Wednesday, April 8, 2020

তার আর পর নাই, নাই কোন ঠিকানা



মনে করুন যদি, সব ছেড়ে হায়, চলে যেতে হয় কখনও আমায়, মনে রবে কি? – ঠিক আছে গানের ছন্দে আর নাই বা বললাম, এই প্রসঙ্গটা কবি সাহিত্যিকরা বার বার এনেছেন, যেমন আজ হতে শত বর্ষ  পরে, কিংবা যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে তখন পরবে কি মনে আমিও যে ছিলাম? অপরের মনে এই আমার কথা ধরে রাখাটা এত জরুরী হবে কেন? এর জন্য কেন এত মনের আকুতি। রবীন্দ্রনাথ সাহিত্যের সামগ্রী প্রবন্ধে এর চমৎকার ব্যাখ্যা দিয়ে গেছেন। তিনি বলেছেন “সে নানা মনের মধ্যে নিজেকে অনুভূত করতে চায়,” আবার বলেছেন “মানুষের হৃদয় মানুষের হৃদয়ের মধ্যে অমরতা প্রার্থনা করছে” আরেক জায়গায় বলেছেন “অন্যের হৃদয়ে সঞ্চারিত হওয়ার জন্য প্রতিভাশালী হৃদয়ের কাছে সুর, রং, ইঙ্গিত, প্রার্থনা করে, যা আমাদের হৃদয়ের মাধ্যমে সৃষ্টি না হয়ে উঠলে অন্য হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা লাভ করতে পারে না, “কিন্তু আমার কাছে মনে হয়েছে অন্য কারণে, এটা অমরত্ব পাওয়ার বাসনা নয় বরং এটা মানব মনের স্থায়িত্ব পাওয়ার প্রবণতা বা প্রবৃত্তি। মানব মন স্থায়িত্বে শান্তি পায় আর অস্থিরতায় কষ্ট পায়। আমার মনে যে অনুভব সৃষ্টি হয়েছে তা মন থেকে মনে ছড়ায়ে যাবে তাই তার বিনাশ হবে না, এই প্রত্যাশা থেকেই মনে হয় মানব মনে স্থায়িত্ব পাওয়ার ইচ্ছায় মন থেকে মনে সংক্রমিত হওয়ার বাসনার সৃষ্টি করে। সময়ের মধ্যে দিয়ে চলমান বাস্তবতায় বসবাসের যন্ত্রণা এই যে সময় সব কিছু মুছে ফেলে নিজেকে সব সময় সতেজ ও তরতাজা রাখে। বাস্তবতা অনেকটা রান টাইম ক্যাশ মেমরি বা র‍্যামের মত, জমা রাখার জন্য যার কোন হার্ড ডিক্স নাই। সব সময় মুছে দেয় বলেই মনের মূল্য সংযোজিত অনুভূতি গুল সঞ্চিত রাখতে মানব মন ধর্মীও ও সামাজিক বচন, ছবি, কবিতা, গান, নাটক, মুভি এক কথায় সাহিত্য রচনায় সচেষ্ট হয়েছে আর অর্জিত জ্ঞান সঞ্চয়ের জন্য খাতা-কলম-কম্পিউটার তো রয়েছেই। চেষ্টাটা হল ধরে রাখার চেষ্টা, সময়কে থামায়ে দেয়ার চেষ্টা, অনেকটা সেই হার্ড ডিক্সটা বানাতে চায়। কিন্তু সময় এতই একরোখা যে এই চেষ্টাও নষ্ট করে দেয় অপেক্ষাকৃত স্বল্প বা দীর্ঘ সময়ের প্রবহমানতায়। যা’ই হোক মানব সভ্যতা অন্তত বিগত দুই হাজার বছরের সাহিত্য ও অর্জিত জ্ঞান বিজ্ঞান সংরক্ষণের ব্যবস্থা করতে পেরেছে মাত্র। এর পূর্ব-জ্ঞান পাথরে কিংবা প্রত্নতত্ত্বে ছিটা ফোটা হয়ত পাওয়া যাবে। ইসলামে প্রথম ঐশী বানীর একটা আয়াত হল এরকম, স্রষ্টা মানবকে কলম দ্বারা শিক্ষা দেন, প্রশ্ন হল, কলম দিয়ে শিক্ষা দেন এই কথাটা প্রথম বাণীতে আসটা জরুরি ছিল কেন? কলম তো যুগে যুগে বদল হয়েছে, সেই পাথরে খোদাই থেকে পালক-কালি, দোয়াত, ঝর্না কলম, পেনসিল আর এখনকার ডিজিটাল  ষ্ট্যাণ্ডার্ড কি-বোর্ড সবই ত কলমের বিবর্তন ধারা, তা হলে কলমটা আসলে কি? যা দিয়ে লেখা যায় তাই ত? কি লেখা যায়? মনের ভাব প্রকাশ, চিঠিপত্র? আমার যা মনে হয়েছে প্রথম ঐশী বানিতে কলম শব্দটা এসেছে কারণ সময়ের স্রোতে ঘটনা প্রবাহকে বর্ণনা করে ধরে রাখার একমাত্র হাতিয়ারটিই হল লেখনী। যা দিয়ে ঘটে যাওয়া ঘটনা যা সময় তার চলমান ও সামনে ধাবমান বর্তমানের  তাগিদে সব সময় মুছে দিচ্ছে। তাকে যা ধরে রাখতে পারে তাই ত কলম যা কালক্রমে বিবর্তিত হয়ে আজকের ডিজিটাল ইউনিভারসাল কি-বোর্ড এ রূপান্তরিত হয়েছে। আর এই কলম দিয়েই সময়কে আপাত স্তব্ধ করে এর বিবরণ মনে ধরে রাখার একটা উপায় মানুষ পেয়ে গেছে। এ অর্থে এটা যুগান্তকারী একটা টেকনলিজও বটে।

লেখাটার উদ্দেশ্য ধর্মীও মন ভঙ্গির দেয়া সর্ব রোগের সমাধান মাষ্টার প্রেসক্রিপশনের আর গ্র্যান্ড ডিজাইনের বাইরে এসে জীবনের উদ্দেশ্য বিধেয় বুঝে দেখা, অনেকটা থার্ড আই অংগেল ভি্‌উ থেকে মানে হল তৃতীয় নয়নে জীবন, জগত ও এর উদ্দেশ্যকে বিচার বিশ্লেষ করা। পাঠক মন, আমিও যেমন করে থাকি, কার লেখা পড়ার সময়, প্রথমেই ভাবি লেখক কোন ঘরানার, দ্বান্দিক বস্তুবাদী নাকি অস্তিত্ববাদী, কট্টর অন্ধ ধার্মিক নাকি লিবারেল বা সেকুলার। এভাবে লেখার প্রথম প্রস্তাবনাকে কোন একটা ঘরে ফেলতে পারলেই পুর লেখাটাতে লেখক কি বলতে চাচ্ছে তা ধরা পড়ে যায়। আমি জানি যারা এই লেখা পড়বেন তারও এ কাজটা করবেন মনে মনে, অন্তত যাদের প্রবন্ধ পাঠে অভ্যাস আছে তারা তা করবেনই। আমি বলতে চাই নিরপেক্ষতার একটা বৈশিষ্ট্য আছে, কোন মানুষের পক্ষেই পুরপুরি পক্ষপাত মুক্ত বক্তব্য দেয়া সম্ভব নয় আর প্রবন্ধ মূলত লেখকের চিন্তা আর তার বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। লেখককে কমপারটমেনটালাইজড না করে দেখা দরকার তার চিন্তার নিরপেক্ষতাটা কতখানি স্বচ্ছ। আর সৎ চিন্তন থেকে সমস্যা সমাধানে অবশেষে তিনি কোন সিদ্ধান্তটি কে প্রস্তাব করেন। 

জীবনের পথ চলার এই পর্যায়ে আমার মনে হয়েছে মানুষের জীবনের প্রধান সমস্যাটা মনে হয় সময়কে বুঝতে না পারা, এটা চলমান না স্থির তাই তো সঠিক ভাবে বুঝা যায় না। দ্বিতীয় সমস্যাটা হল স্থায়িত্বর অভাব, যা কিছুই করুক না কেন সময় তা মুছে দেয়। এ দুটো সমস্যা মূলত সময় সংক্রান্ত জটিলতা সমাধানে দুর হয়ে যেতে পারে, আরেকটি সমস্যা হল এই সহস্র কোটি মহাবিশ্ব সম্বলিত এই অতিকায় মহাবিশ্বটা আসলে কোথায় আছে তা বুঝতে না পারা, এটা কি কচ্ছপের পিঠে নাকি হাতির পিঠে? যদি তাই হয় তবে সেই হাতি বা কচ্ছপটা আছে কোথায়? শূন্যের ভিতর শূন্যে নাকি সেই শূন্যটা কোন কিছুর উপর আছে। কিছু নাই থেকে কিছু হয় কি ভাবে, যদি হয়ই তা হলে আবার ফিরে কিছু নাই যদি হয়ে যায়? নাকি এটা মানব জ্ঞানে বুঝার অসাধ্য বিষয়। যেমন পিপড়াকে যদি কেমিস্ট্রি শিখাতে চান তবে তা সম্ভব নয়, মাছকেও তো গাছে উঠান শেখান যাবে না, এটা কি সে করম কোন বিষয়? তা হলে মুল সমস্যাটা হল স্থান আর কাল বুঝার অক্ষমতা যার কিছু ব্যাখ্যা আইনেষ্টাইন, হাইজেনবার্গ আর হকিংস মহোদয়গন দিয়ে গেছেন, কিন্তু তাঁরা পুর সমাধানটা দিতে পারেন নাই। বরং বিষয়টাকে এতটাই জটিল করে ফেলেছেন যে সাধারণ মানুষ তা বুঝতে অপারগ। আইনষ্টাইনের থিওরি অব রিলেটিভিটি আজও সাধারণ মানুষের কাছে দুরবোধ্য, স্থান কালের বেঁকে যাওয়ার বিষয়টা তাদের বুঝান গেল কেউ কেউ হয়ত তা মানতে নাও চাইতে পারে। এত উদ্ভট কথা কেউ বলতে পারে কেবল পাগল ছাড়া? মহাবিশ্বর আরম্ভ এক মহা বিস্ফোরণের মাধ্যমে যা বহুকাল হাইপথেটিক্যাল বা কেবল থিওরি মনে করা হত তা গাণিতিক পদার্থবিদ্যার সূত্রে প্রমাণ করার পর জীবনাবসানের আগে হকিং সাহেব বলে গেলেন একাধিক মহাবিস্ফোরণ ও বহু প্যারালেল শিশু মহাবিশ্ব হওয়াও সম্ভব। ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য উদঘাটন করে বলে গেলেন কাল গহ্বর কাল নায় তা তাপ শক্তি বিকিরণ করে থাকে। কিন্তু সাইন্স ফিকশনে যেমন দেখায় তেমন ভাবে ব্ল্যাক হোল দিয়ে ওপারে যাওয়া সম্ভব নয়, এর অপর পারে শ্বেত গহ্বর থাকতেও পারে যা অনুমান নির্ভর কল্পনা মাত্র। দেখে শুনে সাধারণ মানুষের মনে হতে পারে ব্ল্যাক হোল হল মহাবিশ্বের একাধিক ছিদ্র পথ যার ওপারে আছে শ্বেত গহ্বর আর এই সাদা গহ্বর গুলই হয়তবা মহা বিস্ফোরণ যা একাধিক প্যারালেল শিশু মহাবিশ্বের উৎপত্তি বা গেটওয়ে বা সূত্রপাত। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন প্রমাণ করে মহা বিস্ফোরণ হয়েছিল আবার কাল গহ্বর তো তাপ বিকিরণ করে চলে। তা হলে কি বিষয়টা এরকম দাঁড়াল? তিনিই প্রমাণ করলেন মহা বিস্ফোরণ বা দ্যা বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সূচনা লগ্ন আছে আর জীবন শেষে প্রমাণ করলেন এই মহাবিশ্বর সূচনার মত আর বহু মহাবিশ্ব আছে যাদের সূচনাও অনুরূপ মহা বিস্ফোরণের মাধ্যমে হয়েছে বা হয়ে চলেছে অনুমান করা যায়। অর্থাৎ এই মহাবিশ্ব গুল অনন্ত কাল হয়ত এরকমই ছিল আর হয়তবা অনন্তকাল এরকম থাকতেই থাকবে। আবার এমনও তো হতে পারে, এই প্রকৃতিতে যেমন সদা সর্বদা সৃষ্টি–প্রলয়-ধ্বংস চক্র চলছে অনুরূপ চক্রের মত এই মহাবিশ্ব গুলও ক্রমাগত চক্রাকারে চলছে। হতে পারে তারকার যেমন জীবনচক্র আছে সেরকম মহাবিশ্বগুলোরও জীবন চক্র আছে। এই ব্যাখ্যাটা বস্তুবাদে দেয়া সমাধান যে, প্রকৃতি এরকমই ছিল আর অনন্ত কাল এভাবেই চলবে যা সৃষ্টি হয়নি বা ধ্বংসও হবে বলে মনে হয় না, যেখানে এসব সৃষ্টিতে স্রষ্টার প্রয়োজনকে অপ্রাসঙ্গিক ধরে নেয়া হয়েছে। জনাব হকিংস এর দেয়া সমাধানটা আমার কাছে অনেকটা ছোট বেলায় দেখা চুল কাটার সেলুনে আয়নার মধ্যে আয়না তার ভিতর আয়না টেন্ডস টু ইনফিনিটি সমাধান মনে হয়েছে। এ যেন বাক্সর ভিতর বাক্স, তার ভিতর আবার বাক্স এরকম চলতেই থাকবে শেষ বাক্সটা আর খুঁজে পাওয়া যাবে না কোন দিন। ওই যে শুরতেই তো বলেছি তার আর পর নাই – ব্যাপারটা দাঁড়াল ওরকমই। তাছাড়া কোয়ান্টাম বা কণা পদার্থবিদ্যায় অনিশ্চয়তা সূত্রর দার্শনিক ব্যাখ্যা পড়লে সাধারণ মানুষের মনে হতে পারে এই চলমান বাস্তবতা ফিল্মের সেলুলয়েড ফিতায় চলমান আছে যার স্থির চিত্র নিলে অবস্থান পাওয়া যায় আর চলমান থাকলে কেমনে কি হচ্ছে কিছুই বুঝা যায় না আর সেটাই বোধ হয় চলমান বর্তমান। 

মানব মনের বা মানুষের আরেকটা বড় সমস্যা হল আবেগ প্রবণতা আর জ্ঞানের ধারার মধ্যে ভারসাম্য রাখতে না পারা, অনেকে তার ভাবের আতিশয্য দিয়ে অন্যকে আবিষ্ট করে ফেলতে চায় নিজের অজান্তেই, আবেগের আধিক্যে কি দিয়ে কি বলবে বুঝতে পারে না, কথা বলতে শুরু করলে আর শেষ করতে পারে না, সমস্যাটা হল মন ও মনের বহিঃপ্রকাশ বা মনের ভাবকে বুঝে তাকে কথায় প্রকাশ করতে পারার আনন্দ ও অন্যর মাঝে তাকে পুনরায় প্রতিস্থাপনের চেষ্টা ও তার অক্ষমতায় অধৈর্য হয়ে যাচ্ছেতাই করা। অনেকেরই আচরণ তাই হুজুগে বলে মনে হতে পারে। যার ফলে তাঁরা এমন সব ঘটনা ঘটায় বা ঘটনার সামনে পরে যে তাকে তাঁরা আর পরে সামলাতে পারে না।  জ্ঞেনের ধারা, ভাবের ধারা আর তৃতীয় ধারার এই ত্রিমুখী দ্বন্দ্ব মানব মনের এক বিচিত্র স্পেকট্রাম যার সরলীকরণের সূত্র আজও আবিষ্কৃত হয় নাই। ধারা গুল স্পষ্টভাবে অনেকে সনাক্ত করতেও পারে না বলে আমার মনে হয়েছে। এই প্রধান প্রধান সমস্যা কয়টির বিশৃঙ্খল সমাধান ও তার প্রতিক্রিয়া আমাদের মত সাধারণ মানুষের মনে, কথায় ও আচরণে কি ভাবে প্রতিফলিত হয় তার উপর আমার চিন্তা  ও পর্যবেক্ষণ গুল গুছায়ে লেখার চেষ্টা করছি এখানে। নিজের প্রয়োজনে তো বটেই, পাঠক বন্ধুদের কাছে উন্মুক্ত করে দিয়েও, যাতে আমার চিন্তায় কোন ভুল থাকলে তা ধরা পড়বে। এক সাক্ষাৎকারে হকিং সাহেব বলেছেন যে বিজ্ঞানের জটিল বিষয় গুল তিনি যতটা না পাঠকের উদ্দেশ্যে লেখেন তার চেয়ে বরং নিজের চিন্তা গুল গুছায়ে ফেলার উদ্দেশ্যেও লিখেন। যা আমার লেখার চেষ্টার সাথে মিলে যায় অনেকটাই, আমি নিজেকে লেখার উদ্দেশ্য ব্যাখ্যা করেছিলেম এভাবে, চিন্তার জটিলতা সরলীকরণের জন্যই এই লিখে চিন্তা করার চেষ্টা, বিশ্লেষণে সময় লাগে, লিখলে তা সহজ হয়। অনেকে নিজে নিজে কথা বলে এরকম এলাউড থিংকিং করে থাকে, আমিও একসময় করতাম কিন্তু এখন আর সে রকম একাকী নিরবিচ্ছিন্ন সময় পাই না বরং বিভিন্ন সময় লিখে রাখা বিষয়ভিত্তিক চিন্তা গুল পরে একসাথে করলে ওই কাজটাই হয়ে যায় হয়ত ভিন্ন ভাবে। 

মানব চিন্তার মৌলিক প্রশ্ন গুলর সমাধানে জীবন ও জগতের ব্যাখ্যায় এত মত এত পথ দেখে বিভ্রান্ত হওয়া ছাড়া আমার মত সাধারণ কার উপায় নাই। বাবা বলে একরকম, মসজিদের হুজুর বলে অন্য রকম, লাইব্রেরীর বই বলে আরেক কথা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেছেন আরেক কথা, এ এক মহা বিভ্রান্তির কষ্টদায়ক চিন্তা জট। অত শত চিন্তা না করে বরং কাউকে মডেল ধরে নিয়ে কিংবা যে কোন একটা মত বা পথ বেছে নিয় তাতে মননিবেশ করা বা বদ্ধমূল (কনভিকটেড) হওয়াটা সব থেকে সহজ মনে হতে পারে অনেকের কাছে। এ ধরেনর মনোবৃত্তিকে অনেকে হয়ত স্কেপ-গোট মেনটালিটি বা পলায়ন প্রবৃত্তি বলবেন। সৃষ্টি আর স্রষ্টার ব্যাখ্যায়ও রয়েছে একই রকম বিভ্রান্তিকর চিন্তা জট। এই দেখুন না স্রষ্টার নাম নিয়ে মানুষ খুন, বোমাবাজী আবার সেই একই স্রষ্টার নাম নিয়ে গানে গানে প্রিয় ভালবাসার মানুষকে চাওয়া। এমনকি সরাসরি স্রষ্টার নাম ব্যবহার করে বেদম বাদ্য বাজায়ে গান হচ্ছে ইদানীং তাও আবার ভক্তিমূলক বা আদ্ধাত্ব পূজার গান নয়, বরং প্রেমের গানেও সরাসরি স্রষ্টার নাম ব্যবহার হচ্ছে। স্রষ্টা বা ব্রহ্মা কে নিয়ে এত টানা হেঁচড়া অথচ সবাই একসাথে একমত হতে যত বিপত্তি। একটা বাক্য বিহীন ইন্ডিয়ান ছোট ফিল্মে দেখাল এক হিন্দু, এক খ্রিষ্টান আর এক মুসলমান যার যার টিফিন বক্স থেকে পাশাপাশি বসে লাঞ্চ করল, কেউ কাউকে খাবারের ভাগ দিল না এমনকি সাধলও না, অথচ লাঞ্চ শেষে সবাই সিঁড়ি বেয়ে নেমে এসে একই গঙ্গার জল খেয়ে হাত ধুল । মানুষে মানুষে কৃত্রিম ভাবে সৃষ্টি করা এই বিভেদ কি মানবতা বিরোধী মনোভঙ্গি নয়? এটা কি মানব সৃষ্ট অযথা বিড়ম্বনা নয়? আমার মনে হয়েছে বৃহৎ চিন্তা বা ওয়াইড এ্যংগেলে বিশ্ব বীক্ষণ করার অক্ষমতাই মানুষে মানুষে হিংসা বা দ্বন্দ্বের মূল কারণ । আর অনুভবে অক্ষম মানুষ তো যন্ত্র-মানব  বা রোবট ছাড়া আর কিছুই না, যাদের বিস্তার এক্স ম্যান মুভিতে যেমন দেখিয়েছে তার মত দিনকে দিন বাড়ছে। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার রাস্তায় একটি ছোট শিশুকে ফুটপাতে ছালা গায়ে ঘুমিয়ে থাকতে দেখে আমার চোখে পানি এসেছিল এই ভেবে যে, আমার দ্বিতীয় কন্যাসন্তানের জনক হয়েছি মাত্র, ওই মেয়েটির বয়স আর আমার দ্বিতীয় কন্যার বয়স একই, তা হলে পথ-শিশুটি ছালা গায়ে ফুটপাতে আর আমার মেয়েটি কত আরামে আছে ভেবে কান্না পেয়েছিল। ওই কান্না পাওয়াটা কি শাশ্বত মানবতাবোধে আঘাত পাওয়ার বহিঃপ্রকাশ নয়? আমি নিজেকে বহুবার প্রশ্ন করে এই উত্তর পেয়েছি, আপনারা কি বলবেন জানি না। 

কখনও সময় আসে জীবন মুচকি হাসে, মনে হয় পাওয়া গেল ১৪ আনা, আর বাকি দু আনাও খুব শিগগিরি পাওয়া যাবে, কিন্তু শেষ দু আনা আর কখনই পাওয়া হয় না বরং জীবনের চার্জ ধীরে ধীরে কমতেই থাকে। এরকমটা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার বলেই তো মনে হয় আর এটা প্রাকৃতিকও বটে।  থারমডাইনামিক্সের দ্বিতীয় সূত্র এনট্রপি তো ক্রমাগত বারতেই থাকবে, মহাবিশ্বেরই এনট্রপি ক্রমাগত বাড়ছে আর আমাদের বাড়বে না? এই মন ও দেহে বিশৃঙ্খলার মাত্রা আমাদের বয়স বাড়ায়ে দেয়, আর এই মাত্রা না বাড়লে চলমান বিশ্ব তো স্থবির হয়ে যেত। এই মহান গ্র্যান্ড ডিজাইনটা এভাবেই সাজান বলে মনে হয়, এতে অবাক হওয়ার মত কিছু না থাকারই কথা। জীবন ও জগত সম্পর্কে সকল মানুষের ঐক্যবদ্ধ বা সম্মিলন সহমত না থাকায় জীবনের পরিণতি ও স্রষ্টা নিয়ে বিভ্রান্তিকর জটিলতার সৃষ্টি হয় বলে আমার মনে হয়েছে। রূঢ় বাস্তবতায় সবাই জানে  চলমান সময়ের কোন এক ক্ষণে সব ছেড়ে হায়, স্তব্ধ জগতে চলে যেতে হয় আর সে জগতে চেতনের সুইচটা অফ থাকবে । সে অবস্থায় তার সজ্ঞা বা সেন্স থাকবে না। সেখানে চোখে দেখা বাস্তবতার চলচ্চিত্র বা তার মনের ভাবালুতার তো প্রশ্নই আসে না। তার পরও কবর আজাব, পরজন্ম, পুন-জন্ম, পুন-উত্থান নিয়ে এত মতভেদ কত মতবাদ। গোর আজাব বা মৃত্যুর পর কবরের জীবন নিয়ে আমি ভীতিকর কিন্তু জনপ্রিয় গালগল্প প্রচুর শুনেছি যার সত্যতার ভিত্তি নিয়ে কেউই (শ্রোতা বা বক্তা) চিন্তিত নন, বরং ভয় পাওয়াটা ও দেখানটা জরুরী তাই গল্প গুল সত্যি ধরে নেয়া হয়েছে। ধর্ম  অধর্ম  নিয়ে বিতর্ক করতে ইদানীং আর ইচ্ছা করে না। এ সব নিয়ে যৌবনে অনেক মল্লযুদ্ধ করেছি, আর না, যথেষ্ট দেখলাম নানা মুনির নানা মত আর তার পর যতসব টানা হেঁচড়া। সেকুলার মনোবৃত্তি বিপক্ষে ছিলাম আর আজ ওসব পথেই হাটি না। আজকের আধুনিক পৃথিবীতে নেতৃস্থানীয় ব্যক্তিরা তা আর্থ সম্পদ, বিত্ত, বৈভব, জ্ঞান, গরিমা যে দিক দিয়েই নেতাগীরি করেন, তারা ধর্মের বিষয়টা ব্লা ব্লা বলেই উড়ায়ে দেন, মনে মনে হয়ত বলেন যতসব রাবিশ। উপরে উপরে শুক্রবার জুম্মায় গালিচা জায়নামাজ কিন্তু নীতি আদর্শর বিচারে আর কর্মক্ষেত্রে পুর দস্তুর সেকুলার, “যে যাই করে করুক না, আমার সমস্যা না করলেই হল” – এই মনোভঙ্গি। এই বিরক্তিকর একঘেয়ে রি-অকারিকং বাস্তবতায় সেট-বদ্ধ নিতিমালা আর পরজন্মের সকল প্রশ্নের সমাধান দেয়া ধর্ম একটা হাস্যকর বিষয় বটে তাদের কাছে। ধর্ম মধ্যবিত্ত আর নিম্নবিত্ত জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণের একটি মহান হাতিয়ার। এর মাধ্যমে তাদের বশীভূত করে রাখার একটা উপায় আবিষ্কার করেছে এই মানব সভ্যতা বহু যুগ আগে। ধর্মকে সব রাজারাই উত্তম রূপে ব্যবহার করেছেন যুগে যুগে। কেবল কোন এক মোঘল সম্রাট সব ধর্মকে এক করে দীন এ ইলাহি নামে একটি কমপোজিট ধর্ম প্রবর্তন করতে চেয়েছিলেন মনে হয় এই ভেবে যে তাতে করে এত বিভিন্ন ধর্ম সম্পর্কে বিস্তারিত জানা লাগবে না আর সবাইকে একই নীতি দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। তার মহত উদ্দেশ্য সফল হয় নাই, কারণ যারা যে যে ধর্মের ধ্বজা (ঝাণ্ডা বা পতাকা) ধরে আছে তারা তাদের জীবিকার সাথে ওই ধর্মকে সম্পৃক্ত করে ফেলেছে, তাই তার ধর্ম সমাজে মুছে গেলে ত তার মৃত্যু হওয়ার সামিল হবে, এটা সেই সারভাইভাল ইনিসটিংক্ট যার থেকে মানব চরিত্রের বাকি সকল ইনিসটংক্ট বা প্রবৃত্তি সমূহ প্রস্ফুটিত পদ্মের মত বের হয়ে আসে। প্রত্যেক সফল শাসকের শাসন যন্ত্রের কেন্দ্রে দেখবেন একটা ধর্ম মন্দির অবশ্যই আছে আর তা জমকাল জাঁকজমকপূর্ণও বটে। ধর্ম নিয়ে এত হানাহানি আর গোড়ামীর কারণে আধুনিক শিক্ষিত গণ-মানস (ব্যক্তি বিশেষের কথা বলছি না, সারবীকিকৃত গড় মন ভঙ্গির কথা বলছি) ধর্মে বিমুখ হয়ে গেছে বলে মনে হয় আর তা অনেকটা নিজের অজান্তেই। ধর্মকে কি ভাবে ভ্রান্ত ভাবে উপস্থাপন করা হয়েছে তার একটা উদাহরণ দেই, আরবিতে আমল হল কাজ যাকে ইংরেজিতে বলে ডিড। ধর্মে বলা হল, যারা সৎ কর্ম করবে তারা বেহেস্তে যাবে বা সফলকাম হবে, এই সৎ কর্মর ইংরেজি হল গুড ডিড আর আরবি হল ভাল আমল –আমাদের মাদ্রাসার পুরহিত গণ এর অর্থ করল আমল মনে তসবি, নামাজ আর কোরআন পাঠ। এই ভাবানুবাদ কি সঠিক হয়েছে? এর বিচার কে করবে? আমল, সোয়াব, নেকি কিংবা বদির, এই টার্ম গুল ইসবগুলের ভুসির মত পানিতে গুলায়ে খেয়ে ফেলেছে আমাদের বিজ্ঞ আতর মাখা পুরহিত মহল। শুধু তাই না তারা তা গদ গদ স্বরে, তাদের প্রবর্তিত স্বব্যেখ্যায়িত পুরাণ আদর্শ নতুন বোতলে ভরে মাইক দিয়ে মানুষের কান ফাটায়ে প্রচারও করে থাকেন। আর সমাজে যাদের অতি ভক্ত ধর্ম অনুরাগী দেখতে পাওয়া যায় তাদের বেশিরভাগই জীবনের কাছে পড়াস্থ কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তার কথা চিন্তা করে ভাগ্যের কাছে আত্মসমর্পণকারী কিংবা অতি সম্পদ আর সফলতার আত্মস্লাঘায় বিমুগ্ধ স্বর্গ যাত্রী । স্রষ্টার প্রতি ভালবাসা কিংবা ব্রহ্মার প্রকৃতি জানার আগ্রহ তাদের মধ্যে খুব একটা নাই বললেই চলে বরং পাপ মোচন আর এই ভোগময় জীবনকে আর কত দীর্ঘায়িত করা যায় তার জন্য কান্না কাটি প্রার্থনয় রত থাকে। ধর্ম বিষয়টিকে তার বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট যে ভাবে তার গুরুদের কাছে শিখেছেন তেমনি ভাবে শিখতে চান। ধর্মকে তাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ না করে অন্যের শেখান বুলি, শেখান বিশ্বাস, শেখান আচারে পরিণত করে ফেলেন। ভাবেন যারা এ বিষয়ে প্রফেসর তাদের কাছ থেকেই তো সার্টিফিকেট নিতে হবে। ধর্ম পাশ সার্টিফিকেট যে জীবনাবসান উত্তর বিচার পরবর্তী কার্যক্রম আর তাতে স্বাক্ষর দাতা যে স্বয়ং বিধাতা তা তারা চিন্তা করে দেখেন নাই বা মানতে চান না কারণ তাদের গুরুকুল সে কথা তাদের বললেও চোখে আঙ্গুল দিয়ে  দেখায়ে দেন নাই। চিন্তু শূন্য ধার্মিকেরা তাই মন শূন্য কনক্রিটের মানুষে পরিণত হয়ে গেছেন। ধর্ম হয়ে গেছে আচার সর্বস্ব প্রথাগত জীবনধারণ ব্যবস্থা। সকল অমিমাংশিত বিষয়ের সুন্দর পার্থিব সমাধান। 

আপনার লয়ে বিব্রত হতে আসে নাই কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে-মানবতাবাদের এই মূল মন্ত্র থেকে ধর্ম তাই আজ অনেক দুরে, বিষয়টা বিস্ময়কর বটে। ধর্ম –অধর্ম নিয়ে এখন আর কেউ ভাবে না, আরবান (শহুরে) কালচারে সবাই বাই-ডিফল্ট (স্বপ্রণদিত ভাবে) সেকুলার বা ধর্ম-নিরপেক্ষ। মজার ব্যাপার হল সাম্প্রতিক বিশ্ব আচারে ধর্মের সঞ্জায়নে যে রূপান্তর হয়ে গেছে সেটা এই সমাজের বিজ্ঞ মহল মাথা ঘামান নাই। ভিটগেনষ্টাইন যেমন বলেছেন দর্শন বর্তমানে কেবল ভাষার চাতুর্যে পরিণত হয়েছে তেমনি ধর্ম নিয়ে ইদানীংকালের মাতামাতি অন্ত-স্বার শূন্য প্রহসনে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু যদি প্রশ্ন করি, যে কারণে ধর্মর প্রয়োজন ছিল তা কি নাই হয়ে গেছে সমাজে? তা কিন্তু হয় নাই, বরং সেই শূন্যস্থান পূরণ করেছেন নিউটন, আইনষ্টাইন, ডারউইন, মেন্ডেল, হকিং, গেলেলিও, কোপারনিকাস, ম্যাক্স-প্লাংক, হাইজেনবারগের মত পয়গম্বর গন। ধর্মর মূল উদ্দেশ্য ছিল জীবনের উৎপত্তি ও পরিণতি ব্যাখ্যা করা, দর্শনও তাই করার চেষ্টা করেছিল কিন্তু এ দুটোকে পিছনে ফলে বাস্তবতার সর্বজন গ্রাহ্য ব্যাখ্যা দিয়ে চলেছে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নব নব উদ্ভাবন। যে জ্ঞান ছিল কেবল পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর অনুসন্ধিৎসু মনের অবিরাম প্রচেষ্টা তা হয়ে গেল দর্শন আর ধর্মর মত জীবন ও জগতের ব্যাখাদানকারী। কখন যে এই পরশপাথর শিকলে ঠুকেছে পাগলটা (মানবতা) তা সে নিজেও জানে না, রূপান্তরটা তাই হয়ে গেছে বিশ্ব-মানসে সবার অগোচরে। সেকুলারিজমের জনপ্রিয়তা তাই ঠেকায় কার সাধ্য। মানব চিন্তা-চেতনার উপর লেখা শেখ তাক্কীউদ্দিন নাভায়ানীর বই “থট” এ বলেছেন রেশনাল থিংকিং আর সাইন্টিফিক থিংকিং এর মধ্যে রেশনাল টাই সঠিক, কারণ মানবকে বা মানবের সকল বিষয়কে পরীক্ষাগারে পরীক্ষণ ও পর্যবেক্ষণ করা যায় না। পরিপূর্ণ রূপে মানবকে বুঝতে হলে তাঁর মতে রেশনাল থিংকিং ছাড়া উপায় নাই। রেশনাল মানে হল বাস্তবতা ভিত্তিক যৌক্তিক বিশ্লেষন যা কেবল পরীক্ষণ বা পর্যবেক্ষণ নির্ভর নয় আবার যা স্পেকুলেটিভ কিংবা অনুমান নির্ভর নয়, বরং বাস্তবতার পর্যবেক্ষণ ও বিশ্লেষণের উপর নির্ভরশীল। আশপাশের গনা বিশেক লোককে জিজ্ঞাস করে দেখুন তো আজকাল কেউ না মেপে কথা বলে কিনা? যুক্তি দিয়ে বহুদূর জাল বুনা যাবে কিন্তু বাস্তবতা নিতান্তই বস্তুনিষ্ঠ। তবে বাস্তবতা সবার চোখে সমান ভাবে ধরা নাও পরতে পারে, আমার কি এমন ঠেকা পড়েছে যে আপনার চোখে দেখা বাস্তবতার ব্যাখ্যা আমাকেও মেনে নিতে হবে এই জন্য যে আপনাকে আমি বিজ্ঞ মনে করি। আমার আপনার বাস্তবতার অনুধাবন তা হুবহু এক না’ও হতে পারে। বাস্তবতাটা অনেকের কাছেই স্ব-বিরোধী একটা অনুধাবন, আমার কৈশোরে অনুধাবনটি ছিল অনেকটা এরকম, “স্রষ্টা আমায় দেয়নি কোন স্ফীত অংশে নিবাস, দিয়েছে কেবল সময়ের সংকীর্ণ পথে বসবার অবকাশ”। সেই অনুধাবন মাঝ বয়স পার হওয়ার পর হয়ে গেছে “বাস্তবতা সর্বদাই সতেজ ও কখনই পেছন ফিরে তাকায় না” আর জীবনটাকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে এক পুনরাবৃত্ত (রিকারিং) বিরক্তিকর যাত্রা বলে মনে হয়। স্টিফেন হকিং তার বই “ব্ল্যাক হোল”-এ বলেছেন অলটারনেটিভ বা বিকল্প ভবিষ্যতের মত বিকল্প অতীত আছে। এ কারণেই হয়ত ভবিষ্যতের মত অতীতে ফিরে যাওয়া যায় না আর কখনও তা সম্ভব হবে বলে মনেও হয় না। অতীত বা ভবিষ্যত বলে মনে হয় আসলে কিছুই নাই, পুরটাই বর্তমান। বুঝার সুবিধার্থে আমরা একে চলমান সময় বলে ভাবতে শিখেছি, এটাকে জমাকৃত এনট্রপির মত ভাবতে বাধা কোথায়? এই দ্বন্দটা মূলত সেই পৌরানিক দার্শনিক অধিবিদ্যা আর দ্বান্দিকতার দ্বন্দ। সবকিছুকে কি স্থির নিশ্চিত ভাব্বো নাকি সব কিছুকে চলমান, প্রবাহমান ভাব্বো এই দুয়ের সেই পুরাতন অমীমাংসিত দ্বন্দ্ব। আমি বলতে চাচ্ছি বুঝার সুবিধার্থে একে আমরা চলমান ভাবছি, মূলত এরা সব স্থির বর্তমানে ঘটমান। আমার এ অনুমানের কোন পরিক্ষিত ভিত্তি না থাকলেও মনে হচ্ছে এই রূপকল্প সত্য মনে করাটাই স্বাভাবিক। চলমান হওয়ার জন্য রাস্তা দরকার, রাস্তা ছাড়া চলবেন কোথায়, গ্যালাক্সি গুলর পরস্পর থেকে বিচ্যুতি মেপে একে বেলুনের গায়ে ছোপ ছোপ দাগের সরে যাওয়ার মত মনে হওয়ায় মহাবিশ্বের সম্প্রসারণ বুঝা যাচ্ছে বটে কিন্তু কোথায় যে বেলুনটা আছে তা কেউ বলতে পারছে না। তাই রাস্তা ছাড়া যেমন চলা যায় না, এই বহমান বাস্তবতা অতীত থেকে ভবিষ্যতে ধাবমান বলা যুক্তি যুক্ত মনে হচ্ছে না। মহাকালকে মহাবিশ্বের ব্যাকগ্রাউন্ড ধরলে মহাকালকে তো আগে বুঝতে হবে, কাল কি তাই যদি না বুঝেন তা হলে মহাকাল বুঝবেন কি করে? কাল বা মহাকালকে রাস্তা ধরে নিয়ে বাস্তবতাকে চলমান ভাবা হচ্ছে। কাল বা মহাকালের মান শূন্য হলে সবই হবে মহা স্থির আর নিশ্চিত ধ্রুব। হুমায়ুন আহমেদের উপন্যাস “শূন্য”র কথা মনে পড়ে গেল যেটা পড়তে গিয়ে প্রথম জেনেছিলাম ফিবনাক্কি রাশিমালা সম্পর্কে। উপন্যাসে উনি মজা করেছিল এই বলে যে, সমীকরণের চল রাশিকে শূন্য ধরা হলেই সমাধান পাওযা যায় তা গল্পের মূল চরিত্র সবার শেষে বুঝতে পারেন। মানব সভ্যতার অবস্থা মনে হয় সে রকমই, হাজার বছরের গবেষনা অনুসন্ধানে অবশেষে শূন্য মানে সমীকরণ সমাধান করবে বলে মনে হচ্ছে। মৌলিক প্রশ্ন গুল সমাধান না করে ধেই ধেই করে প্রযুক্তিতে আগে বাড়ার ফলাফল এ ছাড়া আর কি হতে পারে। 

অঞ্জন দত্তর সেই গানটা শুনেছেন মনে হয়, যাচ্ছে চলে সব হন্তদন্ত হয়ে, এত সব যাচ্ছে কোথায়? সবই কি হকিং এর শিশু ব্ল্যাক হোল দিয়ে মহাবিশ্বের অপর কোন অঞ্চলে ছিন্ন ভিন্ন হয়ে নতুন অণু পরমাণু কিংবা প্লাজমা হয়ে বিরাজ করছে? নাকি চিরতরে নির্বাণ পেয়ে গেছে? এর উত্তর এখনও কার জানা নাই আর জানতেও পারবে না যতদিন না আরেক হকিং সাহেব নতুন নামে জন্ম নিচ্ছেন। হকিং মহোদয় তাই একটা মীমাংসা দিয়ে গেছেন মরে যাওয়ার আগে লেখা তার শেষ বইয়ে, খুব সাবধানে বলেছেন বটে, যাতে মরার পর কেউ তাঁকে গাল মন্দ করতে না পারে।  বলেছেন যদি প্রশ্ন করেন সবকিছু আগে থেকেই ঠিক করা আছে কিনা? আমার উত্তর হ্যাঁ, কিন্তু এই উত্তর না’ও হতে পারে। তার মত এত মেধাবী একজন লোক যে কিনা বাস্তবতাকে গাণিতিক ভাবে অনুধাবন করতে পারে সে যদি এরকম বিভ্রান্তিকর উত্তর প্রদান করে যান তা হলে আমরা সাধারণরা বাস্তবতা বুঝব কার সাধ্য? কালকের দৈনিক পত্রিকার প্রধান শিরনাম কি হবে তা সম্পাদক মহাশয় নির্ধারণ করেন নাকি স্রষ্টা আগে থেকেই ঠিক করে রেখেছেন তা নিয়ে তার শেষ বইয়ে একটি গুরুগম্ভীর আলোচনা আছে যা আমি আবার সময় নিয়ে বুঝে পড়ব বলে ঠিক করে রেখেছি। 

এত সততার সাথে পরিশ্রম সহকারে কাজ করেও যখন কর্তৃপক্ষ সময়মত প্রমোশনটা দিল না তখন সাজ্জাদ ভাই এর প্রশ্নের উত্তরে বলেছিলাম আর বড় জোর ১৩ কি ১৪ টা বছর বাঁচব হুজ্জতি করতে চাই না। প্রাণ খুলে প্রাণবন্ত হয়ে বাচতে চাই। মনে করুন বলে দেয়া হল, এত তারিখ এতটার সময় আপনার জীবনাবসান। এমনটা হয় যাদের ক্যানসার হয় কিংবা এমন রোগ যার কোন নিরাময় নাই আর যখন ডাক্তার আশা ভরসা ছেড়ে দিয়েছে। এটা বৃদ্ধ বয়সেও হতে পারে আবার হতে পারে আপনার বয়স যখন অনেক কম, বিয়ে-থাও করেননি এখনও। এই থা টা কি তা আমি আজও জানি না, মনে হয় কথা বলার ধারা। অনেককে আফসোস করতে শুনবেন বেচারা এত অল্প বয়সে চলে গেল, বিয়ে থাও করেনি। আরে ভাই বিয়ে করাটা এত জরুরি কি থা করার জন্য? সে যাই হোক? প্রসঙ্গে ফিরে আসি। যদি জানতে পারি কখন মারা যাব তা হলে আমার মনোভঙ্গিটা কি রকম হবে? আমার লেখা থ্রি টাইপস্ অফ মাইন্ড সেট উইথ টু ট্র্যাপস্ যারা পড়েছেন তারা ধরতে পারবেন এবার আমি কি বলব। মাইন্ড সেট যাই হোক না কেন, মৃত্যু ক্ষনটা জানা থাকলে কে কি করবে কিংবা কেউ যদি মনে করে আমি ঠিক এতটার সময় নিজের জীবনাবসান করব তার আচরণটা কি হবে? এ থিমের উপর বেশ কতগুলা হলিউড মুভি হয়েছে যে গুলর চিন্তাধারা চমৎকার বটে। কিন্তু একটি অস্ট্রেলিয়ান মুভিতে দেখান হল, এক নিষঙ্গ বৃদ্ধ মরার প্রস্তুতি নিয়ে তার জন্মস্থানের দিকে রওনা হয়েছিল কিন্তু শত চেষ্টা করেও সে মরতে পারে নাই। পথে ঘটে যাওয়া নানা ঘটনাই ছিল ছবিটির চলচ্চিত্র আর মূল থিম ছিল আপনি চাইলেই মরতে পারবেন না। পথিমধ্যে এক উচ্ছল তরুণীর অযথা অনুপ্রবেশ পুর মুভিটার ভাবটাই বদলে দিয়েছে, মনে হয় বলতে চাচ্ছে প্রাণবন্ততাই জীবনে বেচে থাকার মূল প্রেরণা। বর্তমান বিশ্বের মানব আচরণ দেখলে বুঝা যায় তারা মৃত্যুকে গুরুত্ব সহকারে নিয়ে বাস্তব চিন্তা করতে চায় না। তাদের পরিকল্পনাতে হঠাত শেষ হয়ে যেতে পারে এই প্রসঙ্গটাই থাকে না। তারা দেখে অভ্যস্ত যে কার মৃত্যুতে বাস্তবতা তেমন একটা ব্যেহত হয় না, যার আপনজন মারা যায় সে বা তার পরিবার সাময়িক ক্ষতিগ্রস্ত হয় বটে, তার পর সময়ের সাথে যেই লাউ সেই কদু। মৃত্যু যেহেতু চলমান সময়ে হঠাত ঘটে যাওয়া একটা এক্সিডেন্ট কিংবা জীবনের ধীরে ধীরে ক্ষয় পেয়ে শেষ হয়ে যাওয়ার মত একটি স্বাভাবিক ঘটনা তাই এত চিন্তার কি আছে। মরে গেলে মরে যাব তার পর আর কি, যা হবার তাই হবে,। ভাল ভাবে প্রাণবন্ত হয়ে, সুস্থ-সবল হয়ে মরার আগ পর্যন্ত বেচে থাকার ইচ্ছা সবার। তাই গানের লাইনটা চমৎকার বলেছে, তার আর পর নাই, নাই কোন ঠিকানা। 

হলিউডের ফাইনাল ডেসটিনেশন মুভি সিকুয়েলে মৃত্যুকে একটি ষড়যন্তকারী ও অভিষন্ধীকারী চরিত্র আকারে চিত্রণ করা হয়েছে। মৃত্যু দূত আজরাইল এর কাজ এটা, তাকে তো ঘোষ্ট রাইডার মুভিতে মানুষের আকৃতিতেই চিত্রণ করা হয়েছে। মৃত্যু বা জীবনাবসান তো সকল প্রজাতিতেই রয়েছে, সরল মনে বিচার করলে প্রকৃতিতে কেবল দুট জিনিসই দেখতে পাওয়া যায়, একটি জড় যা ভাংছে গড়ছে কিন্তু শক্তির নিত্যতায় একই থাকছে, যা স্থায়ীই বলা যায়, আর এক হলো জীব ও তার জীবনচক্র যা চক্রাকারে জন্মাচ্ছে, বাড়ছে, বুড়া হচ্ছে ও মারা যাচ্ছে এবং নতুন প্রজন্ম রেখে যাচ্ছে কিংবা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জীবন্তদের উন্নত প্রজাতিতে নিউরন আছে বিধায় বলা যায় এরা উন্নত ও সংবেদন সম্পন্ন এবং এদের ধারায় সবার উপরে মানব যার লক্ষ কোটি নিউরন বা স্নায়ু সমৃদ্ধ মস্তিষ্ক ও তার ইলেক্ট্রা-কেমিকেল ইমপাল্স চালিত মননশক্তি আছে। এটা নিঃসন্দেহে নাস্তিক ও ধর্ম  নিরপেক্ষদের জীব সংক্রান্ত ব্যাখ্যা। এই মানব মনের এ্যাসেন্ট বা উত্তরণ তাদের কাছে জীবনের উদ্দেশ্য, জীবন চক্রে প্রজাতির পুনর্জন্ম সংখ্যা বাড়তে বাড়তে পরিমাণ গত পরিবর্তনের কোন এক ক্রিটি-কাল মুহূর্তে বিবর্তন ঘটে যাবে তার পর হবে প্রতিষেধের প্রতিষেধ। তা হল আদীমানব বিবর্তিত হয়ে মহাকালের ধারায় একসময় অতিমানব ও তার পর মহামানবে রূপান্তরিত হলেও হতে পারে। হলিউডের এক্স-ম্যান মুভি সিকুয়েল তো এই থিমের উপরই রচনা করা হয়েছে। পূর্বের মানব মনের সংশ্লেষণ ক্ষমতা বা বুদ্ধিমত্তা বৃদ্ধি পেয়েছে বহুগুণে, কম্পিউটারের বিবর্তন ইতিহাস দেখলেই তা প্রমাণ হয়। মানব মনের উন্নয়ন তারা বিস্তার করছে যাতে সম্মিলিত মানব সত্ত্বা তথা সভ্যতা উন্নত হয়। অন্য যে কোন প্রজাতির মত মানব প্রজাতিও সারভাইভাল বা টিকে থাকার প্রতিযোগীতা করে, যেমন প্রতিকুল অনুন্নত শহর থেকে উন্নত শহরে মাইগ্রেট করে। বংশ বৃদ্ধি করে ও সন্তানের জন্য যার পর নাই যা খুশি তাই করে। তার পর অসহায় বোধ করে মরে গেলে কি হবে জানে না কিন্তু আর বেচে থাকার উপয়ও তার জানা নাই। তাই তো সব উত্তর এর আধার ধর্মের কাছে আত্মসমর্পণের মাধ্যমে মানব মনের পূর্ণতা। মনে মনে ভাব ও চিন্তার বিস্তার ঘটায়ে স্থায়িত্ব পাওয়ার প্রবৃত্তি আছে বটে মানব মনের কিন্তু সে ভাবে কি আর বাস্তবে অমরত্ব পাওয়া যায়? ধর্মের ব্যাখ্যা যদি মেনে নেন তা হলে মনে প্রকাণ্ড শান্তি পাবেন আর না মানলে আপনার শান্তির প্রচেষ্টা অমীমাংসিতই থেকে যাবে। আমার মতে মানব জীবনের চ্যালেঞ্জটা হল মনের প্রশান্ত ভাবটাকে নিশ্চিত রেখে শিক্ষা, অভিজ্ঞতা আর গবেষণা ও এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে উন্নত বুদ্ধিমত্তায় ক্রমাগত উত্তরণের অবিরাম প্রচেষ্টা। একেই জেকব ব্রুনওস্কি হিউম্যান এসেন্ট বলেছেন তার বইয়ে। একই রকম কথা ধর্মীও বক্তা ইমরান নজর হোসেনও বলেছেন। তিনি অনেকটা এরকম বলেছেন যে, মানব বুদ্ধিমত্তার ক্রমাগত উন্নয়ন চেষ্টা মনে হয় স্রষ্টা পছন্দ করেন। 

আমি কোন ঘরানার তা বলেই দেই, ধর্মকে ইদানীং আমার খুব একটা ভাল লাগে না তবে স্রষ্টার উপর বিশ্বাস হারাই নাই। সব কিছুই পূর্ব পরিকল্পিত কি না? অর্থাৎ স্রষ্টার পরিকল্পনা কি না, সে প্রসঙ্গে আমার মতামতও গুরু হকিং মহোদয়ের দেয়া শেষ বক্তব্যে আটকে আছে, উত্তরটা হ্যাঁ, কিন্তু না’ও হতে পারে। যদিও এই উত্তরটা পড়ে আমার তিতা তিতা লেগেছে, তার পরও বলব, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো পূর্ব পরিকল্পিত ভাবতে আমার ইচ্ছা করে না, তবে উত্তরটা হ্যাঁও তোঁ হতে পারে। লেখাটার শিরনাম “তার আর পর নাই” বলেছি কারণ, এ লেখাটা নিয়মিত আপডেট করার ইচ্ছা আছে ব্লগে আর “নাই কোন ঠিকানা” বললাম এই কারণে যে, এই মানব সভ্যতার মা-বাপ নাই, যার যা খুশি তাই করছে আর করতেই থাকবে। তাছাড়া গানটাও তো চমৎকার, আগে বহু বার শুনে থাকলেও আরেকবার শুনতে ভালই লাগে।

Sunday, September 22, 2019

লেখালেখির গুরুত্ব সম্পর্কে আমার ধারণা



বাপ্পা মজুমদার ও সামিনা চৌধারীর ‘এক মুঠো গান’এ্যালবামের “আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না” গানটা যারা শুনেছেন তারা এর জনপ্রিয়তার কথা জানেন। গানের এই লাইটি অন্য ভাবেও তো বলা যেত, যেমন “হাঁ করে বসে আছি তাও কেন আসছ না” কিংবা “পসরা সাজায়ে বসে আছি তাও কেন কিনছ না” অথবা “সেজে-গুজে বেড়াতে এসেছি তাও কিছু বলছ না?” কিংবা ধরুন যদি বলি “এত এত লেখা লিখছি তাও কেন পড়ছ না?” ইত্যাদি, কিন্তু তাতে কি তা এত জনপ্রিয় হত? তাতে কি তা সাহিত্য হত? হত না কারণ সাহিত্যের ভাষা ভিন্ন, আর তা হল মানুষের মনের ভাষা, জ্ঞানের ভাষা নয়। সাহিত্য হল মানব মনের প্রতিচ্ছবি, এটি এমন এক আলোর পৃথিবী যেখানে যা আসে সব আলোকিত হয়ে আসে। এই আকাশ তো নীল আকাশ নয় বরং মনের আকাশ। এই গানের সাথে আমার বেশ কিছু স্মৃতি জড়িত তাই গানটা হঠা‌ৎ কানে আসলে সেই স্মৃতীগুলো মনে চলে আসে। গানটার গুরুত্বও আমার কাছে একটু অন্যরকম ও বিশেষ বটে। সেই স্মৃতি নিয়ে কিছু বলার ইচ্ছা নাই এখানে, বরং পারষ্পরিক ভাব বিনিময় মাধ্যম গুলো নিয়ে কয়েকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যা সচরাচর বলা হয় না বা যে উদ্দেশ্য গুলোর প্রতি গুরুত্ব আরোপ করা হয় না। এই বিষয়ে রবীন্দ্রনাথের প্রবন্ধ “সাহিত্যের সামগ্রী” অত্যন্ত প্রাসঙ্গিক। আমি প্রবন্ধটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করেছিলাম ২০০৪ এ, এই উদ্দেশ্য নিয়ে যে তা আরো স্পষ্ট করে বুঝতে পারি। সাধু-তে লেখার চল ইদানীং উঠে গেছে কিন্তু সাধু ভাষা সেই সময় লেখালেখির ক্ষেত্রে সম্ভ্রান্ত ভাষা মনে করা হত। চলিত ভাষার সুবিধা এই যে, তা বিষয়বস্তুকে স্বচ্ছ ও দ্রুততার সাথে বুঝতে সহায়তা করে। যুগ-যুগান্তরে মানব মনোভঙ্গি পরিবর্তন হলেও মূল ভাবধারা একই থাকে। আলোচনার সুবিধার জন্য সাহিত্যের সামগ্রীর উপর লেখা রবীন্দ্রনাথের মূল্যবান প্রবন্ধটি এখানে সংযোজন করছি, তার পর আমার বক্তব্য উল্লেখ করব।


<উদ্ধৃতি> একেবারে খাঁটি ভাবে নিজের আনন্দের জন্য লেখা সাহিত্য নয়। অনেকে কবিত্ব করে বলেন যে, পাখি যেমন নিজের উল্লাসে গান করে লেখকের রচনার উচ্ছ্বাসও সেরকম আত্মগত, পাঠকেরা যেন তা আড়ি পেতে শুনে থাকেন। পাখির গানের মধ্যে পাখি সমাজের প্রতি যে কোন লক্ষ্য নাই, এ কথা জোর দিয়ে বলা যায় না। থাকুক বা না থাকুক তা নিয়ে তর্ক করা বৃথা। কিন্তু লেখকের রচনার প্রধান লক্ষ্য পাঠক সমাজ। আমাদের মনের ভাবের একটি স্বাভাবিক প্রবৃত্তি এই যে, সে নানা মনের মধ্যে নিজেকে অনুভূত করতে চায়, প্রকৃতিতে আমরা দেখি টিকে থাকার জন্য প্রাণীদের মধ্যে সব সময় একটা চেষ্টা চলছে, যে জীব বংশ বিস্তারের মাধ্যমে যত বেশী জায়গা জুড়তে পারে তার জীবনের অধিকার তত বেশী বেড়ে যায়, নিজের অস্তিত্বকে সে যেন তত অধিক সত্য করে তোলে। মানুষের মনোভাবের মধ্যে সেরকম একটা চেষ্টা আছে, তফাতের মধ্যে এই যে প্রাণের অধিকার দেশে কালে, মনোভাবের অধিকার মনে এবং কালে। মনোভাবের চেষ্টা বহু কাল ধরে মনকে আয়ত্ত করা। আমি যা চিন্তা করছি, যা অনুভব করেছি তা মরবে না, তা মন হতে মনে, কাল হতে কালে, চিন্তিত হয়ে, অনুভূত হয়ে প্রবাহিত হয়ে চলবে। আমরা যে মূর্তি গড়ছি, ছবি আঁকছি, কবিতা লিখছি, পাথরের মন্দির নির্মাণ করছি, দেশ বিদেশে চিরকাল ধরে অবিরাম এই যে একটা চেষ্টা চলছে এটা আর কিছুই নয়, মানুষের হৃদয় মানুষের হৃদয়ের মধ্যে অমরতা প্রার্থনা করছে।  সাহিত্যে এই চিরস্থায়িত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা। যা জ্ঞানের কথা তা প্রচার হয়ে গেলেই তার উদ্দেশ্য সফল হয়ে শেষ হয়ে যায়। কিন্তু হৃদয়ের ভাবের কথা প্রচারের মাধ্যমে পুরাতন হয় না। সূর্য যে পূর্ব দিকে উঠে, এ কথা আর আমাদের মন আকর্ষণ করে না কিন্তু সূর্যোদয়ের যে সৌন্দর্য ও আনন্দ তা জীবন সৃষ্টির পর হতে আজ পর্যন্ত আমাদের কাছে অম্লান আছে। রচনা বলতে গেলে, ভাবের সাথে ভাব প্রকাশের উপায় দুটোকেই সমান ভাবে বুঝায় কিন্তু বিশেষ করে উপায়টাই লেখকের। দীঘি বলতে জল এবং খনন করা আধার দুই-ই একসঙ্গে বুঝায়। জল মানুষের সৃষ্টি নয় তা চিরন্তন। সেই জলকে বিশেষ ভাবে সবার জন্য সুদীর্ঘকাল রক্ষা করবার যে উপায় তাই-ই কীর্তিমান মানুষের নিজের। অতএব দেখা যাচ্ছে যে, ভাবকে নিজের করে সকলের করাই সাহিত্য এবং তাই-ই ললিত কলা। সাধারণ জিনিসকে বিশেষ ভাবে নিজের করে সেই উপায়েই তাকে পুনরায় বিশেষভাবে সাধারণের করে তোলাই সাহিত্যের কাজ। যে সকল জিনিস অন্যের হৃদয়ে সঞ্চারিত হওয়ার জন্য প্রতিভাশালী হৃদয়ের কাছে সুর, রং, ইঙ্গিত, প্রার্থনা করে, যা আমাদের হৃদয়ের মাধ্যমে সৃষ্টি না হয়ে উঠলে অন্য হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা লাভ করতে পারে না, তাই সাহিত্যের সামগ্রী। তা আকারে-প্রকারে, ভাবে-ভাষায়, সুরে-ছন্দে মিলে তবেই বাচতে পারে। তা মানুষের একান্ত আপনার – তা আবিষ্কার নয়, অনুকরণ নয়, তা সৃষ্টি। <অন-উদ্ধৃত>

সাহিত্যের সামগ্রীতে কবিগুরু সাহিত্য সম্পর্কে যা বলেছেন তা হল গান, কবিতা, নাটক ইত্যাদির উদ্দেশ্য হল মানুষের মনে উদয় হওয়া বা সৃষ্টি হওয়া ভাব গুলো মন থেকে মনে প্রবাহিত করে দেয়া ও তাকে সময়ের মধ্যে স্থায়িত্ব দেয়া। সাহিত্য সমাজে মানুষের জীবনাচরণের বিষয়াবলী হতে বেছে নিয়ে তাকে আরো পরিশীলিত করে নতুন ভাবে প্রকাশ করে। অনেকটা ধুয়ে মুছে নতুন ভাবে প্রকাশ করে। সাহিত্যের সামগ্রী প্রবন্ধটি একটি মূল্যবান রচনা আর আমার সাহিত্য সম্পর্কে জ্ঞানের গোঁড়া বলা যায়। সাহিত্যের সামগ্রী প্রবন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ যা বলেছেন তা ছাড়াও আর কয়েকটি উদ্দেশ্য আছে বলে আমার মনে হয়েছে আর তা হল চিন্তনের সাধারণীকরণ বা সার্বিকীকরণ (স্ট্যানডারডাইজেসন আফ থট্স), চিন্তা-চেতনার সার্বিকীকরণ। আমি যা ভাবছি তা সঠিক কিনা, কোথাও ভুল হচ্ছে কিনা? আর যদি ভুল থেকেই থাকে তা হলে সেটা কি? এই বিষয়ে সাধারণ স্বীকৃত মতটির যথার্থতা বিচার করা। এই সব প্রশ্নর সমাধানও লেখালেখির আরেকটি উদ্দেশ্য। সাহিত্য ও সংষ্কৃতি একটি জনগোষ্টির স্বাস্থ্য সম্পর্কে থারমমিটারের মত কাজ করে। অতি জনপ্রিয় ভারতীয় অভিনেতা আমিতাভ বচ্চনের একটি কথা আমাকে চমকে দিয়েছিল, সে বলছিল, অভিনেতারা মূলত একটি মাধ্যম বা মিডিয়া, তার কথায় চট করে একটা জট খুলে গেল, আগে ভাবতাম এত বিভিন্ন চরিত্র এক ব্যক্তি দারুন ভাবে অভিনয় করছে কি ভাবে আর তাকে অন্য চরিত্রে দেখা সত্যেও এই চরিত্রে আমিই বা কেন তা মেনে নিচ্ছি? অমিতাভ বচ্চনের কথায় বুঝলাম, অভিনেতা মূলত যে চরিত্রটি চিত্রণ করছে তা সাহিত্যের একটি ধারা বা বলা যায় অত্যন্ত শক্তিশালী ধারা যার মাধ্যমে একটি তথ্য বা ধারনা বিপুল পরিমাণে জনমনে সঞ্চার করা সম্ভব হয়। তাই চলচ্চিত্র বা মুভি হল সাহিত্যের সব থেকে বড় বাহন যাকে সর্ববৃহৎ কমপোজিট আর্টও বলা হয়। এই যে বৃহৎ বুলডোজার আর্ট এর কথা বললাম এটারও শুরু ঐ লেখালেখির মধ্য দিয়েই। তাই লেখালেখি সম্পর্কে হ্যারি পটারের লেখিকা বা রচয়িতা জে কে রাওলিং এর উক্তি, “লেখালেখি ভালোবাসার চেয়েও বেশি কিছু। এটা আবশ্যিকতা।”

লেখালেখির প্রচলিত উদ্দেশ্যের পাশাপাশি আরেকটি উদ্দেশ্য আছে তা হল অন্য একটি বা একাধিক মনের সাথে কানেক্ট করা বা সংযোগ স্থাপন। অন্যর কাছে নিজের সুচিন্তাটা পৌছে দেয়া ও তার কাছ থেকে উত্তর প্রত্যাশা করা বা ওই বিষয়ে তার মতামত জানার প্রত্যাশা। লেখালেখিকে একমুখী ভাবা হলেও আসলে তা দ্বিমুখী (ইন্টার‍্যাক্টিভ) প্রক্রিয়া। ফেইসবুকের কোন post এ জানা অজানা কেউ লাইক দিলে মনে কেন আনন্দ উদ্দীপন হয় তা নিয়ে গবেষনা হয়েছে, তাতে দেখা গেছে যে এতে আমাদের দেহ মনে রাসায়নিক পরিবর্তন হয় যা মানুষকে ক্ষণিক আনন্দ পুলক দেয়, তাই সে তা আরো পেতে চায় আর তার পর তাতে আবিষ্ট হয়ে যায়, মনস্তাত্ত্বিক গবেষকরা সেই কথাই বলেছেন। আমার কিন্তু আরেকটি কারণ মনে হয়েছে এর পিছনে কাজ করে আর তা হল, কোন আত্মা তার আকৃতি খুঁজে পায় না যতক্ষণ না সে তার প্রেরিত বার্তার প্রত্যুত্তর খুঁজে পায়, সে আরেকজনের কাছ থেকে তার কথার, ছবির, কাজের স্বীকৃতি চায় বা তার আলোকে নিজেকে বিচার করতে চায়। বিষয়টা অনেকটা রাডার স্ক্যানারের মত কাজ করে, ছুঁড়ে দেয়া আলোর প্রতিবিম্বে নিজের আকৃতি দেখতে পায়। যেহেতু নিজেকে মাপার বা দেখার আর কোন উপায় তার কাছে নাই। সে ঘুরে নিজেকে দেখতে পায় না তাই অন্যর চোখ দিয়ে নিজেকে দেখতে চায়। আয়নায় দেখা প্রতিচ্ছবির কথা ভাবছেন? আয়না সব সময় আপনার বিপরীত প্রতিচ্ছবি বা অপজিট প্যারেটি দেখাবে, ডান চোখ বন্ধ করে দেখবেন আয়নাতে আপনার প্রতিচ্ছবি বাম চোখ বন্ধ করে রেখেছে। অন্যের চোখই তাই নিজেকে দেখার সঠিক আয়না। লেখার বিষয়বস্তু নিয়ে পাঠক মহলে মন্তব্য, সমালোচনা তাই লেখকের আত্ম উপলব্ধিতে অনেক কাজে আসে, ক্রিটিক ভাল হোক বা মন্দ হোক তার লেখার মান উন্নত করে দেয়। এ বিষয়ে রাওলিং বলেছেন লেখকের সবচেয়ে বড় সমালোচক তার মনের মধ্যেই বাস করে। বাইরের সমালোচেকের চেয়ে ভিতরকার সমালোচকের প্রতি লেখকের ভয় বেশী, তাই লেখিকা তাকে বিস্কুট খেতে দেন। ক্লাস এইটে পড়ার সময় একটা চকচকে ছোট  নতুন কাচি দিয়ে সাদা কাগজের ঝালর কাটার অভ্যাস তৈরী হয়েছিল, শুধু ঝালর কাটাই নয় তার একটার চেয়ে আরেকটার সৌন্দর্য বিচার করতে যেয়ে তাকে শ্রেণীকরণ ও সবচেয়ে সুন্দরটি মাপতে গিয়ে যা বুঝেছিলাম তা হল পরিমাপাক নীতিমালা বা কোন মানদণ্ড ছাড়া কেবল মনের বিচারে সঠিক মান নিয়ন্ত্রণ বা নির্বাচন সম্ভব নয়। মানবিক বিচার আর যুক্তির বিচারে বিস্তর পার্থক্য আর তাই সেইটাই সব থেকে ভাল যা মন তার নিজস্ব ভাব ধারায় সুন্দর বলে বিচার করে। এই বিচার বোধের সাধারণ মানদণ্ডের জনমত (কনসেনসাস) গঠন করতেও সাহিত্য বিশাল ভূমিকা পালন করে।

লেখালেখির আরেকটি উদ্দেশ্য, মনের ভাবকে ভাষায় রূপান্তর করা। ভাব প্রকাশের উপায়টাকে রবীন্দ্রনাথ দীঘির সাথে তুলনা করেছেন আর দিঘীর জলকে চিরায়ত জ্ঞানের বা ভাবধারার সাথে। ভাব প্রকাশের উপায় তা ভাষা হোক, চিত্র কর্ম হোক কিংবা চলচ্চিত্র, এই উপায়টাই মানুষের সৃষ্টি। সূর্যোদয়ের অনুভব একেক মনে একেক ভাবে প্রতিভাত হতে পারে তার প্রকাশে ভিন্নতা থকাটাই স্বাভাবিক আর এই শাশ্বত সৌন্দযের অভিব্যাক্তিই সাহিত্য। রবীন্দ্রনাথ ‘ভাষা ও ছন্দ’ কবিতায় মনে উদয় হওয়া ভাবকে প্রকৃত সত্য বলে উল্লেখ করেছেন, আসলে প্রকৃত মানুষ তো তার মনের ভাবেই বিরাজ করে, ভাষা দিয়ে সে নিজেকে প্রকাশ করতে চায় অন্যের কাছে। অনেক সীমাবদ্ধতা সত্যেও ভাষার শক্তি তাই অনেক। মনের ভাবকে ভাষায় রূপান্তর লেখালেখির অন্যতম উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে। নিজে বুঝা ও অন্যকে বুঝান বা তার মনের ভাবের সাথে মিলায়ে দেখা। মনের বার্তা অন্য মনের কাছে পৌছে দেওয়া। মনের ভাব তো যুক্তির নীতিতে চলে না আবার যুক্তি ছাড়া তাকে অপরের কাছে বা সবার কাছে গ্রহনযোগ্যও করা যায় না। এই প্যারাডক্স সমাধানের একমাত্র উপায় এই ভাব বিনিময়ের মিথষ্ক্রিয়া। যাকে সমাজবিজ্ঞানীরা বলে থাকেন বাদ-প্রতিবাদ-সংবাদ বা সংলাপ (ডায়ালেকটিক্স)। নতুন কিছুর উদ্ভাবনই হয় এই ডায়ালেকটিক্সের মাধ্যমে। পুরাতনের সাথে নতুন সম্ভাবনার মিশ্রণেই ধারাবাহিক উন্নতি সম্ভব। “কলি ফুটেছি কি ফুটে নাই, অলি বার বার ফিরে যায়” আর “আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছনা” গান দুটির ভাবার্থ প্রায় একই কিন্তু একটি অতি পুরাতন আরেকটি নতুন। একমাত্র মানুষ নামক প্রাণীরই একঘেয়েমি জনিত বিরোক্তি বোধের সামর্থ্য আছে, তাই সে সব সময় নতুন কিছু সৃষ্টির উন্মাদনায় ভুগে। নতুন উদ্ভাবন তাই মানুষের একটি সহজাত প্রবৃত্তি। লেখালেখির মাধ্যমেই নতুন উদ্ভাবন সম্ভব হয়। এক জায়গায় পড়েছিলাম “কেউ মনে করে না যে, অশ্ব মানব, পরি, কল্প রাষ্ট্র (ইউটোপিয়া) বাস্তব, তবে মনে করা হয় যে, বাস্তব জগত হতে স্বতন্ত্র কোন জগতে তাদের অস্তিত্ব আছে আর এভাবেই আলোচনার জগত ধারনাটির উদ্ভব হয়।‍” একঘেয়েমি জনিত বিরোক্তি বোধের সামর্থ্যর মত কল্পনা করার শিক্তও একমাত্র মানুষেরই আছে। কল্পনায় ভর করে পুরাতন যুগের অশ্ব মানব হতে আজকের যুগের স্পাইডার ম্যান, সুপারম্যান এ্যাভেনজারস আর ড্রাকুলারাও বিশ্ব সাহিত্যের জীবন্ত চরিত্র। হলপ করে বলতে পারবেন টম এন্ড জেরির কোন বাস্তব অস্তিত্ব নেই? বরং তারা এতটাই জীবন্ত যে তার কখনও বিনাস হবে না। অস্তিত্বের দার্শনিক সত্যাসত্য অত্যন্ত বিতর্কিত একটি বিষয়। বাহ্য আর অন্তস্থ কিংবা যদি বলি ব্রাক্ষণ ও আত্মন ইংরেজিতে যাকে বলে ‘এ্যাপিয়ারেন্স’ আর ‘দ্যা থিং ইন ইটসেল্ফ’ এর প্যারাডক্সটা এই বিশ্বজগতে কখনই সমাধান যোগ্য হবে বলে মনে হয় না। এই দ্বন্দ্ব না থাকলে সকলের মন একই রকম হয়ে যেত অনেকটা জীবন শূন্য ধুসর মরুর মত। তাই খানিকটা অসংগতি ও তন্ময়তার ভাব মানব সঞ্জায় সংযুক্ত করা আছে। থাকাটাই ভাল, মানব মনের তন্ময়তাকে কেটে ছেঁটে বাদ দিয়ে যান্ত্রিক মানব সৃষ্টি করা যাবে ঠিকই কিন্তু তাতে মানবতা ধ্বংস হয়ে যাবে।

মনের গভীরতায় বা চিন্তার জগতে ডাইভ বা ড্রাইভ দেয়া একটি চমকপ্রদ ও রোমাঞ্চকর অভিজ্ঞতাও বটে। যার মন যত তথ্য বহুল তার তত বিস্তৃত বিচরণ ক্ষমতা। সৈয়দ মুজতবা আলীর গল্পের সেই বই পড়া আর মাছির পুঞ্জাক্ষীর সাথে তুলনা করা এর সাথে মিলে যায়। লেখালেখির পাশাপাশি বই পড়ার অভ্যাসটাও তাই জরুরী। বই পড়া ছাড়া যদি আপনি চিন্তার জগতে ডাইভ দেন তবে নির্ঘাত পথ হারাবেন। মনের ভুবন হাজার কোটি মহাবিশ্বর চেয়েও বড় বলে মানব মন ভাবতে পছন্দ করে। এক সময়কার সাহিত্য আরেক সময়ের সাহিত্যের সাথে মিলবে না আবার এক এলাকার সাহিত্য অন্য এলাকার সাহিত্যর সাথেও মিলবে না কিন্তু বিশ্বসাহিত্যর সাধারনিকৃত রূপ রয়েছে। বিভিন্ন সময়ের ও বিভিন্ন এলাকার মানুষের চিন্তুা ভাবনা একই রকম হওয়ার ও তো কথা নয়। তবে মনে রেখাপাত করে সেই সাহিত্য যা সাম্প্রতিক বাস্তবতা ও মানুষের জীবনাচরণের সাথে মিলে যায়। রবীন্দ্র রচনা আর নজরুল রচনার পার্থক্যটা খেয়াল করলেই বুঝা যায় প্রত্যেক মানুষের মনোভঙ্গির একটি স্বাতন্ত্র্য আছে, হুবহু একই রকম কখনই হবে না তার পরও বিশ্বায়নের এই যুগে সকল মানুষের জীবনাচরণের ও চিন্তা ভাবনার মধ্যে একটি একক ধারায় বিবর্তন শুরু হয়ে গেছে। মহাকালের ধারায় বিশ্ব সাহিত্যের এই একীভূতকরণ প্রক্রিয়াই এখন সাহিত্যের প্রকৃত বাস্তবতা। গানে যা বলা হচ্ছে কিংবা গল্প, নাটক, চলচ্চিত্র এ সবের আরেক দিক শিক্ষাদান এই আর্থে যে তা স্টেনডারডাইজ করে ও নতুন রূপকল্প প্রস্তাব করে। আমরা অনেকে মন খুলে কথা বলি না হয়ত এই কারনে যে, কে কি মনে করে, পাছে লোকে আময় মূর্খ ভাবে, অবমূল্যায়ন করে কিংবা আমার মনের কথা বুঝে আমার ক্ষতিসাধন করে, এইসব হাবিজাবি অযথা কারণে, অনেকের অবশ্য অভ্যাস আছে মনটাকে চিন্তামুক্ত রাখার, তারা মন চিন্তুাশুন্য করে মনকে প্রশান্ত রাখার চেষ্টা করে। আমার এক বন্ধু বলতো চিন্তা করলেই তার মাথা ধরে, ও মূলত সকল চিন্তাকেই দুশ্চিন্তা মনে করত। এ রকম যারা তারা কি জীবনের মৌলিক চিন্তু গুলো যা মানব সভ্যতা আজও সমাধান করতে পারেনি তা থেকে মুক্তি পায়? জনাব হকিংস তার শেষ গ্রন্থ ‘থিওরি অফ এভরিথিং’ এ বার বার স্রষ্টার প্রসঙ্গে টেনে এনেছে বলে সমালোচিত হল, আর অতি ব্যক্তিত্ব, বা উচ্চতর মানব হওয়ার চেষ্টা রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, মাদার তেরেসারা করেছেন কিন্তু মানব সভ্যতার এই ২০০০ বছরের লিখত ইতিহাস ছাড়াও আরও প্রায় ৬০০০ বছরের পুরাতন প্রত্নতত্ত্ব যুগের মানুষ আর এখনকার মানুষে পার্থক্যটা ভেবে দেখুন? চিন্তা-চেতনায় এখনকার মানুষেরা কতটাই না এগিয়ে গেছে। মত প্রকাশে অনীহা মানে হল আপনি নিজেকে ও অন্যকে অবহেলা করছেন আর সভ্যতার বিকাশে আপনার অংশগ্রহণকে অস্বীকার করছেন। মানব যোগাযোগের ক্ষেত্রে মৌন থাকাটা তাই একটা অপরাধ।

লিখালিখির আরেকটি উদ্দেশ্য আত্মপ্রকাশের বাসনা যা একটি শক্তিশালী মানব প্রবৃত্তি বা ইনিসটিং। বারট্রান্ড রাসেলের বই ‘অরাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বৃত্তি-প্রবৃত্তি’বইটি ছাড়াও ম্যকিয়াভেলি বা ম্যাসল’স হাইয়ারারকী অব নিড্স, কিংবা ইমাম গাজ্জালীর মানব প্রবৃত্তির উপর বক্তব্য গুলো ম্যাস আপ করলেও এই বক্তব্যই পাওয়া যাবে। আত্মপ্রকাশ বা নিজেকে অন্যর কাছে প্রকাশ করার চিরন্তন মানব প্রবণতাও লিখালিখির আরেকটি উদ্দেশ্য। আত্মপ্রকাশ, মানব সংযোগ, সমাজ গঠন, আত্মউন্নয়ন এরকম প্রায় সব মানবিক ক্ষেত্রেই লেখালেখির বিশেষ অবদান আছে। আত্মপ্রকাশ না করলে একের মতের সাথে অন্যর মত মিলবে কিভাবে ? সমাজ বা সংঘ সংগঠনের প্রথম ধাপই তাই এই লেখালেখি। আমার খালার ঘনিষ্ট বান্ধবীর মামা তখনকার জাতীয় অধ্যাপক সৈয়দ আহসান আলী’র ‘পূর্ব বাংলা’ কবিতার সেই লাইনটা এখনও মনে রেখাপাত করে, “আমার পূর্ব বাংলা, অনেক পাতার ঘনিষ্টতায় এক প্রগাড় নিকুঞ্জ”। ভাগ্য ভাল উনি লিখেন নাই আমার সোনার বাংলা অনেক নৌকার ঘনঘটায় এক প্রকাণ্ড কর্মযজ্ঞ। সাহিত্যের রাজনীতিকরন করা উচিত না আর তা করলে প্রকৃত সাহিত্য হবে না। উদ্দেশ্য প্রণদিত ভাবে লেখালেখিকে ব্যবহার করে যারা রাজনৈতিক মত প্রতিষ্ঠা করতে চায় কিংবা কিছু অসাধু সাংবাদিক যারা অন্যের দুর্বলতা প্রকাশ করে তাকে বিপদের ভয় দেখিয়ে টাকা কামাই করেত চায় তারা সাহিত্যের কাল বাজারী। আর যারা লেখালেখিকে বানিজ্যিকী করণ করেছেন, যুব মানসকে পুঁজি করে প্রকাশক ও নিজের জন্য বিপুল সম্পদ আয়ত্ত করার উপায় খুঁজে পেয়েছেন তাদের সম্পর্কে আমার কিছুই বলার নাই। সমাজের সুস্থ মানুষ গুলোই তার বিচার করবে আর কালের বিচারে তাদের কাজের গুরুত্বও কমে যাবে। তন্ময়তার ভাষাই প্রকৃত সাহিত্য, তা-ই আমাদের সংস্কার বা সংস্কৃতি হওয়া উচিত।

আমার লেখা-লেখির উদ্দেশ্যটা এবার বলে ফেলি? মনে অনেক কথা আর চিন্তার জটাজাল, এই চিন্তার জটিলতা সরলীকরণের জন্যই লিখে চিন্তা করার চেষ্টা, বিশ্লেষনে সময় লাগে, লিখলে তা সহজ হয়। আত্মসমালচনা, আত্মকথন আর যথার্থতার মানদণ্ড বা বিবেক গঠনের প্রয়োজনেই লিখতে থাকি। তাছাড়া মানুষ প্রকৃতিগত ভাবে নিষঙ্গ, সে বড় একা, তার বসবাস মনোজগতে আবদ্ধ, বহির্বিশ্বে তার বিস্তারের একটাই উপায় আছে আর তা হল অন্যের মনের সাথে ভাব বিনিময় করা। শেষ করতে চাই এই বলে, মন খুলে কথা বলুন, নিজের মতকে সবার কাছে প্রকাশ করে দিন তা ভাল হোক আর মন্দ হোক কিচ্ছু যায় আসে না, আপনার আমার সবার জন্য তা অবশেষে ভালই হবে। এতে করে সম্মিলিত ও সামগ্রিক মানব আত্মা তথা মানব সভ্যতা সমৃদ্ধ হবে। কিছু দিনের মধ্যেই আমি আপনি মহাকালের চোরাবালীতে বিলীন হয়ে যাব কিন্তু আমাদের কথাগুলো বা ভাবনা গুলো হয়ত মন থেকে মনে বিরাজ করতে থাকবে, আর এটাই চিরন্তন বিশ্ব মানবতা। 
 
 
এডিট ও আপডেট হিস্ট্রিঃ ০৩সেপ্টেম্বর২০১৯> ১৯সেপ্টেম্বর২০১৯> ১১ডিসেম্বর২০২৩>

Tuesday, September 10, 2019

সাক, সুকুক ও ইসলামী ব্যাংকিং


মূসক যদি বুঝে থাকেন তাহলেও সুকুক বুঝেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। খেয়াল রাখবেন, এটা শুশুক বা শামুক নয় সুকুক, সাকের বহুবচন সুকুক। যখন প্রথম মূসক বলা চালু হল, অর্থাৎ যখন ভ্যাট বা ভ্যালু এ্যাডেড ট্যাক্স এর বদলে “মূল্য সংযোজন কর” বা মুসক বালা শুরু হল তখন নতুন যারা শুনেছেন তাদের মূষিক বা মিশুক জাতীয় কোন প্রাণীর কথাই প্রথম প্রথম হয়ত মনে হত । বিষয়টা অনেকটা এরকম, আগে জানতাম Source Tax  এখন বলি TDS বা Tax Deducted at Source মোদ্দা কথা একই তবে একটু ঘুরায়ে বলা হয়েছে আরকি। সুকুক বা সাক শব্দটা নতুন মনে হলেও তা নতুন নয় বরং সাক থেকেই চেক শব্দের উৎপত্তি – কথাটা শুনে চমকে যাওয়ার মতই বিষয়, এতো পুরাতন? ! সোনালী ব্যাংক স্টাফ কলেজের ফ্যাকাল্টি শামীম ভাই সাককে একটু ভিন্ন ভাবে উচ্চারণ করে তাকে আলাদা করতে চাচ্ছিল, আমি পরিষ্কার করে বললাম, ডেটা বা ডাটা হল ডাটা শাক তাই না? আর এটা হল শুধু শাক বা সাক যার উচ্চারণটাও কাছাকাছিই হবে।

আমি বেশ কবার মারাত্মক রকম চমকেছি জীবনে, প্রথমবার বোধহয় রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের একটি গল্পের পাঞ্চ লাইন “হৃদয়টা যদি লোহার বয়লার হইত তবে দপ করিয়া ফাটিয়া যাইত” পড়ে যে বিরামহীন হfশি হেসেছিলাম ছাত্রজীবনে তা ছিল আমার জীবনের রেকর্ড পরিমাণ হাশির চমক আর ইদানীং যখন জানলাম ব্রিফ হিষ্ট্রি অব টাইম বইটা লিখার সময় বা তার আগে হকিংস মহাশয় জেকব ব্রাওনস্কি’র তাত্ত্বিক টিভি সিরিয়াল “দি এ্যাসেন্ট অব ম্যান” দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন। অবাক হয়েছিলাম এই ভেবে যে, আরে  হকিংস সাহেব তো তা হলে এই সেদিনকার কথা বলছেন, ১৯৮৭ সাল, আর আমি তো তখন ক্লাস এইটের স্কুল ছাত্র, আমারও তো প্রিয় ডকুমেন্টারি ছিল ওটা, বিবিসি থেকে নিয়ে বিটিভি সাপ্তাহিক প্রচার করত। তখন অবশ্য ওই একটা টিভি চ্যানেল বিটিভিই ছিল অন্ধের যোষ্ঠি। জেকব ব্রাওনস্কির বই “দ্যা কমন সেন্স অব সাইন্স” এর বাংলা অনুবাদ গ্রন্থ মেলা থেকে কিনতে পেরে নিজেকে ধন্য মনে করেছিলাম আর তা পড়ে নিজেকে মহা পণ্ডিত পণ্ডিত ভাবতাম ছাত্রাবস্থায়, বলা বাহুল্য বইটা দুই বার পড়েছি, আর দ্বিতীয়বার দাগায়ে নাস্তানাভুত করে ছেড়েছি। এই হকিংস ভদ্র মহোদয়ও তাঁর ভক্ত ছিলেন?!, বলে কি !! এর পরেরর বিস্ময়কর খবরটি ছিল ১৯৮৩ সালের পূর্বে এম আজিজুল হক স্যার, সোনালী ব্যাংক স্টাফ কলেজের প্রথম অধ্যাপক কর্তৃক ইসলামী ব্যাংকিং এ দেশে সূত্রপাতের কথা জানতে পারা। বলে কি এরা, ইসলামী ব্যাংকিং এর শুরুটা সোনালী ব্যাংকে?! অবাক না হয়ে যাই কই। তেমনই চমকপ্রদ হল সাক থেকে চেক শব্দের উ‌ৎপত্তির কথা জানতে পারার চমক। বিআইবিএম এর ক্লাসে আলমগির স্যার যখন কথাটা বলল, তখন মাথার ভিতর ঢং করে একটা ঘন্টা বেজেছিল, হলপ করে বলতে পারি আপনিও চমকের মধ্যে আছেন, না চমকালও অবাক হয়েছেন ত বটেই।

আমাদের ইসলামী ব্যাংকিং উইন্ডোতে নতুন প্রডাক্ট দরকার, কিন্তু তা কি হতে পারে তা নিয়ে ভাবতে হয়েছে অনেক। এটা, সেটা, অন্যরা কি করছে, আমরা কি করতে পারি ভেবে অস্থির, নতুন কিছু মাথায় আসছিল না, কিন্তু যখন সুকুক সম্পর্কে জানলাম, তখন বুঝলাম এই খানেই দরজা খুলবে। বর্তমান বিশ্ব অর্থনীতিতে সুকুকের সম্ভাবনা অনেক, আরব ইসলামি বিশ্বে সুকুক অতি পরিচিত একটি আর্থিক ইনসট্রুমেন্ট। আলমগির স্যার তার ক্লাসে আমাদের কোরআনের জ্ঞান কত তা মাপতে মাপতেই সময় পার করে দিলেন, অথচ তাঁর লেকচার সিট পরে দেখি, ওরে বাবা !! কত কি যে আছে এই সুকুক নিয়ে। উনি প্রচুর সুকুকের স্ট্রাকচার দিয়েছেন তার স্লাইড গুলোতে। ক্লাস শেষে যাওয়ার সময় স্যার বলে গিয়েছিলেন লেকচার সিট গুলো পড়তে রিডিং গ্লাস লাগবে, তা লেগেছিল ঠিকই, চারটা করে স্লাইড একটা পেইজে প্রিন্ট দেয়া। ছোট হয়েছে ঠিকই তবে সুকুক স্ট্রাকচার গুলো খুব ভাল ভাবেই বুঝা যাচ্ছে। লেকচারে বা লেকচার সিটেই হোক কিংবা পড়াশুনার জন্যই হোক, ফ্লো চার্ট , স্ট্রাকচার, হাইয়ারআরকি ট্রি স্ক্যামেটিক বা স্টেটিসটিকাল ডেটার গ্রাফিকাল রিপ্রেজেনটেশন ইলাসট্রেশন গুলো দারুণ ভাবে কাজে আসে। বিষয়টা বুঝতে এতটাই সহজ হয় যে, এক ঝটকায় অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। রিডিং গ্লাসে আলমগির স্যারের দেয়া সুকুক স্ট্রাকচার গুলো যতই দেখি ততই নানা রকম প্রডাক্ট একটার পর একটা মাথায় উদয় হতে থাকল। এতদিন আতিপাতি করে খুঁজেও নতুন ইসলামী প্রডাক্টের প ও পাই নাই আর এখন ঝুড়ি ঝুড়ি আইডিয়া। সুকুক নিয়ে গুগল সার্চ দিলাম সেখানে এক ব্যাংক গ্রিন সুকুক পর্যন্ত চলে গেছে বলে পত্রিকায় পেলাম। অথচ এখন পর্যন্ত আমরা সাদা মানে সাধারণ সুকুক কি তাই জানি না।

সুকুক নিয়ে এতটা খোঁজা খুঁজি হয়ত করা হতনা যদি না এর উপর লেকচার দেওয়ার চাপ থাকত। গত দুই বছরের মত এবারও সোনালী ব্যাংক স্টাফ কলেজের (এসবিএসসি’র) মিজান স্যার এর ফোন আসল ঠিক যখন ভাবছিলাম এবছর তো ক্লাস নেয়ার ডাক পরল না । মিজান স্যার যে বিষয় গুলোর উপর ক্লাস নিতে বলল তা গত বছরও নিয়েছি, তাই তাতে নতুন কিছু প্রস্তুতি নেয়ার  ছিল না, কিন্তু প্রথম ক্লাসের শেষে বেখাপ্পা একটা শব্দ এই সুকুক দেয়া আছে কেন তা প্রথমে মাথায় ঢুকল না। ক্লাস দুটোর একটা লাঞ্চ ব্রেকের আগে আরেকটা পরে। দুটো ক্লাসের বিষয়বস্তু ধারাবাহিক বটে কিন্তু মাঝখানে এই সুকুক কেন? আর সুকুক প্রথম ক্লাসের শেষে বললে পরের ক্লাসে বিষয়বস্তুর ধারাবাহিকতা কিভাবে ধরে রাখা যাবে তা নিয়ে ভাবনায় পরেছিলাম। যা হোক, কি মনে করে মিজান সার সুকুক কে ঐ যায়গায় প্লেস করেছে জানিনা কিন্তু আমি এই বার সুকুক নিয়ে অনেক কিছুই জানি ও প্রচুর বলতে পারব বলে মনে হল। আমাকে দুইটি ক্লাসের প্রথমটির শেষাংশে দেয়া হয়েছে সুকুকের বিষয়ে বলার জন্য কিন্তু আমার যা রসদ তাতে সারা দিন বক্তব্য রাখলেও শেষ হবে না। সব কিছুই নির্ভর করছিল ক্লাসে অংশগ্রহণকারীদের ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞতার উপর, যদি তারা পুরাতন হয় তবে অন্য বিষয় গুলো অত বিস্তারিত না বলে বরং সুকুকে সময়টা টেনে আনা যাবে, এই ভেবেই গিয়েছিলাম ক্লাস নিতে, কিন্তু তা হয়নি। অংশগ্রহণকারীদের সবাই প্রায় নতুন তাই তাদের কোন বিষয়ই কম বলা যাবে না, বরঞ্চ সুকুক সম্পর্কে পরিচিতিমূলক স্বল্প বক্তব্যই তাদের জন্য ভাল হবে, বেশী বললে দুটি ক্লাসের মূল ধারার সাথে তা গোলমেলে হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশী। সুকুক নিয়ে সেই বিশাল বক্তব্য সংক্ষেপ করতে করতে মাত্র ১০ মিনিটে সুকুকের বক্তব্য শেষ করতে হয়েছিল সেদিনকার ক্লাসে। কে কি বুঝেছে জানি না তবে সুকুক যে ইসলামী ব্যাংকিং এর একটি সম্ভাবনাময় ইনসট্রমেন্ট তা সবাই বোধ হয়ে জেনে গেছে।

সুকুক নিয়ে আমি যত সম্ভাবনাই দেখি না কেন উপর মহল থেকে যতক্ষণ না কোন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে ততক্ষণ এই নতুন সম্ভাবনার কোন দাম নাই। সেদিন একজন বলছিল বন্দর সংলগ্ন শাখা গুলোতে দৈনিক এমন সব ব্যবসা আছে যে এক লোক সকালে চেক ছাড়া প্রচুর টাকা নিয়ে যায় আর বিকালে তার অধিক জমা দিয়ে যায়, সমস্যা হল সে সকালে কোন ভাউচার ছাড়াই টাকাটা নেয় যেহেতু তার একাউন্টে কোন টাকাই থাকে না। ব্যাংকিং হিসাবে এটা অবৈধ, ম্যানেজার পরিচিত বিধায় কাজটা সে করে আসছিল বেশ কিছুদিন ধরে, কিন্তু একদিন অডিট এসে ভোল্টের টাকা আর ক্যাশ বই এর ব্যালেন্সে ব্যাপক অমিল পাওয়ায় সেই ম্যানেজার সাসপেন্ড হয়ে যায়। এখানে কেউ কিন্তু অর্থ তসরুপ করেনি বরং এটি বৈধ ব্যবসা যা ব্যাংকের কোন প্রক্রিয়ায় প্রনালীবদ্ধ করা যায়নি। যায়নি কারণ কনভেনশনাল ব্যাংক সরাসরি ব্যবসা করতে পারবে না, কিন্তু এই সমস্যা ইসলামী ব্যাংকে নাই বরং মুসারাকা সুকুক এর মাধ্যমে এই ব্যবসা ইসলামী ব্যাংকিং করতে পারবে। সুকুক অথরিটির মাধ্যমে উক্ত শাখা ঐ ব্যক্তিকে এক দিনের জন্য বড় মাপের টাকা ঋণ দিতে পারবে যা সে দিন শেষে মুনাফা সহ প্রদান করবে আর বিনিময়ে সে কমিশন নিবে বা মুনাফার একটা অংশ যা সুকুক চুক্তিতে থাকবে তা নিয়ে যাবে। সেই পুরন প্রবাদটা আবার বলতে হয়, ব্যবসার প্রয়জনে ব্যাংকিং, ব্যাংকিং এর প্রয়জনে ব্যাবসা নয়। সাবজেক্টিভিটি আর অবজেক্টিভিটি নিয়ে এই যে গোলমাল তা বহুবছর ধরেই চলে আসছে। একদিকে জট খুলে তো আর এক দিকে নতুন করে জট লাগে। জীবনের জন্য ধর্ম  না ধর্মের জন্য জীবন? বাচর জন্য খাওয়া না কি খাওয়ার জন্য বাচা? ঘোড়ার জন্য গাড়ী নাকি গাড়ির জন্য ঘোড়া। এই হাতি ঘোড়ার বিভ্রান্তি মানব সমাজে চলতেই থাকবে। উন্নত বিশ্বে অবশ্য এই বিভ্রান্তি কমে গেছে, যাবেই তো, তা না হলে তারা উন্নত হল কি করে।

কনভেনশনাল ব্যাংক বাজারে সরাসরি ব্যবসা করতে পারে না কিন্তু ইসলামী ব্যাংক পারে কারণ তার নীতিমালাই ব্যবসার উপর প্রতিষ্ঠিত, সে অর্থে এটি একটি আর্থিক ব্যবসা প্রতিষ্ঠানও বটে। এই একটি কারণে ইসলামী ব্যাংকিং নীতিগত ভাবে একধাপ এগিয়ে, কোন ইহুদী ব্যাংকার আমার সাথে একমত হবেন না, কারণ তিনি ব্যাংকিং বলতে বুঝেন বসে বসে টাকা উপার্জন, কিন্তু ইসলামী ব্যাংকিং তা মানে না। বসে বসে টাকা উপার্জন অস্বাভাবিকই শুধু নয় অনৈতিকও বটে। টাকা বাড়াতে হলে তাকে অবশ্যই ব্যবসায় খাটতে হবে এটা হল একজন মুসলিম ব্যাংকারের দৃঢ় বিশ্বাস। ইহুদি ব্যাংকিং নীতি অন্যকে বা অন্যর টাকার কৌশলগত ব্যবহার করে অন্যকে দিয়ে ফয়দা উঠায়ে নেওয়াকে ব্যাংকিং দক্ষতা মনে করে।  সরলীকরণ করলে দাড়ায় অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া বা কৈ মাছের তেলেই কৈ মাছটি ভাজা। ইসলামী ব্যাংকিং নীতি অন্যের টাকা তার অনুমোদনে ব্যবহার করে অন্যের সম্পৃক্ততায় বা নিজে ব্যবসায় খাটান নিশ্চিত করে অন্যকে মুনাফা করে দেওয়া ও তার সম্মতিতে নিজের জন্য লভ্যাংশের একটা ভাগ নেওয়া। প্রথমটি বৈধ কৃত গণপ্রতারণার কৌশল আর পরেরটি স্বাভাবিক ব্যবসা।

সুকুকের আরেকটি চমকপ্রদ ফিচার হল এর বন্ড মার্কেট ফ্লেভার বা শেয়ার মার্কেট ফ্লেভার। ব্যাংক কারবারকে যদি বলা হয় পরের টাকায় পোদ্দারী তবে শেয়ার মার্কেট হল পরের টাকায় জুয়া চুরি। এই বক্তব্য হয়ত কার কার মধ্যে বিচিত্র অনুভূতির সৃষ্টি করতে পারে তবে এই কথার বিপক্ষে যদি কেউ বেট ধরে তবে আমার কাছে যে তথ্য সম্ভার আছে তাতে আমার জিতে যাওযার সম্ভাবনাই বেশী। তুরুপের তাস বা ট্রাম্প কার্ড আমার হতে তাই ভয় নাই। ইসলামের মুয়ামালাতে শেয়ার মার্কেটকে মানা করা আছে !! এবার কেউ কেউ সত্যি সত্যি আমার উপর খেপে যাবেন মনে হয়। ইসলামী অর্থ ব্যবস্থা সমর্পকে আমারই এক স্যার বলতেন ‍‍তখনকি আর মুদ্রার চল ছিল? তখনত বারটার চলত !! আমি হতবাক!! সে আমাকে এর বিপক্ষে প্রমাণ দেখাতে বলেছিল। খুঁজাখুঁজি করে যা দেখলাম তাতে দেখা যায় তখন দুটোই চালু ছিল। মুদ্রার এক্সচেঞ্জ রেটের পার্থক্য মুসলমান বা প্রকৃত খ্রীষ্টানরা মানে না কারণ তাতেও রিবা বা সুদ হয়ে যায়। ইসা (আঃ) এ রকম যারা করছিল তাদের উপর মারাত্মক রেগে গিয়েছিলেন বলে কথিত আছে। আর ইজিপ্টে ইউসুফ (আঃ) কে তো কয়েক দেরহামে বিক্রি করে দেয়ার কথা আর স্পষ্ট ভাবেই পবিত্র কোরআনে উল্লেখ আছে। তা হলে কেন স্যার বললেন তখন কেবল বারটার প্রথা ছিল মুদ্রার প্রচলন ছিল না? বা মুদ্রায় কেনা বেচা হত না !! বাস্তবতা বড়ই বিচিত্র। এ থেকে বুঝা যায় অনেকেই মনে করেন সেই সময় এত পুরাতন যে, তখন আধুনিক একাউন্টিং ছিল না, কিংবা ধরুন ডেরিভেটিভ এর মত এত জটিল অংক তারা করতে পারত না আর তাই এ বিষয়ে সেই ১৪০০ বছর আগে আইন করে এসব মানা করার প্রসঙ্গই আসে না। এইবার তবে তুরুপের তাসটা দেখাই ? আপনাদের তথাকথিত পশ্চিমা পণ্ডিত মহাশয়েরা যাদের আধুনিক একাউন্টিং এর গুরু মানা হয় তারা ত শূন্যর ব্যবহারই জানত না,  যদি না আল খারেজমী গণিতে শূন্যর ব্যবহার শিখায়ে দিত। ১৪০০ বছর আগের সেই আরব দেশে উটের কেনা বেচার উপর একটি হাদিসে ডেরিভেটিভের উপর আইন দেয়া আছে খুঁজে দেখবেন। তুরুপের আরেকটি তাস হল, ইসলাম আপনাকে আপনার ক্ষতি হওয়ার ঝুঁকি আছে এমন সকল আর্থিক লেনদেন চুক্তি বা পদ্ধতিকে বাতিল করেছে। ইসলাম ব্যবসায় স্বতন্ত্র সত্ত্বা হিসেবে লিমিটেড কোম্পানিকেও স্বীকার করে না কারণ একমাত্র মানব – মানব চুক্তি সম্ভব, বা ফান্ড – ফান্ড চুক্তি সম্ভব ইসলামে, মানব – ফান্ড চুক্তিকে ইসলাম কখনই সমর্থন করে নাই, এর মনে হল ব্যবসা একটি ব্যক্তি নিরপেক্ষ পৃথক স্বত্বা তা ইসলাম মানে না । যে সম্পদের উপর বিক্রেতার অধিকার নাই তার উপরও চুক্তি কিংবা ভবিষ্যতে হতে পারে সেই সম্ভাবনার উপর ক্রয়-বিক্রয় চুক্তি সমূহ ইসলাম মানা করে। কেবল স্পেকুলেশনের উপর ভিত্তি করে ব্যবসা করা ইসলামে নাই। আর এতে যে কোন পক্ষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় তা নাকচ করে দেয়া হয়েছে। যা-হোক, চোরে না শুনে ধর্মের কাহিনী, উলু বনে মুক্তা ছিটানর মত বোকমি না করাই ভাল। কার সাথে এ নিয়ে বিশাল বিতর্ক করার ইচ্ছা নাই আমার, যাদের এই নীতিগুলো আপত্তিকর লাগছে তাদের অনুরোধ করব ইসলামী অর্থনীতির প্রাথমিক বই গুলো পড়তে, তা হলেই সব পরিষ্কার হয়ে যাবে।  এই লেখা লেখার সময় আমার এক সহকর্মীর বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং চলছিল বন্ড এর উপর, সে ফিরে যখন বলল যে, বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি সুকুক নিয়ে তেমন কোন চিন্তা-ভাবনা নাই। সুকুক নিয়ে তার প্রশ্নের জবাবে প্রশিক্ষণে তাই বলা হয়েছে। এই কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল। এত ভাল একটা ইনসট্রমেন্ট অথচ এদেশের মানুষ জানেই না আবার উপর থেকেও কেউ এর জন্য কিছু করছে না। যা বলছিলাম, সুকুকের শেয়ার মার্কেট ফ্লেভার রয়েছে, অর্থাৎ বন্ড মার্কেটের মত এটাকে চালনা করা যায় আবার শেয়ার মার্কেটেও তাকে প্লট করা সম্ভব। উদাহারণ স্বরূপ পদ্মা সেতুর উপর সুকুক ছাড়া যেত, কিংবা মেট্র-রেলের উপরও করা যেত। কর্তার  ইচ্ছায় কর্ম, কর্তা ব্যক্তিরা চায় না, আমরা হাউ কাউ করে আর কি করতে পারব। তবে এই কথাটা জানা থাকা প্রয়জন যে, বর্তমান শেয়ার মার্কেট ইসলাম অনুমোদন করে না নীতিগত কারণে কিন্তু সুকুকে সেই নীতিগত প্রতিবন্ধকতা থাকে না। তাই ইসলামী বন্ড সুকুকে বিনিয়োগ সুদ মুক্ত হবে ও সমাজে কোন ক্ষতিকর প্রভাব ফেলবে না। শেয়ার মার্কেটে ধস গুলো যারা অনুভব ও উপভোগ করেছেন তারা বুঝেন শেয়ার মার্কেট সমাজে কত খানি ক্ষতি করার ক্ষমতা রাখে। সুকুক সেই ঝুঁকি থেকে মুক্ত।

একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি, যারা অনেক কিছু জেনে যায় তারা তা সহজেই সরলীকরণ করে অন্যকে বুঝতে সহযোগীতা করতে পারে, কিন্তু তখন তারা সহজ করে আর অন্যদের বলতে চায় না । মনে হয় তাতে করে তাদের কষ্টার্জিত জ্ঞানের অসম্মানের সম্ভাবনা থাকে। ধরুন যদি বলি হুন্ডি এর বহু পূর্ব সংস্করণ হল সাক আর তারই সমরূপ প্রতিশব্দ হল বন্ড। আব্বাসীয় আমলের সেই খলিফা হারুন অর রশিদের সময় বিপদজনক রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার জন্য নগদ অর্থ না নিয়ে একটি লিখিত আর্থিক ডকুমেন্ট বা বন্ড সার্টিফিকেট নিয়ে যাওয়া আর হুন্ডি নিয়ে যাওয়া বলা কি ভুল বলা হবে? কেন যে খামাখা সহজ বিষয় গুলোকে জটিল ভাবে উপস্থাপন করা হয় তা আমার বোধগম্যতার বাইরে। সাক বা হুন্ডির বৈধ ও সারবীকিকৃত (ষ্ট্যাণ্ডার্ডাইজড) ফরমেটই পরবর্তীতে চেক বা বন্ড ইনুষ্ট্রমেন্ট। ইতিহাস আর উদ্দেশ্য অবজ্ঞা করা হয় বলেই আজকালকার নব্য প্রজন্মের কার কার মধ্যে সংকীর্ণ মনোভাব দেখেতে পাওয়া যায়। পুরন দিনের সেই সব বড় মনের, বড় মাপের মানুষ ইদানীং কমই দেখতে পাওয়া যায়। সেই পুরাতন প্যারাডক্স এখানেও কাজ করে, জ্ঞানার্জনের জন্য পড়াশুনা না পড়াশুনার জন্য জ্ঞান, ইদানীং তো ক্যারিয়ার এর জন্য পড়াশুনা তাতে জ্ঞান থাকুক আরা না থাকুক কিচ্ছু আসে যায় না। ব্যাপারটা এখন এরকম, পড়াশুনা কর পরীক্ষার জন্য, চাকরী কর আর্থ উপার্জনের জন্য, কেউ বলে না পড়াশুনা কর  জ্ঞানার্জনের জন্য আর চাকরী কর আনন্দময় জীবনযাপনের জন্য। যে তার পড়াশুনা আর চাকরী একই ধারায় করে তার আনন্দ চিন্তা করে দেখেছেন? ওরকম একজন মানুষ বোধহয় আমাদের সোনালী ব্যাংকের প্রাক্তন এমডি স্যার, জনাব ওবায়েদউল্লাহ আল মাসুদ, উনি টিভি সাক্ষাৎকারেও বলেছেন, ছাত্রাবস্থায় উনি স্বপ্ন দেখেছেন ব্যাংকার হওয়ার, পড়াশুনাও করেছেন ওই লাইনে আর কর্মক্ষেত্রও তিনি অসাধারণ দক্ষতা দেখিয়ে আসছেন ব্যাংকিঙে। ইসলামী ব্যাংকিঙে সুকুক একটি ভাল বিনিয়োগ মাধ্যম তা সম্পর্কে নিজের অভিমত জানানই ছিল এই লেখার উদ্দেশ্য। একটু মজা করে লিখেছি, তাই তা যদি খানিকটা আনন্দ দিতে পারে তাতেই খুশি।

১৯আগষ্ট১৯>৪সেপ্টেম্বর১৯>০৯সেপ্টেম্বর১৯>