ”পুনর মুষিকি ভব” জসিমুদ্দিনের সেই গল্পটা সত্য হয়ে যাবে। ভা-য়া-ই মাফ করবেন আমার বাঙ্গালী হওয়ার সাধ মিটে গেছে, আমি এখন ক্যানাডিয়ান হয়ে বাচতে চাই, ও ভাই কেনাডা আমারে নিবা? আমারে পুরাপুরি নেওন লাগবো না, আমার পোলা মাইয়াডিরে নাও দয়া কইরা।
 

সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ২০ফেব্রুয়ারী২০৪> ১০মার্চ২০২৫>২৬মার্চ২০২৫> 


Wednesday, March 12, 2025

DExSA futsal 2024 & Hajaribag buriganga boat ride

 

Written by Musab Bin Surzil

DATE:     29-NOV-2024
VENUE:    
RIVERSHORE SPORTS ARENA, RAYER BAZAAR, HAZARIBAG

On 29th November, 2024 me and my parents started driving to the River shore Sports Arena. My dad was going to a Futsal event in Hazaribag, beside the Buriganga river. Futsal means a modified form of football played with five players per side on a smaller, typically indoor, pitch. My dad was a player in the event, and so me and my mom also decided to go.

It was a long trip to Hazaribag. There were many ssc-hsc batches there. The oldest batch there was the 81-83 batch. DExSA means "Dhanmondi  Boys Govt. High School's (Estd. 1965) Ex-student's Association. In earlier times the Rivershore sports arena was called the Sand Field (বালুর মাঠ). My dad was in the 89 SSC batch and was playing against the 94-96 batch, who were 7 years younger.

The arena had an astroturf field instead of sand. My father's match  started a few minutes later. Many of my dad's friends were there. A few people were late to the match, like my dad's close friend Runu uncle, who was also in the 89 batch.

After the match began, the 94-96 batch had already fired a goal. They were more fit and were younger, so they had the better chance of winning. After a few minutes the 94-96 batch won.

After the 94-96 batch won we decided to explore the area beside the Buriganga river. There was a long walkway that lay beside the river. There was a very steep incline after the barriers, after which was where the river flowed. After a long walk, we reached a dock where people could cross the buriganga river by boat.


 
My dad spoke to one of the majhi's and he agreed to take us on a boat ride for an hour.Runu uncle's wife, Sonia aunty, was scared on getting on the boat, since the waves rocked the boat a lot. However, the majhi eventually convinced her to get on the boat. There were many cargo vessels and boats on the water. We saw a lot of Kuchuripana plants on the water. After a barge passed by us, our boat was rocked by the waves. The boat was very low to the ground, both when we were getting on and during the boat ride. The ride was very enjoyable but it was also very thrilling, as when we were getting off the boat felt like it would sink.


As we came near the docks we saw more and more boats. After the boat ride was over we all headed back home. This was my first time going to a futsal match. This was also the first time I went on the Buriganga river on a boat ride.

Finally uploaded in Blogspot on 12-Mar-2025.

 

Thursday, March 6, 2025

ভবিতব্য নিয়ে আমার একটি ব্যক্তিগত জরিপ

 

জুলাই বিপ্লবের পরবর্তী কয়েক মাসে আমি স্বপ্রণদিত হয়ে একটি ব্যক্তিগত সার্ভে করেছিলাম। আমার পরিচিত মহলের সর্ব স্তরের লোকজনকে আমি ৫টা স্পেসিফিক অপশনের মধ্যে থেকে একটি সম্ভাব্যতাকে অনুমান করতে বলেছিলাম আর তার রেকর্ড রাখছিলাম, এটা অনেকটা নিজের স্টাইলে জনমত যাচাই প্রচেষ্টা। আগেই বলে রাখি নিচের ফলাফলটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৪ সালের, তাই তদপরবর্তী পরিস্থিতির পরিবর্তনে এই ফলাফল আর কার্যকরী থাকার কথা না। তবে আমার দুটা ভবিষ্যৎ অনুমান ইতোমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে, তাই নিজের চিন্তাভাবনা গুলোর উপর কিছুটা আস্থা পাচ্ছি।

জনমত জরীপের প্রশ্নটি ছিল এরকম, জুলাই বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে ভবিষ্যতে যে নির্বাচন হবে তার ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন? A, B, C, D & E, এই পাচটির মধ্যে একটি বেছে বলেন। কেউ কেউ বলেছে, আমি চাই A হোক কিন্তু হবে C, তখন তাকে বলেছি আপনি যা হবে বলে ভাবছেন সেটা বলেন। তাদের উত্তর গুলো শুনে টালি করে নিচের ফলাফলটি পেয়েছিলাম, যা বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন ফলাফল দিতেই পারে।

--------- সার্ভের সময়কাল ------ :: সেপ্টেম্বর – ডিসেম্বর ২০২৪ :: -----

A = একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসতে পারে। ৩৮%
B = দুই তৃতীয়াংশ জনসমর্থনে বিএনপির নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে। ২৮%
C = ছাত্রদের একটি নতুন দল গঠিত হবে এবং তারা সরকার গঠন করতে পারে। ২০%
D = মুসলিম ধর্মীয় দলগুলোর মোর্চা গঠিত হবে ও তারা সরকার গঠন করতে পারে। ১০%
E = উপরের কোনটিই হবে বলে মনে হয় না, অন্য কিছু হতে পারে। ৪%

আমার তখনকার চিন্তা ভাবনাতে A to D এই ৪টি পরিণতিই কেবল সম্ভব হতে পারে বলে মনে হয়েছিল, তার পরও আমি E অপশনটা রেখেছিলাম, আউট অফ দ্যা বক্স কেউ যদি কিছু বলে। উপরের পাই-চার্টটিতে পাঁচটি অপশনের স্টেক প্রতিটি ভোট সংগ্রহের পর বদলে যাচ্ছিল, যা আমি উপভোগ করছিলাম । একটি সময় এই সার্ভে শেষ করি যখন একটি স্যাম্পল সাইজ পূর্ণ হয়। তাতে দেখা যাচ্ছে আমার পরিচিত লোকজনের মতামতে অধিকাংশই সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছে কিন্তু তাদের স্টেকও কিন্তু দুই তৃতীয়াংশ হয়নি, বরং বিএনপির অধিকতর জনসমর্থনে সরকার গঠন করতে পারার পক্ষে বহু জন মত দিয়েছেন, যা আমার জরীপে দ্বিতীয় বৃহত্তম স্টেক। কোটা আন্দোলনে ও বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ও সমন্বয়করা কাজ করেছেন তাদের যে একটি দল গঠন করতেই হবে তা আমি তখনই বুঝতে পেরেছিলাম, যা আজ সত্য হতে দেখা গেল। কিন্তু সেই C অপশনের স্টেক মাত্র ২০%, আর মুসলিম ধর্মীয় দলগুলোর মধ্যে যে একটা সমঝতা হতে পারে তাও কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তখনই, যা পরবর্তীতে সবাই হতে দেখেছেন। আমার জনমত জরীপে এই ডি অপশনের স্টেক মাত্র ১০%। তার মানে হলো C+D = ৩০% হয়, তার পরও তারা A ৩৮% অতিক্রম করতে পারেনি। দুই তৃতীয়াংশ মানে হলো অন্তত পক্ষে আপনাকে ৬৬.৬৬% এর ক্রান্তি বিন্দু অতিক্রম করতে হবে। আমার জরীপে দুই তৃতীয় সংখ্যা গরিষ্ঠ সেরকম কোন প্রতিফলন দেখতে পেলাম না। জরীপটির বটম লাইন তাই বলা যায়, বেশির ভাগ লোক একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন কিংবা হবে বলে প্রত্যাশা করছেন। আমার মনে হচ্ছে পরিস্থিতিগত কারণে পূর্ণ নিরপেক্ষ একটি নির্বাচন অনেকের প্রত্যাশা হলেও সেই প্রত্যাশা মনে হয় পূরণ হবার নয়।

মাঝে মাঝে অসুর উঠে আসে সভ্যতা বিনাশে, কিন্তু মেঘনাদ বধের মত তাকে বধ না করলে সভ্যতা টিকে না। দেশে যে অসুর উঠেছিল তার বধ হয়েছে, নতুন কোন অসুর উঠলে তারও বধ হবে একদিন না একদিন। একজন কামাল পাশার আমাদের এখন খুব দরকার বলে মনে হচ্ছে। কাজী নজরুলের কামাল পাশা কবিতাটা মনে পড়ে গেল  “অসুর-পুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল ভাই। কামাল! তু নে কামাল কিয়া ভাই !” রাজনৈতিক বিষয়ে আমার যে কয়টা লেখা আছে ২০২৪ সালের শেষের দিকের কয়েকটাতে আমি বিগত সরকারের বৃহৎ প্রজেক্টগুলো সফলতার সাথে শেষ করে চালু করে দেওয়াতে অনুরক্ত হয়ে পরেছিলাম তার প্রতিফলন ঘটেছে। কিন্তু পিছন দিয়ে যে তারা গাঁঠ কাটছে আর পুকুর ডাকাতি করছে তা তাদের অপসারেনের পর জানতে পেরে বিশ্বয় বোধ করেছি ও বিরক্ত হয়েছি। ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক গুলোতে এস আলম গ্রুপ যে ডাকাতি করে গেছে তা কিন্তু সবাই দেখছিল, তখন আমার একটা লেখা “দেকি না কি করে” ভানু বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গাত্মক উক্তি দিয়ে প্রকাশ করেছিলাম। সবার চোখের সামনে দিয়ে ওরা এদেশের খেটে খাওয়া মানুষ গুলোর টাকা পাচার করে নিয়ে গেল, তা তৎকালীন সরকার না দেখার ভান করে বসেছিল, এটা তো কোন ভাবেই সমর্থন করা যায় না। তেমনি শেয়ার বাজার কেলেঙ্কারির সময়ও বিগত সরকারের এক উপদেষ্টা জড়িত ছিল তা জানা সত্যেও তাকে কেন উপদেষ্টা করা হলো তা আমার বোধগম্য হতো না। কোন একটা বাসায় বহুদিন থাকার পর সেই বাসা বদল করলে বা আসবাব পত্র সরালে নিচ থেকে যে ময়লা আবর্জনা বের হয়ে আসে, বিগত সরকারের পতনের পর সেরকম জঘন্য সব ময়লা আবর্জনা বের হয়ে জনসমক্ষে চলে আসছে। তা থেকে বুঝা যায় এদেশে হা’ভাতের সংখ্যা এখনও কমে নাই, সুযোগ দিলেই যে কেউ গোগ্রাসে গিলতে থাকবে হয়তো আবারও।

 

Google মামা Wikipedia র বরাত দিয়ে বললেন চীনা দর্শনে ইন এবং ইয়াং (চীনা: 陰陽 yīnyáng, "অন্ধকার-উজ্জ্বল", "ঋণাত্মক-ধনাত্মক") এই কথা বোঝায়, যদিও দেখতে বিপরীত শক্তি সমূহ কিন্তু আসলে একটি অন্যটির পরিপূরক, সম্বন্ধিত এবং পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীলও বটে। ইয়িন এবং ইয়াং  চীনা দর্শনের একটি জটিল সম্পর্কগত ধারণা যা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। ইয়ানইয়াং প্রসঙ্গে ব্রিটানিকা বলছে আরো বিস্তারিত, তাতে উল্লেখ আছে চিনের অতি প্রাচীন চিন্তাধারায়, দুটি পরিপূরক শক্তি যা জীবনের সমস্ত দিক এবং ঘটনা তৈরি করে। একটি বাড়ার সাথে সাথে অন্যটি হ্রাস পায় যার মাধ্যমে মহাবিশ্বের সকল প্রক্রিয়া এবং এর মধ্যে থাকা সমস্ত কিছুর বর্ণনা করা যায়।  ”ইয়ান-ইয়াং” ধারণার উৎপত্তি অস্পষ্ট তবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে চীনে, এটি বিশ্ববিক্ষায় একটি সম্পূর্ণ চিন্তাধারার ভিত্তি তৈরি করেছিল (ইনইয়াং স্কুল), যার প্রধান প্রতিনিধি ছিলেন জু ইয়ান । সংক্ষেপে বলতে গেলে, ইয়িন এবং ইয়াং-এর অর্থ হল মহাবিশ্ব একটি মহাজাগতিক দ্বৈততা দ্বারা নিয়ন্ত্রিত, দুটি বিপরীত এবং পরিপূরক নীতি বা মহাজাগতিক শক্তির সেট যা দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা যায়। প্রকৃতির সকল সূত্র কে এক সূত্রে আনার চেষ্টাটা মানে থিওরি অব এভ্রিথিং কেবল পদার্থবিদরাই করেছেন তা নয়, বরং এই দর্শনের কাজটি বহু আগেই শুরু হয়েছিল। তারই একটা প্রত্নতাত্ত্বিক উদাহরণ এই ইয়ান-ইয়াং। আইনস্টাইন আর হকিং সাহেব যার জন্য উঠে পরে লেগেছিলেন, সমাধান করতে না পেরে ফেলে রেখে চলে গেছেন, একটা গাণিতিক থিওরি অব এভ্রিথিং যা চীনারা খৃষ্টপূর্ব তৃতীয় শতাব্দতে অগাণিতিক ভাবেই পেয়ে গিয়েছিল। আমার কাছে এটা সুর-অসুরের ঘূর্ণায়মান বাস্তবতার প্রতীক।  আমি এতদিন ভুল জানতাম, মনে করতাম এটা কনফুসিয়াস মতবাদ হবে হয়তো। ইয়ান-ইয়াং যে সম্পূরক শক্তিকে নির্দেশ করে তাও বুঝতাম না, ভাবতাম একটা ভালো ও অন্যটা মন্দের পর্যায়ক্রমিক উত্থান ও পতন, সনাতন কিংবা হিন্দু ধর্মে যেটাকে বলা হয় সৃষ্টি-প্রলয়-ধ্বংস কিংবা সমাজ তত্বে যেটা নেগেশন অব নেগেশন বলে সেরকম কিছু একটা। ১৯৯০ এর ডিসেম্বরে এরশাদ সরকারের পতনের পর এই ইয়ানইয়াং এর চক্র চলছিল দেশটাতে, বর্তমানে জুলাই বিপ্লব উত্তর সংগ্রাম রত বৈষম্য-বিরোধী ছাত্ররা তা বদলাতে চাচ্ছেন ও নতুন দল গঠন করেছেন যা ওই চক্রটাকে হয়তো ভেঙ্গে দিবে আশা করা যায়। প্রশ্ন হলো এই নতুন দল যার বয়স মাত্র কিছু দিন তারা কি বহু বছর ধরে রাজনীতি চর্চা করা বৃহৎ দলগুলোকে টপকে দেশটাতে সত্যি সত্যিই নতুন ধারা সৃষ্টি করতে পারবেন? একমাত্র সময়ই বলে দিবে তারা সফল হবে না কি বিফল হবে। আমার হিসেবে সফলতার সম্ভাবনাটা কম, তার পরও আশা করতে তো কোন দোষ নাই। 

এ যাবত যা দেখে আসলাম এদেশেও  ইং-ইয়ান চলে। একবার এ তো পরের বার ও, এই খেলা চলে। চলুক, এই ফাকে একদল মজা লুটে নেয়, খেলা চলতেই থাকে। তবে তৃতীয় একটা পক্ষ যারা এবার পিছন থেকে কল কাঠি নেড়েছে, তারা আর গোপন নাই, সবাই জানে, ওরা এবার ফসল তুলতে চাইবে, তবে বাঙ্গালী অত সোজা না, ফসল তুলতে পারতেও পারে কিন্তু হজম করতে পারবে বলে মনে হয় না। দুর থেকে মাছ শিকার করা যায় না, রাঘব বোয়াল রা সব হা করে আছে, পুরা গিলে ফেলবে। 

 

আমাদের দেশের একটা অতীত আছে। উরে এসে জুরে বসা কোন সেন্টিমেন্ট সাময়িক কাজ করতে পারে কিন্তু দেশের আপামর জনসাধারণের মানুষিকতার ভাইবটা বুঝতে হবে। দেশের মানুষগুলোকে কাঠ-পাথর-লোহা-তামা-কয়লা বললে তো হবে না, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে - এক এরশাদ লোকান্তরে কিন্তু কোথাও সে আর নাই, এক হাসিনা আত্মগোপনে কিন্তু সেও কোথাও নাই বর্তামানে। মুজিব আর জিয়া, মওলানা ভাসানী, শেরে এ বাংলা, এদের কে যে বা যারা অবজ্ঞা করেন, তারা এ মাটিতে বসবাসের অধিকার রাখে বলা যায় না।

বাঙ্গালীর বাঙ্গালীয়ানা এ দেশের মাটি আর নদীর সাথে ওতো প্রতো ভাবে জড়িত। তাই নৌকা কিংবা ধানের শীষ এই দুটাই টিকবে বাকিগুলো আশে পাশে থাকতে পারে কিন্তু মূল ধারায় কখনই আসতে পারে বলে মনে হয় না, এটা এ দেশের জন্য চিরন্তন সত্য বলেই মনে করা হতো। এখন পরিস্থিতি বদলেছে, কোথাকার পানি কোথায় গড়ায় তাই এখন দেখার বাকি।

 

সামনে একটা ত্রিমুখী কিংবা চতুর্মুখী সংঘর্ষ আনন্ন বলে মনে হচ্ছে, এটা আন্ত জাতিগত ক্ষমতার লড়াই যা উপর থেকে বুঝার কোন উপায় নাই। বিস্ময়কর ব্যাপার হলো, দেশটা একটা অস্থিতিশীলতা কিংবা অন্তর্বর্তী অবস্থায় থাকা অবস্থায় জনগণের মধ্যে তীব্র চঞ্চলতা। অর্থনৈতিক ফান্ডের স্থানান্তরেও সেই চঞ্চলতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা মোটেও স্বাভাবিক বলে মনে হয় নাই আমার কাছে। চতুর্মুখী একটা প্রভাব বলয় সংঘাত আসন্ন বলে আমার মনে হচ্ছে। আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি অর্থনৈতিক বৈকল্যর সম্ভাবনা আছে বলে ভয় হয়। সতর্কতার সাথে পরিস্থিতি বিচার করে যার যার মত নিজেদের সংরক্ষনের বিষয়ে মনোযোগ দিতে হবে।

আমি বাংলা, বিহার, উড়িষ্যার পুনর্মিলনের স্বপ্ন দেখি, যা এখন অসম্ভব। কিন্তু দুই বাংলাকে একত্রিত করে একটি একক রাষ্ট্র গঠন করা যেতেই পারে। আমরা এর জন্য চেষ্টা করতে পারি বা করা উচিত বলে মনে করি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তাও সম্ভব নয়। হয়তো কখন সম্ভবও হবেও না। যে কেউ আমার এই মতের সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, অনেক মানুষের অনেক মন, ভালোবাসাই হলো সকল পরস্পরবিরোধী ধারণা ও সংঘাত এড়ানোর একমাত্র উপায়।

যা হোক, উপরের সার্ভেটা আমি পুন পরিচালনা করবো এপ্রিল থেকে জুলাই -2025 পর্যন্ত, তাই আপনার মতামত এখনকার পরিস্থিতিতে ওই পাঁচটা অপশনের কোনটা তা আমাকে জানায়ে রাখতে পারেন, ফলাফলে তো কারো নাম প্রকাশ পাবে না, তাই নির্ভয়ে ও গোপনে জানায়ে রাখতে পারেন। ওটার ফলাফলও আমি  এই লেখায় পরবর্তীতে সংযোজিত করে রাখবো।

বিঃ দ্রঃ আমার লেখাগুলো আমার ব্যক্তিগত অভিমত, কারো ভিন্ন মত থাকতেই পারে, তার মতের প্রতি আমার কোন হিংসা কিংবা বিদ্বেষ নাই, সে তার মত করে ভাবতেই পারে, আমি তার চিন্তা ভাবনার প্রতি কোন বিরূপ মনোভাব পোষণ করি না, পরমত সহিষ্ণুতা আমার একটা প্রায়োগিক গুন বলে আমি মনে করি। পর মত সহিষ্ণুতা, যা একটি চর্চাও। অহিংসাও একটি চর্চা, যাকে ভারতীয়রা গান্ধীগিড়ি বলে থাকে, বলিউড হাস্যরসাত্মক মুভি “মুন্না ভাই এমবিবিএস”এ কিন্তু এই গান্ধীগিড়ি নিয়ে রস করে তার উল্লেখ করা হয়েছে। যে কোন ধর্মীয় প্রথাও কিন্তু এক প্রকার চর্চা, ধর্মীয় চর্চা, এর অতিরিক্তই মৌলবাদ নামে সচরাচর অভিহিত হয়।

সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ৫ জানুয়ারী২০২৫> ৫মার্চ২০২৫>